1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 10, 2026

মৃতের পরিধান

ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


 মৃতের পরিধান

সম্মান রায়


আমি সুভাষ। চন্দ্র বসু নয়… মহাপাত্র। এ বছরের নভেম্বর মাসে আমার ত্রিশ বছর সম্পূর্ণ হবে। আমার পৈত্রিক বাড়ি বহরমপুর, কিন্তু এখন আমি কলকাতায় থাকি। কলেজের সময় থেকেই এখানে আছি… পার্থক্যের মধ্যে এই যে তখন থাকতাম তিন বন্ধুর সাথে ভাগাভাগি করে ভাড়াবাড়িতে— আর এখন থাকি দক্ষিণ কলকাতায় এক বহুতলে আমার নিজের উপার্জনে কেনা একটি ফ্ল্যাটে… প্রায় একা। প্রায় বলছি… কারণ সপ্তাহে কোনও কোনও দিন আমায় সঙ্গ দিতে সঙ্গীতা— আমার প্রেমিকা— ও এসে থাকে। আর মা-বাবাও মাসে অন্তন্ত এক আধবার তো এসে দিন কয়েকের জন্য থেকে যান। আর এই যে আমি সামগ্রিক ভাবে ধুঁকতে থাকা অর্থনৈতিক সমাজব্যবস্থার মধ্যেও যথেষ্ট অল্প বয়সে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি না থাকা সত্ত্বেও মধ্যবিত্তদের তুলনায় বিলাসবহুল জীবন যাপন করছি, তার পিছনের কারণ হোল আমার পেশা। আমি একজন ধারাবাহিক অভিনেতা।

অভিনেতার আগে ধারাবাহিক শব্দটা দেখে অনেকে ভ্রু কুঁচকবেন, কিন্তু বিশ্বাস করুন… একমাত্র ধারাবাহিকই এমন একটি মাধ্যম যেখানে অভিনেতারা কাজ করে মাসের শেষে মোটা আয় করে একজন কর্পোরেট চাকুরীজীবীর মতোই জীবনযাপন করতে পারে। এই বিষয়টা আমার কাছেও স্পষ্ট হয়ে গেছিল খুব তাড়াতাড়ি— তাই আমি শিক্ষিত সমাজের ছুঁৎমার্গ অগ্রাহ্য করেই এই পেশাকে বেছে নিয়েছিলাম। আর সেটাই আমার জীবনের গতিকে মসৃণ করে দিয়েছে, চিন্তামুক্ত করে দিয়েছে আর যৌবনকে উপভোগ করার একটি সুযোগ করে দিয়েছে। হ্যাঁ— তবে এটা ঠিক যে এর ফলে আমার স্বাধীনতা কিছুটা হলেও খর্ব হয়েছে। বন্ধুবান্ধবদের সঙ্গে যখন তখন দেখা করা… যখন তখন শহরের বাইরে বেড়াতে যাওয়া… এইগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না। প্রতিদিন ভোর ছটায় উঠে আমায় স্টুডিওয়ে গিয়ে হাজিরা দিতে হয় এবং বাড়ি ফিরতে ফিরতে সেই রাত দশটাই বাজে। আর এরকম উদয়াস্ত পরিশ্রম করার পর সর্বসাকুল্যে একটা কি দুটো ছুটি পাওয়া যায় মাসে— এই রোজনামচা নিয়ে তো আর থাইল্যান্ড, মালদ্বীপ বেড়াতে যাওয়ার প্ল্যান করা যায় না!

সে যাই হোক, আমি আমার বর্তমান জীবন এবং কাজের জায়গা দুটোকেই দারুণ উপভোগ করছি। এতোটাই করছি— যে অনেক সময় বাকি কলাকুশলীরা আসার আগেই আমি স্টুডিও পৌঁছে যাই। সেদিনও হোল তাই। প্রায় ভোর সাতটার মধ্যে আমি পৌঁছে গেলাম স্টুডিও। সেইদিন একটি বিশেষ দৃশ্যও শুট হওয়ার কথা ছিল। প্রথম বার জীবনে আমি একজন উর্দিধারি পুলিশের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। মনে মনে একটা চাঞ্চল্যও বোধ করছিলাম। ছোট থেকে রঞ্জিত মল্লিক থেকে অমিতাভ বচ্চন— এঁদের সকলকে কিংবদন্তী সব পুলিশি চরিত্রে অভিনয় করতে দেখে এসেছি। আজ আমার কাছে সেই সুযোগ এসেছে! কিছু একটা তো করে দেখাতে হবে!

