1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

মীমাংসা

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


মীমাংসা

চন্দ্রকান্ত চক্রবর্তী


ভাষা আটপৌরে-- ছিমছাম

শব্দ মধুর-- নয় বেমানান

হেঁয়ালি উৎপাটিত,

রূপক ভরসারহিত।

যেভাবে যেমন ছিলে আগে

সেভাবেই চলে এস এখানে।


লিখব তোমার কথা

দেব না জটিল ব্যাখ্যা

সাহসে চোখে চোখ রাখা 

এক দমে কথা বলে যাওয়া

তবে না আমি-তুমি মুখোমুখি বসা।

যেভাবে যেমন ছিলে আগে

সেভাবেই চলে এস এখানে।


সমস্ত মুখবন্ধ, হাবভাব, অতিবিশ্লেষণ

বন্ধ খামে রাখি,

চল আমরা কফিশপে বসি।

ছেড়ে গিয়েছ যখন-- ফিরে এস না

যেটুকু রয়ে গেছে-- সেটুকুই থাক।

অমীমাংসিত প্রশ্নেরা শুধু,

তাদের উত্তর জেনে যাক।


যে কথা সোজা বলে দেওয়া যেত

তাকে আমরা ব্যবহার করিনি গ্রাহ্যত।

লুকিয়েছি নিজেদের ছায়ার আড়ালে সতত।


এক আকাশ মেঘ ভেঙ্গে এরপর বৃষ্টি আসুক

দুহাত তুলে দাঁড়াব আমি অতি উৎসুক

পাওয়ার নেই, দেওয়ারও কি কিছু আছে আর।

সন্তর্পণে করে নিই স্বীকার এবার।

যেভাবে যেমন ছিলে আগে

সেভাবেই চলে এস এখানে।


No comments:

Post a Comment