1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label দেব চক্রবর্তী. Show all posts
Showing posts with label দেব চক্রবর্তী. Show all posts

Wednesday, October 21, 2020

বিধবা ভাতা

ছবি : ইন্টারনেট

                                                                                   দেব চক্রবর্তী
      ‘ভাড়া কত ?’ 

      টুকটুকি থেকে নেমে জানতে চাইল ফাজিলা। কোমর সোজা করে দাঁড়াতে না দাঁড়াতেই হাতের লাঠি পড়ে গেল দুবার ।  কাউকে উদ্দেশ‍্য না করেই গাল  দিল বুড়ি । ওদিকে  টুকটুকি  চালক বেশ বিরক্ত । তার দেরি হয়ে যাচ্ছে । নতুন ভাড়া ধরতে হবে । এই বুড়ির জন‍্য মেলা সময় নষ্ট করলে তার চলবে কেন ? কমপিটিশনের বাজার । এখন পাড়ার অলি গলিতে টুকটুকি দাঁড়িয়ে থাকে। ভাড়া বলেই তুলেছিল। এখন গাড়ি থেকে নেমে আবার ‛ ভাড়া কত ‘ জিজ্ঞাসা করার মানে কী ! তবু ঠান্ডা গলায় বলল, ‛ কুড়ি টাকা ।’

      ফাজিলা কঁকিয়ে উঠল, ‛এইটুকুন রাস্তা কুড়ি ট‍্যাকা ! বলি আমার ট‍্যাকার গাছ আছে নাকি ?’ 

      ‛ রাস্তা কোথায় দেখলে নানি ?  ওই টুকুন তো ঢালাই, বড় রাস্তাকে হাত বাড়ায়ে ধরেছে কেবল । বাকি পথ তোমার কোমর দোলুনিতে টের পাওনি ? এখনো তো  সোজা হতে পারলে নি । তাড়াতাড়ি ছাড়তো, তোমার সাথে বকলে হবে না ।’

      ফাজিলা তবু ঘ‍্যান ঘ‍্যান করে । কাপড়ের খুঁট খুলতে খুলতে বলে, ‛আজ তিনদিন হল ব‍্যাংকে এলুম । ট‍্যাকা না পেলি আজ একটা হেস্তনেস্ত করব।’ লাঠি ঠুক ঠুক করে ব‍্যাংকের দরজার দিকে এগোতে থাকে । চোখ তার ব‍্যাংক থেকে বেরিয়ে আসা গ্রাহকের দিকে । বয়স্ক কাউকে দেখলেই তার সামনে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে পড়ে, জানতে চায় ,‛ট‍্যাকা এইয়েছে ?’

    ‛কীসের ট‍্যাকা ?’

    ‛ভাতার ট‍্যাকা, বিধবা ভাতা ।’

    ‛তা কী করে বুলব ! আমি তো জমান ট‍্যাকা নিতে এইয়েছি। যাও, উপরে যেয়ে সুধাও গে !’

    দোতলায় ব‍্যাংক । ফাজিলা সিঁড়ির মুখে এসে দাঁড়ায় । উপরে তাকাতেই ঘন ঘন বুক ওঠানামা করে । বয়সের হিসাবপত্তর ফাজিলা না জানলেও, তার শরীর বিলক্ষণ জানে । বয়স কত, জানতে চাইলে বেমালুম হেসে বলবে, ‛সে হিসেব জানিনে । তা সত্তর আশি হবে !’ তখন তার হাসির দৌলতে গোটা তিন চারেক প্রাগৈতিহাসিক দাঁতের দেখা মেলে ।