কিন্তু বাধ সাধল কস্টিউম বিভাগের একজন সহকারীর জন্য। মেয়েটি সদ্য ঢুকেছে ইউনিটে, এখনও সব বুঝে শুনে উঠতে পারেনি কাজের গতিবিধি। কোনও কারণে তার মাথায় এটা ছিল না যে আজ আমার পুলিশের কস্টিউমটা লাগবে। সে সেটা আনিয়ে রাখে নি। যেই গোডাউন থেকে আমাদের ধারাবাহিকের জামা কাপড় ভাড়া নেওয়া হয়, সেখানে ফোন করে দেখা হোল— সেখানেও কোনও বাড়তি পুলিশের কস্টিউম পাওয়া যাচ্ছে না আজ। একটি ছবির শুটিং এর জন্য এক ডজন পুলিশের নকল উর্দি আজ সকালেই নাকি বোলপুর রওনা হয়ে গেছে। এবার প্রডাকশন পড়লো আচ্ছা ফ্যাসাদে। ওই দৃশ্য আজ তুলতেই হবে– চ্যানেল থেকে নির্দেশ আছে। এতক্ষণে শুটিং শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু এই সমস্যার জন্য শুরু করা যায়নি। পরিচালক তো রেগে আগুন! তার পুরো ক্ষোভ গিয়ে পড়লো সেই সহকারীটির উপর।

"শোন সেঁজুতি, শুটিংটা না সাড়ে আটটায় শুরু করার কথা ছিল, ঠিক আছে তো? এখন বাজে ১১ টা! আমি আর ২ ঘণ্টা সময় দিচ্ছি তোকে। যেখান থেকে হোক পুলিশের কস্টিউমটা জোগাড় করে আনতে হবে। নাহলে হয় তুই এই প্রোডাকশনে থাকবি, নয় আমি।”

কাজও হোল এই বর্ষণে। সকাল থেকে তিন চার ঘণ্টা ধরে যেই সমস্যার সমাধান করা যাচ্ছিল না, কি আশ্চর্যভাবে দু ঘণ্টার মধ্যে সমাধান হয়ে গেলো তার! সহকারী মেয়েটিকে দাবড়ানি দিয়ে কিছু অন্য দৃশ্য তুলতে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। আমি মেক আপ রুমে বসে একটু ফোন ঘাঁটাঘাঁটি করে সময় কাটাচ্ছিলাম, এমন সময় দেখি সেঁজুতি হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকছে।

“আরে কি হোল?” বললাম আমি, "বস, বস… ঠিক আছিস তো?”

"আর ঠিক!” হাঁপাতে হাঁপাতে বলল সেঁজুতি, “কোনও রকমে চাকরিটা বাঁচাতে পারলাম দাদা! এই নাও তোমার কস্টিউম!”

বলে ব্যাগ থেকে এক জোড়া খাকি প্যান্ট শার্ট বার করে আমার হাতে দিল সে।

“আরে বাঃ!" বললাম আমি, “সন্দীপদার ধমকানিতে কাজ দিল তাহলে! তা পেলি কোথা থেকে এতো তাড়াতাড়ি?”

“এটা সিক্রেট! বলা যাবে না! জেনে ফেললে দাদা বারবার আমায় দিয়ে ইলেভেন্ত আওয়ারে দৌড় করাবে কস্টিউম আনতে! নাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। তোমায় ১ টার মধ্যে সাজিয়ে গুজিয়ে দাদার সামনে দাঁড় করাতে পারলে আমার স্বস্থি!”

পুলিশের উর্দিটা বেশ পুরানো। ইস্তিরিও করা নেই ঠিক করে… জায়গায় জায়গায় ভাঁজ। কিন্তু সময় কম তাই বেশি কিছু না বলে গায়ে গলিয়ে নিলাম। অবাক হলাম। জামাটার ফিটিংস টা কি ভালো! মনে হচ্ছে জেন আমার মাপ নিয়ে সেলাই করা! সচরাচর ভাড়া করা জামা হয় খুব টাইট নয় খুব ঢিলে হয়… বাকি সব মাপ জুতসই হলেও আমার জিম করা পেশীগুলোর জন্য বেশিরভাগ জামার হাতের জায়গাটা বরাবরই আমার টাইট হয়। কিন্তু কি আশ্চর্য! এই উর্দিটার ক্ষেত্রে তা হোল না। জামাটা ভালো করে বেল্টের মধ্যে গুঁজে নিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হোল নিজেকে দেখে সেই উর্দিতে। একটা অদ্ভুত ক্ষমতার অনুভূতি…

সন্দীপদা আমাকে নতুন সাজে সেটে দেখতে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। 

“উফ! শেষমেশ ইন্সপেক্টর সাহার আবির্ভাব হোল তাহলে! আচ্ছা সুভাষ, তুমি স্ক্রিপ্টটা ভালো করে পড়ে নিয়েছ তো?”

"হ্যাঁ দাদা।”

"এই সিনটা তে আমরা দেখাচ্ছি যে ইন্সপেক্টর সাহা একজন কুখ্যাত অপরাধীকে ধরতে পেরেছে, যার উপর নারী নির্যাতনের অনেক গুলো কেস আছে। সে তাকে জেরা করছে… করতে করতে কলার চেপে ধরে বলছে—তারপর তোমার ডায়লগ যেটা আছে আর কি। ঠিক আছে? তাহলে আমরা যাবো?”

