![]() |
| ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
নতুন বস্ত্র
কল্যাণ সেনগুপ্ত
প্রেসক্রিপশন টা হাতে তুলে দিতে দিতে ডাক্তার বিনয় বসু জিজ্ঞাসা করলেন " আপনার তো সব মোটামুটি ঠিকই আছে। আমি নতুন কিছু আর দিচ্ছি না। কিন্তু হ্যাঁ, কর্তা কেমন আছে? দুদিন দেখছি না সকালে মাঠে।"মায়া একটু গম্ভীর হলেন " কোমরে একটা ব্যথা হচ্ছে । সারাদিনই হাত উঁচু, পা উঁচু, পিছন বেঁকা এইসব করছে"।"কাল একবার সকালে মাঠে আসতে বলবেন তো কিছু কথা আছে"।"মনে থাকলে হয়। যা ভুলো মন এক খান"।ডাক্তার বসু অবাক হয়ে জিজ্ঞাসা করেন " "আপনার? বলেন নি তো এতক্ষণ। এই বয়সে একটু আধটু হয়।তবে বেশি হলে চিন্তার"।"না,না, আমার নয়" ।জোরে বলে ওঠে মায়া রায়। "ওনার ওনার"।"আপনার টা ঠিক আছে তো? ""হ্যাঁ, টা ঠিক আছে।তাহলে আপনি আজ রাত্রেই একবার বলে রাখবেন।মায়া উদগ্রীব হয় " কি কথা? খারাপ কিছু?"আরে না,না, হেসে ফেলেন । গোপাল চলে যাবার পর সবাই কেমন মুচড়ে পড়েছে। কিছু একটা করা দরকার।""ঠিক বলেছেন। গোপাল দা এত হাসিখুশি মানুষ ছিলেন। ভাবাই যায় না। জানেন রোজ সকালে জানলার কাছে এসে ডাকতেন ওনাকে। শীত গ্রীষ্ম এক সময়। ও খুব এখন বলে গোপাল দার কথা আর মন খারাপ করে।বেড়িয়ে যেতে যেতে বলেন" ঠিক আছে আমি বলব ওনাকে। আপনি ভালো থাকবেন। মুক্তি বৌদি ভালো তো? "
হেসে উঠে দাঁড়ান ডাক্তার। " হ্যাঁ। ভালই তো দেখি।"
পুরনো পাড়া। কিছু একতলা কিছু দোতলা বাড়ি। দূরে দূরে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি দেখা যায় কিন্তু এইখানে এখনও থাবা বসায় নি। মোড়ের মাথায় ডাক্তার বিনয় বসুর চেম্বার। পাড়ার ছেলে মেয়ে বুড়ো সবাই কিছু অসুখবিসুখ হলে ওনার কাছেই ছুটে যায়। খবর পেলে উনিও চলে আসেন। মান্য গণ্য মানুষ হাসপাতালের মেডিসিনের হেড কিন্তু পাড়ার লোকদের সেটা বুঝতেই দেন না। সারা সপ্তাহ রুগীর লাইন লেগে থাকে। সামনের দুটো ঘর ভর্তি থাকে রুগী তে সন্ধ্যে থেকে। রবিবার কিন্তু উনি রুগী দেখেন না। তবে পাড়ার কারুর কিছু হলে ওনার বাড়িতে অবারিত দ্বার।
দু পাক হেঁটে হাঁপাতে হাঁপাতে সামনের বেঞ্চ তে সবার মুখের দিকে তাকিয়ে বললেন " এইতো , সবাই আছেন । শুনেছেন পাড়ার দুর্গা পূজা টা এবার আর হবে না।""এ্যাঁ, হবে না? বিকাশ এর মুখ টা কেমন ঝুলে যায়। বেশ জোরেই বলে। "এতদিনের পূজা। বন্ধ হয়ে যাবে? কেন বলুন তো?"
