1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সবিতা বিশ্বাস. Show all posts
Showing posts with label সবিতা বিশ্বাস. Show all posts

Wednesday, October 2, 2024

ডেঙ্গু নিধন

ছবি : ইন্টারনেট

ডেঙ্গু নিধন

সবিতা বিশ্বাস

বর্ষা এলে ডেঙ্গু বাড়ে

এডিস মশার কামড়ে,

জ্বরে ব্যথায় সোনামনারা

মাকে ধরে আঁকড়ে। 

ফুলের টব পুরনো জুতো

যেগুলো লাগেনা কর্মে,

মহানন্দে এডিস মশা

তারই ভিতর জন্মে। 

পুরুষ যারা এডিস মশা

নির্বিষ তারা ধর্মে,

ভাইরাসবাহী স্ত্রী মশারা

হুল ফোটায় মর্মে। 

বাঁচতে চাইলে ওদের থেকে

মশারি টাঙাবে রাত্রে,

লার্ভা ধংসে ‘টেমিফস’ দেবে

জমানো জলের পাত্রে। 

এসো সকলে শপথ করি  

ডেঙ্গু করব নিধন,

নিকাশ করে আবর্জনা

উড়াবো জয়ের কেতন । 

...(সমাপ্ত)...





Saturday, October 21, 2023

কাশীর মাহাত্ম্য

ছবি : ইন্টারনেট 

কাশীর মাহাত্ম্য 

সবিতা বিশ্বাস 


ভারতবর্ষের প্রাচীনতম একটি তীর্থের নাম শ্রী শ্রী কাশীধাম | কিন্তু এর প্রাচীনতা বা পত্তন সম্পর্কে বিভিন্নব্যক্তি বিভিন্ন মন্তব্য করে থাকেন | ঐতিহাসিকদের মত অনুসারে আকবরের নবরত্ন সভার অন্যতম রাজা টোডরমল এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন |  প্রতিষ্ঠার ১০০ বছর পরে আওরঙ্গজেব তা ধ্বংস করে দেন | যদিও এই তথ্য অনেকে মানতে চান না | 

তারা বলেন স্কন্দ পুরাণের কাশী খন্ডে কাশী বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায় | ১১৯৪ সালে মুসলিম যোদ্ধা মহম্মদ ঘোরী বারাণসীর অন্য সকল মন্দিরের সাথে এই মন্দিরটি ধ্বংস করেন | এরপর মন্দিরটি পুনরায় নির্মিত হলে মুসলিম শাসক কুতুবুদ্দিন আইবক মন্দিরটি ধ্বংস করেন | আইবকের মৃত্যুর পর মন্দিরটি আবার নির্মিত হয় | ১৩৫১ সালে ফিরোজ শাহ তুঘলক আবার মন্দিরটি ধ্বংস করেন | 

১৬৬৯ সালে আওরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করে ওখানে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন | মন্দিরের পাশে মসজিদটি এখনো আছে | শ্রী শ্রী কাশীধামে শ্রী বিশ্বনাথ যে মন্দিরে অবস্থান করছেন সেটি ১৭৮০ সালে ইন্দোরের মহারানী অহল্যাবাঈ হোলকার পুননির্মাণ করেন | অহল্যাবাঈ ছিলেন খুবই ভক্তিমতী ও পরম শিবভক্ত | তাঁর গুরু ছিলেন অম্বাদাস পৌরাণিক নামে এক সদাচারী শৈব ব্রাহ্মণ | 

অহল্যাবাঈ একদিন ভোরের দিকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন | দেখলেন তাঁর আরাধ্য দেবতা পিনাকপাণি যেন তাঁর সামনেই দাঁড়িয়ে আছেন | মহাদেবের প্রশান্ত চেহারা, বরাভয় মূর্তি | তিনি অহল্যাকে বলছেন,  “তুই আমার পরম ভক্ত, তোকে আমি একটা জরুরী কাজের দায়িত্ব দিতে চাই”| অহল্যাবাঈ করজোড়ে জানতে চান- কি সেই কাজ? মহাদেব বললেন, উত্তরবাহিনী পুণ্যসলিলা গঙ্গার তীরে সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র বারাণসী ধামে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ হিসেবে আমি সতত বিরাজমান | সব থেকে পবিত্র শিবলিঙ্গ এটি | জ্ঞানবাপী মন্দিরেই আমার অধিষ্ঠান ছিল | কিন্তু হঠকারী কিছু মানুষের আক্রমণে আমার সেই সাধের মন্দির আজ চূর্ণবিচুর্ণ | তুই আবার নতুন করে বারাণসী ধামে আমার মন্দির প্রতিষ্ঠা কর | এতে আমার ভক্তরা আনন্দলাভ করবে | 

মহাদেব আরো বললেন, নর্মদা নদীতে স্নানের পর  কষ্টিপাথরের একটা শিবলিঙ্গ তুই খুঁজে পাবি | বারাণসীর নতুন মন্দিরে এই শিবলিঙ্গই যেন প্রতিষ্ঠা করা হয়,  এতেই আমি আবির্ভূত হব | এই শিবলিঙ্গ চিরদিন কাশী বিশ্বনাথ হিসেবে পূজিত হবে | এবং এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সেরা লিঙ্গ হিসেবে মর্যাদা পাবে | এর পরেই ঘুম ভেঙ্গে যায় অহল্যাবাঈয়ের | এর পরে রানী এই মন্দির তৈরী করেন |

শিবপুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা  ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে বিবাদে রত হন | তাদের পরীক্ষা করবার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হন | বিষ্ণু ও ব্রহ্মা এই লিঙ্গের উত্স অনুসন্ধান করতে যান | ব্রহ্মা যান উপর দিকে এবং বিষ্ণু যান নীচের দিকে, কিন্তু কেউই এই লিঙ্গের উত্স খুঁজে পান না | ব্রহ্মা মিথ্যে বলেন, তিনি জ্যোতির্লিঙ্গ খুঁজে পেয়েছেন | বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন | শিব তখন দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যে কথা বলার জন্য ব্রহ্মাকে অভিশাপ দেন | শিব বলেন, মিথ্যে কথা বলার জন্য কোনো অনুষ্ঠানে তার স্থান হবেনা | অন্যদিকে সত্য কথা বলার জন্য  বিষ্ণুকে আশীর্বাদ করে বলেন, সৃষ্টির অন্তিমকাল  পর্যন্ত তিনি পূজিত হবেন | 

জ্যোতির্লিঙ্গ হল সেই অখন্ড সর্বোচ্চ সত্যের প্রতীক, যার অংশ শিব নিজে | হিন্দু বিশ্বাস অনুসারে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে স্বয়ং অগ্নিময় আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন | প্রত্যেক জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট নাম আছে, এগুলি শিবের এক এক রূপ | বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির হল  গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, হিমালয়ের কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমশংকর, উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্রম্ব্যকেশ্বর, ঝাড়খন্ডের দেওঘরের বৈদ্যনাথ, গুজরাটের দ্বারকায় নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর এবং মহারাষ্ট্রের আওরঙ্গাবাদের ঘৃষ্ণেরশ্বর | 

সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ বেদ | সেই প্রাচীন গ্রন্থে কাশীর উল্লেখ আছে | বেদ থেকে বেদান্ত, উপনিষদাদি শাস্ত্রে কাশীর উত্পত্তি ও প্রকাশ সম্বন্ধে বিশদ বর্ণনা আছে | মহাপ্রলয়ের সময় সকল পদার্থ লুপ্ত হয়ে যায়; সূর্য, চন্দ্র প্রভৃতি গ্রহ কিছুই থাকেনা | প্রকৃতি ব্যক্ত ভাব থেকে অব্যক্ত প্রকৃতিতে পরিণত হয় | ঘন অন্ধকারে সব কিছু ঢেকে যায় |

অবিচ্ছিন্ন অন্ধকার সব কিছু ঢেকে দিলে পরমব্রহ্মের দ্বিতীয় ইচ্ছাশক্তি উত্পন্ন হল; সনাতন ব্রহ্ম নিজলীলা প্রভাবে নিজের একটি দ্বিতীয় মূর্তি কল্পনা করলেন এবং শুদ্ধস্বরূপা  ঈশ্বরের মূর্তি সৃষ্টি করে সর্বগত অব্যয় পরমব্রহ্ম অন্তর্ধান করলেন | পরমব্রহ্মের দ্বিতীয় ঈশ্বরী মূর্তি – মহেশ্বর, নবীন ও প্রাচীন ব্রহ্ম | অদ্বিতীয় মহেশ্বর নিজের শরীর থেকে সৃষ্টি করলেন প্রকৃতিকে | সেই প্রকৃতিকে প্রধান, মায়া, পরা গুণবতী নামে ডাকা হয় | এই প্রকৃতি পুরুষ যখন তপস্যার স্থান খুঁজে পাচ্ছিলেন না, তখন নির্গুণ শিব সেই জলরাশি বেষ্টিত পঞ্চক্রোশ ব্যাপী কাশীকে ত্রিশূলাগ্রে ধারণ করেছিলেন | মহাদেব এই ক্ষেত্র নির্মাণ করেছিলেন, এই ক্ষেত্র আনন্দময়ী বলে পুরাকালে একে ‘আনন্দকানন’ বলা হত | 

মহেশ্বর কাশী থেকে কুশদ্বীপে মন্দার পর্বতে যাবার সময় ক্ষেত্রকে রক্ষা করার জন্য সাধকদের সিদ্ধিপ্রদ ও মৃত জীবগণের মুক্তিপ্রদ নিজ মূর্তিময় এক শিবলিঙ সকলের অজ্ঞাতসরে প্রতিষ্ঠা করে যান | মহেশ্বর মন্দার পর্বতে গেলেও কাশীক্ষেত্রে লিঙ্গরূপে অবস্থান করে নিজের সংসর্গ থেকে বিমুক্ত করেননি | তাই এই ক্ষেত্রের নাম অবিমুক্ত ক্ষেত্র | প্রকৃতি ও আদিপুরুষ পরম আনন্দস্বরূপ কাশীক্ষেত্রে নিজ লীলায় বিচরণ করেন | পঞ্চক্রোশ পরিমিত কাশীক্ষেত্র প্রকৃতি পুরুষের পদতল থেকে নির্মিত, প্রলয়কালেও এই ক্ষেত্রকে তাঁরা ত্যাগ করেন না, এই কারণেই কাশী অবিমুক্ত ক্ষেত্র | 