"একদম।”

আমি পুলিশ থানার যে সেটটি তৈরি হয়েছে সেটায় একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। কেমন যেন একটা গর্ব বোধ হোল মনের অন্দরে। যেন সত্যিই আমি এই থানার ওসি। আমার জন্য নির্ধারিত চেয়ারটিতে বসলাম। প্রডাকশনের সহকারীরা তখন লাইটগুলো সঠিক জায়গায় বসাচ্ছে। ক্যামেরা চালু হতে আরও মিনিট দশেক তো লাগবেই। আমি চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখটা একটু বুজলাম।

ঘুমের মধ্যে না জাগ্রত কল্পনায় জানিনা… হঠাৎ আমার চোখের সামনে যেন একটা রক্তাক্ত বাচ্চা মেয়েকে দেখতে পেলাম। বয়স আন্দাজ নয়-দশ। পরনে একটা সাদা রঙের ফ্রক। কিন্তু তাতে ছোপ ছোপ রক্ত। বাচ্চা মেয়েটির মুখেও রক্তের দাগ। তার চোখ থেকে জল গড়াচ্ছে। সে যেন আমায় কিছু একটা বলতে চাইছে। আমি কিছু বলতে পারছি না… সেও আমায় কিছু বলতে পারছে না… যেন কেউ একটা শক্ত করে হাত দিয়ে তার মুখ চেপে রয়েছে… অথচ কাউকে দেখা যাচ্ছে না। 

আচমকা আমার চটকা ভেঙ্গে গেলো। চোখ খুলে দেখি সেট ততক্ষণে রেডি। লাইট বসানো হয়ে গেছে। মেক-আপের দাদা ক্যামেরা চালু হওয়ার আগে শেষ বারের মতো আমার মুখে একটু তার মেকআপ ব্রাশ বুলয়ে নিচ্ছেন। আমার উল্টো দিকে আমার সহ অভিনেতা সঞ্জয় বসে–যে সেই কুখ্যাত অপরাধীর চরিত্রে অভিনয় করছে। ক্যামেরার পিছন থেকে সন্দীপদার গলা পেলাম।

“চলো এবার সাইলেন্স, শটে যাবো। রোল সাউন্ড, রোল ক্যমেরা… এন্ড… একশন!”

আমার সংলাপ বলার কথা… কিন্তু আমার ঠিক মনে পড়ছে না আমার সংলাপ গুলো। কেমন যেন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। আমি কেন বসে আছি এখানে? এতো লোক কেন চারিদিকে? আমি সঞ্জয়ের দিকে তাকালাম। কেন জানি না, অত্যন্ত রাগ হোল সঞ্জয়ের উপর। নিজের অজান্তেই আমার মুখ থেকে কয়েকটা কথা বেরিয়ে এলো।

“মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস?”

"কোন মেয়ে?” চরিত্রের মতো করেই বলল সঞ্জয়। 

“কোন মেয়ে জানো না?” দাঁতে দাঁত চেপে বললাম আমি, “একটা এগারো বছরের মেয়েকে অপহরণ করে তার উপর নির্যাতন করে তারপর কোন মেয়ে বুঝতে পারছ না?”

আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি কার ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু সদপ্রনদিত ভাবে কথা গুলো বেরিয়ে আসছিল আমার মুখ থেকে। আমি শুধু একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম ভেতর ভেতর—কেন তা জানি না। আর অনুভব করছিলাম সঞ্জয়ের প্রতি একটা ব্যাখ্যাহীন হিংস্র রাগ। 

"দেখুন স্যার, আপনি কিসের ব্যাপারে কথা বলছেন আমি জানি না।” সঞ্জয় অভিনয় থামাল না, “কিন্তু এভাবে কোনও প্রমাণ ছাড়া আপনি আমায় আটকে রাখতে পারেন না!”

"কি বললি শুয়োরের বাচ্চা!”

এবার আমি যে কাণ্ডটা করে বসলাম তার জন্য আমি তো নাই, গোটা ইউনিটও প্রস্তুত ছিল না। আমি আমার চেয়ার থেকে তড়াক করে লাফিয়ে উঠে প্রায় ঝাঁপিয়ে পড়লাম সঞ্জয়ের উপর! তার কলার ধরে প্রথমে চড়, থাপ্পড় তারপর কিল ঘুষি চালাতে লাগলাম।

"কাট! কাট! সুভাষ! থামো, থামো!” সন্দীপদার চিৎকারেও আমার হুঁশ ফিরল না। ইউনিটের বাকিরা এসে আমায় জাপটে ধরে কোনওক্রমে সরিয়ে নিয়ে যেতে রক্ষা পেলো সঞ্জয়। কিন্তু ততক্ষণে তার কপালে বিন্দু বিন্দু রক্ত দেখা দিয়েছে। সবাই প্রায় পাঁজাকোলা করে আমায় তুলে নিয়ে গেলো মেকআপ রুমে। বার বার জিজ্ঞেস করতে লাগলো, "কি হয়েছে? কেন এভাবে হিংস্র হয়ে উঠলে হঠাৎ?”