     সিঁড়ির মাঝামাঝি এসে আবার বসে পড়ে ফাজিলা । পা যেন উপরে উঠতে চাইছে না । বিশেষ করে বাঁ পায়ের হাঁটুতে কোন রস-কষ নেই।  উপরের হাড়ের সাথে নীচের হাড়ের সারাক্ষণ ঠোকাঠুকি । ছোট নাতিটা তাকে খুব ভালোবাসে বলে, ময়ার হাট থেকে ধনেশ পাখির তেল এনে দিয়েছিল । দিন কয়েক উঠোনে মাদুর পেতে বসে মালিশ করছিল । একটু যেন যুতও পাচ্ছিল হাঁটুতে। কিন্তু ফাজিলার কপাল ! গত পরশু ছাগলের বাচ্চা তিড়িং করে লাফিয়ে এসে পড়ল সেই তেলের বাটিতে। পড়ে গেল সব তেল। ফাজিলা সিঁড়ির ধাপে পা ছড়িয়ে বসে হাঁটুতে হাত বোলায় ।  আহারে ! কত ক্ষ‍্যামতা ছিল এককালে । ঢেঁকিতে পাড় দিয়ে সারা সংসারের ধান ভাঙ্গত । এই এক হাতেই ধান সেদ্দ , রোদে দেওয়া, গোয়াল পরিষ্কার করা, সারাদিন কাজ আর কাজ ।  রাতে বাতি নিভিয়ে না শোয়া পর্যন্ত হাঁটুর বিশ্রাম ছিল না । এখন কি তারই শোধ নিচ্ছে, মরা ?

    হাঁকপাঁক করে আরো কয়েক ধাপ উঠে আবার বসে পড়ে। পাশ দিয়ে যারা নেমে যাচ্ছে , পারলে সবাইকে সুধায়,‛দিল ভাতা ?’ সবাই যেন তার মতোই ভাতা তুলতে আসে ব‍্যাংকে । গেরামে সরকার ব‍্যাংক খুলেছে, তাদেরকে ভাতা দেবে, ঘরের ট‍্যাকা দেবে, একশো দিনের কাজের ট‍্যাকা দেবে, টিভিতে বলছে আরো কত কী দেবে । তা দেবে নাইবা কেনে? বছর বছর হাত উপুর করে ভোট দিচ্ছে না ? এই তো ক’মাস আগেই ভোট    হল । আগের দিন রাতে দলবল নিয়ে মেম্বার হাতে একশোটা ট‍্যাকা গুঁজে দিয়ে বললে, ‛নানি, মাসে মাসে ভাতা পাচ্ছ তো ?’  বলতে যাচ্ছিল, ‛প্রেত‍্যেক মাসে পাচ্ছি কুথায় ?’ হাতের কড়কড়া নোটটার দিকে তাকিয়ে ঢোক গিলে নিল ।

    মেম্বার আরো বললে,  ‛ভাতা আরো বাড়বে নানি । কাল সকাল সকাল চলে যাবা । চিহ্ন মনে আছে তো ?’ ফাজিলা ফোকলা দাঁতের হাসি ছড়িয়ে বললে, ‛আমি ঠিকঠাক নজর পাইনে ।  ওপাড়ার দীনুই আমার হাত ধরে টিপে দেয় । ভুল হবে কেনে ?’

    হঠাৎ পাশের গ্রামের গৌরীকে নেমে আসতে দেখে খুশিতে ডগমগ ফাজিলা । কোমর বেঁকিয়ে হাসে, ‛ও গৌরী, গেলবার তোকে দেখলুম না যে ?’

    গৌরী পরম সোহাগে ফাজিলার কাঁধে হাত রাখে । একসময় একই গ্রামে বাস ছিল তাদের । বিয়েও হল পাশাপাশি গ্রামে । তারপর পরবে, উৎসবে, কখনো বা কোন মেলায় দেখা হত । এখন জীবন সায়াহ্নে বিধবা ভাতা নিতে এসে তাদের দেখা হয় এই ব‍্যাংকে । আর দেখা হলেই ফিরে ফিরে আসে সেই কবেকার কিশোরী বয়সের ফেলে আসা গ্রাম, পরিচিত কত মানুষের স্মৃতি, কোলাহল, আনন্দ, বিষাদ।  নানান গল্পকথায় মেতে উঠে তারা ।

    গৌরী বলল,‛একটু তীর্থ করে এলুম রে ! বেন্দাবন গিয়েছিনু । আমাদের গেরাম থিকে হালদাররা বাস ছেড়েছিল । ছোট ছেলের কী মতিগতি হল, বুলল, চল মা, তোমায় একবারটি বেন্দাবন ঘুরিয়ে নে আসি!’