কাশী শিবের রাজ্য | অখিল ব্রহ্মাণ্ডপতি বিশ্বনাথ কাশীর রাজা | এই রাজ্যে কাশী বিশ্বনাথের একাধিপত্য, এখানে যমরাজেরও প্রবেশাধিকার নেই | এই রাজ্যের রাজধানী পঞ্চক্রোশী কাশী | ভগবান মহেশ্বর ও ভগবতী মহামায়া সৃষ্টির অভিলাষী হলে মহেশ্বর নিজের বাম অঙ্গের উপর দৃষ্টি নিক্ষেপ করলে সেই অঙ্গ থেকে মনোরম সুন্দর আকৃতির শান্ত পুরুষ উত্পন্ন হল | মহাদেব তাঁকে বললেন তুমি মহাবিষ্ণু, চারিবেদ তোমার নিঃশ্বাস থেকে উত্পন্ন হবে | তুমি বেদ থেকে সমস্ত বিষয় জানতে পারবে ও সেই পথেই সব কিছুর সমাধান করবে |

বিষ্ণুকে এই কথা বলার পর মহেশ্বর ও মহেশ্বরী আনন্দ্কাননে প্রবেশ করলেন | মহাবিষ্ণু চক্রের দ্বারা এক পুষ্করিণী খনন করে নিজের শরীরের ঘাম দিয়ে তা পূর্ণ করেন | তারপর তিনি পুষ্করিণী তীরে বসে কঠোর তপস্যা শুরু করেন | বিষ্ণুর তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে মহামায়াকে নিয়ে বিষ্ণুর কাছে আসেন এবং বলেন, তুমি বেদোক্ত প্রকারে জগতের সৃষ্টি করো, ধর্ম্ম অনুসারে সর্বভূতের পালন করো | ধর্মবিদ্বেষীদের বিনাশ করবে, যারা ধর্ম্মপথে যাবে তাদের নিজ কর্মফলেই মৃত্যু হবে; তুমি সংহারের নিমিত্ত মাত্র হবে | এই পুষ্করিণী মঙ্গলপদ চক্রতীর্থ পুষ্করিণী নাম খ্যাত হবে | আমার কর্ণের কুন্তল মনিকর্ণিকা এই পুষ্করিণীতে পড়ার কারণে মনিকর্ণিকা নামে খ্যাত হল | 

মহেশ্বর নিখিল জগতকে বিষ্ণুর অধীন করে নিজে ইচ্ছামত লীলা করছেন | বিষ্ণু এই অখিল চরাচরকে মহাদেবের অধীন করে রেখেছেন | তাই যিনি বিষ্ণু তিনিই শিব, শিব আর বিষ্ণুতে তিলমাত্র প্রভেদ নেই | পঞ্চক্রোশ পরিমিত আনন্দকানন মহাদেবের ক্ষেত্র, এখানে অন্য কারো কথা চলেনা | কাশীতে জীবগণ জীবিতাবস্থায় রুদ্রদেহ ধারণ করে অনন্তকালে মহাদেবের কৃপায় মহাদেবের সাযুজ্যলক্ষণ লাভ করতে সমর্থ হয়, কাশীতে জীবগণ রুদ্ররূপে বাস করে | তারা অন্য জায়গার রুদ্রদের থেকে শ্রেষ্ঠ | এজন্য আনন্দকানন রুদ্রবাস বলে খ্যাত | মহাপ্রলয়ের সময় মহাভূতগণ শবরূপে এই কাশীতে শয়ান করেন তাই কাশীর অপর নাম মহাশ্মশান | 

হিন্দুধর্মে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাশীতে এলে মানুষের সব পাপ মুছে যায় | আত্মা শুদ্ধ হয়, জীবনের গোপন সত্যি জানতে পারেন | সেই কারণে শুধু দেশ নয়, বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ কাশীতে বাবা বিশেশ্বরের দর্শনে আসেন | কাশী শব্দটি এসেছে কাশ থেকে যার প্রকৃত অর্থ জ্বলজ্বল করা | এই মন্দিরের চূড়াটি ১৫.৫ মিটার উঁচু | ১৮৩৫ সালে শিখ সম্রাট রঞ্জিত সিংহ মন্দিরের চূড়াটি ১০০০ কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন | যার জন্য এই মন্দিরকে  অনেকেই স্বর্ণমন্দির বলে থাকেন | ২০২২ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ ভারতের এক বেনামী দাতা মন্দিরে ৬০ কেজি সোনা দান করার পরে মন্দিরের গর্ভগৃহে সোনার প্রলেপ  দেওয়া হয়েছে | মন্দিরে ৯০ সেন্টিমিটার পরিধির এবং ৬০ সেন্টিমিটার উঁচু একটি শিবের লিঙ্গ রয়েছে |

অতীতে অসংখ্যবার মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে | একাদশ শতাব্দীতে হরিচন্দ্র মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন | মন্দিরের সাথেই একটি মসজিদ আছে | অনেকের ধারণা মসজিদের জায়গায় আদি মন্দির ছিল | হিন্দুদের স্কন্দপুরাণে এই মন্দিরের উল্লেখ আছে | শৈব সাহিত্য থেকে জানা যায়, সতীদেবীর দেহত্যাগের পর শিব মনিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন | এই ঘাটটি শাক্তদের পবিত্র তীর্থস্থান |

অখিল ব্রহ্মান্ডপতি বিশ্বেশ্বর কাশীর রাজা | রাজবাড়ি প্রাচীর দিয়ে ঘেরা, দক্ষিণ দিকের প্রাচীরে প্রবেশের দরজা | দরজার সামনে বাড়ির প্রাঙ্গন | বাড়ির দক্ষিণে নহবত | পশ্চিমদিকে আশাপুরী দেবী ও লক্ষ্মীনারায়ণ | পশ্চিমদিকে প্রাচীরে যে দরজা আছে সেখানে আছেন ভৈরবনাথ | উত্তরদিকে পশ্চিমধারে পার্বতী, পূর্বধারে অন্নপুর্ণা | দক্ষিণদিকে পূর্বধারে অবিমুক্তেশ্বর ও একাদশ রুদ্র অবস্থিত | প্রাঙ্গনের মধ্যে মন্দির, মন্দিরের চারটি দ্বার, পশ্চিমদ্বারের সম্মুখে নাটমন্দির, নাটমন্দিরের মাঝখানে মহারাজা হরিশ্চন্দ্র স্থাপিত শিব-বৈকুন্ঠেশ্বর | পশ্চিমে দন্ডপাণীশ্বর, মন্দিরের ভিতরে চক্রবেদীর মধ্যস্থলে  কাশীনাথ বিশ্বেশ্বর | তিনটি অংশে কাশী বিশ্বনাথ মন্দিরের কাঠামো গঠিত | প্রথমটি মন্দিরের উপরে একটি স্পায়ার আপস করে, দ্বিতীয়টি হল সোনার গম্বুজ আর তৃতীয়টি হল একটা পতাকা ও একটা ত্রিশূল বহনকারী গর্ভগৃহের উপর সোনার চূড়া | 

কাশীর মাহাত্ম্য হল রাজমন্দিরের অবারিত দ্বার | দলে দলে ইতর, ভদ্র সকল শ্রেণীর বালক বালিকা যুবতী বৃদ্ধা সব বয়সের স্ত্রী পুরুষ ফুল গঙ্গাজল বেলপাতা নিয়ে রাজাকে দর্শন করে, রাজাকে স্পর্শ করে সন্তোষলাভ করে | এই যাতায়াতের বিরাম নেই | অল্প পরিসরের প্রবেশ দরজায় সকলে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালেও কেউ কিছু মনে করেনা | সকলের প্রাণেই এক অপার্থিব আনন্দ বিরাজ করে |

কাশীর মন্দিরে দুপুরে ভোগ আরতি, বিশ্বনাথ চন্দন, পুষ্পমালায় সজ্জিত হন | ধূপ, কর্পূর, অগুরু গন্ধে মন্দির আমোদিত হয়, ডম্বরু, শঙ্খ, কাঁসর-ঘন্টা বাজতে থাকে | একজন ব্রাহ্মণ ব্যদন করেন, নয়জন ব্রাহ্মণ বেদ্গান করেন এবং আরতির প্রদীপ নিয়ে আরতি করেন | ভোগের সময় মন্দিরের দরজা বন্ধ থাকে |

সন্ধ্যাবেলা প্রথমে হয় দুগ্ধ অভিষেক, একটা ঘটিতে অতি সূক্ষ্ম ছিদ্র আছে | বিশ্বেশ্বরের মাথায় সেই ঘটি থেকে দুধের ধারা পড়ে | এরপরে গঙ্গাজলে অভিষেক করা হয় | বাবার শরীরে ঘি ও চন্দন মাখানো হয়, তারপরে চন্দন লেপে সারা শরীর সর্পাকৃতি করা হয় | মাথায় রক্তচন্দন, আতপচাল ও দূর্বা ও বেলপাতা দিয়ে আরতি করা হয় | শিঙ্গা, ডম্বরু বাজে, পাঁচজন ব্রাহ্মণ শম্ভ, শম্ভ, শম্ভু শব্দে আরতি করেন এবং পরে স্তুতিপাঠ করেন | 