আমি কি বলবো বুঝে পাচ্ছিলাম না। আমি নিজেও তো জানি না আমি কেন হঠাৎ আক্রমণ করে বসলাম সঞ্জয়ের উপর। ওর সাথে তো আমার খুব ভালো সম্পর্ক! বাইরে থেকে সঞ্জয়ের উত্তেজিত চিৎকার শুনতে পাচ্ছিলাম। মনে হয় ও প্রচণ্ড রেগে গেছে। চেঁচিয়ে সবার উপর চোটপাট করছে। করাটাই তো স্বাভাবিক। আমি যে আমি… আজ অবধি যে মশা মারার আগেও দুবার চিন্তা করি, সে কিনা মেরে ওকে রক্তাক্ত করে দিয়েছি! ভাবতে ভাবতে আমার নিজের মাথাই কেমন ভোঁ ভোঁ করতে লাগলো।

হঠাৎ ঘরে প্রবেশ করলো আমাদের পরিচালক সন্দীপদা। চোখের ইশারায় বাকিদের ঘর থেকে বেরিয়ে যেতে বলল। তারপর সবাই বেরিয়ে গেলে একটা সিগারেট জ্বালিয়ে অস্থিরভাবে ঘরে পায়চারি করতে করতে সে বলল–

“এটা তুমি কি করলে সুভাষ? এরকম ভাবে মারলে কেন ওকে? তোমায় কি স্তানিস্লাভস্কি তে পেয়েছে নাকি? চরিত্র করতে গিয়ে মেথডে ঢুকে গেছ?”

“সন্দীপ দা তা নয়… আসলে আমি ঠিক জানি না।”

"জানো না?" গর্জে উঠলো সন্দীপদা, “জানো না মানে? ইয়ার্কি মারছ নাকি? নেশা টেশা করছ?”

“না না! এ তুমি কি বলছ! আমি কোনওদিন ওসবের মধ্যে ছিলাম না!”

"তাহলে এসবের মানে কি? একটা শট দিতে গিয়ে তুমি মেরে সহঅভিনেতার মাথা ফাটিয়ে দিয়েছ! নেশা করো নি যখন তাহলে সজ্ঞানেই করেছ নিশ্চয়ই! দ্যাখো আমি জানি না সঞ্জয়ের সাথে তোমার কোনও শত্রুতা আছে কিনা—”

“না সন্দীপদা! সেরকম কোনো ব্যাপার নয়!”

"তাহলে ব্যাপারটা কি সুভাষ? সঞ্জয় যদি এখন থানায় যায়, তোমার নামে কেস করে তুমি জানো কি হবে? আরে শুধু তোমার ক্ষতি হবে না… সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে! এতোগুলো লোক বেকার হয়ে পরবে! চ্যানেল থেকে কি পরিমাণ চাপ আসবে ভাবতে পারছ এখন আমার ওপর? এইসব আমি সামাল দেবো কি করে?”

“সেটা তোমার একজন নিকৃষ্ট অপরাধীকে এখানে আসার সুযোগ দেওয়ার আগে ভাবা উচিৎ ছিল!” 

চমকে উঠলাম আমি! এ আমি কি বললাম? কেন বললাম? কথাটা অবশ্যই আমার মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু চিন্তা টা তো আমার নয়! সন্দীপদার দিকে সভয়ে তাকালাম আমি। ওর মুখেও বিস্ময়ের ছাপ। যে ব্যাপারটা ঘটছে সেটা যে স্বাভাবিক নয়… সেটা যে গোলমেলে ও বোধহয় তা বুঝতে পেরেছে। ধীরে ধীরে সন্দিগ্ধ চোখে তিনি আমার পাশে এসে বসল। তারপর আমার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল—

“সুভাষ, তুমি কি ঠিক আছো...?” 

