1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সোমনাথ বেনিয়া. Show all posts
Showing posts with label সোমনাথ বেনিয়া. Show all posts

Wednesday, January 12, 2022

মন্ত্রবতী

 

ছবি : ইন্টারনেট 

মন্ত্রবতী 

সোমনাথ বেনিয়া

 

নৈবেদ্য নিয়ে যাওয়ার আগে ফুরিয়েছে ইচ্ছেশক্তি

বহুকাল ধরে জপের মলায় জমেছে মেঘাশ্রু ...

ছলকে উঠলে বুঝি নিরাময় ইঙ্গিত দিলো এই

সময়কালীন সরণি বেয়ে সমর্পণের নৌকা ভাসিয়েছি

হৃদয় কবে মন্ত্রবতী হবে, জানে দেবদূতের গুঞ্জরিত মন

কিছু অপারগতা নিয়ে নাভির চারিদিকে রাখিনি সৌরভ

বুকের গতিবেগ ঝুলে আছে কুয়াশাচ্ছন্ন নক্ষত্রপত্রে

আলোকবর্ষ কুড়িয়ে সঞ্চয়ের খাতায় মলাট চন্দ্রবিন্দু

অকৃপণ পথিকের পায়ে ধুলোর চামড়া তিতিক্ষার আসন

দাও বলে হাত বাড়াই, দূরে সরে যায় পূর্ণচ্ছেদ

একদিন তৃতীয় নয়নের কাছে আত্মসুখ পরমান্নের কিশমিশ ...

somnathbenia14@gmail.com
নিমতা 

Wednesday, March 31, 2021

বারবার, রবিবার


ছবি  : ইন্টারনেট 
বারবার, রবিবার 
সোমনাথ বেনিয়া

         লাল কালি মানে রবিবার সাধারণত। তাই পাখি কিংবা খাসি। মুখ হাসি-হাসি। বাজার বসবে জমিয়ে। কামিয়ে নেবে জোরদার কারণ বাজারহাটে বাবুদের রমরমা। দরাদরিতে কুস্তি নেই। স্বস্তি সামান্য হলেও আসবে গৃহিণীদের মনে। এদিন চোখে চোখ পড়বে রোমান্টিকতার ছোঁয়ায়। রোদে গামছা শুকিয়ে খড়খড়ে। নেতিয়ে যাবে স্পর্শকাতর অঞ্চলে। পায়ে পা লাগিয়ে ঝগড়া নয়, কোনো বাজে প্রলাপ‌ও নয়, পুনরায় নতুন অথবা সবুজ হ‌ওয়ার ইশারা মাত্র। ঘুম থেকে ওঠার তাড়া নেই। বাথরুমের দিকে দৌড় করানোর মতো চায়ের কড়া ধার নেই। শীতল, নরম আলস‍্যভাব কাটিয়ে সুখী ব্রাশের গায়ে সুখী পেস্টের লেপনে গড়হাজিরার কোনো ভূমিকা নেই। দাঁতের ফাঁকে জমে থাকা গতরাতের খাবারের কোনো অনুভূতি নেই। বাজার থেকে ফিরে আরও এক কাপ চায়ের চুমুকে পেপারের বিজ্ঞাপন দুরন্ত হয়ে ওঠে। বয়সের ভীমরতিতে পাত্র-পাত্রীর পৃষ্ঠায় নজরের দোষ লাগে। প্রতিদিনের চেনা শব্দছক গুলিয়ে যায়। সপ্তাহিক রাশিফলে ঘোল ঢেলে দেয় বসের উষ্মা। আজ অবশ‍্য কোনো উষ্মা নয়, ব‌উ তার উমা। স্বয়ং অন্নপূর্ণা। কষে রাধো দেখি মামনি। তিথি মানার দরকার নেই। গুরুদেবের কাছে মনে-মনে ক্ষমা চেয়ে নেবো। গ্রহণের কোনো প্রয়োজন নেই। দিন শেষে বড়োজোর থাকতে পারে তুমি, আমি আর আমাদের সন্তানের মতো কিছু প্রাগৈতিহাসিক গল্প। থাকবে কিছু পর নিন্দা পর চর্চা। তখন পাশের বাড়ির পাগলির গালাগালি শুনে মনে সুখ আসবে। ভালো লাগবে রাস্তার কুকুরকে টোস্ট বিস্কুট ছুড়ে দেওয়ার আনন্দ। সব কিছু সময়ে হবে না। আজ অসময়ের বার। চেয়ারে অনেকক্ষণ পিঠ ঠেকিয়ে রাখার দিন। ঠ‍্যাঙের উপর ঠ‍্যাং তুলে নাচানোর দিন। গায়ে সাবান দেওয়ার দিন। নাকের ভিতরের চুল ছাটার দিন। মশার উৎপাত নিয়ে আলোচনার দিন। অথিতি চলে আসলে আলোয় চোনা ফেলার দিন। ছেলে-মেয়েদের বোঝার দিন। মাথায় এক্সট্রা কিছু বোঝা বাড়িয়ে নেওয়ার দিন। টিভিতে খবরের ফাঁকে কার্টুন দেখার দিন। ব‌উয়ের সিরিয়াল কিলারের দিন। কর্তার তখন রবিবাসরীয়তে ছোটোগল্পের দিন। একটা চোঁয়াঢেকুর তুলে পুনরায় চোখ বন্ধ করার দিন। পিঠ চুলকাচ্ছে, হাত যাচ্ছে না এই অছিলায় ব‌উকে একটু কাছে পাওয়ার রবিবার। সূর্য ডুবে যাওয়ার উত্তরপর্বে চপ-মুড়ি-সিঙারার সন্ধ্যা। পাড়ার মোড়ে বাঁশের মাচায় একটু আড্ডা, আড্ডায় রাজনীতি নিয়ে আলোচনায় নিজেদেরকে তর্কের গাড্ডায় ফেলার দিন। কার কত বয়স হলো তা দীর্ঘশ্বাসে ভাববার রবিবার। বাহান্ন কার্ডের চটাস-চটাস করে মাদুরে আছাড় খাওয়ার দিন। অম্বলে মুখ ভার করে রাতের ভোজপর্ব ইতি করে ব‌উয়ের সঙ্গে লুডো খেলার দিন থুড়ি রাত। ভালো রাত। মন কী বাতের মতো রাত। রিনা ব্রাউনের মতো রাত। দরজা বন্ধ হলে ঘর রাতের ইডেন গার্ডেন। দলে-দলে শতদল নবীনের, প্রাচীনের টুথপিক নিয়ে আয়নার সামনে রাত। আবার কবে রবিবার। ক‍্যালেন্ডারের দিকে তাকাতেই চোখে পড়বে, প্রথম সপ্তাহের রবিবার। মাসের শেষ রবির দিকে নিয়ে যাও প্রভু। অ্যাকাউন্ট ভীষণ দুর্বল। সবল জ‍্যোৎস্না ফিক ফিক হাসছে, যেনো সব রবিবার মিছিমিছি, দুধভাত …

