1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 10, 2026

মেয়েদের নাটক

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

মেয়েদের নাটক

(একাঙ্ক নাটক)

নারায়ণ দে


ভূমিকা

মেয়েদের কথা, মেয়েদের ব্যথা, তাদের কিছু না বলা কথা। অনেক কিছু বলার আছে, অনেক কিছু খুঁজে দেখার আছে। শুধু এখানে ওখানে ছুঁয়ে যাওয়ার কাজটুকু করা গেল।

নারায়ণ দে

চরিত্র

শিখা রায়------------------------------------------------------স্কুলের দিদিমণি

অনুরাধা---------------------------------------------------------------------ঐ

বীথি, রেবা, যুথী, মালা, পায়েল, রেশমিনা, ঋতু --------নবম শ্রেণির ছাত্রী

রেবেকা---------------------------------------------------------পায়েলের বান্ধবী

বেণুদি------------------------------------------------------------স্কুলের ঝাড়ুদার 


প্রথম দৃশ্য

[অবতারণা]


স্কুল প্রাঙ্গণ—টিফিন।

[নবম শ্রেণির কয়েকটি ছাত্রী বীথি, রেবা, যুথী, মালা, পায়েল, রেশমিনা ও ঋতু গল্প গুজবে মত্ত।]

বীথি॥ এই শোন, শোন না। এবার সরস্বতী পূজায় আমরা মেয়েরা একটা নাটক করবো। কী বলিস তোরা?

রেবা॥ হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক বলেছিস। দারুণ হবে।

যুথী॥ তবে স্যাররা কি রাজি হবেন ?

মালা॥ বাঃ রে, কেন হবেন না। আমরা সবাই মিলে স্যারকে গিয়ে বলব।

পায়েল॥ প্রতি বছর তো ছেলেদের নাটক হয়। এবার ছেলেদের পাশাপাশি মেয়েদের একটা নাটক না হওয়ার কী আছে।

রেবা॥ অভিনয় করার অতো মেয়ে পাবি কোথায় ?

বীথি॥ এত বড় ইস্কুল, মেয়ে পাওয়া যাবে না! বলিস কিরে।

রেবা॥ না মানে, রাতের বেলা হলে বাড়িতে মানা করবে।

মালা॥ দূর, এটা কোন কথা হল। দেখ, স্যার ম্যামরা থাকলে বাড়িতে কেউ মানা করবে না। 

যুথী॥ ওই দেখ শিখা ম্যাম। ম্যামকে বলবি নাটকের কথা ?

বীথি॥ আরে ম্যাম তো এই দিকেই আসছেন। বলবি তো সবাই ?

সকলে॥হ্যাঁ, হ্যাঁ। [শিখার প্রবেশ]

শিখা॥ এই মেয়েরা এত জটলা কিসের জন্য ?

বীথি॥ না, মানে, ম্যাম, একটা কথা বলার ছিল।

শিখা॥ কথা, কার সঙ্গে, আমার সঙ্গে ?

বীথি॥হ্যাঁ ম্যাম। কিরে, বল না তোরা ?

মালা॥ না, মানে-

শিখা॥ আরে এত আমতা আমতা করছিস কেন। ক্লাস নাইনে পড়িস, যথেষ্ঠ বড় হয়েছিস। আর তাছাড়া, স্যার ম্যামরা তো বাঘ ভাল্লুক না। বল কী বক্তব্য তোদের। এই বীথি, তুইই বল, শুনি।

বীথি॥ না, ম্যাম, বলছিলাম কি, এবার সরস্বতী পুজোয় ছেলদের একটা নাটক হবে ঠিক হয়েছে, তো ম্যাম, আমাদের ক্লাসের মেয়েরা বলছিল আমরাও যদি—

শিখা॥ আরে বাবা, তোরাও একটা নাটক করতে চাস তাই তো। ভালো তো করবি। মনোজবাবুকে বলে দেব। পুজোর মিটিং এ একথাটা বলতে কী হয়েছিল। ঠিক আছে, তবে গার্জেনদের অনুমতি লাগবে। অনুষ্ঠান তো রাত্রে। তাছাড়া, রিহার্সেল হলে ছুটির পর বাড়ি ফিরতে দেরি হতে পারে।

যুথী॥ ও সব ম্যানেজ করে নেব ম্যাম। কোন অসুবিধা হবে না।

মালা॥ ম্যাম, হেডস্যার কিন্তু রাজি হবেন না।

শিখা॥ ওটা আমি হেডস্যারের সঙ্গে কথা বলে ঠিক করে নেব। আর তা ছাড়া আমি তো তোদের সঙ্গে সব সময় আছি।

পায়েল॥ ম্যাম রিহার্সল কিন্তু আপনার কাছেই করবো। মনোজবাবুর কাছে ছেলেরা করছে করুক।

বীথি॥ হ্যাঁ,হ্যাঁ, ম্যাম। আপনিই আমাদের দেখিয়ে দেবেন।

যুথী॥ হ্যাঁ, ম্যাম, তাহলে তো খুব ভালো হয়।

মালা॥ হ্যাঁ, ম্যাম।

ঋতু॥ হ্যাঁ, ম্যাম।

শিখা॥ ঠিক আছে ঠিক আছে। হয়েছে। দেখি কী করা যায়। দেখ, কম করে জনা দশেক মেয়ে লাগবে।

বীথি॥ হয়ে যবে ম্যাম। ক্লাস টেনের কয়েক জন দিদিও বলছিল।

পায়েল॥ ম্যাম, আমরা কিন্তু রাজি। আপনি বললেই কাল থেকে আমরারিহার্সেলে নেমে পড়ব।

শিখা॥ আরে থাম থাম, এখনো অনেক সময় আছে। তাড়াহুড়ো করার দরকার কী। প্রথমে একটা নাটকের বই সিলেক্ট করতে হবে।

মালা॥ সীতার বনবাস। 

বীথি॥ দূর বোকা।

মালা॥ তুই খুব বুদ্ধিমতী।

বীথি॥ আরে, সীতার বনবাসে রাম, লক্ষ্মণ, হনুমান – এসব ছেলে নয়।

ঋতু॥ মেয়ের চেয়ে ছেলেই তো বেশি।

যুথী॥ ওরে বুদ্ধু, আমরাই তো ছেলে সাজবো।

রেবা॥ তোকে রাম লক্ষ্মণ সাজতে হবে না। হনুমান সাজলেই হবে।

যুথী॥ ম্যাম দেখুন, রেবা কেমন বলছে।

শিখা॥ আরে চুপ, চুপ। সীতার বনবাস করলে একজনকে হনুমান তো সাজতেই হবে।

রেবা॥ ঠিক তো, তোকেই ভালো মানাবে। কেবল একটা লেজ।

যুথী॥ অ্যাঁ, দেখুন ম্যাম। এই, ভালো হবে না বলেদিচ্ছি।

ঋতু, রেবা ও মালা॥ হিঃ হিঃ হিঃ।

শিখা॥ চুপ চুপ। এমন করলে তোরা নাটক করবি কি করে। নাটক তো আর সত্যিকারের নয়। অভিনয়। কেউ রাজার পার্ট করবে কেউ ভিক্ষারির। তাই বলে আর সত্যি সত্যি সে রাজা বা ভিক্ষারি হয়ে যাচ্ছে না। তাছাড়া শোন, আমি তোদর জন্য এমন বই সিলেকশন করবো যাতে কোনো ছেলের চরিত্র না থাকে। পিওর মেয়েদের নাটক। কেমন। আমার কাছে দু একটা বই আছে। দেখবো।

পায়েল॥ হ্যাঁ, হ্যাঁ ম্যাম। তাহলে খুবই ভালো হয় । মেয়েরা মেয়েদের চরিত্রেই অভিনয় করবে।

বীথি॥ হ্যাঁ, ম্যাম, খুব ভালো হবে।

শিখা॥ ঠিক আছে। আজ সেভেন্থ পিরিয়ডর পর তোরা যারা অভিনয় করবি আমার সঙ্গে স্টাফ রুমে দেখা করবি।

রেবা॥ ঠিক আছে ম্যাম। 

মালা॥ হ্যাঁ, ম্যাম।      [শিখার প্রস্থান]

বীথি॥ ইয়া হু। মারদিয়া কেল্লা ফতে।

যুথী॥ দরুন ব্যাপার হবে কিন্তু।

মালা॥ ছেলেদের মুখে ঝামা ঘষে দেব।

পায়েল॥ একদম। দেখ, সবাইকে কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে হবে।

ঋতু ও রেবা॥ রাজি রাজি।

বীথি॥ দাঁড়া, দাঁড়া। প্রিয় দর্শকবৃন্দ, বসে পড়, বসে পড় সব। সামনে যারা আছো বসে পড়। আমাদের নাটক এক্ষুনি শুরু হতে চলেছে। নবাসন উচ্চ বিদ্যালয়ের মেয়েদের অভিনিত নাটক—

রেবা॥ সীতার বনবাস।

বীথি॥ চুপ।

মালা॥ সীতার পাতাল প্রবেশ।

বীথি॥ একদম চুপ।

রেবা॥ না না। হনুমানের লঙ্কা দহন।

বীথি॥ এই চুপ দে না। না নাষ আজকের মেয়েদের নাটক---

[টিফিন ওভারের ঘণ্টা পড়ে গেল। হই হই করে সকলে নিজের নিজের ক্লাসের দিকে চলে গেল।]

পর্দা নামে


দ্বিতীয় দৃশ্য

[ধর্মীয় ভাবাবেগ]


রিহার্সল কক্ষ

মালা॥ [সুর করে পড়তে থাকে] যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে।

অভাব ঘুঁচিয়া যায় লক্ষ্মীদেবীর বরে॥

লক্ষ্মীর পাঁচালীর কথা হল সমাপন।

ভক্তি করি বর মাগো যার যাহা মন॥

সিঁথিতে সিঁদুর দাও সব এয়ো মিলে।

উলুধ্বনি কর সবে অতি কৌতুহলে॥

      দুই হাত জোড় করি ভক্তি যুক্ত মনে।

   নমস্কার করহ সবে দেবীর চরণে॥

শিখা॥ উঁহু, হচ্ছে না। হচ্ছে না। এই ভাবে পাঠ করলে লক্ষ্মী বরং রাগ করবেন। লোকে পাঠ শুনে ভক্তিতে গদ গদ হয়ে যাবে। না না, একদন হচ্ছে না। এই তুই আয় তো দেখি একবার।

রেবা॥ কে, ম্যাম, আমি।

শিখা॥ না না, ওই যে।

রেবা॥ কে, রেশমিনা।

শিখা॥ হ্যাঁ, ওকেই বলছি। এইদিকে আয়। এখানে।

মালা॥ ও তো নাটকে নেই ম্যাম।

শিখা॥ তাতে কি। ভালো করলে ওকে নেব। ক্লাসে ওর আবৃত্তি শুনেছি। ভালোই করে। ও পারবে। দেখি, আয় এদিকে।

রেশমিনা॥ ম্যাম, আমি!