“আমি… আমি ঠিক বুঝতে পারছি না সন্দীপদা…” আমার মাথা নিচু। 

“আমার মনে হয় তোমার একটু বিশ্রাম করা দরকার। তুমি বাড়ি চলে যাও আজ।”

আমি মাথা তুললাম। আমার চোখের দিকে তাকিয়ে খুব মৃদুভাবে যেন আঁতকে উঠতে দেখলাম সন্দীপদাকে। তারপর নিজেকে সামলে নিয়ে সে উঠে দাঁড়ালো। 

“তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। সঞ্জয়ের বেপারটা আমি দেখছি। কাল কথা হবে।” 

বলে সে বেরিয়ে গেলো ঘর থেকে। আমি আস্তে আস্তে মেকআপ রুমের দেওয়াল জোড়া বিশাল আয়নাটার দিকে তাকালাম। আয়নার উপর মেকআপের সুবিধার জন্য লাগানো বাল্বের আলোয় আমার মুখটা উদ্ভাসিত হয়ে আছে। মুখের মধ্যে অবশ্য একটা অস্বাভাবিকতা আছে— আমার চোখগুলো। সেগুলো টকটকে লাল হয়ে উঠেছে।

********


সন্ধ্যা নেমে গেছে। বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ। কিন্তু কোনও কাজে মন বসছে না। মাথার ভিতর কতগুলি চিন্তা যেন কিলবিল করছে। হচ্ছেটা কি আমার সাথে? আমার কথা বার্তা, আচার ব্যবহার হঠাৎ হঠাৎ এমন অসংলগ্ন হয়ে যাচ্ছে কেন? সঞ্জয়কে অমনভাবে মারতে গেলাম কেন? ওর ওপর বিনা কারণে এমন রাগই বা হোল কেন? সন্দীপদাকেও অদ্ভুতভাবে কথা বলে চমকে দেওয়াটা কি ঠিক হোল? না অবশ্যই ঠিক হোল না। কিন্তু তার জন্য কি আদৌ আমি দায়ী? কথাগুলো তো আমার মাথাতেও আসে নি। তাহলে কেমন ভাবে মুখ দিয়ে বেরিয়ে পড়লো? কোনও কথা কি মাথায় না এসে সোজা মুখে চলে আসতে পারে? তা তো অসম্ভব! কারুর না কারুর মাথায় তো আসতেই হবে। কিন্তু যদি আমার মাথায় না এসে থাকে, তবে কার মাথায় এলো? সঞ্জয়ের প্রতি রাগটাও কি তাহলে তার মাথাতেই এসেছিল? যে আমাকে চালিত করলো ওকে আক্রমণ করতে? কিন্তু সেটা কে? আমার মধ্যে কি কোনও দ্বিতীয় সত্তার অস্তিত্ব মাথা চারা দিয়ে উঠেছে?

কি যাতা ভাবছি! মাথাটা কি সত্যিই বিগড়ে গেলো নাকি? এরকম করলে চলবে না। কালই গিয়ে ক্ষমা চাইতে হবে সঞ্জয়ের কাছে… সন্দীপদার কাছে। সঞ্জয় যদি পুলিশে নালিশ করে তাহলে আমার ক্যারিয়ার শেষ! ও করেনি তো এখনও? নিশ্চয়ই করবে না। সন্দীপদা তো আশ্বাস দিল ওর দিকটা সামলে নেবে! ওর কাছেও গিয়ে ক্ষমা চাইতে হবে। যেই অদ্ভুত ব্যবহার করেছি...ও যদি ভেবে বসে যে আমি পাগল হয়ে গেছি তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবরটা পৌঁছে যাবে। তাহলেও আমি বাদ পরবো কাজটা থেকে… পুরো সিরিয়াল পাড়ায় খবর রটে যাবে যে সুভাষ মহাপাত্র পাগল হয়ে গেছে। তখন আর কে কাজে নেবে আমায়? আমার এই বিলাসবহুল জীবনযাত্রার কি হবে? এসব তো আমি আর ছাড়তে পারবো না! আবার তো ওই তেলচিটে গন্ধযুক্ত মেসবাড়ির ঘরে ফেরত যেতে পারবো না। বহরমপুরেও ফিরে যেতে পারবো না। কি মুখ দেখাবো বাড়িতে? পাড়ার লোকজন কে? 

হাতের গ্লাসে একটা চুমুক দিলাম। মাথাটা যেন একটু ঝিমঝিম করে উঠলো। কিসের জন্য এত ভাবছি আমি? এই ফ্ল্যাট… আর একটা গাড়ির জন্য? কি এমন হয়ে যাবে এগুলো জীবন থেকে চলে গেলে? আমি কি মরে যাবো নাকি? মরে তো আর যাবো না। বেঁচে যতক্ষণ আছি, কিছু না কিছু করেই নেবো। যারা বেঁচে থাকতে পারে না, তাদের কাছে তো সেটুকু সুযোগও থাকে না। কত লোক রোজ মারা যাচ্ছে… কত মহিলা… বাচ্চা মেয়ে… তাদের বাঁচানোর জন্য কি করতে পারছি আমি? যদি মানুষ হয়ে আর একটা মানুষকে বাঁচাতেই না পারি তাহলে এই জীবন রেখে কি—

ক্রিং ক্রিং ক্রিং!