প্রায় সকল সিদ্ধপুরুষ, সাধু ও পন্ডিতগণ কাশীকে অবলম্বন করে জীবন অতিবাহিত  করেছেন | এবং অনেকেই কাশী বাস করেছেন | পরম বৈষ্ণবভক্ত তুলসীদাস ১৫৫৬ খ্রিষ্টাব্দে কাশীতে বাস করেন- তিনি সংকটমোচন মন্দিরে রামায়ণ এবং গোয়ালদাস মহল্লার গোপাল মন্দিরের একটা ছোট ঘরে “বিনয় পত্রিকা” প্রভৃতি রচনা করেন | কুলুকভট্ট বঙ্গদেশ থেকে এসে কাশীবাস করেন এবং মনুসংহিতার টিকা রচনা করেন | রাজশাহীর নিসিন্দাবাসী উদয়নাচার্য্য মিথিলায় ন্যায়শাস্ত্র অধ্য়য়ন করে নৈয়ায়িক হয়েছিলেন , এরপরে কাশীতে এসে বৌদ্ধাচার্য্য জিক্ষ্মনিকে পরাস্ত করেন | এঁরা ১৪০০ শতকে কাশীতে ছিলেন | পূর্ববঙ্গের কোটালীপাড়া নিবাসী পুরন্দর আচার্য্যের পুত্র মধুসূদন  সরস্বতী কাশীতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন | চৌষট্টিযোগিনী মন্দিরের সামনে তাঁর আশ্রম ও মঠ ছিল | সাধককবি রামপ্রসাদের পুত্র রামগতি কাশীবাসী হয়েছিলেন | তাঁর কন্যা আনন্দময়ী কাশীতে টোল খুলে সভায় ন্যায়শাস্ত্র বিচার করতেন | তিনি “হটী বিদ্যালঙ্কার” বলে খ্যাত | 

প্রেম ভক্তির অবতার শ্রী শ্রী চৈতন্যদেব নীলাচল থেকে বৃন্দাবনে গিয়েছিলেন | বৃন্দাবন থেকে গৌড়ে ফেরার সময় ১৫১১/১২ খ্রিষ্টাব্দে কাশীতে আসেন, সেখানে সনাতনকে দীক্ষিত করে বৃন্দাবনে পাঠিয়ে দেন | তাঁর শিষ্য ভট্টমারী নিবাসী গোপাল ভট্ট তখন কাশীতে দাক্ষিণাত্য পন্ডিত প্রকাশানন্দ সরস্বতীর আশ্রমে ছিলেন | প্রকাশানন্দ ব্রহ্মচারী বৈদিক জ্ঞানমার্গ অবলম্বী ছিলেন | শ্রীচৈতন্যদেবের সাথে অনেক বাক বিতর্ক করে পরাজিত হন | তখন তিনি শ্রীচৈতন্যদেবের পান্ডিত্যে ও ভক্তিতে মুগ্ধ হয়ে “চৈতন্যচন্দ্রামৃত” গ্রন্থ রচনা করেন | এইভাবে নব নব ধর্মের প্রচারকগণ কাশীতে এসে জ্ঞান কর্ম ও ভক্তিযোগে কাশীকে সমৃদ্ধ করেছেন |

বারাণসী যুগে যুগে শিক্ষার একটি মহান কেন্দ্র | বারাণসী অধ্যাত্মবাদ, রহস্যবাদ, সংস্কৃতি, যোগ, জ্ঞান দর্শন ভক্তি, ভারতীয় শিল্প, কারুশিল্পের বিকাশ কেন্দ্র | ইংরেজ লেখক ও সাহিত্যিক মার্ক টোয়েন যিনি বেনারসের পবিত্রতা দেখে মুগ্ধ হয়েছিলেন, তিনি লিখেছেন “বেনারস ইতিহাসের চেয়ে পুরনো, ঐতিহ্যের চেয়ে পুরনো, কিংবদন্তির চেয়েও পুরনো এবং তাদের সকলকে একত্রিত করার জন্য দ্বিগুণ পুরোনো দেখায়”|

মহাভারত রচয়িতা কাশীরাম দাস, রাজা রামমোহন রায়, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কাশীতে বসবাস করেছিলেন | কানপুরের কনৌজ ব্রাহ্মণ সন্তান বংশীধর কাশীতে শাস্ত্র অধ্য়য়ন করে সন্ন্যাস গ্রহণ করেন | তিনি বিশুদ্ধানন্দ স্বামী নামে খ্যাত | রামানন্দ, পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সোহংস্বামী (শ্যামাকান্ত বন্দোপাধ্যায়), সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, জয়্পুররাজ দ্বিতীয় জয়সিংহের সভাপন্ডিত দিগ্বিজয়ী কৃষ্ণদেব ভট্ট, স্বামী দয়ানন্দ সরস্বতী, এছাড়াও প্রচুর সাধু-সন্ত জ্ঞানী ব্যক্তিগণ কাশীতে বসবাস করেছেন | কথিত আছে পুণ্যসলিলা গঙ্গায় ডুব দিয়ে জগন্নাথ মন্দিরের ছত্রি দর্শন করলেন সর্বপাপ ক্ষয় হয়, মানুষ মুক্তিলাভ করে | বারাণসীর গঙ্গার সমস্ত পাপ ধুয়ে ফেলার ক্ষমতা রয়েছে | যুগ যুগ ধরে হিন্দুদের জন্য চূড়ান্ত তীর্থস্থান কাশী |


কাশীর মাহাত্ম্য শুধু মন্দির নয়, বারাণসীর ঘাটে ও | যে কোনো একটা ঘটে গিয়ে মিনিট দশ দাঁড়ালেই মনে হবে এটা অন্য কোনো দেশ | গেরুয়া বসন পরা সাধু, মন্ত্রের উচ্চারণ, গনত্কারের মেলা, জল ছিটিয়ে স্নানের শব্দ, সন্ধ্যেবেলার আরতি, সব মিলিয়ে অদ্ভুত এক মাদকতা | 

মনিকর্ণিকা ঘাট বারাণসীর সবচেয়ে পবিত্র ঘাট | কারণ এখান থেকেই পাওয়া যায় মোক্ষ, পাওয়া যায় মুক্তি | এখানে বেশিরভাগই মৃত্যুপথযাত্রী বয়স্ক মানুষদের ভীড় দেখা যায় | তারা বিশ্বাস করেন এখানে মারা গেলে কর্ম থেকে মুক্তি পাওয়া যায় | এই ঘাটের চিতার আগুন কখনো নেভে না | সার সার মৃতদেহ সাজানো আছে, একের পর এক ডোমেরা সেগুলো নিয়ে যাচ্ছে | 

গঙ্গা নদী যেখানে অসি নদীর সাথে মিশেছে সেটাই হল অসি ঘাট | কথিত আছে দেবী দূর্গা শুম্ভ আর নিশুম্ভ নামক দুই দৈত্যকে হত্যা করবার পরে তাঁর অসি বা তরবারী এইঘাটে নিক্ষেপ করেছিলেন | সেই থেকেই এই ঘাটের নাম অসি ঘাট | এখানে মস্ত পিপল গাছের নীচে রয়েছে অতিকায় শিবলিঙ্গ | 

চেত সিং ঘাটের সাথে জড়িয়ে আছে নানা ইতিহাস | ১৭৮১ সালে এখানে ওয়ারেন হেস্টিংস আর চেত সিংহের লড়াই হয়েছিল | চেত সিং এখানে একটা কেল্লা তৈরী করেছিলেন সুরক্ষার জন্য | কিন্তু যুদ্ধে হেরে যাবার পর কেল্লাটি ইংরেজদের হাতে চলে যায় | নদীর চারটি তীর এই ঘাটের সঙ্গে যুক্ত | চেত সিং, নিরঞ্জনি, নির্বাণি ও শিভালা | আগে এই ঘাটের নাম ছিল খিড়কি ঘাট | ১৮ শতকের পুরনো এই ঘাটে তিনটি শিবমন্দির আছে | 

দ্বারভাঙ্গা ঘাট তৈরি করেন নাগপুরের অর্থমন্ত্রী শ্রীধর নারায়ণ মুন্সি | তাই এই ঘাটের অপর নাম মুন্সিঘাট | এখানে একটি ১৯০০ শতকের দুর্গ আছে, যার মালিক হল বিহারের একটি পরিবার | দুর্গ নির্মিত হয়েছে বেলেপাথর দিয়ে |

পুরাণ অনুসারে সিন্ধিয়া ঘাটে জন্মেছেন দেবতা অগ্নি | এই ঘাটের অন্যতম বৈশিষ্ট্য হল অর্ধেক জলমগ্ন শিবমন্দির | এই ঘাটকে অনেকেই সিদ্ধ্ক্ষেত্র বলেন | এখানে আছে ১৮ শতকের দুর্গামন্দির | বারাণসীর সবচেয়ে আনন্দময় ঘাট এটি | 

দশাশ্বমেধ ঘাটের আরতি খুব আকর্ষণীয় | পুরাণ বলে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ করার সময় দশটি ঘোড়াকে বলিদান করেন | তা থেকে এই নামকরণ হয়েছে | এখানে মূলত অগ্নিদেবতার পুজো করা হয় | এছাড়া সূর্য দেবতা, শিব ও গঙ্গা নদীর অরাধনাও করা হয় | এখানে আছে মহারাজ জয় সিংহ নির্মিত মান মন্দির | কলামন্দির ও দেখার মত | 

জয়পুরের মহারাজা মান সিংহ ১৬ শতকের মাঝামাঝি রাজপুত স্থাপত্যের মানমন্দির ঘাট নির্মাণ করেন | ১৭৩০ সালে সোয়াই জয় সিংহ দ্বিতীয় এখানে একটা অবজারভেটরি নির্মাণ করেন | এখানে রাখা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত যন্ত্রপাতি এখনো ভালো অবস্থায় আছে | 

কাশী বিশ্বনাথের মন্দির মহাদেবের অত্যন্ত প্রিয় | কাশীতে মৃত্যু হলে জন্ম-মৃত্যুর এই বৃত্তাকার চক্র থেকে মুক্তি পাওয়া যায় | এখানে যার মৃত্যু হয় স্বয়ং মহাদেব তাঁর কানে তারকমন্ত্র দেন বলে ভক্তদের বিশ্বাস | 