    ফাজিলার চোখ চকচক করে, ‛বলিস কী রে গৌরী ! আহা, কী পুন্নিমান তুই ! গভ্ভেও ধরেছিলিস অমন ছেলে!’ 

    ‛কেনে, সেবার তুই বুলেছিলি যে ,আজমির শরিফ যাবার সব যোগারযন্তর  করেছে  তোর ছেলে । তখন তুই তো কোমর নড়াতে পারছিলিস নে ! পায়ে ব‍্যথা, কত কী !’

     ‛কী আর বুলব, সবই কপাল আমার! তা ভাতা দিল ?’

     ‛হ‍্যাঁ, আজ দিল । কাল ফিরে গিয়েছিলুম । আধার নে আসিনি ।’

     ফাজিলা বলে,‛আমি তো দুদিন ফিরে গেলুম । একদিন বুলল, আধার লাগবে । আর একদিন আধার নে এলুম, বুলল, লিন নাই, আজ ট‍্যাকা হবে না । চিৎকার করে সুধালাম, আর কতদিন ঘুরাবা বুড়িটারে ? টুকটুকি ভাড়া দে’ এতটা পথ এইসে, সিঁড়ি ভেঙ্গে তারপর ফিরে যেতি হচ্ছে ! মানুষ মনে কচ্ছ না ? ফরসাপানা মেয়েটা আমার কথা শুনে হাসতে হাসতে কী বুলল জানিস? বুলল, তোমার তো মুবাইল নাই, তুমি বুঝবা কী ! মুবাইলে ট‍্যায়ার না থাকলে কথা বুলা যায়? যায়   না । ইটাও তেমনি, লিন না থাকলে সব অচল । যতই গাল পার, কুন লাভ নাই !’

     গৌরী হাসতে হাসতে বলে,‛মেয়েটা ঠিকই বুলেছেরে । আজ লিন আছে । চল, তুকে উপড়ে নে যাই ।’

     গৌরীর হাত ধরে  উঠে আসে ফাজিলা।  ব‍্যাংকে খুব ভীড় আজ । ভাগ‍্যিস গৌরীকে পেয়েছে, তা না হলে ট‍্যাকা তোলার কাগজ নিয়ে এর কাছে, ওর কাছে কাকুতি মিনতি করতে হত । গৌরীর হাতে পাশবই দিয়ে নিশ্চিন্ত হল। আজ আর কোন হেঁপা পোয়াতে হবে না তাকে । গৌরীই সব ব‍্যবস্থা করে দেবে । শুধু টিপছাপ দিতে হবে তাকে ।

      পাখার ঠান্ডা বাতাস পেয়ে চোখ বুজে আসে ফাজিলার । গৌরী বইপত্তর বগলদাবা করে ইস্কুল থেকে ফেরার সময় হাঁক দিয়ে যেত,‛ ফাজিলা, কাল তুদের মাজারের মেলায় একসাথে যাব । তুকে টুকটুক নজেন খায়াব । ’ কতদিন বুলেছিল, ‛তোর আব্বাকে  বল না, তুকে ইস্কুলে ভর্তি করে দিতে । ইস্কুলে কত মজা  !’

       ফাজিলা ঘুমের ঘোরে বাঁ হাত তোলে । বুড়ো আঙ্গুলখানা কপালে ঘষে । খসখসে , লাগছে বড় । টিপ দিতে দিতে আঙ্গুলখানা ক্ষয়েই গেল বুঝি ! ওদিকে গৌরী তারই বয়সি, সেই ছোট্ট কালের সই, চার কেলাস পড়েই তার থেকে যেন কত বড়! 

       ‛ফাজিলা, ও ফাজিলা ! ঘুমিয়ে পড়লি  নাকি ? ’গৌরীর ডাকে তন্দ্রা কাটে ফাজিলার ।  অবাক চোখে গৌরীকে দেখে, বলে, ‛ভাবছিলুম,

 তোর কথা, ছোটবেলার কথা, তুই বই বগলদাবা করে বাড়ির সামনে দে’ যেতিস---। মাজারের মেলায় দুজনায় হাত ধরাধরি করে---।’

       গৌরী দীর্ঘশ্বাস ফেলে,‘সে সব দিনের কথা বুলে আর কী হবে ! এখন দুজনাই তো বিধবা ভাতার হকদার । নে, কাগজখানায় টিপ দে!’