শিখা॥ হ্যাঁ তুই। কই দেখি, পাঁচালীর এই জায়গাটা পড়তো। [রেশমিনা ইতস্তত করতে লাগল] কী হল, পড়। 

রেশমিনা॥                                         লক্ষ্মীব্রত যে রমণী  করে এক মনে

দেবীর কৃপায় তার পূর্ণ ধনেজনে॥

    অপুত্রর পুত্র হয় নির্ধনের ধন

              ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন॥

        এই ব্রত দেখি যে বা করে উপহাস  

            লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ॥

শিখা॥ বাঃ বাঃ, সুন্দর। পারবি, পারবি, তুই পারবি। সতী সাবিত্রীর ভূমিকায় তোকেই সিলেক্ট করছি। ফাইনাল।

রেশমিনা॥ কিন্তু, ম্যাম, বাড়িতে জানানো হয় নি তো। বাড়িতে না জানালে—

শিখা॥  ওতে আর কি আছে। বাড়িতে বলবি। কি ? বাবাকে আমার সঙ্গে ফোনে কথা বলতে বলবি। আমি সব বুঝিয়ে বলে দেব। ঠিক আছে?

মালা॥ ম্যাম, ও ভালো নাচও করে।

শিখা॥ তাই নাকি? বাঃ বেশ তো। তুই কি নাচ শিখিস? 

রেশমিনা॥ না, ম্যাম শিখি না।

মালা॥ ম্যাম,ও নাচ শেখেনি। নিজে নিজেই গান শুনে শুনে নাচ তুলে।

শিখা॥ ঠিক আছে, এবার পরের ফাংশনে নাচে তোর নাম দিয়ে দেব।

মালা॥ ম্যাম, ওর বাবা নাচ পছন্দ করে না। বলে, ওদের নাকি নাচ গান শেখা মানা।

শিখা॥ চোপ, কে বলেছে তোকে? ঠিক আছে, তোর বাবাকে অবশ্যই ফোন করতে বলিস। কী ?

রেশমিনা॥ ঠিক আছে ম্যাম।

শিখা॥ আচ্ছা, লক্ষ্মী কোথায়। কাকে লক্ষ্মীর পার্ট দিয়েছিলাম। পায়েল। পায়েল কোথায়।

পায়েল॥ ইয়েস ম্যাম। ম্যাম, বলছিলাম কি—

শিখা॥ কোন কথা নয়। আগে একদফা রিহার্সল শুরু হোক, কোথায় কার কি অসঙ্গতি হচ্ছে দেখি, তারপর ভাবা যাবে। নে, শুরু কর। স্ক্রিপটা কোথায়, এইতো। [চোখ বুলিয়ে দেখে] হ্যাঁ, পাঁচালী পাঠের শেষে বুড়ির ছদ্মবেশে মা লক্ষ্মীর প্রবেশ। এখানে বুড়িরূপী মা লক্ষ্মী অন্য একজন দরকার। কাকে নেব, কাকে নেব – হ্যাঁ, তুই, রেবা।

পায়েল॥ ম্যাম, বলছিলাম কি, অভিনয়ের ড্রেস কি নিজের নিজের আনতে হবে? 

শিখা॥ হ্যাঁ, নিজেরাই নিয়ে আসবি।

পায়েল॥ কিন্তু ম্যাম, লক্ষ্মীর উপযুক্ত শাড়ি আমাদের বাড়িতে নেই।

মালা॥ ম্যাম, আমার মায়ের অনেক ভালো ভালো শাড়ি আছে। বেনারসী, বালুচরী, কাঞ্জিভরম--। মা বলেছে, আমি লক্ষ্মীর পার্ট করলে আমাকে একটা ভালো শাড়ি পরিয়ে দেবে।

শিখা॥ পায়েলের শাড়ির ব্যবস্থা আমিই করে দেব। ওই লক্ষ্মীর পার্ট করবে। এই মেয়েরা, তোদের একটা কথা বলি মন দিয়ে শোন। এই যে মেয়েদের নাটকটা করছি, এতে যে চরিত্র গুলো আছে—তাতে কেউ রাজরাণী, কেউ সামান্য গৃহবধূ, কেউ গরিব থুত্থুরে বুড়ি, কেউ দাসি চাকরানী, কেউ মা লক্ষ্মীরমতো দেবী। তোরা যারা চরিত্র গুলো ফুটিয়ে তুলবি, তারা কেউ সচ্ছল পরিবার থেকে এসেছিস, কেউ বা আর্থিক দিক দিয়ে দূ্র্বল পরিবার থেকে এসেছিস। তোদের সামাজিক আর্থিক অবস্থা দেখে চরিত্র গুলো দেওয়া হয়নি। যে যা চরিত্র পেয়েছিস, তাই মন দিয়ে কর। নিজের বর্তমান অবস্থা ভুলে গিয়ে নাটকের চরিত্র গুলো বাস্তব করে ফুটিয়ে তুলতে হবে। অভিনয় শুধুমাত্র বিনোদন নয়, এটা একটা শিক্ষাও বটে। ধনী হয়েও একজন গরিবের অভাবটাকে অনুভব করার শিক্ষা, একজন হৃদয়বান ব্যক্তির হৃদয়ের স্পর্শ পাওয়া, নিজের ক্ষমাহীনতার, সংকীর্ণতার সন্ধান পাওয়া। যে কাজের মেয়েটি বাড়িতে কাজ করে যায়, তার কথা আমরাকি ভেবেছি কখনো? কিন্তু ওই কাজের মেয়েটির অভিনয় করতে হলে তার অবস্থার কথা তোমাকে ভাবতেই হবে, নয়তো চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবি না।                         

আচ্ছা ঠিক আছে, তোদের যাকে যা চরিত্র দিয়েছি পুরো স্ক্রিপটা পড়ে চরিত্র গুলো ভালোকরে বোঝার চেষ্টা কর। কেমন? আর নিজের নিজের পার্টটা তুলে নিবি। কাল থেকে ফুল ফেজে রিহার্সল হবে। আজ আর হবে না। তোরা ধীরে ধীরে বাড়ি চলে যা। [ মেয়েদের প্রস্থান, অনুরাধার প্রবেশ]

অনু॥ শিখাদি, রিহার্সল হয়ে গেল? খুব তাড়াতাড়ি যে। ভাবলাম দেখি কে কেমন করছে।

শিখা॥ রিহার্সল তেমন শুরুই করিনি। প্রাথমিক ভাবে চরিত্র গুলো সিলেক্ট করেছি মাত্র। দেখি কে কেমন করে। প্রয়োজনে দু-একটা বদলাতে হবে।

অনু॥ আমার মতে পুরো বইটাই বদলে ফেলুন। লক্ষ্মীর অভিশাপ একটা ধর্মীয় ভাবাবেগর বই।

শিখা॥ ভুল করছ অনু। তোমরা শুধু বাইরের দিকটা দেখেই বিচার করতে শিখেছ, ভেতরটা দেখলেই না।

লক্ষ্মী, মানে যাকিছু ভালো, যাকিছু শুভ। আর অভিশাপ হল অভাব। শুভের অভাবে অশুভ অর্থাৎ অলক্ষ্মী আমাদের সমাজের কতটা ক্ষতি করতে পারে তাই নাটকে আছে। তোমার হয়তো লক্ষ্মী নামটাতে  আপত্তি, কিন্তু লক্ষ্মীভাণ্ডারে আপত্তি নেই।

অনু॥ [হেসে]আপনি ঠিকই বলেছেন। আসলে অধিকাংশ ক্ষেত্রে বাইরের দিকটা দেখেই আমরা মন্তব্য করে ফেলি। তবে শুনলাম রেশমিনাকে দিয়ে আপনি পাঁচালী পড়িয়েছেন ?  বিপদ ডেকে আনলেন বলে। একে মুসলিম মেয়ে, তাকে আবার শাঁখা-সিঁদুর পরিয়ে লক্ষ্মীর পাঁচালী পড়াবেন। রায়ট হয়ে যাবে না ? ধর্মের ব্যাপারে মুসলিম মেয়েরা খুব সচেতন।

শিখা॥ শোনো, ওদের কোন আচরণই নিজস্ব নয়। এগুলো তাদের ধর্মীয় অন্ধ সংস্কার। আমাদেরও আছে। আসলে যেকোন ধর্মের ক্ষেত্রেই সংস্কার গুলোর ধারক ও বাহক মেয়েরাই। অনন্তকাল ধরে এগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি। দেখনা, হিন্দুদের কতরকমের ব্রত,উপোস, একাদশী-পূর্ণিমা পালন। বিয়েবাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন থেকে উপনয়ন—আরও কত কী যে রয়েছে – সব কটাতেই রীতি-নীতি, আচার-বিচার, নিয়ম-কানুন-- মেয়েদের চেয়ে আর কেউ বেশি জানে না। এতে আমাদের সমাজ যো কতটা এগোচ্ছে তা বলতে পারবো না।

অনু॥ ভণ্ডামী, সব ভণ্ডামী। এইগুলো করে মেয়েরা নিজেদেরকে ক্রমশঃ সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করে রাখছে। এর থেকে বেরুতে গেলে মেয়েদের আগে ভুল সংস্কার থেকে মুক্ত হতে হবে। আর এর জন্য দরকার শিক্ষা। মেয়েরা যত শিক্ষিত হবে সমাজ ততই ধর্মীয় অন্ধ সংস্কার থেকে বেরিয়ে আসতে পারবে।

শিখা॥ একদম ঠিক কথা অনু। আর শিক্ষাঙ্গনে মেয়েদের ধর্মীয় সংস্কার মুক্ত হওয়া একান্তই দরকার, না হলে নিজেদের চারপাশের শত শত কু-সংস্কারের বেড়াজাল  ছিঁড়ে মুক্তমনা আধুনিক নারী হয়ে উঠবে কী করে। যে সমাজে, যে দেশে, নারীরা জেগে উঠেছে, সেই সমাজ সেই দেশ ততটাই উন্নত হয়ে উঠেছে। 

আর না, চল, ওই দেখ দারোয়ান বিভুদা গেট বন্ধ করার জন্য দাঁড়িয়ে আছে।

অনু॥ ওঃ হোঃ, চল চল, অনেক সময় গেল। কাল তোমাদের ফুল রিহার্সল দেখবো কিন্তু।

শিখা॥ আচ্ছা।                             [দু’জনের প্রস্থান]

পর্দা নেমে আসে।



তৃতীয় দৃশ্য 

[বাল্য বিবাহ]


রিহার্সল কক্ষ


পায়েল॥                                                               [গান]

“আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস

গেলে করব নিবেদন—

আমার ব্যথার পূজা হয় নি সমাপন॥“  

[বীথির প্রবেশ]

বীথি॥ কি রে গান গাইছিস বড়। আমাদের নাটকে এই গানটা আছে না কি রে?

পায়েল॥ হ্যাঁ, আছেতো। ম্যাম বলেছেন আমাকেই গাইতে হবে। কিন্তু সুরটা আমার ভালো আসছে না। 

বীথি॥ সুলতা তো গান শেখে। তাকে দিয়েই গানটা গাওয়ালে হয়।

পায়েল॥ সুলতার গান ম্যামের পছন্দ নয়।

বীথি॥ কেন ?  সুলতার বাবা কত টাকা দিয়ে গানের মাস্টার রেখেছে জানিস ?

পায়েল॥ দেখ, পয়সা দিয়ে সব কিছু হয় না। শুভ্রাদি তো অনেক বড়লোকের মেয়ে। মাসে হাজার টাকা দিয়ে অঙ্কে টিউশনি নিয়েছিল, তারপরে অঙ্কেই ফেল করে। কেন ? নিজের ভেতরে কিছু থাকতে হবে বুঝলি ?

বীথি॥ তা ঠিক। জানিস, মুক্তাদি খুব ভালোগান গায়।

পায়েল॥  মুক্তাদি!

