1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 10, 2026

স্মৃতির শুকনো গোলাপ

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

স্মৃতির শুকনো গোলাপ

মিলন পুরকাইত

প্রথম যাকে দেখে সত্যিকারেরই প্রেমে পড়ে পড়েছিলাম, ওর নাম সুচরিতা। কলেজের প্রথম দিনেই ওকে দেখে চোখ আটকে গিয়েছিল। টানা টানা সুন্দর চোখ, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ। দেখে মনে হয়েছিল, এই তো সেই মেয়ে, যাকে আমি এতদিন খুঁজছিলাম, যাকে বলে লাভ অ্যাট দ্য ফার্স্ট সাইট।

নতুন কলেজ, মনের মধ্যে তখন নতুন প্রেমের উঁকি। দু'দিন যেতে না যেতেই পরিচয় করলাম আমি নিজেই। তারপর থেকে খুব একটা কথা হতো না, দেখা হলে মৃদু হাসি, টুকটাক দু একটা কথা। ওর সাথে দেখা হতো জেনারেল ক্লাসে। এদিকে আমার বাংলা অনার্স, ওর ইংলিশ।

ভাবলাম পরিচয় পর্ব টুকু আরো একটু মজবুত হলে তবেই মনের কথাটা বলব। কেন জানিনা পরিচয় হয়ে যাওয়ার পরেও কিছুতেই বলতে পারছিলাম না কথাটা।

ইতিমধ্যে শুনলাম, ক'দিন পরেই হতে চলেছে কলেজে নবীন বরণ উৎসব। ভাবলাম আর অপেক্ষা নয়, ওই দিনেই বলব।

সেদিন নবীন বরণ উৎসব। সুচরিতাকে সেদিন প্রথম শাড়ি পরে দেখা। যেন পাহাড়ি কোনো এক নদী, অথচ কি শান্ত স্নিগ্ধ।সুযোগ বুঝে ওর কাছে গিয়ে ফিসফিস করে কানে কানে বললাম, দারুণ লাগছে। হেসে বলেছিল, থ্যাঙ্ক ইউ।

শুরু হলো নবীন বরণ। কপালে চন্দনের ফোঁটা, হাতে একটা গোলাপ দিয়ে বরণ করেন নিচ্ছিল কলেজের সিনিয়র দাদা দিদিরা। আমার কপালে চন্দনের ফোঁটা, আর আমিও হাতে পেলাম একটি হলুদ গোলাপ। অথচ সবার হাতেই লাল গোলাপ।

বরণ পর্ব শেষ হতেই হঠাৎই সুচরিতা আমাকে ডেকে নিয়ে গেল দোতলার বারান্দায়। বুকের মধ্যে তখন ধুকপুকুনি। নিয়ে গিয়ে বলল,"আমার হলুদ গোলাপ ভীষণ পছন্দ। ওই হলুদ গোলাপটা আমাকে দে। তুই বরং আমার লাল গোলাপটা রাখ।" মনে মনে ভাবছিলাম, এই গোলাপটা তো তোর জন্যই। আমি ওর হাতে হলুদ গোলাপটা দিতেই, ওর হাতের গোলাপটা আমার বুক পকেটে গুঁজে দিয়ে বলল,"তোর পকেটে বেশ মানিয়েছে।" বললাম,

"সুচরিতা, তোকে একটা কথা বলার আছে।"

মৃদু হেসে ও বলল,

"এখন শুনব না। অনুষ্ঠান শেষ হলে বলিস।"

অনুষ্ঠান শেষে সুচরিতাকে খুঁজছিলাম কথাটা বলব বলেই। সিঁড়ি বেয়ে দোতলার বারান্দায় গিয়ে দেখি সেই হলুদ গোলাপ সুচরিতার খোঁপায় গেঁথে দিচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টেরই একজন, নাম অরিন্দম। আমি আর এগোই নি, কিছু প্রেম দূর থেকেই সুন্দর।

আজ বহু বছর পর পুরানো ডায়েরিটা খুলতে গিয়ে ডায়েরির ভিতর থেকে আবিষ্কার করি সেই লাল গোলাপটিকে,যেটা সুচরিতা আমাকে দিয়েছিল। যেখানে আমি লিখে রেখে ছিলাম, only a rose can open the heart। আজ গোলাপটা শুকিয়েছে বটে,স্মৃতির তরতাজা গন্ধে যেন আরো একবার নিজেকে দেখলাম বিভোর হয়ে। বেশি মনে পড়ছিল সেই হলদে গোলাপটার কথা। এত বছর পরেও সে সব স্মৃতি কত জীবন্ত। কিছু প্রেম স্মৃতির গন্ধ মেখে চিরদিন নিজের মধ্যেই থেকে যায়।

 


No comments:

Post a Comment