সুধীর রায় বললে" আমি কিছুটা শুনেছিলাম। সুভদ্র বললে " কারণ মনে হয় লোকজন নেই। কেউ কেউ উঠে গেছে দূরে। যুবক তেমন কেউ নেই যে কাজ করবে। মুখার্জী লেন এর অসীম ব্যানার্জী, তাপস পাল এরা নেই তারপর গোপাল দা তো পুজোর প্রাণ ছিল সেও এবার নেই। তাই মনেহয় .....।ডাক্তার বিনয় বসু সবার মুখের দিকে তাকিয়ে বললেন " এইযে আমরা বেকার আছি ,কিছু করতে পারিনা?সমস্বরে সবাই বলে উঠলে ' বেকার বলবেন না ডাক্তার বাবু , এটা খুব ইনসাল্টিং।আমরা অবসর প্রাপ্ত"।"ঠিক আছে, ঠিক আছে। বলছি কি পুজো হচ্ছে না পাড়ায় কেমন লাগবে?"রমা রঞ্জন, সুভদ্র, বিকাশ,গৌরী প্রসন্ন সবাই এবার বললে " না,না ভীষণ খারাপ লাগবে। ডাক্তার বাবু বললেন" আচ্ছা আমরা সব সিনিয়র সিটিজেন মিলে পুজো করলে কেমন হয়? "সবাই হেসে ফেললে" এটা আপনি কি বললেন? আমরা করব পুজো? ও অনেক হ্যাপা। আর তাছাড়া আপনার হাসপাতাল রুগী এসব ও তো আছে। আমরা প্রেশার ,সুগার হার্ট নিয়ে ব্যতিব্যস্ত।ডাক্তারবাবু একটু গম্ভীর" ভেবে দেখুন শহরে গণিকারা পুজো করে , মহিলারা পুজো করে , জেলের সাজাপ্রাপ্ত অধিবাসীরা পুজো করে। আমার ধারণা অবসরপ্রাপ্ত দের দ্বারা পুজো ছড়িয়ে দিলে খুব খাবে মিডিয়া ,কাগজ। ভালো প্রচার পাবে"।বিকাশ হতাশ হয়ে বলে " ডাক্তার বাবু , ভেবে দেখুন আমাদের কি সেই শরীরের আর মনের জোর আছে?"ডাক্তার বাবু বললেন " মনের জোর টা নাহয় আমার ওপর ছেড়ে দিন। শুধু ভাবুন পুজো করবেন কিনা । ইচ্ছে আছে কিনা? নাহলে পাঁচদিন অন্ধকার পাড়া । ভাবুন পাঁচ দিন পুজো। নানা আচার অনাচার। নানা অনুষ্ঠান।বিকাশ অসহায় হয়ে গৌরী প্রসন্ন র দিকে চায়। সুভদ্র, বিকাশ থমকে যায়। বিকাশ মুখ খোলে " আজ কোমর ব্যথা, কাল কাশি, সর্দি, হার্টের কথা বাদ ই দিলাম। হবে না ডাক্তার বাবু ,আমাদের দ্বারা হবে না আর।
তাহলে পুজো বন্ধ হবে ? নাতি নাতনী কে কি বলবেন? একটাই গ্যাস বেলুন ওয়ালা, কাগজের খেলনা, আইসক্রিম ওয়ালা, বেলুন ফাটানোর বন্দুক কোথায় পাবেন?ভেবে দেখুন , ডাক্তার উত্তেজিত হয়। " মেনে নিতে পারবেন তো? এই বয়সে কোথাও যে চলে যাবেন বেড়াতে টাও ত সম্ভব নয়। শক্তি নেই টাকা পয়সার আর মাংস পেশীর।সুভদ্র বললে " পুজো মানে তো অনেক টাকার ব্যাপার"।ডাক্তার বাবু বললেন " ওটা হয়ে যাবে"।"কেমন করে ? "বিকাশ উৎসাহিত হয়। ডাক্তার বললেন" আপনাদের কিছুই করতে হবে না। ব্যবস্থা আমি করব"।"কিরকম?""দেখুন আজকাল পুজো করতে টাকা থাকলে আর কোনও অসুবিধা নেই । গুটি কয়েক লোক হলেই চলে। কাজগুলো এই রকম।