বীথি॥ মুক্তাদি হল আমাদের গ্রামের উত্তমদার বউ। মুক্তা বউদি। আমাদের থেকে বছর পাঁচেক বড়। আমি মুক্তাদি বলেই ডাকি।

পায়েল॥ কত বছর আগে বিয়ে হয়েছে ?

বীথি॥ তা বছর তিনেক হবে।

পায়েল॥ বলিস কিরে। বছর তিনেক! তার মানে, মুক্তাদির যখন বিয়ে হয় তখন তার বয়স প্রায় ষোল সতের বছর। তাইতো ?

বীথি॥ হ্যাঁ।

পায়েল॥ তার মানে, বাল্যবিবাহ! কম বয়সে বিয়ে!

বীথি॥ হ্যাঁ তাইতো। বিয়েটা একপ্রকার গোপনেই হয়েছে। ছেলের বাড়ি মেয়ের বাড়ি দু-পক্ষের মতেই হয়েছে। গরিব বাড়ির মেয়ে। ছেলে রাজস্থানের কোন এক সোনার দোকানে কাজ করে। ভালো মাইনে।

পায়েল॥ ধন্নি ছেলে বাবা তোদের উত্তমদা। জেনে বুঝে এক নাবালিকাকে বিয়ে!

বীথি॥ এমন কী নাবালিকা মুক্তাদি। 

পায়েল॥ আরে বোকা, আঠারো বছর না হলে বিয়ে আইনত অপরাধ। 

বীথি॥ আর আইন। কত কত বিয়ে হচ্ছে। আগে তো আরও কম বয়সে বিয়ে হত। 

পায়েল॥ তার ফলও আমাদের ভুগতে হয়েছে। কত মেয়ে অপুষ্ট সন্তানের জন্ম দিয়েছে। কত মেয়ে জন্ম দিতে গিয়ে মারা গেছে।আইন তো আর এমনি এমনি হয়নি। সমাজে শুভবুদ্ধিসম্পন্ন কিছু মানুষ আছেন বলেই সমাজটা এখনো টিঁকে আছে।

বীথি॥ বাঃ, তুই এত সব জানলি কেমন করে।

পায়েল॥ সে কী, আমাদের স্কুলেই তো একটা সেমিনার হয়েছিল বাল্যবিবাহ নিয়ে। জানিস না। থানারপুলিশ প্রশাসন অর্গানাইজ করেছিল। তুই নিশ্চয় সে দিন স্কুলে আসিসনি। তাছাড়া, আমার মা একজন স্বাস্থ্যকর্মী,জানিস তো। মায়ের কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি।

বীথি॥ চুপ, চুপ। ঐ দেখ, শিখা ম্যাম এই দিকেই আসছেন।                  [শিখার প্রবেশ]

শিখা॥ কী। তোমরা সকলে চলে এসেছ ? মনে রেখো আজ ফুল রিহার্সল। মালা, যুথী, রেশমিনা—এদের দেখছি না। কোথায় সব। আজ স্কুলে আসেনি ?

পায়েল॥ সবাই এসেছে ম্যাম। [বাইরে হাঁক দেয়] এই শুভ্রা। রেশমিনাদের বলে দে ম্যাম চলে এসেছেন। তাড়াতাড়ি। ম্যাম, যে গানটা আমাকে গাইতে বলেছেন—সেটা অন্য কোন মেয়ে গাইলে হবে। মানে, আমার চেয়ে অনেক ভালো গায়। তাই না রে।

শিখা॥ কে, সুলতা ? না না, ওকে দিয়ে হবে না।

বীথি॥ না ম্যাম, ও না। আমাদের গ্রামের একটি মেয়ে। আমাদের পাশের বাড়ির। আমার থেকে বছর তিনেকের বড়।

শিখা॥ কী নাম ? আমাদের স্কুলে পড়ে ?

বীথি॥ মুক্তা। আমাদের স্কুলে পড়ে না। আসলে ওর বিয়ে হয়ে গেছে। মুক্তা বউদি। আমি মুক্তাদি বলেই ডাকি। ম্যাম, তার গানের গলা না খুব মিষ্টি। আমি তাকে বলেছিলাম ম্যামকে বলে আমাদের স্কুলের ফাংশনে তার গান গাওয়ার সুযোগ করে দেব। ওকে আমাদের নাটকে গান গাওয়ানো যাবে না ম্যাম ?

শিখা॥ তা কী করে হবে। আমাদের স্কুলে পড়ে না, তারপর, বিয়ে হওয়া, বউ মানুষ। না না হবে না। আর কী যেন বললি, তোদের চেয়ে বছর তিনেকের বড় ? তারমানে, টিনেজার! এত কম বয়সে বিয়ে! ওর বাড়ির লোকেরাই বা কেমন। মেয়েটাকে তো মেরেই ফেলেছে। 

বীথি॥ ম্যাম, ওর বাবা মা খুব গরিব। মুক্তাদি পড়াশুনায় খুব ভালোছিল। বিয়ের জন্য সব বন্ধ হয়ে গেল। মাঝে মাঝে আমাদের কাছে দুঃখ করে বলে, “আমার কত স্বপ্ন ছিল—“

শিখা॥ এই গুলোই তো সমাজের ব্যাধি রে।

বীথি॥ ম্যাম, মুক্তাদি বলছিল, সুযোগ পেলে সে আবার পড়াশুনা শুরু করতে চায়। তাকে কী আমাদের স্কুলে ভর্তি নেওয়া যায় না ?

শিখা॥ সেটার একটা ব্যবস্থা হতেই পারে। কিন্তু এ কী কাণ্ড। বাল্যবিবাহ! এতো বেআইনি কাজ। সংশ্লিষ্ট সকলের জেল জরিমানা হয়ে যাবে। কেউ যদি থানায় গিয়ে একটা কমপ্লেন করে—

বীথি॥ না না ম্যাম। এটা যেন না হয়। তাদের বড় বিপদ হয়ে যাবে। মুক্তাদির কী দোষ। ওর তো বিয়েতে এতটুকু মত ছিল না, শুধুমাত্র গরিব দুঃখী বাবামার মুখ চেয়ে রাজি হতে হয়েছে। বাধ্য হয়ে। সব শেষ হয়ে গেল ম্যাম। তার কত বড় ইচ্ছা ছিল, অনেক দূর পড়বে। পড়াশুনার পর চাকরি করবে-- স্কুলের দিদিমণি হবে—আপনাদের মতো। এখনো মাঝে মাঝে আমার কাছে চোখের জল ফেলে।

শিখা॥ একটা স্বপ্ন ভেঙে গেছে।এই রকম কত শত মেয়েদের স্বপ্ন যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতিদিন, তার হিসাব কেউ রাখেনি। এর বিষময় ফল আমাদেরকেই ভোগ করতে হচ্ছে। শিক্ষা চাই, শিক্ষা। শিক্ষাই একমাত্র সমাজের অবস্থাটাকে বদলে দিতে পারে। আর্থ-সামাজিক অবস্থার উন্নতি না ঘটলে বাল্যবিবাহের মতো ব্যাধি সমাজ থেকে দূর করা যাবে না। শুধুমাত্রআইনের ভয় দেখিয়ে সমাজ সুধরাবার নয়।

পায়েল॥ আমরা বিয়ে করবো না ম্যাম। 

শিখা॥ তাহলেই সমাধান হয়ে যাবে ? বিয়ে করবো না নয়; বল, প্রাপ্তবয়স্ক না হলে কেউ আমাদের বিয়ে দিতে পারবে না। হাজার প্রলোভন আসুক, হাজার বিপত্তি আসুক, কখনোই নিজেদেরকে ধ্বংসের পথে এগিয়ে দিও না।

পায়েল ও বীথি॥ আমরা পারবো ম্যাম।

শিখা॥ পারতেই হবে। মেয়েদের নিজেদের অধিকার নিজেদেরকেই অর্জন করতে হবে। বাল্যবিবাহ রোধে অনেকআইন আছে, প্রশাসনিক সহযোগিতা আছে। স্কুলে স্কুলে এখন কন্যাশ্রী ক্লাব গড়ে উঠছে। এই গুলোই তোমাদের সহায়। একদম ভয় পেওনা, আমরা শিক্ষিতরা তো আছিই, সমাজে অনেক ভালোমানুষ আছে, যাদের উপর ভরসা করা যায়। শুধু শপথ কর, আঠারো বছর পার না হলে কেউ তোমাদের বিয়ে দিতে পারবে না।

পায়েল ও বীথি॥ আমরা শপথ নিচ্ছি ম্যাম, আঠারো বছরের আগে কেউ আমাদের বিয়ে দিতে পারবে না।

শিখা॥ থ্যাং ইউ। খুব ভালো কথা। আচ্ছা ওই মুক্তার ব্যাপারে আমি হেডস্যারের সাথে কথা বলব। যদি মেয়েটির একান্তই ইচ্ছা থাকে তাহলে পড়াশুনায় কোন বাধা থাকতে পারে না।

বীথি॥ খুব ভালো একটা কাজ হবে ম্যাম।

শিখা॥ আর হ্যাঁ, শোন। আজ এখানে রিহার্সল হবে না। তোমরা সবাই ছয় নম্বর রুমে চলে যাও। ওখানে অনু ম্যাডাম আছেন। আজ ওখানেই রিহার্সল হবে, কেমন। আমি  মিনিট পাঁচেকের মধ্যে ওখানে যাচ্ছি। [প্রস্থান]

সকলে॥ চল চল, ছয় নম্বর রুম ছয় নম্বর রুম। [সকলের প্রস্থান]

পর্দা নামে।


চতুর্থ দৃশ্য

[শিশুশ্রম]


ছয় নম্বর রুম


[শিখা, রেবা,মালা,যুথী, রেশমিনা, ঋতু রিহার্সল কক্ষে]

শিখা॥ রেবা, তুই দু’দিন আসিস নি কেন? তুই কি ঠিক করেছিস নাটকটা করবি না ?

রেবা॥ না, না, ম্যাম। মানে—

শিখা॥ না, না, মানে ?

রেবা॥ না মানে হ্যাঁ ম্যাম। নাটকটা করবো। 

শিখা॥ তো, দন দিন দিন তোর পার্টটা কি প্রক্সি দিয়েই চলবে? না কি ইচ্ছা একেবারে স্টেজে মেরে দেব ? [সকলে হেসে উঠে ] 

রেবা ॥ না ম্যাম, আসলে –

শিখা ॥ শোন, শুধু রেবা নয়, সকলকে বলছি, be serious. এতগুলো লোকের মাঝে অভিনয় করতে হবে। এটাই মেয়েদের প্রথম নাটক। অনেকেই খুঁত ধরবার জন্য বসে আছে। সমালোচনা তো আছেই। একটা চেলেঞ্জ নিতে হবে না ? কী ? তোরা তো প্রথমে বলেছিলি মেয়েদের নাটক করবো।

সকলে॥ না ম্যাম, আমরা নাটক করবো।

মালা॥ আমরা পারবো, ম্যাম।

রেবা ও যুথী॥ আমরা চেলেঞ্জ নেবো ম্যাম।

শিখা॥ ঠিক আছে। দেখ, তোদের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। আমার সম্মানটা রাখিস।

মালা॥ না, না ম্যাম, আমরা ঠিক পারবো।

যুথী॥ ম্যাম, আসলে, রেবা প্রায়ই স্কুলে আসে না। 

শিখা॥ সে কি, স্কুল কামাই। কিন্তু, ও তো পড়াশনায় খুব ভালো। রেবা, এদিকে আয়। কী ব্যাপার। বলি, সমস্যাটা কী তোর ?