আমার চিন্তার ট্রেনের চেনটায় টান পড়লো কলিং বেলের শব্দে। কোনও রকমে সোফা থেকে উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গীতা আমায় দেখে প্রথমে একটু অবাক হয়ে তাকিয়ে রইলো কয়েক পলক—তারপর ওর মুখে একটা হাসি দেখা দিল।

"নট ব্যাড! হ্যান্ডসাম লাগছে কিন্তু! নতুন রোলের প্রিপারেশনের জন্য?”

"কিসের কথা বলছ?” আমি জিজ্ঞেস করলাম।

"আরে তোমার এই ড্রেসটা!” 

হঠাৎ লক্ষ্য করলাম আমি সেই শুটিং এর পুলিশের উর্দিটাই এখনও পড়ে আছি! সেকি! বাড়ি এসেছি প্রায় চার ঘণ্টা আগে, এখনও জামা বদলাই নি? আর… কস্টিউমটা পরেই বা এলাম কেন বাড়ি? ওটা তো সেটে খুলে রেখে আসার কথা! কিছুতেই মনে পড়লো না কেন খুলতে ভুলে গেছি।  আমাকে দাঁড়িয়ে ভাবতে দেখে আমাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়লো সঙ্গীতা। 

"কিসের একটা গন্ধ পাচ্ছি বলো তো?”

"কিসের?” আমি জিজ্ঞেস করলাম।

সঙ্গীতার চোখ গিয়ে পড়লো সোফার সামনের কাঁচের টেবিলটার উপর। সেখানে রাখা একটি কাঁচের গ্লাসের পাশে বরফ, সোডা ও একটি হুইস্কির বোতল। 

"সুভাষ!” আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল সঙ্গীতা, “তুমি মোদ খাচ্ছ?”

"মদ!” 

চমকে উঠলাম আমি। আমি আর মদ? এই তিরিশ বছরের জীবনে কোনও দিন মদ ছুঁয়েও দেখি নি। এমনকি বন্ধুদের শত জোরজার স্বত্বেও চিরকাল প্রত্যাখ্যান করে এসেছি এই অভ্যেসকে। সেই আমি মদ খাবো কেন? কিন্তু কি আশ্চর্য! টেবিলের উপর তো সত্যিই মদের বোতল আর গ্লাস রাখা… যেই গ্লাস একটু আগে আমার হাতে ছিল! কখন খেটে শুরু করলাম এই মদ? কিনলামই বা কখন? আসার পথে? কিছু মনে পড়ছে না কেন?

“ইজ সামথিং রং?” জিজ্ঞেস করলো সঙ্গীতা।

"আ-আমি ঠিক বুঝতে পারছি না… আমি তো… দাঁড়াও আমি এগুলো ফেলে দিয়ে আসছি” বললাম আমি।

“না না। আমি সেটা বলতে চাইনি। তুমি খেতেই পারো। কিন্তু… ব্যাপারটা অদ্ভুত… কারণ তুমি তো কোনও দিন না!”

"হ্যাঁ! আমি খাইনি! মানে… আমি জানি না আমি খেয়েছি কিনা…”

"কি বলছ? তুমি ঠিক আছো?”

"আ–আমি বুঝতে পারছি না… আমার কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে… আ-আমি একটু চোখে মুখে জল দিয়ে আসছি!”

সঙ্গীতা কিছু বলার আগেই আমি ছুটে গেলাম বাথরুমে। কি হচ্ছে আমার সাথে…? আমি সব ভুলে যাচ্ছি কেন? আমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকছে না কেন একদম? চোখে মুখে জল দিতে গিয়ে আয়নার দিকে চোখটা পড়লো। আর তখনই আমার সারা শরীর যেন অবশ হয়ে গেলো। একটা ঠাণ্ডা স্রোত সাপের মত কিলবিল করতে করতে যেন শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছিল! আয়নায় যেই প্রতিবিম্বটা ফুটে উঠেছে—সেটা আমার নয়! আমার থেকে অন্তত বছর দশেক বেশি বয়সের কোনও এক পুরুষের। তার চোখে তীব্র জিঘাংসা, যেন সব কিছু পুড়িয়ে ছারখার করে দেবে। তার দৃষ্টি আমার দিকে নিক্ষিপ্ত। তবে তার আর আমার মধ্যে একটাই মিল… তার পরনেও আমার মতোই খাকি পুলিশি উর্দি! 

আমি চিৎকার করে ছুটে বেরিয়ে এলাম বাথরুম থেকে।

"কি হোল?” ভয়ার্ত কণ্ঠে ছুটে এসে জিজ্ঞেস করলো সঙ্গীতা।

"আমি… আমি…” ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল, কথা বের হতে চাইছিল… কিন্তু পারছিল না, “আমি হেরে গেছি!”

হ্যাঁ? এ কি বলছি আমি? এটা তো আমার মনের ভাব নয়! এটা তো আমি মোটেই বলতে চাইনি!

