1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Sunday, September 21, 2025

মিষ্টি ছড়া

ছবি : ইন্টারনেট

মিষ্টি ছড়া 

অলোক মুখোপাধ্যায়

মিষ্টির লিস্টটা

রেখে দিয়ে হাতে

খেতে পারো এ পুজোতে

দিনে আর রাতে।


রাজভোগ লেডিকেনি

সাথে চমচম

জলভরা তালশাঁস

খাও হরদম।


মিহিদানা সীতাভোগ

কিছু মনোহরা

কাজু বরফির সাথে

নেবে কিছু প্যাঁড়া।


অমৃতি ছানাবড়া

মোয়া দরবেশ

ক্ষীরভোগ লাগে ভালো

পেলে সন্দেশ।


রসেডোবা রাঙা বোঁদে

খাও শতশত

মুখে দাও মতিচুর

শুধু অবিরত।


গোলাপজামের সাথে

থাকে যদি গজা

টাটকা ল্যাংচা পেলে

লাগবেই মজা।


পান্তুয়া খেয়ে সবে

থাকো রসেবশে

রসগোল্লা কিছু

খেয়ো অবশেষে।।

...(সমাপ্ত)...



Wednesday, October 2, 2024

বৃক্ষের চারা লাগাই

ছবি : ইন্টারনেট

বৃক্ষের চারা লাগাই

রানা জামান

বৃক্ষ কেবল নয় তো শোভা

বৃক্ষ কাজের অনেক,

নিঃশ্বাস ছাড়া কোনো জীব-ই

বাঁচে না তো ক্ষণেক।


আসবাবসহ অনেক কাজে

গাছকে লাগাই কাজে,

রান্নাবান্নায় লাকড়ি হয়ে

পোড়ার জন্য সাজে।


আরো অনেক কাজের জন্য

কাটছি বৃক্ষ দৈনিক,

আমরা কেবল রয়ে যাবো

বৃক্ষ কাটার সৈনিক?


আরেক বৃক্ষ কাটার আগে

বোধকে এবার জাগাই,

প্রত্যেক বছর মন লাগিয়ে

বৃক্ষের চারা লাগাই।


বৃক্ষের সংখ্যা বাড়বে যতো

অক্সিজেনও বাড়বে,

অক্সিজেনের থাকলে বৃদ্ধি

অনেক রোগও হারবে।

...(সমাপ্ত)...



ছড়ার তালে

ছবি : ইন্টারনেট

ছড়ার তালে

গোবিন্দ মোদক

ছড়ার তালে দুলছি আমি, দুলছে ছড়ার বই

দুলছে টিনের চালের ঘর, দুলছে বাঁশের মই!


দুলছে দেখি আমগাছটাও, দুলছে গোয়াল ঘর

দুলছে বিলের ওপর সাঁকো, ময়নামতির চর!


স্নানের ঘাটে দুলছে কাকি, দুলছে সাধন বিশে

দুলতে দুলতে ছায়াগুলো যাচ্ছে সবই মিশে!

 

ছড়ার তালে উড়ছি আমি, উড়ছে ছড়ার বই

চিঁড়ে মুড়িও উড়ছে কেমন, উড়ছে মোয়ার খই!


উড়ছে বাবার জামা ধুতি, উড়ছে মায়ের শাড়ি

উড়তে চেষ্টা করছে ভীষণ শিবু কাকার বাড়ি!

তালগাছটাও চায় উড়তে, উড়তে যে চায় শাল

বটের ছায়ায় খুব উতলা — সদ্য কাটা খাল!


ছড়ার তালে ভাসছি আমি, ভাসছি ছড়ার বই

ভাসছে বোঁদে, মিহিদানা, ভাসছে শীতল দই!


ভাসছে খাজা দরবেশ আর মণ্ডা মিঠাই যতো

ভেসে যাচ্ছে পুণ্যিপুকুর — মা কাকিমার ব্রত!

 

ভাসার তালে ভাসছে ছড়া গাইছে কতো গান

বলছে ডেকে- পড়লে ছড়া জুড়ায় সবার প্রাণ!

...(সমাপ্ত)...


সজনে ডাটা

ছবি : ইন্টারনেট

সজনে ডাটা

দিলীপ কুমার মধু

 

সেদিন দেখি বুড়ো দাদা সজনে ডাটা পাড়ে

আমি গেলেই বলে-- "গাছের নিচে আছিস না রে। "

--"কি গো দাদা, করবেটা কি ? এতো ডাটা পেড়ে

আশেপাশে দেবো রে  ভাই, তুইও কটা নে রে।

সজনে ডাটায় গুণ যে কত জানিস সে তো জানিস

পড়াশোনা শিখে তোরা এসব কি আর মানিস ?

