1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label ইন্দ্রানী দলপতি. Show all posts
Showing posts with label ইন্দ্রানী দলপতি. Show all posts

Sunday, February 21, 2021

ইতিহাসের সাধক

 

ছবি  : ইন্টারনেট 

ইতিহাসের সাধক
ইন্দ্রানী দলপতি

।। ১ ।।

“যেকোনো মানুষ হয়তো শুধু একজন মানুষ হিসেবে বেড়ে উঠে না, পাশাপাশি সে যেন সাক্ষী হয়ে থাকে তার সমকালীন সময়ের, ধীরে ধীরে তার আপাদমস্তক পরিণত হয় একটা গল্পের বইতে, না, বই নয় বই নয়, উপন্যাস…” জানলার দিকে তাকিয়ে সাতপাঁচ ভাবতে ভাবতে এক দৃষ্টিতে সামনের শিমূল গাছটার দিকে তাকিয়ে ছিলেন সমরেশ বাবু। এই মুহূর্তে তার কোনো ক্লাস নেই, খানিকটা অবসর মিলেছে। অবসর পেলেই তিনি জানলা দিয়ে শিমূল গাছটার দিকে চেয়ে থাকেন। অনেক কথা হয় তাদের মধ্যে। সমরেশ বাবু নিজের জীবন দিয়ে দেখেছেন, মানুষের বয়স যত বাড়তে থাকে, জীবনে প্রকৃত বন্ধুর সংখ্যা ততই কমে আসতে থাকে। একটা সীমা পার করে আসার পর মনের কথা বলার মত আর কেউ থাকে না। খুব কাছের হয়ে ওঠে সাদা কাগজ আর কলম, আর তার পরেই গাছ। গত পাঁচ বছর ধরে এই শিমূল গাছটা সমরেশ বাবুর প্রকৃত বন্ধু হয়ে উঠেছে। সমরেশ বাবু বিপত্নীক, পেশায় একজন বিদ্যালয়ের শিক্ষক, একটিমাত্র পুত্রসন্তান ও পুত্রবধূ নিয়ে তার সংসার। বই পড়া তার একমাত্র নেশা। সাধারণ জীবনযাপনেই তিনি বরাবর অভ্যস্ত। পরিচিত পরিসরে বেশ ডাক-নাম রয়েছে তার অমায়িক ব্যবহারের জন্য। আর মাত্র মাস চারেক পরেই তার অবসর মিলতে চলেছে কর্মজীবন থেকে। সমরেশ বাবুর মনটা বিষণ্ণ হয়ে আছে বেশ কিছুদিন ধরেই। শিক্ষকতাকে শুধুমাত্র পেশা হিসাবে তিনি দেখতেন না, এটা ছিল তার অস্তিত্ব। সমরেশ বাবুর মনে পড়ে যায়, আজ থেকে বেশ কয়েক মাস আগেও অবসর সময় কাটানোর জন্য তিনি অনেক পরিকল্পনা করে রেখেছিলেন, কিন্তু আজ আর কিছুই মনে করতে পারেন না, জোর করে মনে করতে গেলে কেমন যেন তালগোল পাকিয়ে যায় মাথার ভেতর। জানলার কাছ থেকে সরে এলেন সমরেশ বাবু। চেয়ারে বসলেন। বোতল থেকে খানিকটা জল খেলেন। বিতেশ বাবুর ক্লাস শেষ হতে আর এক মিনিট মতো বাকি আছে প্রায়। হাতে ইতিহাস বইটা নিয়ে বেরিয়ে পড়লেন সমরেশ বাবু, গন্তব্য ৭ নম্বর ক্লাসরুম। 

জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বইটার সিন্ধু সভ্যতার অধ্যায়টা খুলে টেবিলের ওপর রাখলেন সমরেশ বাবু। সামনের দিকে তাকিয়ে একবার বেঞ্চের সারিগুলোতে চোখ বুলিয়ে নিলেন তিনি। আজকালকার ছাত্রগুলো কেমন যেন সব ঝিমিয়ে থাকে, পড়াশোনাতে একদম আগ্রহ নেই। কোনও প্রশ্ন করে না, কিছু জানতে চায় না, কেমন নির্বিকার হয়ে তাকিয়ে থাকে শুধু। সমরেশ বাবু তবু হাল ছাড়েন না, তিনি পড়ানো শুরু করেন। 

“আজকে আমরা জানবো সিন্ধু সভ্যতার বিষয়ে, এখানে কেউ কি জানো এর সম্পর্কে?” – বোর্ডে বড় বড় করে “সিন্ধু সভ্যতা” লিখে সামনের দিকে ঘুরে দাঁড়ান। নিস্তেজ হয়ে থাকা ক্লাসে প্রাণ ফেরানোর জন্য আবার তিনি প্রশ্ন ছুঁড়ে দেন – “আচ্ছা, এই নামটা নিশ্চয়ই তোমাদের জানা?”উত্তরের জন্য আর অপেক্ষা না করেই তিনি বিশদে বর্ণনা দেওয়া শুরু করেন। “প্রাচীন কালে ভারতবর্ষের বুকে যে সমস্ত সভ্যতা গুলো গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম একটি সভ্যতা হল সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতাকে তাম্র-প্রস্তর যুগের সভ্যতাও বলা হয়ে থাকে। যেহেতু সেই যুগে মানুষ তামা আর ব্রোঞ্জের পাশাপাশি পাথরের ব্যবহারও করতে শিখেছিল, তাই এই যুগের নাম তাম্র-প্রস্তর যুগ। এই সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে এক প্রখ্যাত বাঙালী প্রত্নতত্ত্ববিদের নাম। তিনি হলেন রাখলাদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কেউ কি বলতে পারবে প্রত্নতত্ত্ববিদ কাদের বলে?”

নাহ্, এবারেও সেই একইরকম নির্বাক হয়ে চেয়ে রয়েছে সকলে। তবে সমরেশবাবু এবার আর নিজে থেকে জানালেন না উত্তরটা, তিনি ছাত্রদের একদিন সময় দিলেন উত্তরটা জেনে আসার জন্য। ক্লাস শেষ করে বেরিয়ে আসলেন ক্লাসরুম থেকে। মনটা একটু খারাপ হল বোধহয়। কেন এরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে? আচ্ছা, ওরা তো বিজ্ঞান পড়ে মন দিয়ে, অঙ্ক কষে মন দিয়ে, ইংরাজী ক্লাসেও সকলে কী সুন্দর প্রশ্ন করে ইংরাজীতে, অথচ ইতিহাস, বাংলায় ওদের কেমন পুতুলের মত হাবভাব হয়ে যায়। কীসের এত অনীহা ওদের? বাংলায় কথা বলতে কীসের এত অনীহা? ইতিহাস জানতে কীসের এত অনীহা? মন খারাপটা ক্রমশ বিরক্তিতে পরিণত হল এবার। মাথার পারদ চড়তে লাগলো ক্রমশ…