রেবা॥ ম্যাম, সমস্যা ?—

শিখা॥ হ্যাঁ, সমস্যা। এত স্কুল কামাই করিস কেন ?

মালা॥ ম্যাম, আমি বলি।

শিখা॥ বল।

মালা॥ ও না কাজ করে। 

শিখা॥ কাজ করে, এ আবার কী কথা। কে কাজ করে না ? হ্যাঁ, মেয়েদের ঘর-গেরস্থালির কাজ কম বেশি একটু করতেই হয়। এই যেমন মায়ের সঙ্গে টুকটাক রান্নায় সাহায্য করা, ঘর-দোর প্রয়োজন হলে ঝাঁটপাট দওয়া, জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে বাগিয়ে রাখা। এই তো কাজ।

যুথী॥ ম্যাম ও বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাঁট দেওয়া, গুলপাকানো, ঘুঁটে দেওয়া—

শিখা॥ এই তুই থাম তো। রেবা, তোর বাবা কী করে রে ? 

রেবা॥ বাবা, বাবা,--[কেঁদে ওঠে]

শিখা॥ রেবা, কী হল ? কাঁদছিস কেন ? আয়, এদিকে আয়। আমার কাছে আয়। কী বাবা আছে তো ? মানে, বেঁচে আছে তো ? 

রেবা॥ [মাথা নেড়ে সায় দেয়] হ্যাঁ।

শিখা॥ কী হয়েছে আমাকে খুলে বল তো মা। 

রেবা॥ বাবা, বাবা—[কান্না]

যুথী॥ ওর বাবা ওদের ছেড়ে চলে গেছে ম্যাম।

শিখা॥ ছেড়ে চলে গেছে। মানে ?

যুথী॥ ওর বাবা আর একটা বিয়ে করে ওদের ফেলে রেখে বর্ধমান চলে গেছে। ওখানে একটা রাইসমিলে কাজ করে। ওখানেই থাকে।

শিখা॥ সে কী ! তোদের গাঁয়ে কি লোক জন নেই?

যুথী॥ গাঁয়ের লোকেরা  ওর বাবাকে মারধোর করে গাঁ থেকে তাড়িয়ে দিয়েছে।

শিখা॥ ব্যাস। হয়ে গেল সমাধান। আর এদের চলবে কী করে এটা কি কেউ ভেবেছে?

রেবা॥ বাবা কেন এমন করল ম্যাম। আমি বাবাকে খুব ভালোবাসতাম ম্যাম। বাবা কেন এমন করল।

শিখা॥ চুপ দে রেবা, চুপ দে। যা হবার তা হয়ে গেছে। কান্নাকাটি করে মনখারাপ করে কী করবি। সব কিছু তো সমান ভাবে চলে না। সুখ-দুঃখ, ভালো-মন্দ নিয়ই বাঁচে থাকা। মেনে নিতে পারাটাই শিক্ষা। যাকে আমি ভালোবাসি, সে আমাকে নাও ভালোবাসতে পারে। এটাই তো সত্য। এই সত্যটাকে জেনে নিজেকে শক্ত রাখতে হবে। না হলে আমরা এগোব কী করে। বাবার কথা ভুলে যা রেবা। নিজের মত করে বাঁচতে হবে।

আচ্ছা, তোর মা কী করে?

রেবা॥ মা? মা লোকের বাড়িতে কাজ করে। ঝি-এর কাজ। মায়ের শরীর ভালো নেই। মাঝে মাঝেই জ্বরে ভোগে। আমার আর কোন ভাই বোন নেইতো, তাই বাড়ির সব কাজ আমাকেই করতে হয়।

শিখা॥ হায় হায়।

রেবা॥ মা অসুস্থ থাকলে শ্যামলবাবুদের বাড়ির সব কাজ আমাকেই করে দিতে হয়, নইলে মাইনে কেটে নেবে।

শিখা॥ ইস।

রেবা॥ আমি নিজে বিশুবাবুদের বাড়িতে কাজ করি। কাজ সারতে সারতে দেরি হয়ে গেলে কোন কোন দিন স্কুলে আসার সময় পাইনা। তখন স্কুল কামাই হয়। 

শিখা॥ সে কি! তুই রোজ কাজে যাস?

রেবা॥ হ্যাঁ, ওরা অনেকগুলো টাকা দেয়। 

শিখা॥ এ তো দারুণ অন্যায়। তোকে পরের বাড়িতে কাজ করতে হয়। ওই বিশুবাবু না কী যেন একটা নাম বললি—ওর ফোন নম্বর আছে? আমায় দে তো। দেখাচ্ছি মজা। শিশুশ্রম জানে না! মজা পেয়েছে। চৌদ্দ বছরের কম বয়সীদের দিয়ে কাজ করনোটা অন্যায়, এটা বোঝে না! কাজ করানো বার করছি।

রেবা॥ ম্যাম—

শিখা॥ দেশে কোন আইন কানুন নেই না কী ? একটা বাচ্চা শিশু! তাও আবার স্কুলে পড়ে। এদের এখন খেলে-ধূলে-আনন্দে-আবদারে দিন কটানোর সময়। দে আমায় ফোন নম্বরটা দে দেখি। বাড়িসুদ্ধু সবাই জেলের ঘানি টানবে। আজই আমি কথা বলব।

রেবা॥ ম্যাম। আপনার পায়ে পড়ি। এমন করবেন না ম্যাম। আমার কাজটা চলে গেলে আমরা না খেতে পেয়ে মরে যবো ম্যাম। প্লিজ ওদের কিছুই জানাবেন না ম্যাম। আপনার পায়ে পড়ি। [শিখার পা জড়িয়ে ধরে]

শিখা॥ রেবা, ওঠ ওঠ।

রেবা॥ মা তো আমাকে কাজে যেতে বারণ করে ছিল। মায়ের কষ্ট দেখতে পারি না ম্যাম।আমার কাজটি চলে গেলে মা সত্যি সত্যি মরে যাবে।

শিখা॥ নে নে, চুপ দে চুপ দে। আমরা কী করি বলতো। এর একটা বিহিত তো চাই। এক দিকে এই বাস্তবতা, অন্যদিকে আইন। এ যে উভয় সংকট!

রেবা॥ আমি আর কামাই করবো না ম্যাম। এবার থেকে আমি প্রতিদিন স্কুলে আসতে চেষ্টা করবো।

শিখা॥ একটা পথ নিশ্চয় আছে। পঞ্চায়েতের নানা সামাজিক প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলির সুবিধা নিতে হবে। দেখি আমি নিজে পঞ্চায়েতে গিয়ে খোঁজ খবর করে দেখবো। কিন্তু, কাজটা তোকে ছাড়তেই হবে রেবা।এটাযে আইন বিরুদ্ধ। একটা না একটা সমাধান ঠিক বেরোবেই। চিন্তা করিস না। নিজের উপর বিশ্বাস রাখ। রেবা, আমি একদিন তোদের বাড়িতে যাবো।

মালা॥ ম্যাম, রেবতীকে চেনেন। 

শিখা॥ রেবতী, কোন রেবতী? 

মাা॥ ওই যে, ক্লাস সেভেনে পড়তো, গত বছর।

শিখা॥ মনে পড়ছে না।

যুথী॥ সেই যে ম্যাম, আপনারা স্কুলে ড্রেস দিচ্ছিলেন, ওর কোনটাতেই সাইজে হচ্ছিল না। খুব লম্বা—

শিখা॥ ওঃ হ্যাঁ, হ্যাঁ। মনে পড়েছে। তো কী হল রেবতীর? ও তো এখন ড্রপ আউট হয়ে গেছে।

মালা॥ হ্যাঁ, ম্যাম। ও পড়া ছেড়ে দিয়েছে।

শিখা॥ কেন বলতো?

মালা॥ ওরা খুব গরিব। ওর এক মামা ওকে কোলকাতা নিয়ে গেছে। ওখানে একটা ফ্যামিলিতে কাজের মেয়ে হিসাবে থাকে। থাকা খাওয়া ফ্রি। মাসে মাসে অনেক টাকা পায়, বাড়িতে পাঠায়।

শিখা॥ হায় ভগবান! কাজ করার জন্য সারা জীবনটাই তো পড়ে আছে। একটু বিদ্যে-বুদ্ধি, একটু তাকত না হলে কাজ করবে কী করে। ব্যাধি, ব্যাধি। পুরো সমাজটাই ব্যাধিগ্রস্ত। এই সামাজিক রোগ গুলো কেবলমাত্র আইন করে রোধ করা যাবে না। শিক্ষাক্ষেত্রে মেয়েদেরই ড্রপআউট বেশি। বাল্যবিবাহ—শিশুশ্রম পেরিয়ে কয়টা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েসমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। শোন, তোদের বলি, হাজার কষ্ট হোক, পয়সার বিনিময়ে এখনই নিজেদের শ্রম বিক্রয় করবি না। আঠারো না পেরোলে বিয়ে করবি না। রেবা, দৌড়ে যা স্টাফরুমে। নির্মল বিদ্যালয় অভিযানের জন্য যে প্ল্যাকার্ড গুলো বানিয়ে ছিলাম, তার থেকে কয়েকটা নিয়ে আয় তো।

রেবা॥ আমি এক্ষুনি নিয়ে আসছি ম্যাম। [দৌড়ে প্রস্থান]

শিখা॥ মেয়েরা, তোমরা সকলে সারি সারি দিয়ে দাঁড়াও দেখি। এই দিকে, পরপর দাঁড়াও। আজ থেকেই আমাদের অভিযানশুরু হবে। যত বাধাবিপত্তিই আসুক না কেন, আমাদের কেউই আটকাতে পারবে না। [হাতে প্ল্যাকার্ড নিয়ে রেবা প্রবেশ করে।]

রেবা॥ নিয়ে এসেছি ম্যাম।

শিখা॥ হ্যাঁ, দাও। এই নাও তোমরা। তুলে ধরো তোমাদের দাবি। আমার সঙ্গে গলা মিলিয়ে বল—

ছাত্রীরা সব দিচ্ছে ডাক/ বাল্যবিবাহ নিপাত যাক

সকলে॥ ছাত্রীরা সব দিচ্ছে ডাক/ বাল্যবিবাহ নিপাত যাক।

শিখা॥ বল, সমাজ হবে মুক্ত ব্যাধি/ শিশুশ্রম ছাড় যদি।

সকলে॥ সমাজ হবে মুক্ত ব্যাধি/ শিশুশ্রম ছাড় যদি।

[সকলে স্লোগান দিতে থাকে।]


পর্দা নেমে আসে।


পঞ্চম দৃশ্য

[সামাজিক অবক্ষয় ১]


স্কুল প্রাঙ্গণ


পায়েল॥                                           বাসি বাস অঙ্গে ধরি করে আরাধনা

ঋতুমতী হয়ে সতী দেয় ধূপধূনা।।

       অখাদ্য জঠরে ফেলি মোর নাম জপে

                   সংসারে সংকট বাড়ে শুধু এই পাপে।

  এহেন সংসারে কভু থাকে না যতন

       অলক্ষ্মীর রাজত্ব সেথা আমার মরণ।।

        আচ্ছা, আজকের দিনে এই কথা গুলো বিতর্কিত না? 