সজনে ডাটায় প্রেসার কমায়, বাতকে রাখে ভালো

পান্ডু রোগ আর বসন্ত রোগ এর স্পর্শে আলো।

তাইতো বলি রোজ দুবেলা সজনে ডাটা চিবোবি

সজনে পাতা খেলে বুঝবি জীবনে তুই কি হবি।

দেখ না আমায় দুবেলা খাই তাইতো আমি সুস্থ রে

আমার মতো এর মর্ম সবাই যদি বুঝতো রে।

তবে নীরোগ দেশ গড়তো সুস্থ হতো দেশটা

তুই তো বাঁচবি অনেকদিন দেখতে পাবি শেষটা।

...(সমাপ্ত)...


ডেঙ্গু নিধন

ছবি : ইন্টারনেট

ডেঙ্গু নিধন

সবিতা বিশ্বাস

বর্ষা এলে ডেঙ্গু বাড়ে

এডিস মশার কামড়ে,

জ্বরে ব্যথায় সোনামনারা

মাকে ধরে আঁকড়ে। 

ফুলের টব পুরনো জুতো

যেগুলো লাগেনা কর্মে,

মহানন্দে এডিস মশা

তারই ভিতর জন্মে। 

পুরুষ যারা এডিস মশা

নির্বিষ তারা ধর্মে,

ভাইরাসবাহী স্ত্রী মশারা

হুল ফোটায় মর্মে। 

বাঁচতে চাইলে ওদের থেকে

মশারি টাঙাবে রাত্রে,

লার্ভা ধংসে ‘টেমিফস’ দেবে

জমানো জলের পাত্রে। 

এসো সকলে শপথ করি  

ডেঙ্গু করব নিধন,

নিকাশ করে আবর্জনা

উড়াবো জয়ের কেতন । 

...(সমাপ্ত)...





Saturday, October 21, 2023

টুকটুকি

ছবি : ইন্টারনেট

 টুকটুকি

 দর্পনা গঙ্গোপাধ্যায়


 টুকটুকে টুকটুকি রোজ কাটে আঁকি-বুকি

 ফুটে উঠে নানা ছবি, জল রঙে লাল রবি

 খেলা আছে ঝুড়ি ঝুড়ি সাথী তার গুড়গুড়ি

 করে শুধু হুড়োহুড়ি খায় শুধু গড়াগড়ি ।


 করে শুধু বায়না ভাত রুটি খায় না 

খায় সে বার্গার ফোনে দিয়ে অর্ডার।।

...(সমাপ্ত)...

দুর্গা ঠাকুর

ছবি : ইন্টারনেট


দুর্গা ঠাকুর

অনীক সরকার 


মা যাচ্ছেন বাপের বাড়ি,

পড়ে যাচ্চেন নতুন শাড়ি।

সঙ্গে তাহার ছেলে মেয়ে,

কী সুন্দর বাহন নিয়ে।


অনীক সরকার

শ্রেণি - পঞ্চম

বয়স - ১১ বছর

রঘুনাথগঞ্জ বয়েজ হাইস্কুল

শরৎ

ছবি : ইন্টারনেট

শরৎ

সারনী জানা


বর্ষা শেষে শরৎ আসে

শিশির বিন্দু দূর্বা ঘাসে।

নীল আকাশে সাদা মেঘের ভেলা

পথের দুধারে কাশের মেলা।

শিউলি ফুল গন্ধ মাতায়

পদ্ম ফোটে বিলের শোভায়।

আগমনীর বার্তা আসে

সবার মন আনন্দে ভাসে।

...(সমাপ্ত)...

সারনী জানা

বয়স-৮বছর

ক্লাস- দ্বিতীয় শ্রেণী

স্কুল- পূর্ববাড় আত্যয়িক প্রাথমিক বিদ্যালয়

শরৎ এলি ? তাইতো !

ছবি : ইন্টারনেট

শরৎ এলি ? তাইতো !

সুব্রত দাস 

শরৎ এলি, কই রে ?

এই তো ঘাসে রই রে,

শিশির ধোয়া নাকছাবি ফুল

ফোটায় কেমন সই রে !


শরৎ এলি, কিসে ?

কেন ? ধানের সবুজ শীষে !

আর এসেছি মেঘের থোকায়

পেঁজা তুলোয় মিশে !


শরৎ এলি, কখন ?

কখন আবার ? তখন -

লাখে লাখে শিউলি, শাখে

ছড়ায় সুবাস যখন !


শরৎ এলি, আরে !

রাংতা পাতার আড়ে,

আলতো বাতাস খুশির কি ঢেউ 

তুলছে পুকুরপাড়ে !!


শরৎ এলি, থাকবি তো ?