        ফাজিলা টাকা তোলার কাগজখানা কপালে ঠেকায় । মনে মনে বলে, এই ভাতা সংসারে তাকে শুধু মানই দেয় না, মাঝে মাঝে ছোট বেলার সই গৌরীর দেখাও পাইয়ে দেয়। জীবনের শেষ বেলায় এর বেশি আর চাই কী!

tapanchk@yahoo.com
উঃ২৪পরগনা



Saturday, August 1, 2020

ঘুণপোকা

                                                                                                ...দেব চক্রবর্তী


     নরেশ সম্পর্কে আমার মামা হয়।  প্রায় সমবয়সী বলে নাম ধরেই ডাকতাম। ক্লাস টেন পর্যন্ত একসাথেই পড়াশোনা। আমি পাশ করে স্কুল কলেজেই থেকে গেলাম। নরেশ ফেল, তাই গেল অন্য লাইনে। না, বখে যাওয়ার মতো কোন লাইন নয়। সেই সময় ছেলেরা লেখাপড়া করতে না চাইলে মা-বাবা তাদেরকে  যে কোন হাতের কাজ শিখতে বলতেন। ভবিষ্যতে কিছু একটা তো করতে হবে! সেই ভবিষ্যৎ গড়তে নরেশ যে কোথায় গেল, সেই খোঁজ আর রাখি নি। আমি কলেজে। পিঠে নতুন ডানা। উড়ছি… উড়ছি…! ‘শোলে’ দেখছি। লুকিয়ে দেখছি ‘ববি’, ‘রাম তেরি…’।
    
     কলেজ শেষে ভ্যাগাবন্ড । ততদিনে লিখে ফেলেছি বেশ কিছু প্রেমের কবিতা। চাকরি চাকরি করছি আর কবিতা লিখছি। হঠাৎ একদিন এক বন্ধু হাতে ধরিয়ে দিল শীর্ষেন্দুর ‘ঘুণপোকা’।

     বছর কয়েক বাদে নরেশের সাথে দেখা। ওই এসেছিল দেখা করতে। স্থানীয় বাজারে সব থেকে বড় হার্ডওয়ারের দোকান চালায়। একথা সে কথার ও আমার ভবিষ্যতের কথা তুলল। ওর কাছে আমি ছোট হব কেন? তাই প্রশ্ন ছুঁড়ে দিলাম,‘ তোর তো অনেক পয়সা হয়েছে! ‘কালবেলা’ পড়েছিস?  ‘কোয়েলের কাছে’ বা ‘ন হন্যতে’? ‘ শেষের কবিতা’ না হয় বাদই দিলাম, ‘মেমসাহেব’?


     নরেশ নিরুত্তর। হতাশ। আমার দিকে করুণার দৃষ্টিতে চেয়ে বলল,‘ তোর আর ভবিষ্যৎ কী! তোকে তো দেখছি ঘুণে ধরেছে!
tapanchk@yahoo.com