প্রথম পুলিশের পারমিশন দ্বিতীয়ত বাজেট করা ,ঠাকুর বায়না দেওয়া, প্যান্ডেল ,লাইট নিয়ে ডেকরেটর দের সঙ্গে কথা বলা। ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলাতারপর চাঁদা আর অ্যাড জোগাড় করা।এরপর ঠাকুর আনা, সাজানো আর পুজোর ব্যবস্থা করা ব্যস। সে লোক জোগাড় হয়ে যাবে।"সবাই কেমন থমকে গেল। কি হবে নেমে? শেষে যদি শরীর খারাপ হয়? তখন ডাক্তার, বাড়ি চারিদিকে গালাগালির বন্যা বয়ে যাবে। ছেলে মেয়ে তো বসেই আছে ধরবার জন্যে।ডাক্তার বাবু বললেন " ভেবে বলুন। আমি বলতে পারি কোনও অসুবিধা হবে না। রমরমিয়ে জাকজমক করে হবে"।সুভদ্র তবু বুঝতে চায়। বলে " আসল তো টাকা সেটা আসবে কি করে আমরা ত তেমন কিছু করি না।"বিনয় বসু এবার হা!হা!করে হেসে উঠলেন । বললেন " এই যে বললেন তেমন কিছু করিনা বললেন এটাই আদল চাবি কাঠি"।"কি করে? বিকাশ জিজ্ঞাসা করে"।"প্রথম কিছু চমক দিয়ে ক্যাপশন হবে " অবসরের পরেও পুজো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক , পরে নানা হোর্ডিং ও পড়বে শহরের ওদিক থেকে এদিক। তার জন্যে আলাদা অ্যাড কোম্পানি আছে। এ ছাড়া রেডিও, কাগজ তো আছেই। মন্ত্রী দিয়ে ওপেনিং , বক্তৃতা তার আবার ফেসবুকে ছড়ানো। লোকে দেখতে তো দৌড়ে দৌড়ে আসবে। যদি হ্যাঁ বলেন তাহলে লোকের বন্যা করে দেব। শুধু টাইম মত প্ল্যানিং আর রিলিজ নানা অ্যাড। "
বিকাশ বললে" শুনে তো মাথা ঘুরছে। সত্যি হবে এরকম? আমরাই করব?""হ্যাঁ হ্যাঁ আপনারাই করবেন সঙ্গে কিছু ছোট ভলেন্টিয়ার নিয়ে নেব ভারী কাজের জন্যে। বলুন রাজি কিনা?"
ঠাকুর বায়না হয়েছে। পুলিশের ঘরে চিঠি দিয়ে দেখা করা হয়েছে, দমকল , ইলেক্ট্রিসিটি র চিঠি দেওয়া হয়েছে। এত অবধি ঠিক ছিল। উৎসাহ র ভাঁটা নেই। গোল বাঁধল চাঁদা চাইতে গিয়ে।ডাক্তার বাবুর কড়া নির্দেশ বাড়ি বাড়ি গিয়ে নিমন্তন্ন করে চাঁদা চাইতে হবে। এমনিতে চাঁদা ছাড়া ও পুজো হবে। সুভদ্র ইরিগেশন এর চিফ ইঞ্জিনিয়ার ছিল, বিকাশ ছিল চিফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাল্টিন্যাশনাল কোম্পানিতে, রমা রঞ্জন করণিক, আর গৌরী প্রসন্ন আর সুধীর রায় ছিল বড় এক কোম্পানির সেলস চিফ। হুরহুর করে বিজ্ঞাপন আসছে। গেট, ব্যানারের ছড়াছড়ি। কিন্তু চাঁদার কথায় প্রথম কেউ ই রাজি হলনা। এই বয়সে এটা কি মানানসই? লোক কি বলবে? বাড়ির লোক কি বলবে?বিনয় বসু অবিচল। না,বাড়ি বাড়ি গিয়ে চাঁদা চাইতে হবে।