ঘুমটা ভেঙে গেল শৌভিকের। হুড়মুড় করে কিছু পড়ে যাওয়ার শব্দ হল না! তবে কি বাবা আবার… শৌভিক আর দেরী করল না। গায়ের ওপর থেকে ঝট করে চাদরটা সরিয়ে এক লাফে বিছানা থেকে নেমে বিদ্যুৎ গতিতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। বাবার ঘরে আলোটা জ্বলছে। তার মানে ও শব্দটা ঠিকই শুনেছিল। দরজা খুলে ঘরে ঢুকল শৌভিক। দেওয়ালে বড় বড় করে লেখা “সিন্ধু সভ্যতা”। সামনে কয়েকটা চেয়ার একে-অপরের গায়ে পড়ে রয়েছে। বিছানার ওপারে উঁকি দিতেই শৌভিক দেখতে পেল তার বাবা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে। জলের গ্লাসটা নিয়ে কাছে গিয়ে চোখে মুখে কিছুটা জল ছিটিয়ে দিল। শৌভিক বাবার মাথাটা তুলে নিয়ে নিজের কোলে রাখল। বাবার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিল। কানের কাছে মুখটা নামিয়ে ডাকল – “বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ? বাবা…” ধীরে ধীরে সমরেশ বাবু চোখ খুলে তাকালেন। শৌভিকের সাহায্যে উঠে বসলেন বিছানায়। বাবাকে শুইয়ে দিয়ে গায়ের উপর চাদরটা চাপা দিয়ে দিল। তারপর আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিল। সমরেশ বাবুর চোখ ঘুমে বুজে আসতে লাগলো। ক্ষীণ স্বরে তিনি শৌভিকের দিকে চেয়ে বললেন – “তুমি কী জানো প্রত্নতত্ত্ববিদ কাদের বলে? কাল কিন্তু জেনে আসবে, জে…নে আ…সবে ক…কা…।” শৌভিক তখনও পরম স্নেহে বাবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। বাবা ঘুমিয়ে পড়লে আলো নিভিয়ে ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। এরপর নিজের ঘরে না ফিরে সোজা ছাদে উঠে গেল। পৌষ মাস পড়ে গেছে হয়তো, বেশ ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া দিচ্ছে। একটা সিগারেট ধরিয়ে দিল শৌভিক। মানুষ যখন অনুতপ্ত হয় তখন সে একমাত্র প্রকৃতির কোলেই মুখ লুকিয়ে শান্তি পায়। শৌভিক শান্তি পেল না ঠিকই, তবে খানিকটা হালকা বোধ করল হয়তো ।


।। ২ ।।

- কী সমরেশ বাবু, ক্লাস কেমন হল?

- সেই একইরকম। কেউ কোনো প্রশ্ন করে না, কিছুই জানতে চায়না। ইতিহাসকে আর কেউ ভালবাসে না, বুঝলে সমীর?

- ইতিহাস পড়ে কী হবে মশাই? ওসব সাল-তারিখ থোড়াই কাজে লাগে!

- সমীর, ইতিহাস মানে শুধুই সাল তারিখ নয়। সাল তারিখের বাইরেও ইতিহাসের নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে।

- তাই বুঝি? কীরকম বলুন তো?

সমরেশ বাবু আগ্রহ নিয়ে নড়েচড়ে বসেন চেয়ারটাতে, তারপর বলতে শুরু করেন,

- ইতিহাস মানে শুধু সাল-তারিখ নয়, তোমার অস্তিত্ব, আমার অস্তিত্ব, আমাদের অস্তিত্ব, আমাদের পূর্বপুরুষের অস্তিত্ব। আর……

- আর কী সমরেশ বাবু? 

- দলিল, সময়ের দলিল।

- ধুর মশাই! আপনি ইতিহাসের মাষ্টার না হয়ে নাটকের স্ক্রিপ্ট লিখতে পারতেন তো!

সমীর উঠে বেরিয়ে যায়, সমরেশ বাবুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সমরেশ বাবু আপন মনে বলে চলেন -

“আবিষ্কার কি শুধু বিজ্ঞানে হয়? বিজ্ঞানের আবিষ্কারই কি শুধু সাড়া ফেলার যোগ্য? ইতিহাসের আবিষ্কার বুঝি আবিষ্কার নয়? কোনো গুরুত্ব নেই তার? এই যে চাকা, গড়গড়িয়ে চলছে সেই কোন যুগ থেকে, ইতিহাসের কোনো অবদান নেই তাতে? এই যে আগুন, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এই আগুন আবিষ্কারও তো ইতিহাসের অবদান! ইতিহাস ছাড়া বিজ্ঞান হত? গণিত হত? প্রশাসন হত? ইতিহাস ছাড়া চিকিৎসা হত? ইতিহাস ছাড়া আমদের সমাজ হত? এই মানব সভ্যতা হত? আধুনিক হলাম বলে কী অতীত মিথ্যে হয়ে যাবে!”

একটানা কথাগুলো বলে একটু দম নিলেন। একটু জল খেয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। তাকিয়ে রইলেন শিমুল গাছটার দিকে। মায়ের কথা মনে পড়লো তার। মা যখন স্নান সেরে লাল পেড়ে সাদা শাড়ি পড়ে ঠাকুরঘরে পুজো করতেন, মায়ের দিকে তিনি অভিভূত হয়ে তাকিয়ে থাকতেন। কপালে লাল টিপ, এক মাথা সিঁদুরে মাকে ঠিক যেন দেবী দুর্গার মতো লাগতো। তিনি মুগ্ধ হয়ে চেয়ে থাকতেন। মা তাকে পরম যত্নে খাইয়ে দিতেন, গল্প শোনাতেন। দালানে দাঁড়িয়ে দেখতেন তুলসী তলায় মায়ের প্রদীপ দেওয়া। গ্রামের দিকে তখনও সেভাবে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে যায়নি। মায়ের কোলে বসে দুজনে মিলে জোনাকি দেখতেন। তখন তো আঁধার নামলেই সারা বাড়ি জুড়ে জোনাকিদের রাজত্ব। বাড়ির পশ্চিমে একটা শিমূল গাছ ছিল। মায়ের সাথে একসাথে বসিয়েছিলেন গাছটা। গাছটা বেড়ে ওঠার সুযোগ পেলে এই গাছটার মতোই হয়তো দীর্ঘ হতে পারত। একদিন মা-ও চলে গেলেন, সাথে হারিয়ে গেল মায়ের আদর, যত্ন, স্নেহ, তুলসীতলার প্রদীপ আর জোনাকি। 

“সব হারিয়ে গেলে পরে ইতিহাসই শুধু সাক্ষী রয়ে যায়… আর এরা বলে কিনা ইতিহাস মানে শুধুই সাল আর তারিখ!” – বিড়বিড় করতে থাকেন সমরেশ বাবু।

শৌভিক দরজা খুলে খাবার নিয়ে ঘরে ঢুকল। খাবারটা বিছানার পাশে টেবিলের ওপর রেখে বন্ধ জানলাটার সামনে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। বাবা তাকে জানলার দিকে আঙ্গুল নির্দেশ করে বলল – “ঐ শিমূল গাছটাকে দেখছ? ঐ শিমূল গাছটা সব জানে। অনেক ইতিহাস জানে। তুমি কিস্যু জানো না, কিস্যু না!” শৌভিক কোনো কথা বলল না। বরাবর সে কম কথা বলত। এখন প্রয়োজনটুকু ছাড়া আর কোনোও কথা বলে না। মনের মধ্যে যে তীব্র যন্ত্রণা জমে রয়েছে, তাতে তার বহন ক্ষমতা দিনে দিনে যেন কমে আসছে মনে হয়, তাই অযথা শক্তি খরচ করে লাভ কী! বাবাকে খাবার খাইয়ে, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে।