বীথি॥ বিতর্ক, কিসের বিতর্ক ? ধর্মীয় এই সংস্কার গুলো না থাকলে সমাজে অরাজকতা নেমে আসবে। আসলে সমাজকে ভালো পথে নিয়ে যাবার জন্যই সংস্কার গুলো এক সময় প্রয়োজন হয়েছিল। আজও হয়তো প্রয়োজন। আজকের দিনের কথা তো নয়। কোন কোন সংস্কার হাজার বছরেরও পুরাতন। এখনকার দিনে অধিকাংশ শিক্ষিত মানুষের ধর্মীয় ব্যাপারে আগ্রহ নেই বললেই চলে। অনেকে আবার ধর্ম মানেই না-- নাস্তিক। 

পায়েল॥ না, না। আস্তিক নাস্তিকের ব্যাপার না। আমার কথা হল, মেয়েদেরকেই কেন টার্গেট হতে হল। সুচিবাস,সুচিমতী, অধর্মীয় খাদ্যগ্রহণ না করে পূজা-আর্চ্চা করো,সংসার সুখে রাখো, ঘরে লক্ষ্মীর আসন পেতে দাও। বাঃ,মেয়েরাই বোধহয় সংসারের সব ভালোমন্দের ঠিকা নিয়েছে।

বীথি॥ মেয়েরাই তো সংসারের প্রাণকেন্দ্র।

পায়েল॥ হ্যাঁ, হ্যাঁ—প্রাণকেন্দ্র। সংসারের সবচেয়ে অবহেলিত বঞ্চিত যদি কেউ থাকে তবে তা মেয়েরা। সবাইকে সেবা করো,তৃপ্ত করো, উদরপূর্তির ব্যবস্থা করো,তারপর। তারপর বাকি উচ্ছ্রিষ্টটুকু তুমি নাও। জানো না, তোমাকে দেবীর আসনে বসিয়েছি। সে কি এমনি এমনি। ঘরের হেঁসেল সামলাও, ছেলেপুলে সামলাও, শ্বশুর-শাশুড়ি সামলাও, ননদ সামলাও, বর সামলাও। খিদে সামলাও, লোভ সামলাও। ধর্ম সামলাও। ঘরের লক্ষ্মী অলক্ষ্মী সামলাও। এটা ওটা সামলাতে সামলাতে মেয়েরা আজ সত্যই বড় বেসামাল।

বীথি॥ তবে এই ব্যাপার গুলো মেয়েরা মেনেও নিয়েছে বল।

পায়েল॥ বাধ্য হয়ে। তবে কেউ কেউ এই মেনে নেওয়াকে মেয়েদের মাহাত্ম্য ভাবে।

বীথি॥ আচ্ছা বল দেখি, একজন মেয়ে হিসেবে কোন বিষয়টাতে তোকে বেশি নাড়া দেয় ? আমারতো মনে হয় আমরা, মানে মেয়েরা যেন এক দ্বিতীয় শ্রেণির নাগরিক। থার্ড ক্লাসও হতে পারি। সব উৎকৃষ্ট ব্যাপার গুলো ছেলেদের জন্য তোলা আছে।

পায়েল॥ একদম ঠিক কথা। মেয়েদের আচার বল আচরণ বল, পোষাক আশাক—সবই ছেলেদের কাছে কেমন যেন তুচ্ছ তাচ্ছিল্যের। ছেলেরা যেন সমাজের চূড়ামণি।ছেলেদের এই মানসিকতা আজ পুরো সমাজটার মানসিকতায় পরিণত হয়েছে।

বীথি॥ আমরা প্রায়ই বলতে শুনি—মেয়েদের মতো কাঁদছিস কেন, মেয়েদের মতো হাঁটছিস কেন। মেয়েদের মতো কেমন ইনিয়ে বিনিয়ে কথা বলে দেখ।

পায়েল॥ মেয়েদের মতো চুড়ি পরে বসে থাকো। মাথায় ঘোমটা দিয়ে থাকো।মেয়েদের পেটে কথা থাকে না। পথে নারী বিবর্জিতা। নদী নারী শৃঙ্গিধারী—বিশ্বাসযোগ্য নয়। এই রকম কতো কথা আজ বাগধারার মতো ছড়িয়ে রয়েছে। প্রতিনিয়তই আমাদের শুনতে হয়। মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়—আমরা এতো নিঃকৃষ্ট!

বীথি॥ সমাজ ধরেই নিয়েছে মেয়েরা বড়ই অসহায়। কখনো কখনো লেডিজ ফার্স্ট বলে আমাদের অনুগ্রহ দেখায়।

পায়েল॥ আর আমরা কেউ কেউ সেই অনুগ্রহ গুলো পেয়ে বর্তে যাই। তুই একটু আগে জিজ্ঞেস করছিলি না, একজন মেয়ে হিসেবে কোন বিষয়টাতে আমাকে বেশি নাড়া দেয় ?

বীথি॥ হ্যাঁ, কোন বিষয়টা? 

পায়েল॥ আমার নিরাপত্তা। একটি মেয়ের নিরাপত্তা। দেখ, একটা ছেলে—সে ভাই হোক বা দাদা—নির্দ্বিধায় একা একা ঘুরে বেড়াতে পারে। একটু সন্ধ্যে করে বাড়ি ফিরতে বাধা নেই। মেয়ে হলে! টিউশনিতেও একা একা যেতে দেবে না। মা বলবে, ভাইকে সঙ্গে নিয়ে যা। দাদা বা বাবা একজন না একজনকে সঙ্গে থাকতেই হবে। একটা মেয়ে বাইরে আছে, যতক্ষণ না সে ঘরে ফেরে ততক্ষণ বাড়ির সকলের মনে দুঃশ্চিন্তার মেঘ। মেয়েটা এখনো ফিরল না কেন। তবে কি --। তার নিরাপত্তাহীনতায় বাড়িসুদ্ধু সন্ত্রস্ত। এটা, এটা কেন হবে। কী সমাজ আমরা সৃষ্টি করেছি। মেয়েদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কেন।

বীথি॥ তুই ঠিক বলেছিস। কিন্তু এবার আমাদের চুপ করতে হবে। ঐ দেখ। শিখা ম্যাম আর অনু ম্যাম কথা বলতে বলতে এই দিকেই আসছেন। চল চল, শিগগির আমরা রিহার্সল রুমে চলে যাই। এখানে আমাদের দেখলে খুব জোর বকা দেবেন। চল চল।

পায়েল॥  তাই চল। [উভয়ের দ্রুত প্রস্থান। অন্য দিক থেকে শিখা ও অনু ম্যাডামের প্রবেশ]

শিখা॥ আচ্ছা তুই এত ছুটি নিয়ে কি করিস বলতো। আমারতো চৌদ্দটা CL ই শেষ হয় না। 

অনু॥ ও তুমি বুঝবে না শিখাদি। তুমি একা মানুষ। আমার ছেলে আছে--বছর চারেকের, বর আছে, শ্বশুর-শাশুড়ি আছে, রান্না-বান্না-ঘরকন্না—হাজার কাজ। তারপর অসুক-বিসুক তো আছেই। ছেলের অসুখ, ছুটি চাই। বরের অসুখ, ছুটি চাই। ছেলের স্কুলে পরীক্ষা, ছুটি নাও। শ্বশুর-শাশুড়ি ঘরে একা, বুড়ো মানুষ, আমাকে ঘরে থাকতে হবে, ছুটি চাই। কাজের মেয়ে ফাঁকি দিয়েছে, আমাকে চাকরি ফাঁকি দিতে হবে, অতএব ছুটিচাই। মাঝে মাঝে মনে হয় চকরিটা ছেড়েই দিই, আর পারি না। বর তো রোজগার করছে। সংসারটাকে মেরেদিয়ে আমি কি করবো।সংসারগুলো মেয়েদের চাকরি করার উপযুক্তজায়গা নয় শিখাদি।

শিখা॥ ছেড়ে দে। ছেড়ে দিয়ে সংসারটাই মন দিয়ে কর।

অনু॥ অনেকবার ছেড়ে দেব ভেবেছি, কিন্তু পারিনি। যখনই ভাবি চাকরিটা আমার স্বাধীনতা, আর, সংসারে আমি পরানুগ্রহ, তখন পিছিয়ে আসি। আচ্ছা শিখাদি, তুমিতো সংসার করেছিলে।

শিখা॥ হ্যাঁ, করেছিলাম বইকি।

অনু॥  বর?

শিখা॥ ছিল, এখনও আছে।

অনু॥ ছিল, আছে—মানে কী?

শিখা॥ ছিল মানে, এক সময় বর ছিল। এখন আর নেই।

অনু॥ হায়, হায়!

শিখা॥ হায় হায় কেন, বর মানুষটা মরে যায়নি। শুধু সম্পর্কটা মরে গেছে। আমিই তাকে নিঃষ্কৃতি দিয়ে দিয়েছি।

অনু॥ কেন?

শিখা॥ সে অনেক কথা।

অনু॥ হোক অনেক কথা। আপত্তি না থাকলে বল না।

শিখা॥ শুনবি?

অনু॥ শুনবো। বলো।

শিখা॥ তবে বলি শোন। স্কুল লাইফ থেকেই শুরু হয়েছিল দুইজনের পথ চলা। পড়াশুনায় ছিল দু-জনের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা। কখনো আমি ফার্স্ট তো কখনো ও। চলতে চলতে কলেজ তারপর ইউনিভার্সিটি। ক্রমে চাকরির পরীক্ষা। সৌভাগ্যক্রমে দু-জনেই একই বছর চাকরি পেয়ে গেলাম।

অনু॥ বাঃ, খুব লাকি ছিলে তোমরা। 

শিখা॥ তারপর একদিন, দুই পরিবারের মতামত নিয়ে বিয়ে হয়ে গেল আমাদের।

অনু॥ দারুণ তো। তারপর?

শিখা॥ তারপর, দু-জনার দু-টি পথ দু-দিকে গেল বেঁকে।

অনু॥ কেন, কেন?

শিখা॥ অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতেই পুরুষ-সিংহের দাঁত নখ ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। এই দাও ওইদাও, এই কর ওই কর, এটা করনা, ওটা করনা। প্রথম প্রথম অনুরোধ,তারপর অর্ডার। ক্রমশঃ বুঝতে পারলাম সংসারে তার কাজ হল সেবা নেবার আর আমার কাজ সেবা দেবার।

অনু॥ তুমি বুঝিয়ে বললে না?

শিখা॥ না বুঝার মতো নির্বুদ্ধিতা তার ছিল না। একদিন সরাসরি আাকে বললে,চাকরিটা ছেড়ে দাও। মেয়েদের চাকরি করাটা একটা ফ্যাশন—শখ, অন্তত যেখানে বরেরা চাকরি করে বা রোজগার করে। সংসার করাটাই না কি মেয়েদের প্রকৃত ধর্ম ও কর্ম। আমাকে বেছে নিতে বলা হল—সংসার না চাকরি।

অনু॥ আচ্ছা লোক তো!

