![]() |
| ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
স্মৃতির জলছবি
সাহানা
ভূতের গল্প শুনতে কে না ভালোবাসে? বলুন? ছোটবেলায় ভাই বোন মিলে একটি প্রিয় কাজ করতাম... গরমের ছুটি বা পুজোর ছুটি যেটাই হোক না কেন, একসঙ্গে বসে গল্প শোনা চাই-ই-চাই। হোমটাস্ক মানে তো কিছুটা হাতের লেখা আর অঙ্ক। সে সব কাজে বেশি সময় নষ্ট করা হত না।
গল্প শোনার সময় বেশির ভাগ ক্ষেত্রেই ফরমাশ ছিল ভূতের গল্পের। অদ্ভুতুড়ে ভূত, কিম্ভূত, ব্রহ্মদৈত্য বা শাঁকচুন্নি, জাঁদরেল মামদো যেটা ই হোক্ না কেন, মোট কথা ভৌতিক কাহিনী না হলে একদম চলবে না।
গল্প শোনাবার জন্য রেডি ছিলেন অনেকেই। বড় ভাই (দাদু) ছোট দাদু (দাদামণি), বড় মামা এবং কখনও কখনও ছোটমামাও। অর্থাত্ যখন যাকে আয়ত্ত্বে আনা যেত!
নানারকম ভূতের কাহিনী, কিছু মনগড়া, কিছু নামী লেখকের সংগ্রহ থেকে আবার কখনও বিদেশী বই এর অনুবাদ..সব কিছু শোনা হত অধীর আগ্রহে।
শুকতারা, আনন্দমেলা, কিশোর ভারতীর মত অসাধারণ পত্র পত্রিকার অভাব ছিল না, তবুও শুনতে হবে...
বড় ভাই গল্প বলতেন একদম ছবির মতো। স্থান কাল পাত্র সব বুঝতে পারা যেত, মনে হত এইমাত্র যেন ঘটল ঘটনাটা। বর্ণনার গুণে ছোট্ট গল্প হয়ে উঠত অসম্ভব সুন্দর। ঐতিহাসিক গল্পের পটভূমি এত সুন্দরভাবে বলতেন, স্থান কাল সমেত, গোটা ইতিহাস বই মুখস্থ করলেও সম্ভব হত না!
দিদার মুখে একটা গল্প শুনতাম..এক গৃহস্থের বউ বড় অগোছালো। তার ঘরের জঞ্জালে বাসা বাঁধে এক পেত্নী। বাইরে থাকে তার বোন, আর এক শাঁকচুন্নি। হঠাৎ একদিন দুই কর্তা গিন্নি কে হতবাক করে সেই পেত্নী স্বরূপ ধারণ করে এবং তার বোনের উদ্দেশ্যে বলে ওঠে...
কুঁনিকেঁ বঁলিসঁ বুঁনিরঁ ছেঁলেঁ হঁয়েছেঁ...
দুই ভূতের পাল্লায় পড়ে তাদের উপযুক্ত শিক্ষা হয়, ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত, নইলে অনর্থ ঘটবে....ইত্যাদি।
এইরকম আরও অনেক গল্প যেগুলির মধ্যে ভয় ছাড়াও শিক্ষামূলক বার্তা ছিল।
তবে গা ছমছমে ভূতের গল্প বলতেন বড় মামা। 'বিকেলে ভোরের ফুল' সিনেমার ভূতের অংশটি এমন মুদ্রা সহযোগে বর্ণনা করলেন, যে আমরা চেঁচিয়ে বাড়ি মাথায় করলাম।
ওরে বাবারে! মা রে!
বড় মামার মুখে মজার হাসি। নামকরা কলেজের অধ্যাপক তাঁর যাবতীয় গাম্ভীর্য ঝেড়ে ফেলে আমাদের সময় দিতেন।
তাঁর বলা 'খানসামা' নামক গল্পটি বেশ সাড়া ফেলেছিল। লেখালেখি করতেন নিজেও।
চার বন্ধু একটি পোড়ো বাড়িতে অদ্ভুত এক ঘাড় মটকানো ভূতের পাল্লায় পড়ে। বর্ণনা এবং শব্দসংযোজন... ভাবলে এখনও বিচিত্র অনুভূতি হয়!
ছোট মামা তো আরও একধাপ ওপরে। বাড়ি যখন লোডশেডিং এ ডুবে আছে, বাইরে একফালি চাঁদ আর নিচের তলার ঘন ঝুপসি নিম গাছ, হাওয়ায় নড়ছে..কালো কালো অদ্ভুতুড়ে ছায়া...এইসময় হঠাৎ শুরু হল বিদেশি ভূত। ড্রাকুলা থেকে শুরু করে চার বন্ধুর নিয়তির মুখোমুখি হওয়ার বিচিত্র কাহিনী। শুনে, কেউ নড়াচড়ার সাহস পেতাম না।
পুরনো দিন এবং বেশির ভাগ মানুষ আজ শুধু স্মৃতির পাতায়! সোনার রঙে মোড়া ছোটবেলা, একমুঠো মণি মুক্তো যেন! বড় উজ্জ্বল এবং অমলিন।

.png)
.png)
No comments:
Post a Comment