Friday, May 1, 2020

ঋণমুকুব

                                                                                                          ...দেব চক্রবর্তী


নতুন বউয়ের উজ্জ্বল সিঁদুর টিপের মতো লেগে আছে পশ্চিমপাড়ের সূর্যটা । এই সময়ের লম্বা বিকেল  শেষ বেলার আলো মুছতে একটু বেশিই সময় নেয় ।  বড় পুকুর পাড়ের মাঝামাঝি এসে হঠাৎ বাইক থামিয়ে দিল নরেশ । পেছনে বসা সৈকতের উদ্দেশ‍্যে বলল, ‘স‍্যার, সনাতন দাসের বাড়িটা পুকুরের ওই ওপাড়ে ।’
     সৈকত বাইক থেকে নেমে দাঁড়ায় ।  লোন রিকভারিতে বেরিয়েছে আজ । উপর থেকে ভীষণ চাপ । রিকভারির পারসেন্টেজ বাড়াতে না পারলে পরের ম‍্যানেজার্স মিটিংয়ে ঝার খেতে হবে । উনিশটা ভিলেজ নিয়ে ব্র‍্যাঞ্চের সার্ভিস এরিয়া । গ্রামের অলিগলি, এর বাড়ির উঠোন মাড়িয়ে ওর বাড়ি, কারো গোয়াল ঘরের পেছন দিয়ে তার বাড়ি ---এইভাবে লোনীদের বাড়ি খুঁজে খুঁজে যাওয়া সৈকতের একার পক্ষে সম্ভব নয় । একমাত্র ভরসা নরেশ । ব্র‍্যাঞ্চের সাবস্টাফ । চিলের মতো চোখ ছেলেটার । পঞ্চাশ ষাটজন কাস্টোমারের ভিড়ের মধ‍্য থেকে লোনীকে ঠিক আইডেন্টিফাই করে ফেলে । কাজের ফাঁকে সৈকতের চেয়ারের পাশে এসে টুক করে বলে যায়, ‘স‍্যার, বৃন্দাবন ঘোষ এসেছে, অনেকদিন লোনের টাকা দিচ্ছে  না ।’ ‘স‍্যার, মাধব হালদারের বউ, সেদিন বাড়ি গিয়েও ওর নাগাল পাইনি । বহুত ধড়িবাজ মহিলা !’
     নরেশ আঙ্গুল তুলে যে বাড়িটা দেখাল, পুকুরপাড় থেকে শুধু টিনের চালাঘরই দেখতে পেল সৈকত । আর সূর্যটা কেমন নির্লজ্জের মতো সেই টিনের চাল চুম্বন করতে করতে নিচে নেমে  যাচ্ছে । সৈকত চোখ ফিরিয়ে বলল, ‘ওই বাড়িতে এখনি যাওয়া কি ঠিক হবে ?’
     নরেশ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানায়, ‘না স‍্যার, আমি এখনি যেতে বলছি না ! শুধু বাড়িটা দেখালাম ।’ একটু থেমে বলল, ‘ওই জায়গাটা একবার দেখতে যাবেন নাকি ?’
    ‘কোথায় ?’ জানতে চাইল সৈকত ।
     নরেশ নিচু স্বরে বলল, ‘সেই নিমগাছটা স‍্যার, সনাতন যেখানে----।’ মাঝপথে থেমে যায় নরেশ । সনাতন দাস যে গাছের ডালে গলায় দড়ি দিয়েছে, সেটি এখন দর্শনীয় স্থান হয়েছে গ্রামের মানুষের কাছে ।
    এই পড়ন্ত বিকেলে নতুন করে কোথাও আর যেতে ইচ্ছে করছে না সৈকতের । ব্র‍্যাঞ্চে ফিরতে হবে । অনেক কাজ পড়ে রয়েছে । অন‍্য স্টাফরা পাঁচটা সাড়ে পাঁচটায় বাড়ি চলে গেলেও সৈকত বেশ রাত পর্যন্ত থেকে যায় । তার ঘরে ফেরার তাড়া নেই । প্রমোশন নিয়ে জেলা ছাড়িয়ে অনেক দূরের রুরাল ব্র‍্যাঞ্চে পোস্টিং পেয়েছে । কাছেই ঘর ভাড়া নিয়ে একা থাকে । লোকাল ছেলে নরেশই তার বল ভরসা, সব ।
     ‘আজও কি দেরি করবেন স‍্যার ?’ ব্র‍্যাঞ্চের সামনে বাইক দাঁড় করিয়ে জানতে চাইল নরেশ ।
     ‘হ‍্যাঁ, একটু দেরি হবে আজ । এক কাজ কর , তুমি চলে যাও, আমি তালা-ফালা লাগিয়ে সাটার নামিয়ে দেব ।’
     নরেশ ইতঃস্তত করে, ‘না না , আপনার কাজ হয়ে গেলে একটা ফোন  করে দেবেন, আমি এসে বন্ধ করে দেব ।’
     সৈকত জানে, কাজের ব‍্যাপারে নরেশের কখনো না নেই । তাই বলল, ‘থাকনা, তোমাকে আর আসতে হবে না । তুমি বরং এক কাজ কর, কৃষিলোনের সবকটা ফাইল নামিয়ে দিয়ে যাও ।’