শিখা॥ আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই রকম তীব্র পুরুষতান্ত্রিকতার বেড়াজালে আবদ্ধ থাকবো না। তাকে চিরদিনের জন্য সম্পর্ক থেকে রেহাই করে দিয়েছি। চাকরিটাই আমার অবলম্বন। আমার নিজের পায়ে দাঁড়ানো। বাবা মা বলতেন, আগে নিজের পায়ে দাঁড়াও। যেমন করে হোক স্বনির্ভর হও, তারপর বিয়ে করো।

অনু॥ ঠিকইতো। দেখ না, আমাদের চারপাশে কত বিবাহবিচ্ছিন্না মহিলা, অসহায় বিধবারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সমাজের দয়া-দাক্ষিণ্যে এরা বেঁচে আছে। সরকারি সহায্য ছাড়া এরা বড়ই অসহায়।

শিখা॥ দেখ অনু, চাকরিটা কোন মতেই ছাড়িস না। দিন বদলে যাচ্ছে, এখন মেয়েদের নানান কাজের পরিসর বাড়ছে। মেয়েদেরকে ওই সবকাজের যোগ্য হয়ে উঠতে হবে। আগে মেয়েদের লক্ষ ছিল একটি অর্থবান বর। এখন লক্ষ বদলাতে হবে।আগে লক্ষ হোক যেকোন একটা কাজ, যা অর্থ ও সম্মান দুটোই দিতে পারবে। একদিন যে সমাজ মেয়েদের হাতে পায়ে বেড়ি পরিয়ে রান্না-বান্না ঘরকন্নার কাজেই বেঁধে রেখেছিল,সেই সমাজই আজ একটু একটু করে বাঁধন খুলে বাইরে টেনে নিয়ে আসছে।

অনু॥ পরিবর্তনই জগতের নিয়ম।

শিখা॥ আর পরিবর্তনশীল জগতে মানিয়ে নেওয়াটাই হল—

অনু॥ শিক্ষা।

শিখা॥ আর এই শিক্ষাই হচ্ছে মেয়েদের-- 

শিখা ও অনু॥ সারভাইভ্যাল অফ দ্যা ফিটেস্ট।


পর্দা নামে।



ষষ্ঠ দৃশ্য

[সামাজিক অবক্ষয় ২]


রিহার্সল কক্ষ


[যুথী, মালা, বীথি নাটকের মহড়ায় ব্যাস্ত। রেশমিনা, ঋতুও সঙ্গে আছে।]

যুথী॥ [অভিনয় করে] এত বড় আস্পর্ধা! নিকৃষ্ট এ দাসী

আমারই সজ্জা দেখে পায় তার হাসি!

সসাগরা পৃথ্বী যার হাতের মুঠায়

ত্রিভূবনে যত জীব যাহারে ডরায়—

মোরে করে উপহাস! কী সাহস তার!

চুল মুঠি ধরে আন সম্মুখে আমার।

মালা॥ যে আজ্ঞে রাণিমা। [প্রস্থান]

যুথী॥ আড়ালে আমারে সবে অলক্ষ্মী ডাকে

দেখিব কাহার ঘাড়ে কটা মাথা থাকে।

[চুলের মুঠি ধরে মালা বীথিকে টেনে নিয়ে আসে]

মালা॥ চল চল রাণিমার কাছে। তোর সাহস তো কম নয়। আমাদের রাণিমাকে উপহাস! নিয়ে এসেছি রাণিমা।

যুথী॥ ছিঁড়ে ফেল যত কেশ তার মাথা হতে,

শত বেত্রাঘাত কর গুনিতে গুনিতে।

                   [অভিনয়ে, মালা বীথির চুল কর্ষণ করে। বীথি যন্ত্রণায় চিৎকার করে।] 

বীথি॥ আঃ, লাগে, ছেড়ে দাও। সহিতে পারি না।

আমার অপরাধ যাহা কর মার্জনা।

মালা॥ খুব লাগে না?

বীথি॥  আঃ, আঃ। মাফ কর।    [চিৎকার শুনে ঝাঁটা হাতে দ্রুত বেণুদির প্রবেশ]

বেণু॥ আরে আরে। কর কী, কর কী। ওকে মারছো কেন? ছাড়ো, ছাড়ো। [ঝাঁটা ফেলে দু-হাত দিয়ে দু-জনকে দু-দিকে সরিয়ে দেয়]ইসকুলে মারামারি করতে এসেছো না কি সব।

যুথী॥ আঃ, বেণুদি। কী হচ্ছে! তুমি এখানে কেন? যাও যাও বাইরে যাও।

বেণু॥ ও শিখা দিদিমণিগো, শিগগির এসোগো, মেয়ে গুলো ঝগড়া মারামারি করছে। [চিৎকার করে ডাকে]

যুথী॥ হায় রাম। আচ্ছা ফ্যাসাদ তো।             [শিখা ম্যাডামের প্রবেশ]

শিখা॥ কী হল। এত চিৎকার করছ কেন বেণু, কারা মারামারি করছে?

বেণু॥ দিদিমণিগো, মেরে ফেলল গো, এই মেয়েটাকে চুলের মুঠি ধরে এই মেয়েটা। ওতো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। লেখাপড়া হচ্ছে না? মারপিট করতে এখানে এসেছ?

শিখা॥ বেণু, শোন শোন। এরা মারপিট করে নি।

বেণু॥ হায়গো দিদিমণি। আমি যে নিজের চোখে দেখলাম, এ ওর চুলের মুঠি ধরে টানছে।

শিখা॥ তুমি ঠিকই দেখেছ। কিন্তু ওটা সত্যি সত্যি নয়। অভিনয়। 

বেণু॥ হায় পোড়া কপাল। তুমি দিদিমণি হয়ে বলছ মিথ্যে? ইসকুলে আজকাল কী সব শেখাচ্ছো গো তোমরা!

শিখা॥ বেণু, এরা নাটক করছে, রিহার্সল দিচ্ছে। সত্যিকারের ব্যাপার নয়। তুমি জানো না, আর ক-দিন পর স্কুলের বার্ষিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ওরা নাটক করবে—মেয়েদের নাটক।

বেণু॥ নাটক! 

শিখা॥ হ্যাঁ, নাটক।

বেণু॥ আমি তো ভাবলাম—হায় হরি!

শিখা॥ কিন্তু এই করে দিলেতো এদের মুডটা নষ্ট করে। নে নে, তোরা ফের শুরু কর।

মালা॥  ঠিক আছে ম্যাম।

শিখা॥ তবে বেণু আজ একটা জিনিস প্রমান করে দিল।

যুথী॥ কী?

বীথি॥  কী ম্যাম?

শিখা॥ তোদের সাফল্য, আমাদের সকলের সাফল্য। রিহার্সলটা যে তোরা ভালোই করছিস এটা তার প্রমাণ। বেণু বুঝতেই পারেনি যে তোরা অভিনয় করছিস।

মালা॥  থ্যাং ইউ ম্যাম। আপনি যেমন শিখিয়ে দিচ্ছেন আমরা তেমনই চেষ্টা করছি ম্যাম।

যুথী॥ ম্যাম, আমরা একবার বাইরে থেকেঘুরে আসবো?

শিখা॥ হ্যাঁ, যা। তাড়াতাড়ি ফিরে আসিস। তোদের পুরো অভিনয়টা আজ দেখবো। আর তো বেশি দেরি নেই।

যুথী॥  ঠিক আছে ম্যাম, আসছি।  [মালা, যুথী, রেশমিনা, ঋতু ও বীথির প্রস্থান]

শিখা॥  হ্যাঁ, বেণু, এই রুমটা প্রতিদিন ভালোভাবে ঝাঁট-পাট দেবে। মেয়ে গুলো মেঝেতেই বসে অভিনয় করে তো।

বেণু॥  আমি প্রতিদিনই ঝাঁট দিই গো দিদিমণি। কাল পরশু দু-দিন আসতে পারিনি। তাই একটু নোংরা ঠেকছে বটে। আমি এখুনি ঝাঁট দিয়ে দিচ্ছি। [ঝাঁটা দিতে দিতে] বড় মেয়ের শ্বশুরবাড়ি গেছলাম। ও, ভালো কথা, দিদিমণি, অনেকদিন ধরে একটা কথা তোমায় বলব বলব ভাবছি কিন্তু বলা আর হয়ে উঠছে না। আমার মেয়েটাকে তোমাদের মিড-ডে মিলের রান্নার কাজে ঢুকিয়ে নাও না গো। তাহলে বড় ভালো হয়।

শিখা॥ কেন? তোমার মেয়ে তো শ্বশুরবাড়িতে থাকে।

বেণু॥  আর শ্বশুরবাড়ি! কী বলব দিদিমণি, সবই আমার কপাল। মেয়েটাকে ওরা ফেরৎ পাঠিয়ে দিয়েছে।

শিখা॥  কেন? কেন?

বেণু॥  কেন কী বলব দিদিমণি, বিয়েরপর তিন তিনবার বাচ্চা হল—তিনবারই মেয়ে। ওরা বলে আমার মেয়েটার নাকি দোষ আছে। ছেলে দিতে পারে না।

শিখা॥  ছিঃ ছিঃ ছিঃ।

বেণু॥  অথচ, প্রথম মেয়েটা হওয়ার পর আমি নিজে আমার মেয়েটাকে হেন কোন কোবরেজ নেই যার কাছে নিয়ে যেতে বাকি রেখেছি। হেন কোন জড়িবুটি নেই যে খাওয়াইনি। কত মাদুলি, জলপড়া, তেলপড়া করলুম। দ্বিতীয়বারও মেয়ে। জ্যোতিষি দেখানো হল, আংটি-পাথরদিলাম, ব্রত পালন করলাম। কিন্তু, তিনবারের বারও মেয়ে হল। তিন তিনটা বাচ্চা মেয়ে নিয়ে মেয়েটা এখন আমার কাছেই আছে। মেয়েটারই দোষ—সবই তার কপাল আর আমার ভাগ্য।

শিখা॥  এতে মেয়েটার কী দোষ দেখলে। তোমার মেয়ের কোন দোষ নেই।

বেণু॥  দোষ না থাকলে তিন তিনটা মেয়ে জন্মায়!

শিখা॥  বলছিতো, তোমার মেয়ের কোন দোষ নেই। দোষটা আমাদের এই পুরো সমাজটার। সহজেই মেয়েদের দিকে দোষারোপের আঙুল তুলে দেওয়া—এই একটা দীর্ঘ দিনের কু-অভ্যাস। এই সব দোষ একদিনে ঘুঁচবে না বেণু। এখনও অনেকটা পথ আমাদের হাঁটতে হবে।

বেণু॥  কিন্তু, আপাতত আমার মেয়েটাকে স্কুলের রান্নার গুরুপে ঢুকিয়ে দাও দিদিমণি।

শিখা॥  রান্নার গ্রুপে ঢুকে কী করবে। ক-টা টাকা পাবে? এক একটা গ্রুপে কত জনকরে মেয়ে আছে জানো?

বেণু॥  না না, টাকার কথা বলছিনা। রান্নার কাজে থাকলে প্রতিদিনের একবেলা খবার ফিরি পেয়ে যাবে।

শিখা॥  দেখ বেণু, তুমি হয়তো জানো না, মিড-ডে-মিলে রাঁধুনীদের খাবার পাওয়ার কোন ব্যবস্থা নেই। হ্যাঁ, তবে খাবার বাড়লে পেতে পারে। আর তাছাড়া, গ্রুপে ঢোকানোর ক্ষমতা মাস্টার-দিদিমণিদের হাতে নেই। এখন গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠী আছে, আগে সেইখানে সদস্য হতে হবে। দেখি আমি প্রেসিডেন্টকে বলে দেখবো।

বেণু॥  একটু দেখবে দিদিমণি। তোমাদের ভরসায় তো খাকা। আমিএখন যাই।

শিখা॥  ঠিক আছে, এসো। [বেণুর প্রস্থান। অন্যদিক দিয়ে পায়েলকে নিয়ে মালা, যুথী, রেশমিনা, ঋতু ও বীথির পুনঃ প্রবেশ]

বীথি॥  আসবো ম্যাম।

শিখা॥  আয়, আয়। নে, আর দেরি করিসনে। আরে পায়েল, তুই এই মাত্র এলি না কি?