বিকাশ বললে" সেই লোকে কম দেবে, বারবার চাইতে হবে, পিছনে নানা রকম মন্তব্য করবে।বলবে এই চাঁদা নিয়ে ফুর্তি করবে। সেটা এই বয়সে অযথা বেদনার উদ্রেগ করবে। প্লীজ এটা বাদ দিন ডাক্তার বাবু।"আরে চাঁদা তো পুজোর জন্যে চাইছেন। নিজের তো নয়। বন্যাত্রানে টাকা চাইতে যান নি কখনো?""সেটা তো একটা নোবেল কারণ ছিল"।ডাক্তার বাবু অবিচল। বারোয়ারী পুজো হলে চাঁদা চাইতে হবে, প্রসাদ বাড়ি বাড়ি দিতে হবে সিনিয়র মেম্বারদের।আমতা আমতা করে সবাই রাজি হলেও প্রথম বিকাশ বললে " আমি সমীর পতিতুন্ড র বাড়ি যাবো না।অন্য সব জায়গায় যাবো। দুভদ্র বললে পাশের গলিতে বেয়াইয়ের বাড়ি ওখানে আমি যেতে পারব না। সুধীর বললে " এই বয়সে পুজোর জন্যে চাঁদা চাওয়া তে লোকে আমায় কি ভাববে? ললিত মোহন অন্য দিকে তাকিয়ে বলেই দিলে " আর সব হবে কিন্তু চাঁদা তোলা হবে না আমার দ্বারা"। থেমে রইল না চাঁদা তোলা। প্রথম দুদিন দূরের পাড়ায় যাওয়া হল। দরজা খুলে কাজের লোক বললে কাজে চাই? বলা হল বাড়ির কাউকে ডাকুন ।একটা বাচ্চা ছেলে লাট্টু ঘোরাতে ঘোরাতে এল। কাকে চাই? বিকাশ দাঁত মুখ চিপে বললে " তোমার দাদু বা বাবা বা বড় দের কাউকে ডাক।এবার মধ্যবয়সী একজন এলে ।বয়স্ক লোকেদের দেখে বললে " এত তাড়াতাড়ি ভোটের স্লিপ? ভোট কবে?সুভদ্র বললে " আমরা নতুন পুজোর জন্যে চাঁদা চাইতে এসেছি।ছেলেটি প্রথম অবাক হয়ে কিছুক্ষন চেয়ে থেকে বললে " কাকু আপনারা পুজো করছেন ? । বাইরে কেন ভিতরে আসুন। ভিতরে আসুন বলে সামনে সুভদ্র কে হাত ধরে। বলে " আপনারা পুজো করছেন ? এতদিনে বিশুদ্ধ একটা পূজা হবে ।আমি ভাবতেই পারছি না। ওয়াও, এর দারুন ব্যাপার। নতুন পুজো আমাকেই সঙ্গে নিন। ছেলেটির উৎসাহ দেখে সবাই উদ্দীপ্ত হয়। চাঁদা নিয়ে আর ছেলেটি কে সঙ্গে নেওয়া হবে কথা দিয়ে তবে ছাড়া পায়। একে একে সব বাড়িতে যাওয়া শুরু করে। প্রথম প্রথম বিকাশ ই বেশি কথা বলছিল আসতে আসতে কখন যেন বাকিরাও যোগ দিয়ে ফেলে। সুধীর বাবু এত গম্ভীর মানুষ তিনিও এক বাড়িতে একটা ফুটফুটে বাচ্চা কে জলে তুলে আদর করতে থাকেন। অন্যদের দেখিয়ে বলেন ঠিক আমার নাতনির মত।
মুদির দোকানের মনুয়া তো প্রথম যেতেই ঘাবড়ে গিয়ে বলেই ফেলল " আর হবে না বাবু। সব মাল আমি ভিতরের রাখব। কোন প্লাস্টিক পড়ে থাকবে না। তারপর চাঁদা শুনে প্রথম বললে বন্যাত্রান? চাল, তেল, শাড়ি ধুতি দিলে চলবে'?"ওরে চলবে চলবে। তুই যা দিবি তাই লাগবে মায়ের ভোগে"। অনেকে প্রথম নানা জায়গায় আপত্তি করেছিল কিন্তু পরে দেখা গেল চাঁদা তোলাতেই উৎসাহ বেশী সবার। কত পুরনো মানুষের সঙ্গে দেখা হচ্ছে। কত নতুন নতুন লোকের সঙ্গে আলাপ হচ্ছে।