।। ৩ ।।

“কথা বলার জন্য সত্যিই কাউকে প্রয়োজন হয়, এই ধ্রুব সত্যটা নিজের জীবন দিয়ে যতক্ষণ না উপলব্ধি করা যায়, ততক্ষণ অন্যের অনুভূতিগুলোকে অনেকটা পাগলের প্রলাপের মতোই লাগতে থাকে। বাবা বরাবর ইতিহাস পাগল। ইতিহাসের প্রতি তার এই ভালোবাসাটা অবশ্য ছোটোবেলা থেকেই যে ছিল, তা ঠিক নয়। বরং বেশ দূরে দুরেই থাকত সে। ঠাকুমা মারা যাবার পরে বাবা যখন প্রথম এই শহরে এসে উঠলো, এখানকার এক স্থানীয় বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানকারই এক মাষ্টার বাবার ইতিহাসের প্রতি সমস্ত ভীতি দূর করে দেয়। তিনিই নাকি বাবাকে শিখিয়েছিলেন আমদের জীবন আর ইতিহাস একে অপরের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে। সেই থেকে বাবা ইতিহাসে জীবন খুঁজে পেল, আর তাকে ঘিরে ভালবাসাও তৈরি হল। বাবা চাইতেন সবার যেন ইতিহাসের প্রতি ভীতি দূর হয়, সবাই যেন ইতিহাসে শুধু সাল আর তারিখের তলায় দাগ না দেয়, বরং ইতিহাস যেন তাদের মনে দাগ কেটে যায় এই চেষ্টাই সর্বদা করতেন। এখনকার শিক্ষাব্যবস্থার প্রতি বাবার অনেক অভিযোগ ছিল। বাবা আসলে আগেকার মানুষ, তিনি মোটেই এই ফাঁকিবাজি করে শুধুমাত্র নম্বরের পিছনে দৌড়ানোতে সন্তুষ্ট থাকতে পারতেন না। তিনি শেখাতে চাইতেন, তিনি আত্মস্থ করাতে চাইতেন। অস্থির থাকতেন, সারাক্ষণ কী সব যেন ভেবে যেতেন। তবে মা ছিল বাবার যথাযোগ্য সহধর্মিনী। বাবার সকল অনুভূতি দাম পেত একমাত্র মায়ের কাছে। হয়তো বাবার সংস্পর্শে এসেই মায়েরও ইতিহাস চর্চায় শান পড়েছিল। মা-বাবার অবসর সময়ের আলাপ-আলোচনাতেও শুধুই ইতিহাস থাকত। আমার বড় বিরক্ত লাগত। আমি কোনোদিন বাবার সান্নিধ্যে যেতে চাইনি। কাছে গিয়েছি অনেকবার, কিন্তু সান্নিধ্যে যাওয়া হয়নি। তাই আমার কাছে ইতিহাস সাল-তারিখের গণ্ডি পেরিয়ে মনে জায়গা করে নিতে পারেনি কোনোদিনই। লোকটাকে পাগল মনে হত, মনে হত অসুস্থ, ডাক্তার দেখানো প্রয়োজন। মা কিন্তু বাবার পাশে শেষ পর্যন্ত ছিল। ওরা দুজনে ঠিক করে রেখেছিল একটা পাঠশালা খুলবে, সেখানে ছোটো ছোটো ছেলে-মেয়েদের ইতিহাস-ভীতি দূর করবে, জীবনের সাথে ইতিহাসকে মিলিয়ে দেবে, ভালবাসতে শেখাবে। বাবা বিশ্বাস করতেন, ইতিহাস না পড়লে, ইতিহাসকে না জানলে মানুষের মত মানুষ হওয়া যায় না। বাবার এই লড়াই আসলে মানুষ তৈরি করারই লড়াই ছিল। আমি বুঝিনি। আরও অনেকে বোঝেনি। অনেকের কাছে তো এখন বাবা শুধুই একজন ‘পাগলা মাষ্টার’। সারাজীবন ধরে একটা মানুষের এতখানি অবদান এইভাবে নিমেষে ধুলোয় মিশিয়ে যায়!” – কান্নায় ভেঙে পরে শৌভিক। ডঃ বাসু খানিকটা সময় দেয় তাকে, তারপর জলের গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। মানুষ চাইলেও অনেক সময় নিজে থেকে কাঁদতে পারে না, অনুতাপের পাথর ভাঙতেও একটা আঘাতের প্রয়োজন হয়। সমরেশ বাবুর লেখা ডায়েরি সেই মস্ত আঘাতের ভূমিকা পালন করেছে। মনোবিদ ডঃ বাসু নিজের নেওয়া সিদ্ধান্তে খানিকটা সন্তুষ্ট হয়। আমরা নিজেরাই অনেক সময় নিজেদের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তুলে দিই, নিজেকে বন্দী করে রাখি সেই ঘেরাটোপের মধ্যে, অনুতাপে পুড়তে থাকি, ভাবতে থাকি নিজেকে শাস্তি দিচ্ছি। অথচ এইসবের মাঝে কখন যে সত্যি সত্যি ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করে ফেলি তা আমরা অনুধাবনও করতে পারিনা। ডঃ বাসু চেয়েছিলেন শৌভিক এই দেওয়ালটা ভেঙে বেরিয়ে আসুক। তাতে আদতে শৌভিক এবং সমরেশ বাবু, দুজনেরই লাভ। 

শৌভিক খানিকটা স্বাভাবিক হলে আবারও বলতে শুরু করে – “জানেন, বাবার এই ইতিহাস প্রীতি আমার বরাবর অপছন্দের ছিল। বাবার সাথে আমার মতের মিল কোনোদিনই ছিল না। মা, একমাত্র মা আমদের মাধ্যম হিসাবে কাজ করত। বাবা থাকতেন বাবার মতো, আমি থাকতাম আমার মতো, আর আমাদের দুজনের মাঝে পড়েছিলেন আমার মা। অথচ মা সবটা হাসিমুখে মানিয়ে নিয়ে চলতেন। কী করে পারতো কে জানে! হঠাৎ করেই মা একদিন অসুস্থ হয়, ভোররাতে মায়ের হার্ট অ্যাটাক হয়, মায়ের পাশে কেউ ছিল না, বাবা তখন পড়ার টেবিলে ঘুমে অচেতন ছিলেন, আর আমি… আমিও ছিলাম না।“ শৌভিকের গলার কাছটা দলা পাকিয়ে আসে। একটু জল খেয়ে নেয়। তারপর আবার বলতে শুরু করে – “বাবা আমাকে খবরটা জানায়নি। আমাকে তো বাবা নিজের ছেলে বলেই মনে করতেন না। মা মারা যাবার সাতদিনের মাথায় আমি যখন বাড়ি ফিরে সবটা জানতে পারি, নিজেকে আর সামলাতে পারিনি। বাবার ঘরের দিকে যাই, সেদিনও বাবা ঐ পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিলেন। টেবিলের ওপর ইতিহাস বইটা দেখে মাথায় আগুন চড়ে যায়। বাবার এই ইতিহাস-প্রীতির জন্যই আমি আমার মা-কে হারিয়েছি; এই কথাটাই বারবার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল তখন। আর সামলাতে পারিনি নিজেকে। বাবার বইয়ের আলমারি তছনছ করে ফেলি, পড়ার টেবিল লণ্ডভণ্ড করে দিই, সেই মুহূর্তেই বাবা আমাকে বাঁধা দিতে আসেন, গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলি দিই তাকে। হাঁফাতে হাঁফাতে আমি বসে পড়ি মাটিতে। কিছুটা শান্ত হলে তাকিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় বাবা মাটিতে পড়ে রয়েছে। বুকের ভেতরটা কেমন একটা করে ওঠে জানেন। অদ্ভুত একটা কষ্ট হতে শুরু করে। বাবাকে নিয়ে হাসপাতালে যাই, এরপর সবটাই তো আপনার জানা।“

“অনেকটা রক্ত বেরিয়েছিল সেদিন। আমার হাতে রক্ত লেগেছিল, জামায় রক্ত লেগেছিল। বাবাকে আমি ঘৃণা করতাম, কিন্তু সেদিনের পর থেকে নিজের দিকে তাকাতেই কেমন ঘৃণা হতে লাগল। জ্ঞান ফেরার পর যখন প্রথম বাবাকে দেখতে গেলাম, ওইভাবে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে বাবার প্রতি কেমন মায়া হল জানেন। বাবা আর আমাকে চিনতে পারেনি সেদিনের পর থেকে… আমারও মানুষটাকে চিনতে অনেকটা দেরী হয়ে গেল, অনেকটাই দেরী হয়ে গেল।“ – একটা দীর্ঘশ্বাস ফেলে থেমে যায় শৌভিক।

অনুতাপে জর্জরিত শৌভিককে চুপ করে বসে থাকতে দেখে মিঃ বাসু-ই প্রথম নীরবতা ভাঙেন – “এখন কী একটু হালকা লাগছে আপনার? কষ্ট হচ্ছে না তো আর?”