      সৈকত কম্পিউটার খুলে দেখে নিল, “কৃষাণ ক্রেডিট কার্ড” দেওয়া আছে মোট তিনশো এগারটা । এর মধ‍্যে বেশির ভাগই ডিফলটার , সময়ে লোন শোধ দেয়নি । এক মরশুমে লোন নিয়ে চাষ কর, ফসল তুলে লোন শোধ কর, পুনরায় পরবর্তী চাষের জন‍্য লোন নাও । এইতো চক্রাকার লেন আর দেন ! গ্রামের মানুষগুলো কেন যে এই সহজ সুযোগটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারে না ! সৈকত এক একটা আ্যকাউন্ট খুলে দেখে আর অবাক হয় । কেউ কেউ একবার লোন নিয়ে আর এমুখোই হয় নি! চার পাঁচটা চাষের মরশুম পার হয়ে গেছে । লোকগুলো কি বোকা নাকি ! আরে বাবা, সুদ বাড়ছে না ! সময়ে শোধ করলে তো সুদেরও ছাড় মেলে । এই জন‍্যই বোধহয় কথায় বলে, চাষার বুদ্ধি ।
      সৈকত ফাইল খোলে । একটা লিস্ট তৈরি করতে হবে, কার কত জমি, কোন মৌজায়, কত টাকা ঋণ দেওয়া হয়েছে, সুদে আসলে এখন কত হয়েছে । শনিবারের মধ‍্যে লিস্ট পৌঁছানো চাই রিজিওনাল অফিসে । এইরকম ফাঁকা সময়েই এইসব কাজ করার সুযোগ । বাজারের মধ‍্যে দোতলায় ব্র‍্যাঞ্চ । নীচের তলায় ল‍্যান্ডলর্ড অধীরবাবু থাকেন । গ্রীলের গেটে ভেতর থেকে তালা দিয়ে নিশ্চিন্তে বসে কাজ করছিল সৈকত । হঠাৎ গেটের আওয়াজ পেয়ে মাথা তুলে দেখে, গ্রীলের ফাঁক দিয়ে চায়ের গ্লাস বাড়িয়ে দিয়েছে পাশের চায়ের দোকানের মন্টু, ‘ম‍্যানেজারবাবু, আপনার চা ।’
     ‘কে পাঠাল ?’
     ‘যাবার সময় নরেশদাই বলে গেছে, আধা ঘন্টা বাদে যেন মনে করে আপনাকে চা দিই । একটুখানি দেরি হয়ে গেল  স‍্যার !’
     চায়ের গ্লাস নিয়ে টেবিলে ফিরে এসে দেখে মন্টু তখনো দাঁড়িয়ে আছে । জানতে চাইল, ‘এখনি পয়সা নেবে ?’
      ‘না স‍্যার, একটা কথা জানতে চাইছিলাম । আমাদের গ্রামে রটে গেছে, কৃষিঋণ ফেরত দিতে হবে না । সব নাকি মুকুব হয়ে রাবে এবার ?’
      সৈকত দু’তিনবার ঘনঘন চায়ে চুমুক দিয়ে প্রায় স্বগতোক্তি করল, কারা যে এসব রটাচ্ছে !