দেবাদিদেব মহাদেবের মন্দির ছাড়াও আরো দেবতাদের মন্দির, স্থাপত্য, গুণীজনের পদধুলি ধন্য কাশী সব কিছু নিয়েই বিরাজমান | কাশীর মাহাত্ম্য বর্ণনা করা সাধ্যাতীত | 

বিশ্বনাথ মহল্লার পশ্চিম ফটকের উপর মা অন্নপূর্ণার মন্দির | মা ভবানী অন্নদাত্রী, উপবাসী ব্যাস্দেবকে অন্নদানে তৃপ্ত করেছিলেন | কাশীবাসীর মৃত্যুশয্যায় মরণক্লেশ দূর করবার জন্য নিজের বস্ত্রাঞ্চল দিয়ে হওয়া করে ক্লেশ নিবারণ করেছিলেন | কাশীরাজ ভগবান মহেশ্বর এখানে নিজের ইচ্ছামত লীলা করছেন | সৃষ্টির প্রক্রিয়া অবিরাম অপ্রতিহতভাবে চলছে | মানবজাতি যখন মোহআবরণের আড়ালে থেকে নিজের গন্তব্য ও মোক্ষ দ্বারকে ভুলে যায়, তখন মহেশ্বর কৃপাবশে তাদের সামনে উপস্থিত হন | কাশীর বাবা বিশ্বনাথের মাহাত্ম্য এখানেই | 


তথ্যসূত্র—১) কাশী মাহাত্ম্য ও কাশী তীর্থের কথা --- ভারত সেবাশ্রম সংঘ 

২) কাশী বিশ্বনাথ মন্দির ----- উইকিপিডিয়া

৩) কাশী মাহাত্ম্য পর্ব ২ ও ৩ ---বিশ্বনাথ বাড়ি ও ভবানী অন্নপূর্ণার      বাড়ি ও কাশীবাসী মনীষীগণের বক্তব্য---১৩০ বৈঠকখানা রোড, নীলমণি সেনের বাড়িতে মা অভ্যা দুর্গার পূজা |

৪) বেনারসের এই আশ্চর্য ঘাটগুলোর প্রতি পরতে অপেক্ষা করছে অপার বিস্ময় --- দোয়েল ব্যানার্জী 

৫) মসজিদকে পাশে নিয়ে হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে কাশী বিশ্বনাথ মন্দির – সনাতন পন্ডিত 

৬) কাশী বিশ্বনাথ মন্দির সম্পর্কে এই অজানা তথ্য জানা আছে কি?—এই সময় 

৭) কাশী বিশ্বনাথ সম্পর্কে অজানা তথ্য – ইন্টারনেট 

...(সমাপ্ত)...

Monday, August 15, 2022

ব্যাগ বিভ্রাট

ছবি  : ইন্টারনেট 

ব্যাগ বিভ্রাট  
সবিতা বিশ্বাস 
                                             
চরিত্রলিপি                                                                                                
১) সুমন – মনিকার স্বামী                              
২) মনিকা – সুমনের স্ত্রী                                
৩) তিতির—সুমন ও মনিকার কন্যা                   
৪) মিনার মা—গৃহপরিচারিকা                           
৫) সান্টু—বেকার যুবক
৬) রিমলি—সান্টুর প্রেমিকা
৭) মিঠাই—রিমলির বান্ধবী
৮) মিলন – মনিকার বাবা
৯) প্রতিভা – মনিকার মা
১০) রাকেশ—সুমনের বন্ধু

প্রথম দৃশ্য
 
{মধ্যবিত্ত বাড়ির ড্রয়িং রুম কাম ডাইনিং রুমের চায়ের টেবিলে সুমন আর মনিকা | সুমনের পরনে বারমুডা টি শার্ট আর মনিকা হাউসকোট পরে আছে | চা খাওয়া শেষে সুমন চামচ দিয়ে কাপ প্লেট বাজিয়ে ঝুমুর গান গাইছে, মনিকা হাতের মোবাইলে রবীন্দ্রসঙ্গীত শুনছে জয়তী চক্রবর্তীর গলায় “বরিস ধরা মাঝে শান্তির বারি” |}
 
সুমন— লালে লাল পলাশবন/মন হল আজ উচাটন/মন মেতেছে মহুল ফুলের বাসে গো/আমার মন মেতেছে মহুল ফুলের বাসে/ও মোর সজনী, গোপনে সে আমায় ভালবাসে গো/গোপনে সে আমায় ভালোবাসে | তার ভালবাসার নাই ঠিকানা/যখন তখন আনাগোনা, থাকে আশেপাশে গো/থাকে আশেপাশে | মন মেতেছে মহুল ফুলের বাসে গো/মন মেতেছে মহুল ফুলের বাসে | ও সজনী গোপনে সে আমায় ভালবাসে গো/গোপনে সে আমায় ভালবাসে |
 
মনিকা—ওঃ সুমন! থামবে? এসব কি হচ্ছে? শান্তির বারির মধ্যে গোমূত্র দিয়ে দিলে! সকালবেলায় কি আজেবাজে গান গাইছ? কি যেন লাইনটা গাইলে—অ্যাই কি গাইছিলে? কি একটা ভালোবাসার কথা বলছিলে?
 
সুমন—(উচ্চস্বরে হেসে) ও হো—হো—শুনবে তুমি? দুর্দান্ত গান, মনি দুর্দান্ত গান--- গোপনে সে আমায় ভালোবাসে গো/ গোপনে সে আমায় ভালোবাসে |
 
মনিকা—(উঠে দাঁড়িয়ে দু’হাতে কান চাপা দিয়ে) থামো, থামো বলছি | যত্ত সব আজেবাজে গান | এটা কোনো গান হল? কোথা থেকে এইসব সস্তা, চটুল গান আমদানি করো? নাকি এ তোমার মনের কথা | অ্যাই ঠিক করে বলতো কি ব্যাপার! ডুবে ডুবে জল খাচ্ছো নাকি? দাঁড়াও দাঁড়াও মনে পড়েছে সেদিন বলেছিলে তোমাদের অফিসে দারুণ স্মার্ট, সুন্দরী একজন জয়েন করেছে | তুমি কি তার কথা বলছো?
 
সুমন— (ঠক করে টেবিলে কাপ নামিয়ে রেখে উঠে দাঁড়াবে) এটা কি বাড়ি? নাকি স্কুল? খালি জেরা আর জেরা, জেরায় জেরায় একেবারে জেরবার হয়ে গেলাম | রবিবার ছুটির দিন, চা খেতে খেতে দোলা রায়ের একটা ঝুমুর গান গাইছি সেটাও সহ্য হলনা | অবশ্য ঝুমুর গানের কথা তোমাকে বলে লাভ নেই কিছু | এসব বিষয়ে তোমার কোনো ধারণাই নেই | ধুস্ থাকো তুমি আরাম করে, চোখ বুজে রবীন্দ্রসঙ্গীত শোনো | আমি চললাম |
 
মনিকা— (চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে সুমনকে বলবে) চললাম, চললাম মানে? কোথায় চললে চাঁদু? খবরদার! সকালে আমার মাথাটা গরম করে দিওনা | বাজারটা কে করবে শুনি? দাঁড়াও, এক পা-ও নড়বে না | আমি ফর্দ আর ব্যাগ নিয়ে আসছি | (মনিকা ভেতরে চলে যাবে)
 
সুমন--- (স্বগোতক্তি করবে) নাঃ! কাটতে পারলাম না | একটা দিন ও নিজের মত করে এনজয় করতে পারলাম না |
 
মনিকা---- (ফর্দ আর দুটো বড় বড় ব্যাগ এনে সুমনের হাতে ধরিয়ে দেবে) এই নাও, যা লেখা আছে সব ঠিকমত আনবে |
 
সুমন— (ফর্দ খুলবে, বিরাট লম্বা ফর্দ দেখে চমকে উঠবে) ওরে বাবা! এ যে বিরাট লিস্টি | এটা কি বিয়েবাড়ির ফর্দ লিখেছো নাকি? আমি এত সব আনতে পারবোনা | রবিদাকে হোয়াটস আপ করে দাও, পাঠিয়ে দেবে | জাস্ট মাটনটা এনে দিয়ে যাচ্ছি | আমার কাজ আছে, অমিতদার বাড়ি যাবো |
 
মনিকা— (মুখ ভেঙ্গিয়ে) বা, বা, বা বেশ বললে! পারবো না | আর রবিদার কথা বলছো? তুমি কি ভেবেছো আমি কল করিনি? রবিদার মা বাথরুমে পড়ে গেছে, তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছে তাই দোকান খোলেনি |
বাজার তাহলে কে করবে? আমি? কান খুলে ভালো করে শুনে নাও, যেখানে খুশি সেখানে যাও কিন্তু তার আগে বাজার করে তবেই যাবে | তুমি ভালো করেই জানো, আমার কথা না শুনলে কি হবে?
 