…শৌভিকের সত্যিই একটু হালকা লাগছে। এতকিছু নিজের মধ্যে চেপে রাখতে বড়ই কষ্ট হচ্ছিল তার। মিঃ বাসুর চেম্বার থেকে বেরিয়ে আসে সে। অনেকদিন পর শৌভিক ভালো করে চারপাশটা লক্ষ্য করল, অনেককিছু পরিবর্তন হয়ে গেছে। এলাহাবাদে থাকার দরুণ এখানকার পথঘাটের ছবি ধীরে ধীরে মাথা থেকে মুছেই যেতে বসেছিল। পাড়ার চায়ের দোকানে গিয়ে এক কাপ চা নিল। চা খেতে খেতে দোকানীকে জিজ্ঞাসা করল, “আচ্ছা দাদা, সামনে একটা খেলার মাঠ ছিল না?”

- ”হ্যাঁ, একসময় ছিল, এখন সেটা ইতিহাস হয়ে গেছে বুঝলেন দাদা। দেখছেন না সামনে সব বড় বড় ইমারত তৈরি হয়ে গিয়েছে“, হাসতে হাসতে জবাব দিল দোকানী। 

 শৌভিক বিনিময়ে কিছুটা হাসি দিয়ে আবর্জনার পাত্রে চায়ের কাপটা ফেলে দিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। শৌভিকের মনে পড়ে যায়, বাবা বলতেন, “জীবন থেকে ইতিহাসকে আলাদা করা যায় না, সভ্যতা যত এগোবে ইতিহাসের পাতায় ততোই নতুন নতুন সংযোজন হতে থাকবে। এক একটা মানুষ এক একটা যুগের সাক্ষী হয়ে বেঁচে থাকবে, এক একটা মানুষ স্বয়ং ইতিহাসের ধারাকে বয়ে নিয়ে চলবে। ইতিহাস কোনো সাল তারিখে আটকে থাকবে না, ইতিহাস অস্তিত্বে পরিণত হবে, সময়ের দলিল হয়ে থাকবে এই ইতিহাস।“


।। ৪ ।।

“আজ আমরা জানবো ‘সিন্ধু সভ্যতা’ সম্পর্কে। সিন্ধু সভ্যতা হল সেই তাম্র-প্রস্তর যুগের সভ্যতা। যে যুগে মানুষ তামা আর ব্রোঞ্জের পাশাপাশি পাথরের ব্যবহারও করতে শিখেছিল, সেই যুগকে বলা হয় তাম্র-প্রস্তর যুগ। তোমরা কি জানো, এই সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে এক প্রখ্যাত বাঙালী প্রত্নতত্ত্ববিদের নাম……”

…সমরেশ বাবু পড়িয়ে চলেছেন তার মনোজগতের ক্লাসে। সামনে চেয়ারে বসে শৌভিক মুগ্ধ হয়ে চেয়ে রয়েছে তার দিকে। শৌভিকের যেন মনে হয় তার সামনে যিনি কথা বলে চলেছেন তিনি শুধুই তার বাবা নন, তিনি আসলে একজন ইতিহাসের সাধক। শৌভিক যেন ক্রমাগত সেই সাধকের সাধনায় অভিভূত হয়ে যেতে থাকে…

nayonika3@gmail.com
হাওড়া


Wednesday, October 21, 2020

প্রাণপ্রতিষ্ঠা

 

ছবি : ইন্টারনেট
                                                          ইন্দ্রানী দলপতি

।। ১ ।।

“কুমোল পালাল গলুল গালি, বোঝাই কলা কলশি হাঁলি।”-থেকে থেকে এই লাইনদুটোই আওড়ে যায় অপা। আর এই শুনে হাসিতে ফেটে পড়ে নরোত্তম  বাবু। কতবার বুঝিয়েছেন যে ওটা “কুমোল” নয়, “কুমোর”। অনেকবার “ল”-কে “র” বলানোর চেষ্টা করেছেন, কিন্তু সব চেষ্টাই বৃথা হয়েছে। নরোত্তম  বাবু একজন মৃৎশিল্পী, প্রতিমা গড়েন। প্রতিবেশী নীলাম্বর বর্মণ-এর মেয়ে অপরাজিতা, ডাকনাম অপা, ভারী মিষ্টি মেয়ে। সারাদিন নরোত্তম  বাবুর কাছে পড়ে থাকে, বড্ড ভালবাসে তাকে। নরোত্তম  বাবু অপার গল্পদাদু, অপাকে তিনি দুর্গাঠাকুরের গল্প বলেন, অসুরবধের গল্প বলেন, দুষ্টু অসুরের স্বর্গ দখলের গল্প বলেন। আর অপাও তার গল্পদাদুর নিষ্ঠাবান শ্রোতা।

নীলাম্বর একটি কারখানায় কাজ করত, কোনোরকমে চলে যেত তার। বড় ইচ্ছে ছিল মেয়েটাকে এই বছর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবে, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, কারখানা বন্ধ হল, মালিক জানালো লকডাউন কাটলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে, ততদিন পর্যন্ত কারখানার দরজা বন্ধ। নীলাম্বর অতশত বোঝে না, সে শুধু খিদে বোঝে, খিদের জ্বালা বোঝে, অভাবের যন্ত্রণা বোঝে। তবুও এতকিছুর মাঝেও সে স্বপ্ন দেখে একদিন তার মেয়ে অনেক বড় মানুষ হবে, অনেক অনেক লেখাপড়া করবে, সমস্ত অভাব-যন্ত্রণা সেদিন দূর হয়ে যাবে। ঘরে এসে জানতে পারলো এবার থেকে অঙ্গনওয়াড়ি স্কুলটাও  বন্ধ থাকবে। অপা অন্তত একবেলা ভালো করে পেট ভরে খেতে পেত রোজ, আর তাই স্বামী-স্ত্রী-তে মিলে যেমন করে হোক দিন কাটিয়ে দিত নীলাম্বর, কিন্তু এইবার সে সত্যি সত্যিই মনে মনে প্রমাদ গুনল।

রাতে দু-চোখের পাতা এক করতে পারলেন না নরোত্তম  বাবু। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এইরকম অজানা রোগের সাথে কিভাবে লড়াই করবেন তা ভেবে ভেবেও ঠাহর করতে পারলেন না। তার মধ্যে খবরের চ্যানেলগুলোতে দেখাচ্ছে সবাইকে ঘরে থাকতে হবে, কেউ আর বাড়ির বাইরে বেরোতে পারবে না, নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিভাবে কাটবে তবে আগামী দিনগুলো, ভাবতে ভাবতে তার ঘুম উড়ে যাবার জোগাড় হল। দারিদ্র্যতা তার এত বছরে সয়ে গেছে মৃৎশিল্পী হওয়ার সুবাদে, তবুও গভীর রাতে তার দুচোখ জুড়ে ঘুম আসার বদলে অনিশ্চয়তা ছেয়ে এলো।