বেশ কিছুদিন আঁকবি তো,

শুভ্র কাশের চামড় দোলায়

এ মন ভালো রাখবি তো !

...(সমাপ্ত)...

Monday, July 24, 2023

শিশুদের যত্ন

ছবি : ইন্টারনেট

 শিশুদের যত্ন

অভিজিৎ দত্ত

ছোট, ছোট শিশুরা

লেখাপড়া করে

কী আছে তাদের মনের মধ্যে

কজনই বা তার খোঁজ করে?


অভিভাবকরা তাদের সুপ্ত ইচ্ছাগুলো

চাপিয়ে দেয় শিশুদের ঘাড়ে

শিশুদের ইচ্ছা, অনিচ্ছার

তোয়াক্কা আর কে করে?


শিশুদের দাবিগুলি আমরা কী

গুরুত্ব দিয়ে দেখছি?

তাদের ইচ্ছা, অনিচ্ছার মূল্য

আমরা কী সবসময় দিচ্ছি?

 

শিশুরাই জাতির ভবিষ্যত

তাই নিতে হবে ঠিক করে যত্ন

দিতে হবে সঠিক গাইড

তবেই শিশুরা হবে এক, একটি প্রদীপ।

...(সমাপ্ত)...

Saturday, April 15, 2023

ভোলাভূতের খোলাছড়া

ছবি : ইন্টারনেট


ভোলাভূতের খোলাছড়া

সঞ্জয় বন্দোপাধ্যায়


কি বলব আর ভোলাভূতের আদিখ্যেতার

একেকদিন তো হারছি ডাহা যে গেম জেতার ; জানাবো খুলে :

কি গ্যাঁড়াকলে

আমায় সামাল দেবার আদেশ ভূতের রাজার ।


ভূতের ছড়া লিখছি যারা নিরদ্ধারে

কর্পোরেটের ফালতু প্রেসার তার ওপরে

চঁটূল গানেও

সময় টানে

এসব থেকে ভূত কবিকে বাঁচায় কে'রে ?


ভোলাভূতের কাজ আসলে ঠিক এখানেই

টোয়েন্টী-ফোর বাই সেভেনের ভৌত টানেই 

মুন্ডু মগজ 

হোক গজগজ

জাস্ট ভোলানো দুনিয়াদারী ভূতের ধ্যানেই !

...(সমাপ্ত)...

শিশু শ্রমিক

ছবি : ইন্টারনেট


শিশু শ্রমিক 

অভিজিৎ দত্ত 

শিশু শ্রমিক এক অমানবিক প্রথা 

কচি বয়সে পড়াশোনার বদলে 

মাথায় তাদের একরাশ কাজের বোঝা।


শিশুরা যদি পড়ার সুযোগ না পায় 

হৃদয়বৃত্তি, বুদ্ধিবৃত্তির বিকাশ 

ঠিকমত কখনোই আর সম্ভব নয়।


কচি,কচি শিশুরাই 

দেশের আসল রত্ন 

তাদেরকে ঠিকমত তৈরি 

করতে না পারলে

বিফল হবে আমাদের সব স্বপ্ন। 


প্রত্যেক শিশুর চোদ্দ বছর বয়স পর্যন্ত 

শিক্ষা তাদের অপরিহার্য 

লেখা আছে ভারতের সংবিধানের 

নির্দেশমূলক নীতিতে 

কেন এটা করা হবে না ভারতে

শিশুদের মৌলিক অধিকারেতে?


শিশুদের নিয়ে উন্নত দেশগুলি 

আজ হয়েছে কত সচেতন 

প্রাচীন কালে বিশ্বকে পথ দেখানো 

ভারতবর্ষ আজ কেন অবচেতন?

কী করে হবে তাহলে দেশের উন্নয়ন?

...(সমাপ্ত)...

Wednesday, October 21, 2020

ভাদ্র মানে

 

ছবি : ইন্টারনেট

                                                                     মহিউদ্দিন বিন্ জুবায়েদ

ভাদ্র মানে ঝলমলে চাঁদ

দূর আকাশে ওই

ভাদ্র মানে হাজার তারার

ফুটছে যেন খই।

 

ভাদ্র মানে মেঘ বালিকা

পালায় দূরে দূর

ভাদ্র মানে নদীর তীরে

অজানা এক সুর।

 

ভাদ্র মানে পল্লী গাঁয়ে

তালের পিঠা ধুম

ভাদ্র মানে ফুলের গন্ধে

কেড়ে নেয়া ঘুম।

 

ভাদ্র মানে দখিন বায়ু

দোলায় কাঁশের ফুল

ভাদ্র মানে পাখ-পাখালীর

কিচিরমিচির বোল।

mohiuddinjubayed89114@gmail.com
বাংলাদেশ



বন্ধুকে

 
ছবি : ইন্টারনেট
                                                                    টুম্পা মিত্র সরকার