পুজো শুরু হয়েছে। প্যান্ডেল এর সামনে লম্বা গলি ভর্তি বড় বড় ফ্লেক্স এর প্যানেল কাঠের ফ্রেম করে লাগানো। তাতে এক একটায় ষাট ঊর্ধ মানুষের কি কি রাইটস, কি কি ফেসিলিটি, কি কি আইন জমি বাড়ি সংক্রান্ত, কি কি সরকারের সুযোগ সুবিধা, কি কি সরকারের করা উচিত সব আলাদা আলাদা করে দেওয়া আছে। বর্ষীয়ান রা দেখলে জানবে, বুঝবে অনেক। অসুস্থ হলে কি করতে হবে ,কোথায় খবর দিতে হবে। নিজের অধিকার সমন্ধে ধারণা হবে। এই অভিনব বর্ষীয়ান দের পুজো সমন্ধে রোজ কাগজে লেখা বেরোচ্ছে। প্যান্ডেলের পাশে পুরনো বাংলা গানের আসর। পাড়ার মহিলারা পরিচালনা করছে। সারা শহরে বিজ্ঞাপনের ঢেউ অবসরপ্রাপ্ত পুজো সারা ফেলে দিয়েছে। সকাল বিকেল প্রেস, প্রতিযোগিতার বিচারক রা আসছে। মন্ত্রী , আধিকারিক রা, সর্বোপরি শহরের ষাটঊর্ধ মানুষ পিলপিল করে আসছে।সামনে ভোট নেতারা ও উৎসাহ দিচ্ছে বয়স্ক দের ভোটের জন্যে। আশেপাশের বারোয়ারী পুজোর কর্মকর্তা রা আগের পুজো টা বন্ধ হয়ে যাওয়াতে যত খুশি হয়েছিল সেটাই এই প্রবল ভিড় দেখে বিস্ময় হয়ে ফিরে এল। এত ভিড় কেন? তাও প্রথম বছর? ব্যাপারটা কি?। এতটা আশা করেন নি ডাক্তারবাবু ও। সবচেয়ে বড় কথা তুমুল ব্যানার, গেট, ফাংশন এ অ্যাড এর ছড়াছড়ি কারণ মিডিয়ার দৌড়াদৌড়ি। দুপুরে ঢালাও খিচুড়ি ভোজন। বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ। যেন একটা দক্ষযজ্ঞ লেগে গেছে। কাজের যেন শেষই নেই। সুভদ্র দাস, বিকাশ পাল , রমারঞ্জন মুখার্জী , গৌরীপ্রসন্ন সেনগুপ্ত , সুধীর রায় দের বাড়িতে আর জিরোনোর সময় নেই।দুপুরের ঘুমের দফারফা।
সন্ধ্যে হলে ভিড় ঠেকানো মুশকিল হচ্ছে। অবসর প্রাপ্ত আধিকারিক ললিত মোহন এতদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন। মন সায় দেয় নি চাঁদা তোলার আনন্দে মাততে। কি এমন একটা বাধো বাধো ভাব পিছন টেনে ধরেছে।সপ্তমীর দিন ই নিজের বাড়ির সামনে ভিড়ের জন্যে রাস্তা দেখা যাচ্ছে না। বারান্দায় দাড়িয়ে ছিলেন ।এমন সময় তিনটি বার তেরো বছরের ছেলে এসে জিজ্ঞাসা করলে " কাকু এখানে কোথায় জল পাওয়া যাবে বলবেন? খুব জল তেষ্টা পেয়েছে।জিজ্ঞাসা করলেন ": কোথা থেকে আসছ তোমরা?"ঠাকুর দেখতে বেড়িয়েছি। কতদূর থেকে হাঁটতে হাঁটে আসছি"।