সুমন— কি হবে মানে? কি হবে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো নাকি?  
ওই একটা কাজই তো পারো, কিছু হল কি না হল ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি হাঁটা |
 
মনিকা—না মশাই, আজ আর বাপের বাড়ি যাচ্ছি না | আর লাঞ্চ করতে হোটেলেও যাচ্ছি না | আজ তোমার শ্বশুর, শ্বাশুড়ি আসছেন, অতএব শ্বশুরের সুপুত্র লিস্ট মিলিয়ে চটপট বাজারটা করে আনো | অবশ্য যা ডোজ দিলাম
(হেসে গড়িয়ে পড়বে)  না গিয়ে উপায় আছে? তোমার দৌড় আমার জানা আছে সুমন বাবু! বলে কিনা বাজার যাবেনা! হি—হি—হি--- (হাসি)
(রাগে গজগজ করতে করতে সুমন ব্যাগ আর ফর্দ নিয়ে বেরিয়ে যাবে) (নেপথ্যে বাইক স্টার্ট দেবার শব্দ)
সুমনা--- (স্বগোতক্তি) কিন্তু এত বেলা হল মিনার মা তো এখনো কাজে এলোনা! রবিবার দেখে সেও কি ডুব দিল নাকি? আর একটু পরেই তিতিরকে নিয়ে মা বাবা চলে আসবে | কিচ্ছু কাজ হয়নি, জলখাবার করতে হবে | ধ্যাত্ ভাল্লাগেনা | (মঞ্চ থেকে চলে যাবে)
 
(দ্বিতীয় দৃশ্য)
 
{মনিকার বাবা মা মিলন বাবু আর প্রতিভা দেবী নাতনি তিতিরকে (পাঁচ বছর বয়স) নিয়ে বড় বড় দুটো ট্রলি ব্যাগ নিয়ে মঞ্চে{গ্রিল ঘেরা বারান্দা} ঢুকবে |}
 
তিতির— (হাতে একটা বার্বি ডল) মা—মা—ও মা, মা মা---আ---
 
মনিকা— (ঘর থেকে তড়িঘড়ি বেরোবে, নাইটিতে হাত মুছতে মুছতে ) ও মা! তোমরা এসে গেছো? (মা বাবাকে প্রণাম করবে) |
 
 তিতির—আমিও এসেছি | তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না? (মুখ ঘুরিয়ে থাকবে)
 
মনিকা—তাইতো, তাইতো! আমি তো দেখতেই পাইনি | কোথায়-- কোথায় আমার তিতু সোনা! (কানামাছি খেলার মত ভঙ্গি করে মেয়েকে জড়িয়ে ধরবে |) এইতো আমি পেয়ে গেছি আমার সোনা মাকে | 
 
তিতির—আমি কথা বলবো না তোমার সঙ্গে, আমার বেবিকে একটুও আদর করলে না তুমি | তোমার সঙ্গে আড়ি-আড়ি-আড়ি |
 
মনিকা—কই কই কই তোমার বেবি? কি সুন্দর! এটা কে দিয়েছে তোমায়? দিদুন? (তিতির মাথা নাড়বে) উ—উ—উ—উম মা | এই তো কত্ত আদর করে দিলাম তোমার বেবিকে | এবার তুমি খুশি হয়েছ? বেবিকে নিয়ে একটু খেলা করো, আমি দিদুন-দাদানের সঙ্গে কথা বলি | (তিতির মায়ের হাত ছাড়িয়ে মঞ্চের একপাশে বসে পুতুল খেলবে)
 
প্রতিভা—--মনি সুমন কই রে! তাকে তো দেখতে পাচ্ছিনে |
 
মিলন--- দেখতে পাবে কি করে? দেখো হয়তো পড়ে পড়ে ঘুমোচ্ছে | যা কুঁড়ে জামাই তোমার! তখন পই পই করে বলেছিলাম, ও ছেলে একটা মাকাল ফল, কোনো গুণ নেই, তা তোমরা মা-মেয়ে জামাইয়ের রূপ দেখে পাগল হয়ে গেলে | এখন বোঝো!
 
প্রতিভা— খবরদার! একদম বাজে কথা বলবে না | বুড়োর কথার ছিরি দ্যাখো, বলে কিনা মা-মেয়ে জামাইয়ের রূপ দেখে--- মাগো মা! এ কথা শোনাও পাপ |
 
মিলন--- পাপ? পাপের কি হল? বলোনি, বলোনি তুমি? আহা! কি সুন্দর কার্তিকের মত ফিগার!
 
প্রতিভা—হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম | তা ভুলটা কি বলেছিলাম শুনি! জামাই আমার রূপে কার্তিক | তুমি যখন আমায় বিয়ে করেছিলে অসুরের মত চেহারা ছিল তোমার | আমার হাতে পড়ে তবে তো শ্বশুর হলে!
 
মিলন--- অসুর থেকে শ্বশুর! মাঝখানের চ্যাপ্টারগুলো বেমালুম গায়েব করে দিলে! এই—এই—জন্যে তোমার সঙ্গে কোনদিন---
(তিতির দাদান-দিদুনের ঝগড়া শুনে ভয় পেয়ে কেঁদে মাকে জড়িয়ে ধরবে )| (মেয়েকে জড়িয়ে ধরে মনিকা আদর করবে)
 
মনিকা--- আঃ মা | থামো তোমরা, এসেই শুরু করে দিলে | সুমন মোটেও পড়ে পড়ে ঘুমোচ্ছে না, বাজারে গেছে | তোমরা এখন চলো, হাত মুখ ধুয়ে জলখাবার খাবে | লুচি আলুরদম করেছি | আর বাবা তোমাকে বলছি আগেরবারের মত পালাই পালাই করবে না | দু’দিন থাকবে |
 
 মিলন— দু’দিন কিরে! এবার তো আমরা থাকবো বলেই এসেছি | দেখছিস না, কতগুলো লাগেজ গুছিয়ে এনেছে তোর মা |
 
মনিকা--- থাকবে মানে? ক’দিন?
 
মিলন--- কদিন কিরে? বলতে পারিস বছরের বেশিরভাগ সময়টা তোদের সাথে কাটাবো | একেবারেই যে বাড়ি যাবোনা, তা নয় | বাড়িতে ভাড়া বসিয়েছি, খোঁজ খবর না করলে তারা চেপে বসবে | জবরদখল করাও বিচিত্র নয় | তাই--- মাঝে মাঝে---
 
প্রতিভা— হ্যাঁ রে মনি, এবার আমরা সব গুছিয়ে এনেছি | প্ল্যান প্রোগ্রামও রেডি | তোর বাবা বলল, তোদের দুটো ঘর বলে আমাদের এখানে থাকাই হয়না | একটাতে তোরা থাকিস, আর একটাতে তিতির দিদিভাইকে পড়াতে আসে, ছবি আঁকাতে, নাচ গান শেখাতে | তাই—
 
মনিকা—(হতভম্ব হয়ে) তাই? তাই কি করবে? কি প্ল্যান করেছো?
 
মিলন— তাই এবার তোদের শোবার ঘর লাগোয়া আর একটা ঘর তৈরী করবো | দুটো ঘরের মাঝখানে দরজা থাকবে | তাহলে আর ব্যালকনি দিয়ে তোদের ঘরে যেতে হবেনা | কাল থেকেই রাজমিস্ত্রি আসবে | প্ল্যান, এস্টিমেট সব রেডি | সুমনকে কিচ্ছু করতে হবেনা | অফিস থেকে পারসোনাল লোন তুলে আমার হাতে দিলেই হবে | কোনো ব্যাপারে তোদের মাথা ঘামাতে হবেনা | তোদের কিচ্ছু চিন্তা করতে হবেনা | তোর মা যতই আমাকে বুড়ো বলুক আমি এখনো সুমনকে বলে বলে গোল খাওয়াতে পারি | বুঝলি? এই দ্যাখো, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন মনি? নে চল চল | ওদিকে লুচি ঠান্ডা হয়ে গেল! চলো দিদিভাই, তাড়াতাড়ি চলো | (নাতনিকে নিয়ে দাদু দিদা মঞ্চ থেকে চলে যাবে)
 
মনিকা— (মাথায় হাত দিয়ে) হা ভগবান! বাবা এসব কি বলছে? আমাদের ঘরের পাশে, আবার মাঝখানে দরজা! ইমপসিবল, এটা হতেই পারেনা | সুমন আসার আগেই বাবার প্ল্যান বাতিল করতে হবে, নাহলে বাবা সুমনকে ঠিক রাজি করিয়ে ফেলবে | সে তো আবার শ্বশুরকে অসুরের মতই ভয় করে | সত্যি সত্যি যদি বাবা ঘর করে আর ওরা এখানে পার্মানেন্টলি থাকে তাহলে বাবা-মাকে বাড়ি ছেড়ে দিয়ে আমাদের অন্য কোথাও চলে যেতে হবে | ওঃ কি যে করি! আমার মাথায় কিচ্ছু আসছে না | সুমন যে কেন এখনো আসছে না! ( মঞ্চ থেকে চলে যাবে)
 
(তৃতীয় দৃশ্য)
 
{বাজারের চায়ের দোকানে ভাঁড়ে চা খেতে খেতে সুমন, রাকেশ গল্প করছে}
 
রাকেশ— সত্যি এবারের প্যারালিম্পিক্স দারুণ এনজয় করেছি | ভারত অতগুলো পদক পাবে জাস্ট ভাবা যায়নি | সরকারের উচিত ক্রিকেট ক্রিকেট না করে এদিকে একটু বেশি করে নজর দেওয়া |
 
সুমন— একদম ঠিক বলেছ রাকেশদা | গ্রামের কত ছেলে মেয়ের প্রতিভা থাকা সত্ত্বেও মাঝপথে সব বন্ধ করে দিতে হয় শুধুমাত্র অভাবের জন্য | আমাদের শিলিগুড়ির মেয়েটা! কি ট্যালেন্ট! অথচ অফ সিজনে চা বাগানে কামিন খাটে | এই করলে কি কনটিনুইটি থাকে?
 
রাকেশ—হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট বলেছিস | তুই অত দূর যাচ্ছিস কেন? আমাদের বাজারেই মাছ বিক্রি করতো – কি যেন নাম--- আচ্ছা ছাড়, ওসব কথা থাক এখন, আমাদের সেই প্ল্যানটার কি হলো?
 