somnathbenia14@gmail.com
কলকাতা




Saturday, September 28, 2019

বিশ্ব উষ্ণায়ন



ছবি-আন্তর্জাল

প্রফেসর রাজেশ বিশ্ব উষ্ণায়নের উপর বক্তৃতা দিলেন। বললেন
, এই বিশ্ব উষ্ণায়নের কারণ, তার প্রভাব এবং কীভাবে এর সমাধন করা সম্ভব। এরপর বাড়ি ফেরার পথ ধরলেন। হঠাৎ ফোন। তার ব‌উ রীতার ফোন। ধরতেই হুকুম এলো, বাড়িতে ঢোকার সময় যেন দুটো গরমমশলার প‍্যাকেট কিনে আনে কারণ আজ রাতে মাংস রান্না করছে সে। সব কিছু কিনেছিল। শুধু ওটাই ভুলে গেছে। নিয়ে যাবো বলে রাজেশ ফোন কেটে দেয়। এরপর বাড়িতে এসে সোফার উপর ফাইলটা রেখে রান্নাঘরে গিয়ে গরমমশলা রীতার হাতে দিতেই সে বিরক্তি নিয়ে বললো
-
দুটো প‍্যাকেট আনতে বলেছিলাম। আর নিয়ে আসলে একটা। একটা কাজ‌ও যদি তোমাকে দিয়ে হয়!
চুপচাপ কথা হজম করে রান্না ঘর থেকে সে বেরিয়ে আসতেই পাশের ঘর থেকে তার মেয়ে ডাকলো। মেয়ের কাছে যেতেই সে বলে
-
বাবা, কবে থেকে বলছি তোমাকে যে চিলড্রেন্সে নিয়ে চলো। তোমাকে যে খেলনাটির কথা বলেছিলাম সেটা কি বিক্রি হয়ে যাওয়ার পর যাবে।
মেয়ের কাছেও এক প্রকার কথা শুনে কিছুই না বলে ওয়াশ রুমে গিয়ে দেখে কল থেকে জল খুব ধীরে পড়ছে। কিছুটা বিরক্তি নিয়ে সে বলে
-
কলে জল পড়ছে না। একটু দেখে তো রাখতে পারো। ট‍্যাঙ্কটা ফুল আছে কিনা দেখে তো আসতে পারো।
শুনে রীতা বলে - কবে থেকে পাম্পটা গণ্ডগোল করছে। চালু করলেই সোঁ সোঁ শব্দ করে কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাচ্ছে। তোমাকে কতবার বলতে হবে শুনি যে পাম্পটা মেকানিককে দেখাও।
রাজেশ চুপসে গিয়ে কোনোমতে ধরে রাখা ড্রামের অল্প জলে হাতমুখ ধুয়ে বেরিয়ে এসে হল ঘরের দিকে যেতেই তার মা দোতলা থেকে নামতে-নামতে বলে
-
হ‍্যাঁরে, আমার তো প্রেসারের  ওষুধ শেষের মুখে। ডাক্তারের কাছে কবে নিয়ে যাবি। এর মধ‍্যে তো আবার ব্লাড টেস্টটা করাতে হবে। সুগারের অবস্থা কীরকম কে জানে!
সবটা শুনে রাজেশ ধপ করে হল ঘরের সোফায় বসে পড়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ে রীতার দিয়ে যাওয়া গরম চায়ে মুখ দিতে গিয়ে জিভে ছ‍্যাঁকা খেয়ে সোফার গায়ে হেলান দিয়ে হালকা মুখ বেঁকিয়ে ভাবতে থাকে যে বিশ্ব উষ্ণায়নের জের এখন বাইরের পরিবেশ থেকে সংসারে ঢুকে পড়ে তার খেল দেখাতে শুরু করেছে ...



লেখক -  সোমনাথ বেনিয়া
somnathbenia14@gmail.com