      ভোট এলেই রাজনৈতিক নেতাদের এই এক খেলা, ঋণমুকুব ! ভোটবাজারে এখন বড় পণ‍্য হয়েছে ঋণমুকুব । সাধারণ মানুষের আর দোষ কি  ! তারা তো লোভে পড়বেই । মাধব ঘোষ, যাদব ঘোষ, সহদেব ঘোষ--- তিন ভাইয়ের পঞ্চাশ হাজার করে লিমিট । গেল তিন বছরের রেকর্ড দেখল বেশ ভালো । নির্দিষ্ট সময়ের মধ‍্যেই শোধ দিয়ে আবার নিয়েছে । কিন্তু এবার এখনো দেয়নি । নিশ্চয়ই ভোট চক্করের মধ‍্যে পড়েছে । ঘড়ি দেখল আটটা দশ । আর ভালো লাগছে না । কৃষিঋণই দেখছি মাথা ব‍্যাথার কারণ হয়ে দাঁড়াল ! সবকিছু গুছিয়ে, সাটার নামিয়ে পেছন ফিরতেই দেখে ল‍্যান্ডলর্ড অধীরবাবু হাসতে হাসতে এগিয়ে আসছে তার দিকে, ‘এতক্ষণে ছুটি হল আপনার ? আর কত খাটবেন ব‍্যাঙ্কের জন‍্য !’
      সৈকত জানে এইসব কথার কোন উত্তর হয় না । তাই একগাল হেসে বেরিয়ে যাচ্ছিল ।   
       ‘ম‍্যানেজারবাবু !’ বলে বেশ কৌতূহলী স্বরে পেছন থেকে ডাকলেন অধীরবাবু ।                                             
      এতদিনের ব‍্যাঙ্কের চাকরির অভিজ্ঞতায় বুঝেছে, ‘ম‍্যানেজারবাবু’ সম্বোধনের বিভিন্ন ক‍্যাটাগরি আছে । কোনটা আবদার, কোনটা তোষামোদ, আবার  কোনটা একান্ত ব‍্যক্তিগত   ব‍্যাপার । তার থার্ড সেন্সে মুহূর্তে এলার্ম বেজে উঠল । অধীরবাবু গত রবি মরশুমে ষাট হাজার টাকা কৃষিঋণ নিয়েছিলেন । তিন মাস হল শোধ দেবার সময় চলে গেছে । নেহাৎ বাড়িওয়ালা বলে তাগাদা দিতে পারছে না ।                 
     অধীরবাবু সৈকতের মুখের কাছে ঝুঁকে এসে বললেন, ‘ম‍্যানেজারবাবু ! যা শুনতে পাচ্ছি–-!’
     ‘ঋণমুকুব ?’ সৈকত অধীরবাবুর মুখের কথা কেড়ে  নেয়, ‘ভুলে যান, ভুলে যান অধীরবাবু ! ওসব ভোট-ভিখিরির বাহানা । আপনাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে না, কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজী ! ভোটটা মিটে যাক, দেখবেন সব ভো-ভা ! দেশের অর্থনীতির অবস্থা দেখতে পারছেন না ! আপনার হয়ে সরকার টাকাটা ব‍্যাঙ্কে জমা করবে, তবেতো আপনার মুকুব ! সেই টাকাটা আসবে কোথা থেকে বলতে পারেন ?’
          (২)
         