সুমন—কোনটা বলোতো? হ্যাঁ—হ্যাঁ মনে পড়েছে | হা-হা-হা-- অপারেশন মন্দারমণি | সে তো দেরী আছে, কিন্তু একটা প্রবলেম —
 
রাকেশ— সুমন, নো-নো, ওসব প্রবলেম ট্রবলেম গুলি মারো | বাড়িতে এই ট্রিপ নিয়ে বৌয়ের সাথে নো ডিসকাসন | সারাক্ষণ ল্যাংবোটের মত লেপ্টে আছে সব | এবার শুধু আমরা চারজন, আমি, তুই, অর্ণব, নিলাদ্রী | একদম কলেজ লাইফের মত, খানা পিনা একেবারে জমিয়ে মস্তি! হা—হা—হা—
 
সুমন— এই রাকেশদা, খুব দেরী হয়ে গেল | আমি যাই – বাজারটা এখনো কমপ্লিট হয়নি |
 
রাকেশ --- আরে যাবি—যাবি, অত তাড়া কিসের? এই সুমন, দেখ—দেখ ওটা সান্টু না? সকালেই কি মাঞ্জা দিয়েছে মাইরি! দাঁড়া ডাকি, এই সান্টু--- সান্টু-----
 
সুমন--- রাকেশদা আমাকে ছেড়ে দাও প্লিজ | আজ সত্যিই একটু তাড়া আছে |
 
রাকেশ--- কিরে, শ্যালিকা আসছে নাকি বাড়িতে? ওহ্ তোর তো আবার কপাল খারাপ, তোর বউয়ের কোনো বোন নেই | বুঝলি সুমন, শ্যালিকা হল ‘বাই ওয়ান গেট ওয়ান’ | ফ্রিতে চার্ম বেশি | (নিজের রসিকতায় নিজেই হাসবে)
 
সান্টু— (বড় একটা প্যাকেট নিয়ে মঞ্চে আসবে) রাকেশদা কিছু বলবে? আজ একটু ব্যস্ত আছি | বৌদিকে বোলো আমি নেক্সট উইকে কাজটা শিওর করে দেবো |
 
রাকেশ— আচ্ছা, আচ্ছা সে বলে দেব’খন | কিন্তু তোর কি ব্যাপার! সকালেই এত মাঞ্জা দিয়ে চললি কোথায়? ব্যাগে কি আছে রে? হেব্বি সেন্টু বের হচ্ছে! (সান্টুর চুলে হাত দিয়ে) পুরো শারুখ খান লাগছে মাইরি | কিন্তু কিছু একটা চেপে যাচ্ছিস মনে হচ্ছে | লগতা হে কুছ গড়বড় হ্যায় |
 
সান্টু— কি যে বলোনা রাকেশদা! গড়বড় আবার কি! সুমনদা যাবে? চলো তোমার বাইকেই যাই | (ব্যস্ত হয়ে চলে যাবে)
 
সুমন—ঠিক আছে চল | এই নে চাবি, গাড়ি স্টার্ট দে | চলি গো, রাকেশদা |
 
রাকেশ— যাবি? কিন্তু বুঝলি সুমন, কেস ঠিক লাগলোনা | ডাল মে কুছ কালা হ্যায় | আরে রেশন ডিলার ঘনশ্যাম গোলদারের মেয়েটাকে কব্জা করেছে ব্যাটাচ্ছেলে | ওই রিমলির সব ভালো, একটু তোতলা আছে এই যা | জপিয়ে জাপিয়ে বগলদাবা করতে পারলেই রাজত্ব রাজকন্যা সব ওর | ব্যাটা কোটি টাকার লটারি পেয়ে যাবে | কিন্তু এত সকালে কোথায় যাচ্ছে কোথায়? নাঃ পাত্তা লাগাতে হচ্ছে | গন্ধটা ঠিক সুবিধের মনে হচ্ছে না | তোর বাইকেই তো যাচ্ছে, নোটিশ করিস |  
 
সুমন— করবো, করবো | তুমি পাত্তা লাগাও রাকেশদা, জানতে পারলে আমায় জানিও | আমি চললাম | বাড়িতে শ্বশুর শ্বাশুড়ি আসবে |
(মঞ্চ থেকে দু’জনেই চলে যাবে)
 
(চতুর্থ দৃশ্য)

(মনিকার শোবার ঘর | স্নান করে শাড়ি পরেছে, চুল আঁচড়াতে আঁচড়াতে মায়ের সঙ্গে কথা বলছে | তিতির একগাদা পুতুল বিছানায় ছড়িয়ে খেলা করছে)
 
মনিকা— দেখলে মা তোমার জামাইয়ের কান্ডটা দেখলে? এতখানি বেলা হল, বাবুর এখনো বাজার সেরে বাড়ি ফেরা হলনা | পুরো বাজার উঠিয়ে আনলেও তো এত সময় লাগবেনা |
 
প্রতিভা— আমিও তো তাই ভাবছি, কি অত বাজার করছে! এত বেলা হল, ছেলেটা টিফিন করেনি | এরপরে পিত্তি পড়ে যাবে তো! মনি সুমন কি বাইক নিয়ে বেরিয়েছে?
 
মনিকা— হ্যাঁ, তা তো গেছেই | বাইক ছাড়া বাবু এক পা চলতে পারেন না | আসলে পক্ষীরাজে না চড়লে হিরো হবেন কি করে? মাঝে মাঝে পাড়ার সুন্দরী দিদি বৌদিদের লিফ্ট দিতে হবেনা?
 
প্রতিভা— মনি এসব কি হচ্ছে? মুখটাকে লাগাম দাও | পুরুষমানুষের পিছনে সারাদিন খ্যাঁচ খ্যাঁচ করতে নেই, তাহলে তার মন তো অন্যদিকে যাবেই | তারপরে যদি আবার সুমনের মত হ্যান্ডসাম পুরুষ হয়!
 
মনিকা— মা—আ--তুমিও মুখে লাগাম দাও | বাবা ঠিকই বলে মাঝে মাঝে তুমি ভুলে যাও সুমন তোমার জামাই, ছেলের মত |
 
প্রতিভা— ছেলের মত কি রে! ছেলে বল, কিন্তু যাই বলিস মনি আমার সুমনের জন্যে খুব চিন্তা হচ্ছে | মার্কেটে যা ভীড়! তোর আক্কেলটা কি বলতো, ছেলেটাকে এতক্ষণ একটা ফোন করিসনি?
 
মনিকা—কাকে ফোন করব মা? ফোন নিয়ে গেলে তো? সকালবেলাতেই আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে ফোন না নিয়েই বাবু গজগজ করতে করতে বাইকে স্টার্ট দিলেন |
 
প্রতিভা—তোকে কতবার পইপই করে বলেছি, কোথাও বেরোনোর সময় ঝগড়া করবিনে, পেছনে ডাকবিনে | তা সেসব কথা তো তোর কানেই যায়না | এখনো এলোনা, ছেলেটা আবার অ্যাক্সিডেন্ট ফেন্ট করে বসলো না তো!
 
মনিকা— (চীত্কার করে উঠবে) মা---- থামো | এসব কি বলছো তুমি?
 
মিনার মা— (মঞ্চে ঢুকবে) আরে বাবা, ওসব কিচু হয়নিকো | দাদাবাবুকে দেখলাম কোতায় যেন যাচ্চে, গাড়ির পেছনে ওই ছোড়া সান্টু বসে আচে |
 
মনিকা—দেখলে মা দেখলে, তুমি বলছিলে কি না কি হয়েছে | একবার বাইরে বেরোতে পারলেই হয়, আড্ডা, আসর বাসর করে তবে তিনি বাড়ি আসবেন |
 
মিনার মা— (মুখে আঁচল চাপা দিয়ে হাসবে) ও কি বললে গো বৌদি? বাসর করলি তুমার সাতেই করবে, অন্য জাগায় যাবে কেন? আমার দাদাবাবুর কি চরিত্তির খারাপ নাকি? তাই না মাসিমা, কতাডা ঠিক বলিনি?
 
মনিকা— হয়েছে, আর মাসিমাকে সাক্ষী করতে হবেনা | বেলা দশটায় এসে আর ডায়লগ দিতে হবেনা? তোমাকে যে কাল অত করে বলে দিয়েছিলাম তিতিরকে নিয়ে মা বাবা আসবে,একটু আগে এসো | সে কথা বুঝি এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিয়েছো?
 
প্রতিভা— সত্যি মিনার মা, গেরস্ত বাড়িতে এত বেলা পর্যন্ত বাসি ঘরদোর ফেলে রাখলে অমঙ্গল হয় | এক ঘন্টা আগে আসতে পারোনা!
 
মিনার মা—  জানি মাসিমা সপই জানি | কিন্তু আমার তো দুটোই হাত না কি? ভগমান তো আমারে মা দুগ্গার মত দশটা হাত দেয়নিকো | আবার এক বাড়ি কাজ করলি তো পেট চলেনা | পাঁচ বাড়ি খেটি খেতি হয় |
 
সুমনা—পাঁচ বাড়ি? মিথ্যে কথা বোলোনা মিনার মা | আট বাড়ি কাজ করো তুমি | দিনদিন কাজ বাড়িয়েই যাচ্ছ | সামাল দিতে পারছোনা, তবুও |
 
মিনার মা--- দেখো বৌদি, পিন করি কতা বোলোনি | মাগনায় তো তোমরা আমারে কেউ মাইনে দাওনা |  আমার ক্ষ্যামতা থাকলি আট কেন ষোলো বাড়িতে কাজ করবো | তুমরা কি আমারে মাইনে বেশি দিবা? তা য্যাকন দিবা না ত্যাকন অত কতা কেন? তুমাদের না পুষায় অন্য লোক দেকে নাও | মিনার মা অত কতা শুনতি রাজি না, এই আমি পস্কের করে বলে দিলাম | গতর থাকতি আবার কাজের অভাব?
 
মনিকা— আঃ—মা তোমার অত কথা বলার দরকার কি? একটু চুপ করে থাকতে পারোনা! দেখছো, আমি কথা বলছি | মায়ের কথায় কিছু মনে কোরোনা মিনার মা | মায়ের বয়স হয়েছে, মাথার ঠিক নেই | (গলায় মধু ঢেলে) মিনার মা তোমার জন্য লুচি আলুরদম রেখে দিয়েছি, আগে খেয়ে নাও তারপরে কাজে হাত দাও |
 
মিনার মা— ও তুমি একন রেকে দাও বৌদি, যাবার সময় একটা টিফিন বাটি করে দিয়ে দিও, ছেলের জন্যি নে যাবো | ছেলেডা নুচি খেতি খুপ ভালবাসে | দুটো রসোগোল্লাও দিয়ে দিওখন | মাসিমা কি আর খালি হাতে মেয়ের বাড়ি এয়েচে? নিশ্চয় বড় হাঁড়ি নিয়ে এয়েচে | মেসোমশাইয়ের তো আবার নজর খুপ উঁচু | (কোমরে কাপড় জড়াতে জড়াতে) আমি যাই, আগে ঘরগুলো পস্কের করেনি | 
 
প্রতিভা—(চাপা গলায়) দেখলি মিনু তোর এই মিনার মা কেমন ধড়িবাজ | কেমন কায়দা করে মিষ্টির কথাটা বলল! আর তুই আমার নামে বানিয়ে বানিয়ে কতগুলো কথা বললি ওকে | মা বুড়ো হয়ে গিয়েছে, মাথার ঠিক নেই | নিজের মাকে কাজের লোকের সামনে ছোট করতে তোর একটুও বাঁধলো না মনি? মিনার মা আমার সম্পর্কে কি ভাবলো বলত?
 