যুথী॥  ম্যাম, পায়েলকে নিয়ে একটা ঘটনা ঘটে গেছে।

শিখা॥  ঘটনা! কী হল পায়েলের?

যুথী॥  ইয়ে, মানে, ম্যাম, বেশ কিছুদিন ধরে দু-তিন জন অপরিচিত ছেলে পায়েলকে ফলো করছে।

শিখা॥  ফলো করছে, তার মানে! হ্যাঁ রে পায়েল, কী ব্যাপার ? খুলে বল দেখি।

পায়েল॥  ম্যাম, দিন কয়েক ধরে দেখছি তিনটি ছেলে স্কুল যাওয়া আসার পথে আমার পিছু পিছু ধওয়া করছে। প্রথম প্রথম গ্রাহ্য করিনি, কিন্তু গত দু-দিন ধরে দেখছি, আমাকে উদ্দেশ্য করে তারা কিছুঅশালীন মন্তব্য করছে, আর নিজেদের মধ্যে হাসা হাসি করছে। আমার কেমন যেনভয় ভয় করে ম্যাম।

শিখা॥  বিশ্রী ব্যাপার তো। ছেলে গুলো কি এই এলাকারই? আগে কখনো ওদের দেখেছিস?

পায়েল॥  ম্যাম, আমি জানি না। আগে তো কখনো লক্ষ করিনি।

শিখা॥  তুই কি একাএকা স্কুলে যাওয়া আসা করিস?

পায়েল॥  যে দিন টিউশন থাকে সে দিন স্কুলে আসতে লেট হয়। একাই আসি। আর রিহার্সলের পর এখন একটু দেরি হয়। একা একাই যেতে হয়। আমাদের গ্রামের আর কোন মেয়ে নাটকে নেই।

শিখা॥  ঠিক আছে, ব্যাপারটা খোঁজখবর নিয়ে দেখছি। আর তুই একদম একা একা স্কুলে যাওয়া আসা করবি না। এরপর থেকে রিহার্সলের পর বেণুকে বলে দেব তোকে এগিয়ে দিতে। ভয় পাবিনা একদম। ভয় পেয়েছিস তো সকলে তোকে পেয়ে বসবে।কর্মহীন-লক্ষহীন যুবশক্তির পচন ধরে গেছে। অলস মস্তিষ্কের যোগান বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে মোবাইল—ইন্টারনেট। কথায় বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। 

        ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কী করে, তার চটজলদি উপায় আমার জানা নেই। আসলে কারোর জানা নেই। অপেক্ষা করতে হবে একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আশাহত হলে চলবে না। ওভারকাম করতেই হবে। আমরা নিশ্চয় জয়ী হবো। উই শ্যাল ওভারকাম। পায়েল, রেবা, যুথী, মালা, রেশমিনা, ঋতু, আয়, সবাই মিলে গলা মিলিয়ে আমরা আগামী দিনের জন্য প্রত্যয়ের গান গাই—

সকলে॥  উই শ্যাল ওভারকাম

উই শ্যাল ওভারকাম সাম ডে

ও হো ডিপ ইন মাই হার্ট উই ডু বিলিভ

উই শ্যাল ওভারকাম সাম ডে।

পর্দা নামে।


সপ্তম দৃশ্য

[মেয়েদের নাটক]


নাটকের মঞ্চ


[নাটকের জন্য মঞ্চ প্রস্তুতি চলছে। শিখা ম্যাডাম মঞ্চ নিয়ে খুব ব্যাস্ত। গ্রীণরুমে মেয়েদের পেইন্টিং চলছে। দর্শক সমাগম বাড়ছে। চারিদিকে ঔৎসুক্য- কোলাহল।]

শিখা॥  হ্যালো,হ্যালো টেস্টিং, হ্যালো, হ্যালো। হ্যালো, ওয়ান-টু-থ্রী-ফোর, হ্যালো। মাইকম্যান। মাইকম্যান কোথায়। মাইক্রোফোন গুলো ভালো করে চেক করে নাও। হ্যালো। এইটার একটু সাউন্ডটা লাগবে। হ্যালো, হ্যালো। হ্যাঁ ঠিক আছে।

সুধী দর্শক মণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নাটক শুরু হতে চলেছে। আপনারা সকলে নিজের নিজের জায়গায় বসুন। আমাদের মঞ্চ-সজ্জা একটু খানি বাকি আছে, তারপরেই শুরু হতে চলেছে বিদ্যালয়ের ছাত্রীদের অভিনিত মেয়েদের নাটক।  [রেবার প্রবেশ]

রেবা॥  ম্যাম, অনুরাধা ম্যাম আপনাকে একবার গ্রীণরুমে ডাকছেন।

শিখা॥  আমাকে আবার কেন। এদিকে স্টেজ অ্যাডজাস্টমেন্ট এখনো হয়ে উঠেনি। উইংসটা একবার দেখে না নিলে, সিন ড্রপের সময়বিপদে পড়ে যাবো।  [অনু ম্যাডামের প্রবেশ]

অনু॥  আমি চলে এলাম শিখাদি। স্টেজ ফিটিংএর ব্যাপারে আপনি না হলে চলবে না। আপনি শুধু বলেদিন লক্ষ্মীর মেকআপ কী এখনই করে নেবো? নাকি পরে?

শিখা॥  সবার মেকআপ একেবারে ফাইনাল করে দিতে বল। ভিখারিণীর বেশে বা বুড়ির বেশে লক্ষ্মীর জন্য আলাদা আলাদা মেয়ে রয়েছে তো। অসুবিধা নেই। মেকআপম্যানকে বলে প্রত্যেকটা চরিত্রের জন্য একেবারে নিখুঁত করে মেকআপ করে রেডি রাখতে বল। আমি এদিকের কাজটা সেরে একবার গিয়ে চেক করে নেবো। ঠিক আছে?

অনু॥  ঠিকআছে শিখাদি। কিন্তু,  আমি ভাবছিপায়েল এখনো এসে পৌঁছোলনা কেন।

শিখা॥  ও ঠিক চলে আসবে। চিন্তা করো না। রেবা—

রেবা॥  আজ্ঞে, ম্যাম।

শিখা॥  যুথী এসেছে তো?

রেবা॥  হ্যাঁ ম্যাম, এসেছে। ও মেকাপে বসেছে।

শিখা॥  যুথীকে নিয়েই আমার ভয় ছিল। আচ্ছা তুই যা, মেকআপ সেরে নে। [রেবার প্রস্থান] এতো ইরেগুলার মেয়ে আর দেখিনি। রিহার্সলে প্রায় দেরি করে আসতো। আর অজুহাতের শেষ নেই। আমার ভয় ছিলশেষ মুহূর্তে এসে না বলে, ম্যাম, আমার শরীর খুব খারাপ, অভিনয় করতে পারবো না।

অনু॥  শিখাদি, আমি তবে মেকআপ রুমে যাই।

শিখা॥  হ্যাঁ, যাও। আর শোনো, মেকআপ হয়ে গেলে পবনবাবুকে দর্শকদের একেবারে সামনের সারিতে বসিও তো। আমি দেখাতে চাই, মেয়েরা ছেলেদের চাইতেও ভালো অভিনয় করতে পারে। মেয়েদের নাটক মেয়েদের নাটক বলে খুব তাচ্ছিল্যের সুরে মিটিংএ কথা বল ছিলেন। মনে নেই।

অনু॥  তা আর মনে নেই। মাধববাবুও তো কম যান না। মেয়েদের প্রসঙ্গ উঠলেই তার পৌরুষ চড়বড়িয়ে ওঠে। মেয়েরা প্রশংসনীয় কিছু করলেই তার পৌরুষে বড় লাগে। অথচ দেখ, তার নিজেরই দু-দুটো মেয়ে।

শিখা॥  ঠিকই বলেছ। আমি একবার ওর বাড়িতে গিয়েছিলাম। দেখি মেয়ে গুলো ওকে যমের মতো ভয় করে।বৌ পর্যন্ত ভয়ে সিঁটিয়ে থাকে।

অনু॥  এরা মনে করে মেয়েদের ছোট করলে নিজেদের বড় বলে প্রতিষ্ঠিত করা যায়। মনে নেই, যেদিন আমরা দিদিমণিরা মিটিংএ লেডি টিচারদের জন্য একখানা সেপারেট স্টাফরুমের দাবি করেছিলাম। তার মুখের অভিব্যক্তিটা দেখেছিলে? আরে বাবা, ছেলে আর মেয়েদের মধ্যে চাহিদার যথেষ্ট পার্থক্য আছে—এটা আগে বুঝতে হবে।

শিখা॥  যারা প্রকৃত শিক্ষিত, তারা ছাড়া, বাকিদেরচোখে আঙুল দিয়ে—কানে  চিৎকার করে মেয়েদের চাওয়া পাওয়া গুলো না বুঝিয়ে দিলে মেয়েদের চিরদিন বঞ্চিতই থাকতে হবে।

অনু॥  হাসি পায়। আড়ালে যে কেউ কেউ তাদের এই চরিত্রের জন্য ঘেন্না করতে পারে তার বোধটুকুও এদের হয়নি।

শিখা॥  ওনাকেও সামনের সারিতে বসিও।

অনু॥  [হাসি] আচ্ছা বাদ দাও। শিখাদি, তুমি বলেছিলে পুরো নাটকটা ভিডিওগ্রাফি হবে।

শিখা॥  হবেই তো। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমাদের প্রাক্তন ছাত্র ভানু, ওকে বলে রেখেছি। ওর ফটোগ্রাফির হাতটা খুব ভালো। ওই তো ভানু, দর্শক আসনে বসে আছে। 

অনু॥  খুব ভালো হবে। এই ভিডিও দেখে পরেরবারেরজন্য দোষ-ত্রুটি গুলো শুধরে নেওয়া যাবে। কী বল? আচ্ছা আমি চলি।    [প্রস্থান। অন্যদিক থেকে রাণির বেশে যুথীর প্রবেশ]

যুথী॥  ম্যাম, আমি তো রাণি। আমার মাথায় মুকুট থাকবে। কিন্তু মেকআপম্যান আমার মাথায় কিছুতেই মুকুট দেবে না। অথচ, মুকুট একটা আছে আমি দেখেছি। বলছে ওটা লক্ষ্মীর মুকুট। আপনি একবার মেকআপম্যানকে বলে দেন না, ম্যাম।

শিখা॥  রাণির মুকুট লাগবে না। এই নাটকে লক্ষ্মীকেই গুরুত্ব দেওয়া হয়েছে।মেকআপম্যান ঠিকই বলেছে। আর তাছাড়া—কই কাছে আয় তো দেখি। আয়।বাঃ,তোকে তো মুকুট ছাড়াই দারুণ মানিয়েছে। এক্কেবারে সত্যিকারের রাণি।

যুথী॥  সত্যি! তবে আর মুকুট দরকার নেই। আমি আসছি ম্যাম।  [প্রস্থানোদ্যোত]

শিখা॥  যুথী। মেকআপ হয়ে গেলে বাকিদের একবার আমার কাছে আসতে বলিস তো।

যুথী॥  ঠিক আছে ম্যাম।   [প্রস্থান]

শিখা॥  মঞ্জুদি, ও মঞ্জুদি। সেকেন্ড স্ক্রিপটা তোমার কাছেই রাখো। ওটা থেকেই প্রম্পট করো। আর লক্ষ্মীর ভাঁড়টা একটু সুন্দর করে আলপনা দিয়ে রাখো, দেখতে ভালো লাগবে। প্যান্ডেলের বীরুদা। একবার মঞ্চে আসবেন। একটা এক্সট্রা কালো পর্দা লাগবে মঞ্চের জন্য।

[একে একে বীথি, রেবা, মালা, যুথী, রেশমিনা, ঋতু মেকআপ করে মঞ্চে প্রবেশ করে। শিখা সকলকে একে একে নিরীক্ষণ করে।]

এই তো, তোমাদের মেকআপ হয়ে গেছে দেখছি। বাঃ সুন্দর।  [শিখাকে একে একে প্রণাম করে] ভিখারিণী, সতী সাবিত্রী গৃহবধূ মালতী, প্রধান দাসী, দ্বিতীয় দাসী, রাণিমা। পারফেক্ট। তোমাদের প্রত্যেককে খুব সুন্দর মানিয়েছে। এখন দেখার স্টেজে তোমরা কেমন পারফর্ম করো। তবে ভয় নেই। রিহার্সল তো তোমরা খুবই ভালো করেছ। আশাকরি খুব ভালো হবে। তোমাদের প্রত্যেকের জন্য আমার আশীর্বাদ রইল। আরে মালা। তোর ঠোঁটে লাল লিপস্টিক কেন! আমি তো খেয়ালই করিনি। ভিখারিণীর ঠোঁটে লিপস্টিক! যাও, এক্ষনি মুছে ফেল। মেকআপম্যানকে এখুনি গিয়ে বল। [মালার প্রস্থান] সব তো হল, আর আমাদের মালক্ষ্মী? পায়েল, পায়েল কোথায়? 