।। ২ ।।

এই মুহূর্তে সারা দেশ জুড়ে এক টালমাটাল অবস্থা! দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ডাক্তার-নার্সরা মিলে এক মহা সংগ্রামে নেমে পড়েছে, প্রাণ বাঁচাতে তৎপর প্রত্যেকে। গবেষণায় ব্যস্ত সকল বিজ্ঞানীরা। পুলিশ থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কর্মীরা পর্যন্ত পরিবার-পরিজন ভুলে এক হয়ে লড়াই করছে। সকলের মনে দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছে – “আমরা করবো জয়, নিশ্চয়।” “সবকিছুরই ভালো খারাপ আছে। এই যেমন একটা অজানা আশঙ্কা, ভয় গোটা পাড়াটাকে এক করে দিয়েছে। আনন্দেও সব মানুষ এক হয় না, আমার-তোমার করে ভাগাভাগি করতে শুরু করে, কোন ফাঁক গলে সেই আনন্দের মাঝে তথাকথিত “আমাদের নিয়ম-তোমদের রীতি” প্রবেশ করে একটা বিশাল দূরত্ব তৈরি করে, সেটাই তো আদতে দূরত্ব!” – জানলার ধারে বসে মনে মনে নিজের সাথে কথোপকথন সারছিলেন নরোত্তম  বাবু। অপাকে খুব মনে পড়ছে তার। সে কেমন আছে তার গল্পদাদুকে ছেড়ে? ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠলো নরোত্তম  বাবুর।

নীলাম্বর আপাতত একটু নিশ্চিন্ত, কয়েকজন সজ্জন ব্যক্তি চাল-ডাল-আলুর ব্যবস্থা করে দেওয়ার ফলে আপাতত খিদের জ্বালা প্রকট হবার সুযোগ পায়নি এখনও পর্যন্ত। বরং তার নতুন কাজ হয়েছে, অপার কাছে গল্প শোনা, অসুরবধের গল্প, দুগ্গাঠাকুরের গল্প, দুষ্টু অসুরের স্বর্গ দখলের গল্প। নীলাম্বর যদি একটু অমনোযোগী হয়েছে তবে তার রেহাই নেই, আবার প্রথম থেকে শুরু হবে অপার গল্প। নীলাম্বর বিরক্ত হয় না তাতে। সে বুকে আরও বড় স্বপ্ন বাঁধছে, তার মেয়ে বড় হয়ে দিদিমণি হবে, গরীব বাচ্চাগুলোকে পড়িয়ে মানুষের মতো মানুষ করবে সে। “এই শহরে প্রকৃত মানুষের বড় অভাব, মানুষ গড়ার কারিগর চাই, মানুষ গড়ার কারিগর!” – ভাবতে ভাবতে অমনোযোগী হয়ে পড়লো নীলাম্বর।

“চারিদিকে রোজই কিছু না কিছু অমানবিক ঘটনা ঘটে চলেছে। আগেও তো রোজ এমন কত কী ঘটে যেত, আমরা দেখেও দেখতাম না। ফুরসত মেলায় এখন দেখছি, দেখাই সার! কাল যদি আমি এরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে যাই, তবে আমিও কি অমন অমানবিক হয়ে উঠবো? না…না, এসব কি ভাবছি! আমি এমনটা হবো না। আচ্ছা…. আচ্ছা যদি আশেপাশের প্রতিবেশীর চাপে পড়ে আমি যদি বাধ্য হই অমানবিক হতে, তখন…… কী আবোল তাবোল ভাবছি তখন থেকে!” – নরোত্তম  বাবু খানিকটা ধমক দিয়ে নিজেকে থামিয়ে দিলেন।

পাশের পাড়ার টোটোচালক ঘোতনের সাথে ফোনে কথা হয়েছে নীলাম্বরের, আগামীকাল থেকে দুজনে মিলে সবজি বিক্রি করতে বেরোবে, যা আয় হবে দুজনে মিলে ভাগ করে নেবে। নীলাম্বরের ভেতর ভেতর হালকা উত্তেজনা হল। এমনটা করে আগে সে কখনো কিছু করার কথা ভাবেনি, সারাজীবন অন্যের পদানত হয়েই কেটে যাবে ভেবেছিল। “এই আইডিয়াটা যদি কাজে লেগে যায়, তবে আর ঐ কারখানামুখো হবো না!”-বড় স্বস্তি অনুভব করলো মনে মনে নীলাম্বর।

।। ৩ ।।

এই কদিনের দুর্যোগকে পিছনে ফেলে আবার চলতি জীবনযাপনে ফিরতে চলেছে সবাই। তবে মজার বিষয় হল বেশ কিছু পরিবর্তন ঘটেছে। এই যেমন ধরুন, পাড়ার মোড়ে কিছুদিন আগে ছোটো করে রক্ষাকালী পুজো হয়ে গেল, অবশ্যই সব সতর্কতা, দুরত্ব বিধি মানা হয়েছিল। তবে এই প্রথম একটা গোটা পাড়ার নামে সংকল্প করা হল। ঠিক যেন পুজোর মণ্ডপ তৈরির আগে খুঁটিপুজো হয়ে গেল। বাজার এলাকা, দোকান এলাকায় ক্লাবের সব ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে সাদা রঙ দিয়ে গোল দাগ কেটে দিতে লাগল, যাতে নিরাপদ দূরত্ব বজায় থাকে সকলের মধ্যে। এও যেন মণ্ডপ তৈরীর প্রস্তুতি! পাড়ার ঘরে ঘরে চিত্রগুলোও অনেক পাল্টেছে আজ, এইতো সেদিন দেখা গেল, অপার মা সারাদিন অপার পাশে বসে গল্প শুনেছে, রান্নাঘরে নীলাম্বর রাঁধছে, যদিও ভাতটা সামান্য গলে গেছিল, কিন্তু তাতে কী! প্রতিমার কাঠামো প্রস্তুত করার সময়েও তো মাপজোকে একটু-আধটু ভুল হয়েই থাকে। পাড়ার বিশুকেও বউকে আর বলতে শোনা যায়নি – “সারাদিন বাড়িতে বসে কি করো তুমি?” বিশু আর আগের মতো কথায় কথায় চিৎকার করে ওঠেনা, শান্ত হয়েছে। কাঠামোতে মাটির প্রলেপ লাগানোর সময় যেমন মন থেকে শান্ত হতে হয়! কথায় আছে, স্বভাব যায় না মলে, তবে একবার যদি বদভ্যাসে চিড় লাগানো যায়, স্বভাব হয়তো পাল্টায়। ঘোতন আর নেশায় বুঁদ হয়ে যায় না, চিড় ধরেছে যে তাতে, বরং সংসারে মন বসেছে তার। সেদিন কথায় কথায় নীলাম্বর-কে জানালো – “বউটা আমার লক্ষীমন্ত রে, অনেক কষ্ট দিয়েছি, আর দেব না, এই মা কালীর দিব্যি কেটে বলছি, বিশ্বাস কর।” প্রতিমা সাজসজ্জার পর চক্ষুদানের পালা মিটলো তবে!

মহালয়া কেটে গেছে। পাড়ার মণ্ডপে প্রতিমা এসে পড়বে আর কিছুদিনের মধ্যে। তারপর পাড়ার সবাই এক হয়ে মায়ের প্রাণপ্রতিষ্ঠা করবে, উৎসবে মাতবে সবাই, আনন্দের উৎসবে, এক হওয়ার উৎসবে, সর্বোপরি মানবিকতার উৎসবে। প্রাণ ফিরে পাবে আবার গোটা সমাজ!