মিনার মা— (চলে যেতে যেতে ঘুরে দাঁড়াবে) আমারে কিছু বলচ মাসিমা?
মনিকা— (নকল হাসি হেসে) না, না কিছু বলছে না, মা বলছিল মিনার মা খুব পরিষ্কার কাজ করে | থালা-বাসন এমন ঝকঝক করে যে মুখ দেখা যায় | বলছি তোমার ছেলে এখন কেমন আছে গো? সেদিন বলছিলে পেটের ব্যথায় রাতে ঘুমোতে পারেনি |
 
মিনার মা— ভালো আছে বৌদি, ভালো আছে | তুমাদের আশিব্বাদে একন ভালো আচে | আর বোলোনি, ওই নেতুর পাল্লায় পড়ে তেঁতুল গুলা জল, ওই ফুচকা গো, তাই খেয়ে এমন হয়িচিল | ছেলি খেতি চায়নি তাও নেতু জোর করি—কি বলবা বলো, পাড়ার ছেলে কিছু বলাও যায়না | সবার সাথে সদ্ভাব রেকে চলতি হয়! তবে আমিও নেতুর মাকে ছেড়ি দিই নি | চাড্ডি কতা শুনিয়ে দিইচি | বলে কিনা—আমার ছেলের দোষ! ও- মা-গো- উনার নেতু একেবারে ধুয়া তুলসীপাতা! সেসব কতা বলতি গেলি সাতকাহন | যাই আমি কাজ সেরেনি, দেরী হলি উদিকি পাবলোর মা খচে বোম হয়ে যাবিনি | (চলে যাবে)
প্রতিভা— মনি আজ কি রান্না করবি, চল আমি গিয়ে সব্জিগুলো কেটে দিইগে |
তিতির—দিদুন আমিও মাকে হেল্প করবো |
প্রতিভা—তুমিও করবে? সোনা আমার | চল, চল আমরা সবাই যাই |
 
(সবাই মঞ্চ থেকে চলে যাবে)
 
(পঞ্চম দৃশ্য)
 
(ড্রয়িংরুম-- ঘেমে নেয়ে সুমন বাজার থেকে দুটো ব্যাগ নিয়ে ফিরবে)
 
সুমন— মনিকা—মনিকা—ও মাই ডার্লিং—দেখো আজ তোমার ফেভারিট জিনিস এনেছি |
 
প্রতিভা— (এক গ্লাস নুন চিনির জল এনে) বোসো বাবা বোসো, ফ্যানের তলায় বসে খানিক জিরিয়ে আগে এই নুন চিনির সরবতটা খেয়ে নাও বাবা | ইস্ একেবারে ঘেমেনেয়ে গেছে ছেলেটা! বাইরে যা রোদ্দুর! (আঁচল দিয়ে সুমনের মুখ মুছিয়ে দেবে)
 
মনিকা— মা! ও কি করছো? তোমার আঁচল দিয়ে ওর মুখ মুছিয়ে দিচ্ছো কেন? সরো, সরো আগে আমাকে  মাটনের প্যাকেটটা নিতে দাও, ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রাখি | (ব্যাগ ঘাঁটবে, ফুলের মালা পাবে) এসব কি এনেছ সুমন? মাটন কই? ও মা মাগো! তোমার জামাইয়ের কান্ড দেখো, পাঠালাম মাটন আনতে, উনি সকালেই গোড়ের মালা নিয়ে হাজির |
সুমন—কি যা-তা- বলছো মনি? আমি মালা আনতে যাবো কেন? আমি কি বিয়ে করতে যাচ্ছি যে মালা টোপর কিনে আনবো?
মনিকা--- ও মাগো আমার কি হবে গো? এ তো সত্যি সত্যি টোপর নিয়ে এসেছে ---(কান্না)
সুমন—  (জিভ কেটে) ও হো-হো- দারুণ ভুল হয়ে গেছে | মনি, মনি প্লিজ আমার কথাটা শোন একবার—
 ( বিয়ের বেনারসি পরে মাথায় ঘোমটা দিয়ে রিমলি মঞ্চে আসবে, সঙ্গে ওর বন্ধু মিঠাই)
মিঠাই— সুমনদা মালা টোপর তুমি নিয়ে এসেছো?
প্রতিভা—  এই মেয়ে, তুমি কে? তোমার সঙ্গে এই মেয়েটাই বা কে? মুখটা অমন করে ঢেকে রেখেছে কেন? মালা টোপর মানে?
 
মিঠাই— ও রিমলি, আমার বন্ধু | আসলে আজকে ওর বিয়ে তো তাই লজ্জা পাচ্ছে |
 
মনিকা--- বিয়ে? একেবারে বিয়েতে পৌঁছে গেছো? ও বাবা গো, আমার কি হবে গো—ওরে তিতির রে, তোর বাবা বিয়ে করছে রে!
 
মিঠাই—আপনি ভুল বুঝছেন বৌদি, রিমলির বিয়ে ঠিকই, তবে বিয়েটা---
 
মনিকা—বিয়েটা--- বলো থামলে কেন? বিয়েটা? (রিমলির মুখের ঘোমটা সরিয়ে দেবে) কা-র কা—র সঙ্গে বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না | তোমার বিয়ে, টোপর মালা আমাদের বাড়ি | এই রিমলি ঠিক করে বলো কার সঙ্গে বিয়ে?
 
রিমলি— (তোতলাবে) ব—ব—ব—লছি বৌদি, ব---ব---ব--- লছি | স—স---স----স---
 
মনিকা--- (কাঁদবে) ও মাগো আমার এ কি সর্বনাশ হল গো! শুনলে মা, তুমি শুনলে সুমন আবার বিয়ে করছে | এই যে সারাক্ষণ জামাইয়ের সুখ্যাতি করো, দেখলে তো তোমার জামাইয়ের পেটে পেটে কি শয়তানি বুদ্ধি! তিতির রে তোর বাবার আবার বিয়ে | ও মা—গো---
 
সুমন--- মনি কি হচ্ছে এসব? থামো, থামো বলছি | সিন ক্রিয়েট কোরোনা |
 
তিতির--- (হাততালি দেবে) কি মজা! কি মজা! বাবার বিয়ে! কি মজা! ও মা বাবার বিয়ে দেখবো |
মনিকা--- (ঠাস করে মেয়ের গালে চড় মারবে) বাবার বিয়ে দেখবে? করাচ্ছি বিয়ে! (সুমনের কলার চেপে ধরবে)
সান্টু— (হাতে ব্যাগ নিয়ে ঢুকবে) সুমনদা, কি কেলো মাইরি! --- এ কি বৌদি সুমনদাকে মারছেন কেন? কি করেছে সুমনদা?
মনিকা— কি করেছে? যা করেছে তা ভালই করেছে | (টোপর মালা হাতে নিয়ে) তোমার সুমনদা মাটন না এনে এগুলো এনেছে | তিনি বিয়ে করবেন ওই রিমলিকে | তা, তুমি কি বরযাত্রী?
মিঠাই -- না—না এসব কি বলছেন বৌদি? আপনি বুঝতে ভুল করছেন? রিমলির বিয়ে স—স—স—
রিমলি—আ—আ--- আমিও তা---তা---তাই বলছি, আমার বিয়ে স---- স---- স----
সান্টু--- সান্টুর সাথে | আমার সাথে রিমলির বিয়ে | মিঠাই তুমিও রিমলির সাথে থেকে তোতলা হয়ে গেলে?
মনিকা—  ম—ম—ম----মানে?
সুমন— মানে আবার কি? ব্যাগ বদল হয়ে গেছে | সান্টু আমার বাইকে উঠেছিল, ওকে মন্দিরে নামিয়ে দিয়ে আসার সময় ব্যাগ পাল্টে যায় | আর না বুঝে, না জেনে যত্ত সব উল্টো পাল্টা ব্লেম |
প্রতিভা—আমিও তো তাই—ই বলছি, সুমন আমার অমন ছেলেই নয় |
সান্টু--- আপনি থামুন মাসিমা, আমি বুঝিয়ে বলছি |                       
সুমনদা আমাকে মন্দিরে নামিয়ে চলে যাবার সময় আমিই ভুল করে অন্য ব্যাগ নামিয়ে নিয়েছিলাম | সুমনদা চলে যেতেই খেয়াল হলেও কিছু করার ছিলনা | সুমনদা বোধ হয় ফোনটা বাড়িতে ফেলে গেছে, ফোনেও যখন পেলাম না তখন মিঠাইকে ফোন করে বলি রিমলিকে নিয়ে আসার সময় যেন সুমনদার কাছ থেকে মালা টোপর নিয়ে আসে | মাইরি বৌদি, আপনি পারেনও বটে! টোপর আর মালা দেখেই ধরে নিলেন সুমনদা বিয়ে করছে | মিঠাইয়ের ফোন পেয়ে না এলে তো বিরাট কিচাইন হয়ে যেত | নিন আপনার ব্যাগ নিন বৌদি |
রিমলি—আ---মি ---ও---তো তাই বলছি | ব-ব-ব—দি পা-আ-ত্তাই দিচ্ছেনা |
সান্টু--- (রিমলির হাত ধরে) এবার থেকে আর তোমায় কোনো কথা বলতে হবেনা রিমু ডার্লিং, সব কথা আমিই বলবো | চলো মিঠাই, কুইক | (তিনজন চলে যাবে)