“কি বলছ কি? কিসে হেরে গেছ?" সঙ্গীতা আমাকে ধরে বলল, “সুভাষ, কি হয়েছে বল তো তোমার?”

“আমি হেরে গেছি এই সমাজকে রক্ষা করার দায়িত্বে! আমি শপথ নিয়েছিলাম… যখন এই উর্দি গায়ে চাপিয়েছিলাম… যে এই সমাজের বুক থেকে নরকের কীটগুলোকে নির্মূল করবোই! কিন্তু আমি পারলাম না… আমি নিজের পরিবারকেই তো বাঁচাতে পারলাম না! সমাজকে আর কিভাবে বাঁচাব? আমার এই জীবন মূল্যহীন… আমার এই জীবন রাখার আর কোনও দরকার নেই।”

সঙ্গীতার চোখে মুখে ভয়ের ছাপ। ও কি বলবে বুঝতে পারছে না।

“সুভাষ… এটা যদি কোনও প্র্যাঙ্ক হয়, তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। অনেক হয়েছে থামাও এসব!”

কিন্তু কে থামাবে? কে শুনছে… কে কথা বলছে? কটা অস্তিত্ব তখন অবস্থান করছে আমার ভেতর তা তো আর সঙ্গীতার পক্ষে জানা সম্ভব না। যেই সুভাষের সাথে সে কথা বলছে তার সত্ত্বা তো তখন এই দেহের মধ্যে বন্দি… অপারগ! আবার কথা বেরিয়ে এলো আমার মুখ দিয়ে… এবার সাথে অস্ফুট কান্নার আওয়াজ—

“আমায় ক্ষমা করে দিও। আমায় ক্ষমা করে দিও মা… আমি বাবা হয়ে তোমায় বাঁচাতে পারলাম না…”

"সুভাষ এনাফ ইস এনাফ! নাও শাট আপ!” চিৎকার করে উঠলো সঙ্গীতা।

হঠাৎ আমার চোখ চলে গেলো আমার ফ্ল্যাটের ব্যালকনির দিকে। আমার ফ্ল্যাটটা দশ তলায়। ব্যালকনি তে গ্রিল নেই। স্লাইডিং দরজা সরিয়ে বাইরে গেলে শুধু একটা রেইলিং… একজন মানুষের কোমরের থেকে সামান্য উঁচু। 

“আমায় ক্ষমা করে দিও।” আমার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো এই কথা, তারপর আমি যন্ত্রচালিতের মতো এগোতে লাগলাম ব্যালকনির দিকে। আমার মধ্যে যেন একটা রোখ চেপে বসেছে তখন। ওই ব্যালকনি থেকে লাফ দিয়ে হারিয়ে যেতেই হবে মহাশূন্যে, নাহলে আমার মনের সকল সুখ, শান্তি নিঃশেষ হয়ে যাবে! আমি উদ্ভ্রান্তের মতো এগিয়ে যেতে লাগলাম রেইলিং-এর দিকে আর ঠিক তখনই—হ্যাঁ… বোধহয় তখনই আমি জ্ঞান হারালাম।

জ্ঞান যখন ফিরল তখন রাত। আমি শুয়ে আছি খাটে। আমার পাশে বসে সঙ্গীতা কাঁদছে। আর এক পাশে দেখলাম ডাঃ বিশ্বাস—আমার ফ্যামিলি ফিজিশিয়ান বসে। প্রথমে একটু হকচকিয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কি হচ্ছে। উঠে বসার চেষ্টা করতেই ডাঃ বিশ্বাস বাঁধা দিলেন। 

“নাহ। এখন শুয়েই থাকো। তোমার বিশ্রাম প্রয়োজন।”

“আমার… ঠিক মনে পড়ছে না… আপনি কখন এলেন?”

"মনে পড়ার কথা নয়। আমি যখন এসেছি তুমি তখন বেহুঁশ।”

"বেহুঁশ? কিভাবে?”

“ওভারড্রিঙ্কিং আই গেস। সঙ্গীতা আমায় বলল তোমার মদ্যপানের অভ্যেস নেই। সেই অবস্থায় গোটা একটা বোতল নিঃশেষ করলে যা হয়। প্রেশারটা স্পাইক করেছিল একটু। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। আর কিছু ওষুধ দিয়েছি। ওটা চলবে কদিন এখন। আর আই সাজেস্ট কালকের দিনটাও সম্পূর্ণ রেস্ট নাও, কেমন?”