একটা ছবি জল চিক্ চিক্ নদী

একটা ছবি আদরমাখা মুখ

একটা ছবি চরকি লাটাই ঘুড়ি

বুকের মাঝে আগলে রাখা সুখ ৷

 

একটা ছবি শিউলি তলার ভোর

আটুল-বাটুল-শ্যামলা-সাটুল মন

একটা ছবি ফুলের সুবাস মেখে

হাত বাড়িয়ে ডাকছে সারাক্ষণ ৷

 

একটা ছবি মিষ্টি ছড়ার গান

নীল আকাশের রঙবাহারি পাখি

সেই ছবিটা আজও তেমন করেই

দেয় পরিয়ে প্রীতি-গীতির রাখী ৷

 

একটা ছবি হীরকদ্যুতির আলো

চু-কিত-কিত  রান্নাবাটির ঘর

মনউঠোনে উছল বারিধারা

ভিজতে থাকি বন্ধু পরস্পর ৷

tapassarkar.dearah@gmail.com
পূর্ব বর্ধমান





দুগ্গা পুজো

 

ছবি : ইন্টারনেট

                                                                          স্বপনকুমার বিজলী

দিদিমণি যেই ছুটিতে

'দিন গেলেন বাড়ি

আমিও সেই বইয়ের সাথে

অমনি দিলাম আড়ি ।

 

আমার কেন ফুরফুরে মন

বলতে কি কেউ পারো

এই পরেছি নতুন জামা

ঘরে আছে আরও ।

 

বলতে পারো শাসন মানার

আজ কেন নেই তাড়া

সন্ধে হলেই আলোর খেলায়

উঠবে জেগে পাড়া ।

 

রাত হলে ও বলবে না মা

এবার দু'চোখ বুজো

কেন জানো বাড়ির পাশে

হচ্ছে দুগ্গা পুজো ।

swapon2015sefali@gmail.com
দ: ২৪ পরগনা




Saturday, August 1, 2020

আষাঢ় এলো

                                                                               ...মহিউদ্দিন বিন্ জুবায়েদ


আষাঢ় এলো বৃষ্টি ঝরে
দিন দুপুর,
খুকুর পায়ে জল ছুঁয়ে যায়
ওই নুপুর।

আষাঢ় এলো কদম কেয়া
ফুল ফোটে,
আষাঢ় এলো বাদলা আকাশ
দিন জোটে।

আষাঢ় এলো ঘরের বাইরে
সব মানা,
জেলে শুধু মাছের ঝাঁকে
দেয় হানা।

আষাঢ় এলো ঘ্যাঙর ঘ্যাঙ যে
ব্যাঙ ডাকে,
পুকুর ডোবা খালে বিলের
ওই বাঁকে।
mohiuddinjubayed89114@gmail.com
শেরপুর । বাংলাদেশ

বৃষ্টিদিনের ছড়া

                                                                                                  ...গোবিন্দ মোদক 


এক্কা-দোক্কা বাউল বাতাস বৃষ্টি ঝিরি ঝিরি,
দিঘির জলে মিষ্টি মাতন ভিজছে ঘাটের সিঁড়ি।
গ্রীষ্ম গেল অবকাশে তোমার হলো জিত,
বৃষ্টি তোমার হাতে দিলাম সুগম সংগীত।
সুরে সুরে দাওনা ভরে কদম গাছের শাখা,
ভ্রমর-কালো আকাশ জুড়ে বিদ্যুত্ হোক আঁকা।
ঘাসে ঘাসে জেগে উঠুক নতুন আলোড়ন,
সবুজ থেকে সবুজতর হোক সবার মন।
তোমার ছোঁয়ায় বীজের থেকে জন্মাক অঙ্কুর,
তৃণ-গুল্মে বেজে উঠুক নতুন নতুন সুর।
আল পেরিয়ে চাষিরা যাক সবুজ ধানের ক্ষেতে,
বনজঙ্গল তোমার ছোঁয়ায় উঠুক আবার মেতে।
বনফুল পাঁপড়ি ছড়াক বনের পথে পথে,
বৃষ্টিরাণী সুবাস ছড়াক গ্রীষ্মপোড়া ক্ষতে।
ডোবার জলে ব্যাঙে ডাকুক ঝিঁঝির ঐক্যতান,
মাঠ-ঘাট সব জলে ভরুক, ভরুক সবার প্রাণ।
মেঘমল্লার রাগিনীতে জাগুক সারা পাড়া,
আয়রে সবাই সুরে পড়ি বৃষ্টিদিনের ছড়া।।

নদিয়া
modakgobinda001@gmail.com