আহা! ভিতর টা মুচড়ে উঠল। ছোট বেলার কথা মনেহল। বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেড়িয়ে পায়ে নতুন জুতো আর ফোস্কা, গায়ে নতুন জমা ঘেমে ভিজে একাকার ভীষণ জল তেষ্টায় কোন কোন বাড়িতে চেয়েই জল খেয়েছেন । ললিত মোহন বাচ্চা ছেলেগুলোকে দাড়াতে বলে ঘর থেকে জল আর ক্রিম বিস্কিট নিয়ে এলেন। বললেন " এস, বসে খাও। ধকধক করে জার থেকে হাপুস হাপুস করে জল বিস্কিট খেলে ,বিস্কুট খেয়ে ধন্যবাদ জানাল। ওরা ললিত মোহনের গাম্ভীর্য পূর্ন মুখ দেখে ভয়ে জড়োসড়ো হয়ে নিজেদের মধ্যে কোন ঠাকুর টা কেমন আলোচনা করতে লাগল। ওনার এই প্রথম নিজেকে খুব অসহায় লাগল। খুব কথা বলতে ইচ্ছে করল ,বন্ধুত্ব করতে চাইল মন । বললেন " কটা ঠাকুর দেখা হল? কোন টা ভালো লাগল? আমায় একটু বল আমিও দেখব।"ওরা খুব উৎসাহ নিয়ে বললে। বুঝিয়ে দিলে কোথায় কি ভাবে গেলে ওই ঠাকুর গুলো দেখা যায়।
সন্ধ্যে বেলা ভীষণ ভিড় বাড়তে লাগল। দুটো হোম গার্ড দড়ি দিয়ে জনতা কে থামিয়ে দিচ্ছিল মন্ডপের দিকে যেতে। ভিড়ের চাপ বাড়াতে আর ওরা পারছে না ধরে রাখতে।এদিকে আর কেউ নেই দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। ললিত মোহন নেমে পড়লেন রাস্তায় দড়ি ধরতে সাহায্য করতে। নাহলে ভিড়ে মন্ডপে ভিড় সামলানো কঠিন হবে। এরপর সামনেই দৌড়ে গিয়ে প্যান্ডেল থেকে কিছু পাড়ার যুবক যাদের উনি চেনেন না, তাদের ডেকে আনলেন সাহায্য করতে। তিন দিক থেকে ভিড় আসছে মন্ডপে। বাকি তিন দিকের কি অবস্থা দেখতে বেড়িয়ে পড়লেন। নারকোল দড়ি আর ভলেন্টিয়ার দের নিয়ে দৌড়াদৌড়ি দেখে হেসে গৌরী প্রসন্ন সুধীর রায় কে কনুই দিয়ে ঠেকা দিয়ে দেখালে" ওই দেখ আমাদের আধিকারিক মশাইয়ের রাজবেশ খুলে ধুলায় গড়াগড়ি করছে ।
একদিকে দুর্গা মাই কি জয়, ঢাকের বাদ্যি, কাঁসর ঘণ্টার একটানা আওয়াজ। আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। কত যে রঙ আকাশে । গভীর নীল থেকে কালচে লাল হয়ে উঠেছে। সূর্যদেব অস্ত যাচ্ছেন আজকের মত। যারা এসেছে বিসর্জন দিতে তাদের বুকেও বিসর্জনের সুর। মন ভারাক্রান্ত।শুধু তো ঠাকুর নয় বিসর্জন যাবে মনের সব নীচতা, অহংকার, হিংসা, মোহ। সঙ্গে যাবে অশুচি ও বিদ্বেষ।