নরোত্তম  বাবু প্রতিমা নির্মাণের একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছেন, জোরকদমে প্রস্তুতি চলছে, সাথে পাশে চলছে রেডিও, উনিও গুনগুন করে চলেছেন – “আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী……”

nayonika3@gmail.com
হাওড়া



Wednesday, January 1, 2020

ফাঁক পূরণ



                                                                                                         ...ইন্দ্রানী দলপতি
।।১।।

-          আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, ধানের ভেতর পোকা.....
- আমার বোনটি একটি বোকা!
- কী বললি তুই? তুই আবার আমাকে বিরক্ত করছিস তো? দাঁড়া, আমি মা-কে বলছি।
- বলি বয়সটাতো কম হলো না বোনু। মা-কে বল তোকে বরং কমপ্ল্যান খাওয়াতে।
- খুব খারাপ হচ্ছে কিন্তু দাদা। বাড়াবাড়ি করিস না।
- আমিও তো এইটাই বলতে চাইছি, বাড়াবাড়ি রকমের বোকামিটা করিস না।
- মানে? আমি আবার কী বোকামি করলাম?
- না, সেরকম কিছুই না। অমিয় আর আমার কলেজ আলাদা ছিল, বিষয় আলাদা ছিল, আর কোন মুলুকে তার বাস, তাই মুখ চেনাচিনিরও কোনো সুযোগ সেক্ষেত্রে নেই। তা আমি ভাবছিলাম কি বাবাকে একটু ডিটেলসে বিষয়টা জানিয়ে আসি বুঝলি!
- দ..দাদা, আরে! আরে! দাঁড়া না। এইসব ছোটোখাটো বিষয়ে বাবা-মা-কে জড়িয়ে কী লাভ বল, নিজেদের মধ্যেই বরং একটা মীমাংসা করে নিলেই তো হয়, তাই না? তুই তো আমার সোনা দাদা, লক্ষী দাদা ( মনে মনে- বাঁদর দাদা)।
- সে ঠিক আছে, সবই বুঝলাম। আচ্ছা এক কাজ কর, আমার আবার চা না খেলে মাথায় ভাবনাগুলো ঠিক জেগে ওঠে না বুঝলি, যা, এক কাপ চা হাজির কর আমার সামনে।
- বাহ্, সুযোগের সদ্ব্যবহার বুঝি এরেই কয়?
- Without চা, No মীমাংসা মামণি।
- অসভ্য বাঁদর একখানা, সময় আমারও আসবে, বদলা নিয়েই ছাড়ব।
অন্বেষা আর অন্বেষণ- দুই ভাইবোন। একজন যদি সাপ হয়, তবে অন্যজন নিশ্চিত নেউল। তবে বাড়িতে ওরা বাবা-মায়ের আদরের ডুডাং আর ফড়িং।

।। ২ ।।



-          স্যরি, আমি কালকেও ফিরতে পারছি না পল্লবী।
-          এ আর নতুন কী!
-          প্লিজ, এই নিয়ে কোনো তর্ক আমি করতে চাইনা তোমার সাথে।
-          না না, তা করতে হবে না। শুধু একটু কষ্ট করে তোমার ছেলে-মেয়েদের জানিয়ে দিও।
-          কেন? তুমি কেন পারবে না?
-         আমার এখনও অজুহাতের পড়াশোনাটা ঠিক মতো করা হয়ে ওঠেনি তো!
-          Don’t cross your limit Pallabi.
-          সত্যিটা শুনলে বরাবরই তোমার গলাটা চড়ে উঠেছে।
-          Hey! Listen, I don’t want to talk with you anymore. Go to hell!
        ফোনটা কেটে যায় ওপাশ থেকে। ৪৯ বছরের সংসার জীবনের অতি পরিচিত একটা ছবি। প্রাঞ্জল কাজ ছাড়া কিছুই বোঝেনি কোনোদিন। যা কিছু অর্জন করেছে দু হাতে সংসারে নিবেদন করেছে। পরিবারের প্রতিটা লোক যথেষ্ট স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছে। এদিক দিয়ে কোনোরকম কার্পণ্য প্রাঞ্জল করেনি। তবু একটা ফাঁক তৈরি হয়েছে তার আর পল্লবীর মধ্যে। সেই ফাঁক পূরণ করা তো দূরের কথা, বরং যত দিন যাচ্ছে সেই ফাঁক আরও দীর্ঘ হচ্ছে। পল্লবী এবার ক্লান্ত অনুভব করছে। না, ঠিক ক্লান্তও নয়, পল্লবী আজ বড্ড একা। ওর মানুষটাকে আজ পাশে চাই, কাছে চাই।

।। ৩ ।।


          ডুডাং আর ফড়িং আজ সারারাত জাগবে। ওরা ঠিক করেছে সারা রাত জেগে পুরো বাড়ীটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবে। কাল সকালে বাবা-মা দুজনকেই সারপ্রাইজ দেবে। তাই যেমন ভাবা, তেমন কাজ। ডাইনিং রুমটা রংচঙে কাগজে খুব তাড়াতাড়ি সেজে উঠলো। সাথে মাঝে মাঝে বেলুনের গোছা। দুয়ে-দুয়ে চার হাতে যদিও ঘরটা খুব তাড়াতাড়ি সাজানো হয়ে গেল। কিন্তু ওরা আর ঘুমাতে গেল না। উত্তেজনায় ঘুম আজ আর চোখে আসবেও না। ওরা দুজনে শেষ মুহূর্তের পরিকল্পনাটা ঝালিয়ে নিতে বসলো। Whatsapp-এ ‘গানপাগল’ গ্রুপটা মাঝরাতেই সক্রিয় হয়ে উঠলো। ওপাশে পল্লবীর ঘরের টেবিল ল্যাম্পটা তখনও নেভেনি। পল্লবী মন থেকে চাইছে রাতটা আরও দীর্ঘ হোক। পুরনো অ্যালবামটায় চোখ বোলাতে বোলাতে ফিরে গেল ৪৯ বছর আগের সেই দিনটায়, অনেক স্বপ্ন চোখে সাজিয়ে প্রাঞ্জলের হাতে হাত রেখেছিল পল্লবী। এত ব্যস্ততা তখনও প্রাঞ্জলের চারপাশে ঘিরে ধরেনি। শেষ কবে একসাথে মুখোমুখি বসে কথা বলেছে, খাবার ভাগ করে খেয়েছে মনে করতে পারেনা। আগে অপেক্ষা করত, এখন আর করে না। সাংসারিক দায়িত্ব থেকে শুরু করে ঘরের বাইরের যাবতীয় দায়িত্বও পল্লবী নিষ্ঠা সহকারে সামলেছে, প্রাঞ্জলকে কোনদিনও মাথা ঘামাতে হয়নি। প্রাঞ্জলও কোনোকিছুর অভাব রাখেনি, পার্থিব স্বাচ্ছন্দ্য বরাবর বজায় রেখেছে সে। শুধু পল্লবীর মনের খবর কোনোদিনও রাখেনি। আর এখানেই পল্লবীর যত অভিযোগ, ক্ষোভ জমা হয়েছে। ডুডাং আর ফড়িং-কে কী বলবে কাল সকালে? কালকের দিনটাতেও কী ওরা ওদের বাবার ব্যস্ততাটা বরাবরের মত মেনে নেবে, নাকি…… উফফ্‌! পল্লবী আর কিছু ভাবতে পারে না। বয়স বৃদ্ধির ধকল ওকে জানান দিয়ে যায়।