সঙ্গীতা ডাঃ বিশ্বাসকে যখন দরজা অবধি ছাড়তে গেলো, তখন খেয়াল করলাম আমার পরনে স্যান্ডো গেঞ্জি আর ট্র্যাক প্যান্ট। 

*******

রাতে পরে সঙ্গীতার থেকে জানতে পেরেছিলাম আমার জ্ঞান হারানোর আসল কারণ। আমি যখন উন্মত্তের মতো ব্যালকনির দিকে ছুটেছিলাম, সঙ্গীতা বিপদ বুঝতে পেরে আমার জামা ধরে পিছন থেকে আমায় সজোরে টেনে ধরে। সেই টানেই নাকি জামাটা ছিঁড়ে যায় আর মাটিতে পরেই আমি অজ্ঞান হয়ে যাই। তখন ও ডাঃ বিশ্বাসকে চটজলদি ডেকে পাঠায়। উনি এসে আমায় ওই অবস্থায় দরদর করে ঘামতে দেখে রক্তচাপ কমানোর ইঞ্জেকশন দেন। তারপর তিনি সঙ্গীতাকে বলেন আমায় চেঞ্জ করিয়ে কিছু ঢিলেঢালা কাপড় পরিয়ে দিতে। তারপর গোটা রাতটা নির্বিঘ্নেই কেটেছিল। 

পরদিন সকালে সঙ্গীতার বারণ অমান্য করেই শুটিং-এর জন্য বেরিয়ে পড়লাম। কতগুলো প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর একমাত্র সেখানে গেলেই পাওয়া সম্ভব ছিল। মেকআপ রুমে পৌঁছেই সেঁজুতিকে ডেকে পাঠালাম। কিছুক্ষণ পর একটু ভয়ে ভয়ে ও যখন এসে পৌঁছল, ওকে বসতে বলে ওর হাতে ছিঁড়ে যাওয়া পুলিশের উর্দিটা তুলে দিলাম। 

“আশা করি কোন অসুবিধা হবে না এটা নষ্ট হয়ে যাওয়ায়?” জিজ্ঞেস করলাম আমি।

“ওঃ… ইয়ে… না দাদা, আ-আমি ম্যানেজ করে নেবো।” বলল বটে সেঁজুতি, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল না যে বেপারটা এতোটা সহজ হবে তার কাছে।

"কিভাবে?”

"মানে?”

“কোথা থেকে ম্যানেজ করবি? এটা যেখান থেকে এনেছিলি, সেখানে কি আরও এরকম উর্দি থাকবে?”

“বলতে পারছি না ঠিক… আমায় গিয়ে একবার দেখতে হবে।” একটু কিন্তু কিন্তু করে বলল সেঁজুতি।

"কোথা থেকে এনেছিলি?”

সেঁজুতি চুপ করে রইলো। তার মুখে ভয় আর অপরাধবোধের একটি মিশ্রিত ভাব ফুটে উঠলো। আমি আস্তে করে তার দিকে ঝুঁকে প্রায় ফিসফিস করে বললাম—

“তুই যদি সত্যিটা আমায় বলে দিস এখন, কথা দিচ্ছি তোর চাকরিটা থাকবে। কিন্তু এখনও যদি মিথ্যে বলিস, তাহলে কিন্তু…”

কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর কাঁদো কাঁদো গলায় সে বলল—

“আমার কোনও উপায় ছিল না দাদা। চাকরিটা আমার এখন খুব দরকার। না হলে সংসারটা টানা মুশকিল হবে।  আর কাল শেষ মুহূর্তে আর কোথাও ওই কস্টিউম পাচ্ছিলাম না। তাই বাধ্য হয়ে… মেডিকাল কলেজের কাছে এক ফুটপাতের দোকান থেকে তুলেছিলাম এটা।”

“কোন দোকান?” জিজ্ঞেস করলাম আমি।

"মড়ার জামার দোকান। মৃতদেহ পোস্টমরটেম করার সময় যেই জামাগুলো খুলে নেওয়া হয়, সেগুলো এখানে কম দামে বিক্রি হয়। শুনেছিলাম কাছেরই এক থানার ওসি নাকি আত্মহত্যা করেছে এই দু দিন আগে… মারা যাওয়ার সময় বোধহয় উর্দিটা পরেই ছিলেন, তাই শেষ পর্যন্ত ওই দোকানেই ওটা এসে পৌঁছয়।”

সেঁজুতি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি মোবাইল খুলে ইন্টারনেটের নিউজ পোর্টালগুলোতে গত কয়েকদিনে শহরে আত্মহত্যা সঙ্ক্রান্ত যেই খবরগুলো বেরিয়েছে সেগুলো ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম। একটা বিশেষ খবরে এসে আমার চোখ আটকে গেলো। উত্তর কলকাতার এক বহুতলের বারান্দা থেকে এক বছর চল্লিশের পুরুষ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিন দিন আগে। ঘটনাচক্রে তিনি মেডিকেল কলেজ সংলগ্ন এলাকারই থানার ওসি ছিলেন। আশঙ্কা করা হচ্ছে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কয়েক মাস ধরে। বিশেষ করে তার এগারো বছর বয়সী কন্যার অপহরণ হয়ে খুন হওয়ার ঘটনার পর থেকে।





No comments:

Post a Comment