তক্ষন দুর্গা মাইকি জয়, ঢাকের বাদ্যি, লোকের চিৎকারে চারিদিক মেতে ছিল। যেই প্রতিমা বিসর্জন হল। ঠাকুরের মুখ আস্তে আস্তে গঙ্গার বুকে নিমগ্ন হল। হঠাৎ করে সমস্ত শব্দ থেমে গেল কিছুক্ষন। এক বিষাদ এসে মুহূর্তে ঢেকে ফেললে চারিদিক । ললিত মোহন অর্ধেক সিড়িতে দাড়িয়ে ছিলেন। ছেলে মানুষের মত তরতর করে নেমে গঙ্গায় গিয়ে অর্ধেক নিমজ্বিত হয়ে দাড়ালেন। হঠাৎ করে জলে নামাতে সবাই হতভম্ব । আধিকারিক মানুষ এটা ঠিক মানাচ্ছে না। কোনো বিপদ আপদ ঘটে গেলে? কিন্তু উনি তারপর তিন বার ছোট ছোট ডুব দিলেন ।দু হাত জোড় করে বললেন আসছে বছর আবার এসো, আসছে বছর আবার এসো। অঞ্জলীর দেবার মত দু দুবার দুহাতে জল নিয়ে তর্পণ করার মত করলেন। তারপর জল মাথায় ছিটিয়ে আস্তে আস্তে মাথা নীচু করে ধুতি সামলাতে সামলাতে ওপরে উঠে এলেন। সুধীর বাবু, বিকাশ বাবু, রমা রঞ্জন, গৌরী বাবু , এমনকি ডাক্তার বাবু ও অবাক। ডাক্তার বাবুকে দেখিয়ে সবাইকে বললেন " ডাক্তার বাবু ভেরি সরি। আপনার চাঁদা তোলার ব্যাপারটা প্রথম ধরতে পারিনি। সবাইকে বললেন "ইনি দেখিয়ে দিয়েছেন গজ, ঘোড়া, রাজা ,মন্ত্রী সবাই খেলার শেষে বাক্সের মধ্যে পাশাপাশি ই থাকে গায়ে গা লাগিয়ে । তাইতো সব ছেড়ে রেখে এলাম গঙ্গায়। কি দিয়ে এলাম বলুন তো?"ডাক্তার বাবু চুপ করে থেকে হেসে বললেন " আমি সবার অনেকদিনের পড়ে থাকা বস্ত্র ই বিসর্জন দিতে চেয়েছিলাম। ওই বস্ত্র ই আমাদের কাল। ওটাই বাঁচা কে বাধা দিচ্ছে।ললিত মোহন সব গাম্ভীর্য ঝেড়ে ফেলে বললে " বস্ত্রের কত যে রঙ , তার মধ্যে অহং টাই সবচেয়ে খারাপ। ওটা ফেলে দিতে পারলে সবই ফিরে পাওয়া যায়। আপনি এটাই চেয়েছিলেন তাই তো?
ডাক্তার বাবু হাসলেন। ললিত মোহন যেন দৈত্যের বেশ ছেড়ে শিশু হয়ে গেছেন । এখন আর কোনো বাধা নেই, উৎসাহের শেষ নেই।আপাদমস্তক কাক ভেজা শরীরে ই এগিয়ে আসেন "আসুন বিজয়ার কোলাকুলি টা সেরে ফেলি। এরপর পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে করব।"ডাক্তার বাবু ললিত মোহনের শিশুর রূপ দেখে বললেন " চলুন বাড়ি বাড়ি গিয়ে বিজয়া করি। মিষ্টি আমরাই নিয়ে যাবো। পুজোর তো টাকা উদ্বৃত্ত আছে"।বিকাশ রমারঞ্জনের দিকে তাকিয়ে নীচু স্বরে বললে " দাদা কালী পুজো টা ও হবে নাকি?রমা রঞ্জন চোখ বড় বড় করে , বলে ":আপাতত একটু জিরিয়ে নাও। পরে দেখছি। চল পা চালাই।
কতগুলো প্রবীণ যুবকের কাঁধে হাত রেখে কলকাকলি উৎসব মুখর গঙ্গার ঘাট এর লোকজন তাকিয়ে দেখতে লাগল। কেউ কেউ ওদের দেখিয়ে বলাবলি করতে লাগল এরা কারা? শিশুর মত, প্রাণ শক্তি যেন ফুঁটছে। কোন জগৎ থেকে এসেছে?

.png)
.png)
No comments:
Post a Comment