ষষ্ঠ দৃশ্য

(সুমন আর মনিকার শোবার ঘর) (মনিকা লুচির প্লেট নিয়ে দাঁড়িয়ে, সুমন মুখ গোমড়া করে চেয়ারে বসে আছে )
সুমন— বিরক্ত কোরোনা মনিকা, আমি খাবোনা | আমার খিদে নেই |
মনিকা—মনিকা! তুমি আমায় মনিকা বলে ডাকছো? আমি তো ক্ষমা চাইলাম, বললাম আমার ভুল হয়ে গেছে | এমন ভুল আর কক্ষনো হবেনা | প্লিজ খেয়ে নাও সোনা, তুমি খাওনি বলে আমিও তো এতক্ষণ না খেয়ে আছি | (একটু ঘনিষ্ঠ হয়ে প্লেট থেকে খাইয়ে দিতে যাবে এই সময় দরজা খুলে ঢুকবে মিনার মা, পিছন পিছন সান্টু, রিমলি, মিঠাই, প্রতিভা, মিলন, তিতির)
সান্টু— আমাদের বাঁচাও সুমনদা, রিমলি বাড়ি থেকে পালিয়েছে সেটা ওর বাড়ির লোক জেনে গেছে | মন্দিরের পুরোহিতকে কিডন্যাপ করেছে রিমলির বাবা | আমাদের বিয়ের কি হবে? এরপরে একবার যদি রিমলির খোঁজ পায় তাহলে আর কোনোদিন আমি ওকে পাবোনা | প্লিজ বৌদি, যেভাবে হোক আমাদের বাঁচান |
মনিকা--- আমি মানে আমরা কি করবো? তোমাদের জন্য আমার সংসার ভাঙতে বসেছে | পুলিস জানতে পারলে তোমাদের সাথে আমাদেরও থানায় নিয়ে যাবে | কে জানে এতক্ষণ হয়তো জেনেই গেছে |
সান্টু--- থানায় নিলেই হল? আমরা দু’জনেই অ্যাডাল্ট | ইয়ার্কি নাকি?
মিলন—তা তোমরা দু’জনেই যখন অ্যাডাল্ট রেজিস্ট্রি করোনি কেন? তাহলে এসব ঝামেলা হতনা | পুলিস তোমাদের চুলের ডগাও ছুঁতে পারতো না |
প্রতিভা--- আমি এটাই বুঝতে পারছিনা, তোমরা আমার জামাইকে এর মধ্যে জড়াচ্ছ কেন? প্রেম করার সময় কি তাকে বলে প্রেম করেছিলে?
রিমলি—না, না আ---আ--- মি এর আগে কো—কো—ক---
সান্টু—চুপ করনা ডার্লিং, তোমাকে আর কোঁকোর- কোঁ করতে হবেনা |
রিমলি--  তু—তু—তুমি আমায় মোরগ বললে? এই বিয়ে ক্যান—ক্যা---ক্যানসেল | চল মিঠাই বা—বা—বাড়ি চল | (মিঠাইয়ের হাত ধরে টানবে)
সান্টু--- (রিমলির হাত ধরে) রিমলি—রিমলি, আমার ইমলি সোনা ফুচকা তেঁতুল জল, অত রাগ করতে নেই সোনা | তোমার বাবা আমাদের ধরতে পারলে কচুকাটা করবে | এখন ভাবো পুরুত কি করে পাবো |
মনিকা—বেরিয়ে যাও—এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও | তোমাদের জন্য আমার বিয়ে ভেঙে যেতে বসেছে, আর আমার সামনে রোমান্টিক সিন হচ্ছে?
প্রতিভা--- একদম ঠিক বলেছিস মনি | বের করে দে এদের | আমার জামাই-মেয়ের সংসার ভেঙে তাদের চোখের সামনে সোহাগ হচ্ছে?
সান্টু—(হাতের মুঠি পাকিয়ে) দেখুন মাসিমা, এখন মটকা গরম হয়ে আছে, এর মধ্যে উল্টো-পাল্টা কমেন্ট করবেন না | রিমলি এখানে থাকলো, আমি সুমনদার বাইক নিয়ে বেরোচ্ছি পুরুত আনতে |
মিলন--- (ধুতি পরে পইতে গলায় দিয়ে আসবে) কোথায় চললে? বাইরে বেরোলেই পুলিস খপ করে ধরবে | বোসো এখানে, মনি দুটো আসন পেতে দে | এই মিলন সান্যাল থাকতে বিয়ে হবেনা মানে? বিয়ে আমি দেবো | তোমার ওই মন্দিরের পুরুতের বদলে মন্ত্রটা ঢের ভালো জানি | মনির মা, হাঁ করে দাঁড়িয়ে না থেকে উলু দাও |
প্রতিভা—দেখ মনি, তোর বাবার কান্ড দেখ | বুড়োর ভীমরতি হয়েছে |
মিনার মা--- তুমি চুপ করো তো মাসিমা, দেকচ দু- দুটো জেবন নিয়ে টানাটানি চলচে! কে বাঁচে, কে মরে তার ঠিক নেই | একন অত কতা ভাবার সময় আছে নাকি? মেসোমশাই ভালো কাজই করচে | ও বৌদি হাঁ করে দেকচ কি? সিন্দুরের কৌটোডা নিয়ে এসো দিকি |
তিতির—ও মা বাবার বিয়ে কখন হবে? আমি বাবার বিয়ে দেখবো |
মিলন--- বাবার বিয়ে দেখতে নেই সোনা | কাকার বিয়ে দেখো | আজ তুমি হলে ‘নিতকনে’ | যাও বাবার কোলে চড়ে কাকার বিয়ে দেখো | কি হল সান্টু, আরে স্ট্যাচু হয়ে গেলে নাকি? মালা পরাও রিমলিকে | এই যে মেয়ে, মিঠাই হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? মিঠাই পরে খাবে, আগে বিয়েটা হোক | (সব কুশীলব মঞ্চে থাকবে, মালা বদল হবে রিমলি আর সান্টুর) (মিনার মা উলু দেবে, প্রতিভা শাঁখ বাজাবে) (মনিকাও হাসিমুখে সুমনের পাশে দাঁড়িয়ে কথা বলবে)
মিলন — (মন্ত্র উচ্চারণ করবে) “যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম”)
...(সমাপ্ত)...

Thursday, July 1, 2021

কন্যা সন্তান

 

ছবি  : ইন্টারনেট 

কন্যা সন্তান 

সবিতা বিশ্বাস 

    তিনমাস পরে অফিসে ঢুকল সুচরিতা, কিন্তু ওকে দেখে সবাই যেন কেমন করুণার চোখে তাকিয়ে জোর করে ঠোঁটে হাসি ফোটাল | কেবল অলোকদা এসে হাত বাড়িয়ে বলল, ‘কনগ্রাচুলেসনস’ | কি নাম রাখলে কন্যার? ‘বর্ণালী’ নাম রেখেছি শুনে অলোকদা খুব খুশি হয়ে বলল, “Spectrum”? খুব ভালো নাম রেখেছো, দেখবে সার্থকনামা মেয়ে হবে | 

অক্ষরে অক্ষরে মিলে গেছে অলোকদার কথা | সুচরিতার ছোট কন্যা এখন পদার্থ বিজ্ঞানী ডক্টর বর্ণালী সোম | কিন্তু সেদিন তিনমাসের মেটারনিটি লিভের পরে আরো দু’মাসের মেডিকেল লিভ স্যাংসন করাতে নতুন ব্রাঞ্চ ম্যনেজারের ঘরে গেলে তিনি একটু হেসে বলেছিলেন, আপনার কথা শুনেছি মিসেস সোম, খুব এফিসিয়েন্ট স্টাফ আপনি | আর দু’মাস পরে আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে | বাই দ্য ওয়ে এটি আপনার দ্বিতীয় সন্তান? শুনেছি প্রথমটি ও কন্যা, যাঃ মিষ্টিটা মিস হয়ে গেল! আমি বললাম, কেন স্যার? ম্যানেজার উত্তর দেবার আগেই অলোকদা ক্যান্টিন স্টাফ বিশুদাকে হাঁক দিল, এই বিশু স্যারের প্লেটটা নিয়ে আয় | বিশুদা মিষ্টি আনলে অলোকদা বললো, আমি নই স্যার, সুচরিতা ম্যাডাম খাওয়াচ্ছেন কন্যা সন্তানের মা হবার আনন্দে | 

এখন সমাজের দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টেছে কিন্তু সেই ১৯৯০ সালে দুটি কন্যার মাকে সবাই করুণার চোখেই দেখত, আত্মীয় স্বজন বিশেষ করে পুত্র সন্তানের জননীরা অবজ্ঞা করতো | সুচরিতার ব্যাঙ্কের সহকর্মীরা আলাদা হয় কি করে?  

সুচরিতার চোখের জল বাঁধ মানছে না আজ | একটু আগে শিবাশীষ ফোন করে জানালো, অলোকদা চলে গেল | তখনি দু-দুটো  মেসেজ ঢুকলো হোয়াটস আপে, বড় কন্যা ইন্দ্রানী হেডমিসট্রেস পদে নতুন স্কুল অরবিন্দ বিদ্যাপীঠে জয়েন করেছে আজ | আর  ছোট কন্যা বর্ণালী সার্ন (European Organization for Nuclear Research)  থেকে একটা প্রজেক্টের জন্য আমন্ত্রণ পেয়েছে | শেষের খবর দুটো পেলে অলোকদা বলতো, কন্যা গর্বে গর্বিতা জননী মিষ্টি নিয়ে কবে আসছো? 

সুচরিতা বুকের কাছে হাতদুটো জোড় করে উপরের দিকে তাকিয়ে বলল, পাওনা রইল আলোকদা | দেখা হলেই খাওয়াবো |

sraybiswas@gmail.com
কলকাতা