1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সুব্রত বিশ্বাস. Show all posts
Showing posts with label সুব্রত বিশ্বাস. Show all posts

Wednesday, January 1, 2020

ধানক্ষেতের থেকে সরাসরি

                                                                                                           ...সুব্রত বিশ্বাস


তখনও মাত্র কিছু তুলেছি উঠোনে, বাকি সব উড়ছে ভিজছে ঝড়-তুফানে ।
একা আমি আর চাষা-পরিবার আমার, আর কেউ কোনও একজনও
আশেপাশে ছুটে এসে হাতে হাতে আমার প্রাণের ধান গুলো গুছিয়ে তো দিলে না।
কত পাকা কাটা ধান, কত গাছ ভরা সোনা-দানা,কত এলোমেলো মাথা ভার
রয়ে গেল--- আরো হাতের অভাবে মাঠে মাঠে, আমার একার লড়াইয়ে হেরে
স্বপ্ন-সম্পদ ঘরে এলো না।

সময় ছিল না কারও, এদিকে তাকাবারও
অথচ প্রত্যেকে তোমারা আমাদের কত ভালবাসো,
সেদিন হেলিকপ্টার যে মাঠে নেমেছিল,যে আলের পাশ দিয়ে লম্বা মিছিল
চেনা শ্লোগান নতুন আওয়াজে সোচ্চার করে তুলেছিল আকাশ বাতাস
আজকে সেই আকাশ থেকে সেই মাঠে ধারা নামে,ঝড় আসে ছুটে ---
কেউ এলে না তো, একটা ছোট্ট মিছিল, একটা পথ-সভা থেকে দৌড়ে
মাইক্রোফোন রেখে কেউ একজনও---আমার প্রাণ বাঁচাবার ধান ঘরে তুলে দিতে ।

শুধু ঘূর্ণিঝড়ের সাবধান-বাণী, অভয়ের বাছা বাছা সাবধানী ভরসা, দূর থেকে--
জমিতে শুয়ে আছে, জলে ভিজে , ঘোরতর জ্বরে মৃত্যু প্রহরে সর্বশক্তি আমার
জীবনের এ ফসল, বিফলে দুর্বল আমি----তবুও ডাকবেই আমাকে
তোমাদের মহার্ঘ ঐ ভোটের লাইনে দাঁড়াতে ।

 biswassubrata1168@gmail.com
উত্তর ২৪পরগণা

Saturday, September 28, 2019

ইচ্ছে নদীর পারে


ছবি-আন্তর্জাল




ওপারে মোতিগঞ্জ থেকে নৌকো আসে এপারে
মানুষ নামে কত, সামান নামায় কত লোকে
বোট-পুল নড়ে চড়ে জলে, খুলে রাখে তোড়ে
নদীর পারে হাট, সেই সোমবারে এই শুক্রবারে
ইছামতীর বুকের উপর বৃষ্টি নামে ত্রিকাল ধরে...



এই তো তিরিশ বছর, ঐ যে পানারা মেলেছে ডানা একান্নবর্তী সংসারে, 
কবেই তো সারি সারি বোট গুলো গেছে মরে শরীরে জং ধরে,
কাঠ পাতা সরু রায়ব্রীজ---সেও যে হয়েছে ভুলে যেতে,এখন নদী এফোঁড় ওফোঁড় পাকাপকি দুই সেতু, কতকাল কত কত পারাপার পেরিয়ে যাবার হেতু...
 চেনা ছিল নদী, দুই ডাঙায় ছড়ানো বাজার---
শৈশব গিয়েছে তার, ঝাপ তোলা দোকানের সারি---
কাপড়ের, বাসনের,নানা মনিহারী 
কালে নদী হলো নালা, বস্ত্রালয়ের বস্ত্রহরণ হল সারা,  
 ঝুলে থেকে সাইনবোর্ডের ভাঙা হাড়গোড়, কখন যে মেলে দিলো শপিংমলের পাড়া, 
 রং করা, কত উঁচিয়ে থাকা বাজার, আর ঠান্ডা হাওয়ার বেচা কেনা, মরা নদী বলে--
 আমারই প্রতিচ্ছবি যায় না তো চেনা ; মোতিগঞ্জের মোতি গেছে চুরি, ইচ্ছেমতীর ইচ্ছে গেছে কাদার নীচে থেমে---
 দু'পারে ঢাক বাজে মন্ডপে, এল ইডি আলোয় চরাচর চকচক করে, মাইকে মাইকে ভেসে যায় ইতিহাস---


নদী প্রৌঢ় হয়, গঞ্জে বসে শহর, নৌকো ভাঙে কাদা, পানায় ঢাকে জল--- 
মিছিলে নামে সময় হাট বসে এখনও শুক্রবারে, বনের গাঁয়ে বদলে যাওয়ার পারে,
পুরানো কেবল মরে...
                                                                                             


লেখক - সুব্রত বিশ্বাস 
biswassubrata1168@gmail.com