।। ৪ ।।



         আজকের মিটিং-টা প্রাঞ্জলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ডিলটা ফাইনাল হয়ে গেলে একেবারে নিশ্চিন্ত। অসময়ে টেবিলে রাখা ফোনটা বেজে উঠতেই প্রাঞ্জল কিছুটা বিরক্ত হয়। স্ক্রিনে চোখ যেতেই ফড়িং-এর নামটা দেখতে পায়। ফোনটা কেটে দেয়। আবারও কিছুটা সময় পরে ফোনটা বেজে ওঠে, এবার তাতে ডুডাং-এর নাম। প্রাঞ্জল আর দেরী করে না, ফোনটা অফ করে নিথরভাবে টেবিলের ওপর রেখে দেয়। মিটিং আরম্ভ হয়। দীর্ঘ কথাবার্তার পর শেষ পর্যন্ত ডিলটা ফাইনাল হয়। প্রাঞ্জল আজ ভীষণ খুশী। এতটা খুশী সে এর আগে কোনোদিনও হয়নি। ও ঠিক করে খবরটা সবার প্রথম পল্লবীকে জানাবে। হাতে ফোনটা নিয়ে অন করতেই ডুডাং আর ফড়িং-এর অনেকগুলো মিসড্‌ কল দেখতে পায়। মনে পড়ে যায়, আজ ওর আর পল্লবীর ৫০তম বিবাহবার্ষিকী। ডুডাং-রা কী একটা সারপ্রাইজ দেবে বলেছিল যেন! প্রাঞ্জল আর অপেক্ষা করে না। ফোনটা পকেটে রেখে গাড়ী নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঠিক করে ও আজ পল্লবীকে চমকে দেবে। প্রায় সাড়ে তিন ঘণ্টার জার্নি করে বাড়ীতে এসে পৌঁছায় প্রাঞ্জল। দরজাটা খুলেই ডাইনিং রুমে এসে দারুণ অবাক হয়, ডুডাং আর ফড়িং-এর কীর্তি খুশী করে দেয় ওকে। হাতঘড়িতে সময় জানান দেয় এখনও দিনটা শেষ হয়নি, বারোটা বাজতে তখনও কিছুটা দেরী রয়েছে। এত রাতে সবাই যে যার ঘরেই থাকে, তাই ও প্রথম পল্লবীর ঘরের দিকেই পা বাড়ায়। সেখানে গিয়ে ঘর ফাঁকা দেখে কিছুটা অবাক হয়। তারপর কি একটা ভেবে সোজা ছাদের দিকে যায়, না, সেখান থেকেও খানিকটা হতাশ হয়ে ফিরে আসে। তারপরেই চলে যায় ডুডাং-এর ঘরে। আশ্চর্য! এখানেও কেউ নেই। বিরক্ত হয় খানিকটা। ফড়িং-এর ঘরে এসে মাথায় পারদ চড়ে যায় প্রাঞ্জলের। কিছু না জানিয়ে এইভাবে বাড়ী ফাঁকা করে চলে যাওয়ার মানেটা কী! ফোনে যোগাযোগ করতে না পেরে প্রচণ্ড রেগে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রোজকার অভ্যেসমতো খানিকটা মদ্যপান সেরে নিয়ে ঘুমিয়ে পড়ে প্রাঞ্জল।

।। ৫ ।।



-          পল্লবী, আমার কথাটা তো শোনো।
-          আমার আর কিচ্ছু শোনার নেই প্রাঞ্জল।
-          তুমি কিন্তু মিথ্যে জেদ করছো।
-          এতদিন তো মিথ্যে আবদারও করে এসেছি আমি, তাই না?
-          তুমি কিন্তু বিষয়টাকে এমনি এমনিই জটিল করছ।
-          হাতটা ছেড়ে দাও প্রাঞ্জল। আমকে যেতে দাও।
-          না, তুমি আমাকে এভাবে ভুল বুঝে চলে যেতে পারো না।
-          অনেক দেরী করে ফেলেছ। আমার আর সময় নেই আজ। ছেড়ে দাও, হাতটা ছাড়ো প্রাঞ্জল!
         হাতটা জোর করে ছাড়িয়ে নেয় পল্লবী। প্রাঞ্জল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখে। দেখতে থাকে কেমন করে ধীরে ধীরে পল্লবী একটা বিন্দুতে পরিণত হয়, তারপর অন্ধকারে মিশে যায়। সেই অন্ধকার এবার গুটি গুটি ওর দিকে এগিয়ে আসতে থাকে। ভয় পেয়ে পিছোতে পিছোতে এক সময়ে ওর দেওয়ালে পিঠ ঠেকে যায়। প্রাঞ্জল এবার লক্ষ্য করে, দূরে দাঁড়িয়ে ডুডাং আর ফড়িং ওর দিকে তাকিয়ে আছে, ওদের চোখ থেকে শুধুই অনুযোগ ঝরে পড়ছে। প্রাঞ্জল হাতটা বাড়িয়ে দেয় ওদের দিকে, কিন্তু ছুঁতে পারে না, ওরাও ততক্ষণে বিন্দুতে পরিণত হয়েছে, সেই বিন্দু অব্দি প্রাঞ্জল আর পৌঁছাতে পারে না। অন্ধকারটা এবার ভয়ঙ্কর রূপ ধারণ করে, গ্রাস করতে আসে ওকে, চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। এক অনিশ্চিত আশঙ্কায় চোখ দুটো বুজে ফেলে প্রাঞ্জল।
-          কী হল গো দাদাবাবু? এমন ধড়ফড় করে উঠে পড়লে যে!
-          একি ! তুই আমার ঘরে কখন এলি?
-      এইতো তোমার চা-টা দিতে। তুমি কাল কখন ফিরলে? বউদিমণি এখন ঠিক আছে তো? কাল যা গেল তার ওপর দিয়ে!
-        মানে? কি গেছে? আর কি হবে তোর বউদিমণির? সে তো দিব্যি ছেলে-মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবার বলে যাবারও প্রয়োজন মনে করেনি। আর শোন তুই এখন যা, ডাইনিংটা পরিস্কার কর। Disgusting!
-          কি সব বলছ? ঘুরতে যাবে কি গো! বউদিমণি কে নিয়ে তো ডুডাং বাবুরা নার্সিংহোমে ছুটলো। কতবার তো তোমাকে ফোন করছিলো। তুমি তো দেখছি কিছুই জানো না!
প্রাঞ্জলের হাতটা কেঁপে ওঠে। চায়ের কাপটা কোনোমতে টেবিলের ওপর রেখে দিয়েই, রেডি হয়ে মোটামুটি আন্দাজ করে বেরিয়ে পড়ে। যেতে যেতে ওর ভোরে দেখা স্বপ্নটার কথা মনে পড়ে যায়। এক অজানা আশঙ্কা প্রাঞ্জলকে ধীরে ধীরে ঘিরে ফেলতে থাকে…

।। ৬ ।।



       আর কোনো বিপদের আশঙ্কা নেই, ডাক্তারবাবু এসে জানিয়ে গেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পল্লবীকে ছেড়ে দেওয়া হবে। নার্সিংহোমে পৌঁছে প্রাঞ্জল প্রথমেই ডুডাং আর ফড়িং এর মুখোমুখি হয়। ওদের ভাবলেশহীন মুখ অস্বস্তিটাকে তিনগুন বাড়িয়ে তোলে। শুধু বেড নাম্বারটা জানিয়ে চলে যায় তারা, বাড়তি কোনো কথা বলেনি আর। প্রাঞ্জল অনুভব করে শব্দহীন আঘাত কতখানি জোরালো হতে পারে। আর সেই আঘাত দীর্ঘ বছর বয়ে বেড়ানোর ভার কতখানি ওজনদার হতে পারে, তাও সে বুঝতে পারে। পল্লবীর এই অবস্থার জন্য আজ শুধুমাত্র সে নিজে দায়ী, কেবলমাত্র নিজে দায়ী! ঝাপসা চোখে এগিয়ে গিয়ে দাঁড়ায় পল্লবীর কাছে। এত কাছাকাছি ওরা, তবু এতখানি অস্পষ্টতা। প্রাঞ্জল চোখ মোছে, কিন্তু জড়তা কাটে না। পল্লবী দেখে, সমস্ত অজুহাতের গণ্ডি পেরিয়ে প্রাঞ্জল ওর সামনে এসে দাঁড়িয়েছে। ওর প্রাঞ্জল, হ্যাঁ, এটাই ওর প্রাঞ্জল, পল্লবীর চিনতে একটুও অসুবিধা হয় না। প্রাঞ্জল পল্লবীর মাথায় আলতো করে হাত ছোঁয়ায়, পল্লবীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে আসে, অনেকখানি বোঝা নেমে গেছে ওর বুকের ওপর থেকে। ঘরটার মধ্যে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে।  ইতিমধ্যে ডুডাং-ফড়িং ফিরে আসে। দুজনে বাবা-মা’র সামনে এসে দাঁড়ায়। পরিবেশটা হালকা করতে ফড়িং-ই বলে ওঠে-

