![]() |
| ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
পরের জন্মে
বিধানেন্দু পুরকাইত
পরের জন্মে যখন তোমার বয়স ষোলো
চুপ থেকো না - মনের কথা খুলে বোলো।
টিকলি পরে বৌ সাজতে কেমন লাগে
দৌড়ে এসে জানিয়ে দিও সবার আগে।
পরের জন্মে যখন তুমি শাড়ির আঁচল
উড়িয়ে দেবে বৃষ্টি মাখা ঝমঝমা দোল
লাজুক হেসে বলবে এসে চল ভিজি আজ
বুকে তখন আকাশ ফুঁড়ে দুমদুমা বাজ।
পরের জন্মে বইখাতা আর খোলা চুলে কলেজমুখী
দুলিয়ে কোমর প্রিয় নারী ছন্দ তুলিস
আমি তখন না হয় দূরে উদাস বাউল
তোর জন্যে হন্যে হবো ভাসিয়ে দুকুল।
পরের জন্মে সেই কবিতা লিখবো বসে
যেটা শোনার জন্যে পাগল পাশে এসে।
পরের জন্মে এমনি না হয় পাগলী হলি
কোন এক কবি লিখবে তোর পদাবলী।

.png)
.png)
No comments:
Post a Comment