বীথি॥  ও তো এখনো আসেনি ম্যাম। 

শিখা॥ [রাগতঃ স্বরে ]কী ! এখনো আসেনি ! এদিকে যে শো শুরু হতে আর বাকি নেই ! ঋতু, পায়েলের খবর কী ?

ঋতু॥  আমি জানি না ম্যাম। কাল থেকে ওর সঙ্গে আমার দেখাই হয়নি। কাল আমি সারাদিন বাড়ি থেকে বেরোই নি ম্যাম। বলতে পারবো না।

শিখা॥  [অত্যন্ত বিচলিত হয়ে] মহা মুশকিল ব্যাপার ! ও তো এমনটা করে না। এখন কী হবে ! ঋতু, ওর বাড়ির ফোন নম্বর আছে ?

ঋতু॥  আছে ম্যাম, আমার ফোনে আছে। মায়ের কাছে ফোনটা রেখেএসেছি। নিয়ে আসবো ম্যাম ? মা আমাদের নাটক দেখতে এসেছে।

শিখা॥  দাঁড়া দাঁড়া। ওর নম্বরটা তো আমার ফোনেও থাকার কথা। দেখি তো। [ফোনে সার্চ করে।] হ্যাঁ, আছে। দেখি একবার ফোন করে। [ডয়াল করে]

[ফোন॥  আপনার ডায়াল করা নম্বরটি এখন পরিসেবা সীমার বাইরে। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন।]

ওঃ কী বিপদরে বাবা ! সব কী তবে পণ্ড হয়ে যাবে ! দেখি আর একবার ফোন করে। [কল করে] হ্যাঁ, এইতো রিং হচ্ছে ! 

[ফোন॥  আপ জিস নাম্বার পর কল কিয়া ওহি আভি উত্তর নাহি দে রাহা হ্যায়, ক্রিপয়া থোড়ি দের মে ফের কল করেঁ]

                              [অনুর দ্রুত প্রবেশ]

অনু॥  শিখাদি, পায়েলের কী হলো ?

শিখা॥   আরে, ওকে তো পাওয়া যাচ্ছে না ! 

অনু॥   পাওয়া যাচ্ছে না ! মানে, কোথায় গায়েব হল !

শিখা॥   পাওয়া যাচ্ছে না মানে ফোনে পাচ্ছি না। পায়েল তো এমন মেয়ে নয় অনু।

অনু॥   ওদিকে দর্শকরা সব অধৈর্য্য হয়ে উঠেছে। হেডমাস্টারমশায় বার বার জিজ্ঞাসা করছেন এত দেরি হচ্ছে কেন। অচ্ছা পায়েলের বিকল্প কেউ নেই ? যুথী তো কিছুদিন লক্ষ্মীর রোলটা করছিল, ওকে লক্ষ্মীর রোলটা দিয়ে চালিয়ে দিলে হবে না ? রাণিমার রোলটা ছোটো। আনকোরা কাউকে দিলেও কোনমতে পেরিয়ে যাবে।

শিখা॥   তা হয় না, তা হয় না। সব গোলমাল হয়ে গেল। চেলেঞ্জটা নেওয়া হল না অনু। [হঠাৎ শিখার ফোন বেজে ওঠে] হ্যাঁ, এইতো মনে হয় পায়েল। হ্যালো, হ্যালো, পায়েল ? পায়েল বলছিস ? 

[ফোন॥  আমরা কি শিখা রায়ের সঙ্গে কথা বলছি ? ]

হ্যাঁ, হ্যাঁ, আমি শিখা রায় বলছি। আপনি কি পায়েলের মা বলছেন ?

[ ফোন॥ সরি ম্যাম। আমরা SBI ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কথা বলছিলাম। ম্যাম, আপনার যে ক্রেডিট কার্ডটি আছে, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আপনি যদি কার্ডটি সচল রাখতে........]

রং নাম্বার, রং নাম্বার। নিকুচি করেছে তোর ক্রেডিটকার্ডের। অনুরে কী হবে এখন ! একটা রাস্তা বার কর। আমি তো আর মাথা ঠিকরাখতে পারছি না। 

অনু॥   আমরা দর্শকের কাছ থেকে আরও একটুসময় চেয়ে নিচ্ছি। তুমি মাইকে একবার ঘোষণা করে দাও—আমাদের স্টেজের মাইক্রোফোন গুলোর যন্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠতে আধ ঘণ্টা-খানেক সময় লাগবে। এর মধ্যে আমি পায়েলের বাড়িতে লোক পাঠিয়ে খবর নিচ্ছি।

শিখা॥   তুই ঘোষণা করে দে। আমার আর মাথা ঠিক থাকছে না।

অনু॥   ঠিক আছে, আমিই ঘোষণা করে দিচ্ছি। তুমি বরং আর একবার ফোনে চেষ্টা কর। [মাইক্রোফোন হাতে নিয়ে] প্রিয় দর্শকবৃন্দ। বুঝতে পারছি, আপনারা সকলে অধৈর্য্য হয়ে পড়েছেন। আপনারা আর একটু শান্ত হয়ে বসুন। আসলে, মঞ্চের মাইক্রোফোন গুলির যান্ত্রিক ত্রুটি জনিত কারণে নাটকটি মঞ্চস্থ হতে একটু খানি বিলম্ব হচ্ছে। আশা করা যায় আর কুড়ি ত্রিশ মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ ত্রুটি কাটিয়ে উঠতে পারবো। সুধী দর্শকমণ্ডলী, আমাদের প্রিয় ছাত্রীরা আর কিছুক্ষণের মধ্যেই ........[রেবেকার দ্রুত প্রবেশ]

রেবেকা॥  ভেতরে আসবো ম্যাম।

শিখা॥   কে ?

রেবেকা॥  ম্যাম, আমি রেবেকা—পায়েলের বান্ধবী।

শিখা॥   [ব্যাগ্র ভাবে] পায়েল, পায়েল। কোথায় পায়েল, পায়েল এসেছে ? ডেকে নিয়ে আয় ওকো। পটিয়ে পিঠের ছাল তুলে নেব। বদমাশ মেয়ে কোথাকার। নাটক করা জন্মের মতো বার করে দিচ্ছি। স্টুপিড।

রেবেকা॥  ম্যাম, কাল সন্ধ্যায় পায়েল খামে মোড়া একটা চিঠি দিয়ে বলেছিল আপনাকে দিতে।

শিখা॥   পায়েল ! চিঠি ! আমাকে ? কই দেখি, দেখি চিঠিটা। আমায় দে দেখি। [ রেবেকা চিঠিখানা শিখাকে দেয়]

রেবেকা॥  আমি আসি ম্যাম। [প্রস্থান]

[শিখা খাম ছিঁড়ে চিঠিখানি পড়ে। চিঠি পড়ে হতভম্ব হয়ে চেয়ারে বসে পড়ে]

শিখা॥   ওরে পায়েল রে [মাথায় করাঘাত করে]।  [অনুর প্রবেশ]

অনু॥   কী হল শিখাদি, শরীর খারাপ ? [শিখা অনুকে চিঠিখানি দেয়] কী এটা ? চিঠি ! কার ?

শিখা॥   পড়ে দেখ। হতভাগী, সর্বনাশী—সব শেষ করে দিলি। [দুঃখে ভেঙ্গে পড়ে]

অনু॥   এ যে পায়েলের চিঠি ! এ কী সব লিখেছে! [পড়ে] “ওই পশু গুলা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে ম্যাম। আমার আর কিছু নেই। আপনার লক্ষ্মী হতে পারলাম না। অলক্ষ্মী হওয়ার যন্ত্রণা নিয়ে বাঁচার ইচ্ছা আর একটুও নেই। আমাকে ক্ষমা করবেন ম্যাম। প্রণাম।—ইতি পায়েল।”

হায় রে ! শিখাদি, এক্ষুনি ওর বাড়ি যাওয়া দরকার। যদি -– কোন রকমে—

শিখা॥   কোন লাভ নেই অনু, কোন লাভ নেই। সে এখন অনেক, অনেক দূরে, ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। অগুন্তি নীহারিকার মাঝে---হারিয়ে গেছে।

অনু॥   শিখাদি !

শিখা॥   পারল না—নিজেকে বাঁচাতে পারল না। ওই পশু গুলোর হাত থেকে নিষ্কৃতি পেল না। এমনি পশুর দল আনাচে কানাচে ওৎ পেতে আছে। মেয়েদের পরিত্রাণ নেই।

অনু, মাইক্রোফোনটা একবার আমায় দে।

অনু॥   দিচ্ছি শিখাদি। [মাইক্রোফোন স্ট্যান্ড সহ মাইক্রোফোনটি শিখার সামনে অনু এনে দেয়।]কী বলবে শিখাদি ? মেয়েদের নাটকটা—

শিখা॥   মেয়েদের নাটক তো চলছে অনু। মানব সভ্যতার আদিকাল থেকে আজ পর্যন্ত এ নাটক মঞ্চস্থ হয়ে চলেছে—ভবিষ্যতেও চলবে। এ নাটকের শেষ নেই—শুরু নেই। এ নাটকের কোন একটা স্টেজ নেই। প্রতিনিয়ত বিশ্বের প্রতিটি কোণে কোণে হাজার হাজার স্টেজে অভিনিত হচ্ছে মেয়েদের নাটক। আমাদের নাটকটা অনেক আগেই অন্য কোথাও হয়ে গেছে। আজ না হলেও ক্ষতি নেই। দে মাইক্রোফোনটা।

সুধী দর্শকবৃন্দ। আজ মেয়েদের যে নাটকটি অভিনিত হওয়ার কথা ছিল, অনিবার্য কারণ বশতঃতা মঞ্চস্থ করা গেল না। এর জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। ক্ষমা করবেন।

[মেকআপ করা মেয়েরা ধীরে ধীরে মঞ্চে এসে দাঁড়ায়। শিখা ও অনু তাদের বুকে জড়িয়ে ধরে।]


যবনিকা


No comments:

Post a Comment