       “শুভ বিবাহবার্ষিকী বাবা-মা! আমরা এবার বাড়ি ফিরি তবে? সেলিব্রেশনটাতো বাকি আছে নাকি!” সেই কথার রেশ ধরেই ডুডাং বলতে থাকে- “হ্যাঁ মানছি, একটা দিন পেরিয়ে গেছে। কিন্তু মা, কাল অব্দি তো আমাদের বাবাও আমাদের সাথে ছিল না। তুমিই তো বলতে, Better late than never!”
“একদম ঠিক বলেছিস দাদা। পরিবারে পরিপূর্ণতার যে কী আনন্দ! অন্তত এই আনন্দে তো একটা সেলিব্রেশন করা যেতেই পারে, পারে না?” প্রশ্নটা করেই জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে ফড়িং তাকায় ওদের বাবা-মায়ের দিকে।
পল্লবীর ঠোঁটে পরিতৃপ্তির হাসি। প্রাঞ্জলের চোখে আনন্দের অশ্রু। নীরবতাটা প্রাঞ্জলই প্রথম ভাঙে-
“নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা,
              তরী আমার বেঁধে এলেম ঘাটে-
   পথে পথে ছেড়েছি সব খোঁজা,
              কেনা বেচা নানান হাটে হাটে।

আমি এখন সময় করেছি-
              তোমার এবার সময় কখন হবে।“
সজল চোখে পল্লবী বলে ওঠে-
“হায়,  পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই।
আমি,  আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস।
আমি,  আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ।“
      প্রাঞ্জল পল্লবীর হাতটাকে নিজের মুঠোর মধ্যে চেপে ধরে। ডুডাং-ফড়িং পরস্পর পরস্পরকে আনন্দে জড়িয়ে ধরে। আজ অনেকদিন পরে খাওয়ার টেবিলে এতদিন ধরে জমে থাকা ফাঁকগুলো পূরণ হবে, সাথে সম্পর্কগুলোরও……


 nayonika3@gmail.com


Saturday, September 28, 2019

চক্ষুদান


ছবি-আন্তর্জাল









"....পাগলী, তোমার সঙ্গে ঝোলভাত জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে মাংসরুটি কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে চার অক্ষর কাটাব জীবন।

পাগলী, তোমার সঙ্গে বই দেখব
প্যারামাউন্ট হলে
মাঝে মাঝে মুখ
বদলে একাডেমি রবীন্দ্রসদন
পাগলী, তোমার সঙ্গে নাইট্যশালা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে……"   
-        দাদাবাবু, হল তোমার? কিসব পড়ছ, কিছুই তো বুঝতে পারছিনা। এদিকে যে বেলা গড়িয়ে এলো, রান্না চাপলো না এখনও!
-        আহ্‌, থামবি তুই! দিলি তো সমস্ত তাল ছন্দ ঘেঁটে?
-        তোমার এ ভারী আজব বায়না দাদবাবু। রোজ সকালে একি ফাঁপরে পরতে হয়গো ঠাকুর!
-        থামবি তুই? চুপ করে শেষটুকু শোন।
-        তোমার দুটি পায়ে পড়ি দাদবাবু, এসব মাথামুণ্ডু কিছুই আমি বুঝছিনা। ওসব কবিতা-তবিতায় পেট ভরবেনা বুঝলে। আমি বরং যাই।
ধুত্তোর! গাধা পিটিয়ে কি আর ঘোড়া করা যায়!- এই বলে কবিতার বইটা বন্ধ করে টেবিলের ওপর শব্দ করে রেখে খানিকটা রাগ উগরে দিয়ে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। স্ত্রী মারা যাওয়ার পর বিনয়বাবুর পিছুটান বলতে একমাত্র মাস্টারিটাই সম্বল ছিল। ছাত্র-ছাত্রীরাই তার কাছে সন্তানসম ছিল। তার ব্যবহার আর নামের মধ্যে চিরকালই ভারসাম্য বজায় থাকত। চাকরী জীবনের অবসানের পর বিনয়বাবুকে এক অন্যরকম নেশা পেয়ে বসে। প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো প্রায় বন্ধ হতে থাকে ধীরে ধীরে। ঘরময় খালি কবিতা-বই। আর মানুষ বলতে দুজন, বিনয়বাবু নিজে আর কাজের মেয়ে বিমলা। বিমলা মানুষটাকে শ্রদ্ধা করে। মাঝে মাঝে বিরক্ত লাগলেও সেভাবে প্রকাশ করতে পারেনা। মানুষটার গলা সে মুগ্ধ হয়ে শুনতে থাকে। তবু সে কাজ ফেলে বসে থাকার মেয়ে মোটেই নয়। মাঝে মাঝে একরকম প্রায় জোর করেই বিনয়বাবুকে থামিয়ে দিতে হয় তাই।
বিমলা পিছুটানহীন। আগে তার পরিচয় ছিল, সে একজন চোর। মানিব্যাগ চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় বিনয়বাবুর হাতে, এক মুহূর্ত ভেবে পুলিশে না দিয়ে নিজের বাড়ীতে নিয়ে আসেন তিনি। বিমলা যেদিন থেকে এই বিনয়বাবুর বাড়ীর কাজটা ধরেছে সেদিন থেকেই লোকটার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে, লোকটাকে দেখলে মায়া হয় তার। লোকটার কোনো ঝামেলা নেই। চাইলে কাজে অনায়াসে ফাঁকি দিতেই পারে বিমলা, কিন্তু সে তা পারেনা। বিমলা এখানে দুবেলা খেতে পায়, সাথে মাইনে, আশ্রয় আর অগাধ বিশ্বাস। বিনয়বাবুর বাড়ীর সর্বত্র বিমলার অবাধ যাতায়াত। মাঝে মাঝে বিমলা নানারকম আব্দার করে বসে বিনয়বাবুর কাছে, আর বিনয়বাবু কখনোই তাকে নিরাশ করেননা।
দুপুরবেলায় টেবিলে খাবার দিতে দিতে বিমলা জানালো তার একটা দিন ছুটি লাগবে। বিনয়বাবু কারণ জানতে চাইলে বিমলা বলল-
ওসব কারণ-টারণ জানাতে পারবোনা। রান্না করে রেখে যাব ফ্রিজে। তুমি শুধু একটু গরম করে খেয়ে নিয়ো ক্ষণ। একটা দিনের তো ব্যাপার!
বিনয়বাবু আর কিছু বললেন না। খাওয়া শেষে হাত ধুয়ে ঘরে ঢুকে গেলেন। বিমলা যাবার আগে বাইরে থেকে চেঁচিয়ে বলে গেল- ওষুধগুলো সব মনে করে খেয়ে নিওগো দাদাবাবু।
গতকাল একটাও কবিতার বইয়ের পাতা উল্টে দেখেননি বিনয়বাবু। মন লাগছে না। সকাল থেকে রাত, পুরো সময়টাই তার বড় পানসে লাগছে। পরেরদিন সকালে ঘুম থেকে উঠে টেবিলের ওপর থেকে চশমা নিতে গিয়ে বিনয়বাবু অবাক, সামনে একটা নতুন রেডিও! দরজার ওপারে দাঁড়িয়ে বিমলা বলল- কি দাদাবাবু, বলেছিলাম না আমি থাকতে তোমার মহালয়া শোনা কেউ আটকাতে পারবে না, দেখলে তো কেমন চমকে দিলাম!
বিনয়বাবু সত্যিই চমকে গেছেন, তিনি যে অন্তত একজন বিমলার চক্ষুদান করতে পেরেছেন! এবার তবে প্রতিমার প্রান প্রতিষ্ঠার পালা…
কৃতজ্ঞতা স্বীকারঃ “পাগলী তোমার সঙ্গে”- জয় গোস্বামী।

লেখিকা :ইন্দ্রানী দলপতি