      নরেশকে নিয়ে আজ সকালেই বেরিয়ে পড়ল সৈকত । গ্রামের মানুষকে বোঝাতে হবে, ঋণমুকুবের আশায় বসে থাকলে ক্রমশঃ ঋণের গর্ভেই তলিয়ে যেতে হবে । পরিণতি হবে সনাতন দাসের  মতো ।
      আজ তাই সনাতন দাসের বাড়ি দিয়েই শুরু করবে ঠিক করল‌ । নরেশকে বলতেই বলল, ‘স‍্যার, সনাতনের বিধবা বউ ছোট ছোট তিনটে বাচ্চা নিয়ে অথৈ জলে পড়ে আছে । এই শোকের মধ‍্যে লোনের টাকা চাইতে গেলে গ্রামের লোকজন হয়তো অন‍্য রকম, মানে ঝামেলা টামেলা যদি করে ! রিক্স হয়ে যাবে স‍্যার ।’
       সৈকত হাসতে হাসতে বলল, ‘ভয় নেই, লোন আদায়ের জন‍্য যাব   না । তুমি চল না!’
       মাথায় টুপি পড়ে নিল । গ্রামের রাস্তায় যা ধূলো ! এখনো পর্যন্ত যে কটা গ্রামে গেছে, প্রায় সবখানেতেই বড় রাস্তা থেকে কয়েকশো মিটার করে ঢালাই রাস্তা হয়েছে । তার পর থেকে সেই পুরানো এবড়ো-খেবড়ো , নয়তো সাবেকি ধূলোমাখা পথ । চারটে গ্রাম পার করে পৌঁছালো ‘সনাতন দাসের কয়রা’ গ্রামে । তার অস্বাভাবিক মৃত‍্যু কয়রাকে নতুন পরিচিতি দিয়েছে । লোকের মুখে এখন গ্রামের  নাম শুধু কয়রা নয়, ‘সনাতন দাসের কয়রা’ ।
      এই অঞ্চলে পাট চাষের প্রাচুর্য খুব বেশি । বাস্তবিক চিত্রও তাই চোখে পড়েছে সৈকতের । মাঠে ঘাটে হিলহিলে লম্বা গাছগুলো কোন্ সুখের দোলায় যে দুলছে সর্বক্ষণ ! অন‍্য ফসল চোখে পড়েনি  বিশেষ । খাল বিলে তেমন জলও নেই । অনেকদিন বৃষ্টি হয়নি যে ! জল না পেলে এত পাট পচাবে কোথায় ? সৈকতের মনে প্রশ্ন জাগে, ‘আচ্ছা নরেশ, এই যে হাজার হাজার বিঘে জুড়ে পাট চাষ, এগুলো কেটে জলে ফেলতে হবে, পচিয়ে আঁশ তুলতে হবে, শুকোবে, তবেইতো চাষটা কমপ্লিট হবে ! কিন্তু এত জল কোথায় ? যে ক’টা পুকুর দেখলাম, তাতে তো জল বিশেষ নেই !’
      ‘যাদের নিজস্ব পুকুর তারা হয়তো শ‍্যালো চালিয়ে পুকুর ভরাবে । কেউ বা ট্র‍্যাক্টরের পেছনে ট্রলি লাগিয়ে ময়নার বিলে নিয়ে ফেলবে ।’
      নরেশের এই ক‍্যাজুয়াল সমাধান সৈকতের মনে ধরল না । এতে যে চাষের খরচ বেড়ে যায় অনেক । তারপর আছে সঠিক দাম না পাওয়া ।
      ‘তবে স‍্যার, এবার যা পাট চাষের বহর দেখছি, এর অর্ধেকও হয়তো জলের নাগাল পাবে না । বাকিগুলো শুধু জ্বালানিই হবে ।’
       সৈকত প্রায় আঁতকে ওঠে, ‘সে তো বিশাল লস্ ! চাষিরা জেনেবুঝেও-!’
      শহরে বাস করা ম‍্যানেজারবাবুর এসব কথার যথাযত উত্তর দেবার দায় যেন গ্রামের ছেলে নরেশেরই, ‘কয়েক বছর আগে কিন্তু অবস্থাটা এতটা খারাপ ছিল না স‍্যার । আমাদের গ্রামের পাশে ময়নার বিল, প্রতি বর্ষায় ভেসে যেত । এখন প্রায়  সারা বছরই হেঁটে পারাপার করা যায় । গ্রামের পুকুরগুলো তো জলে টইটুম্বুর থাকত সারাবছর । আসলে বর্ষাটা অনেক কমে গেছে যে । আগের মতো বৃষ্টিই নেই !’
     ‘এই একটা দামী কথা বলেছ । আগের মতো বৃষ্টি নেই । কিন্তু কেন নেই বলতো ?’
     নরেশের সহজ উত্তর, ‘সূর্য নাকি কাছে চলে আসছে । পৃথিবী তাই গরম হয়ে যাচ্ছে তড়াতাড়ি ।’
     ‘গ্লোবাল ওয়ারমিং’ ব‍্যাপারটা বোঝান বোধহয় একটু বাড়াবাড়িই হয়ে যাবে । সে ক্ষেত্রে নরেশ বলতেই পারে, এখানে তো প্রচুর গাছপালা, পুরো গ্রামটাই সবুজ প্রায় । প্লাস্টিকের চল থাকলেও শহরের মতো ততটা ব‍্যাপক নয়। সারাদিনে গাড়ি ক’টা আর চলে ! ওতো আপনাদের শহরের লোকের সমস‍্যা ! সৈকত নরেশকে যে কথাটা বলতে পারল না, সেটা হল, শহরের মানুষের সবরকম সুখ-সাচ্ছ্বন্দের সাইড এফেক্টগুলো গ্রামের দিকে ধেয়ে আসছে ক্রমশঃ ।
       ‘নামুন স‍্যার!’ নরেশ বড় পুকুর ধারের মাটির রাস্তায় বাইক থামায় । সৈকত আজ লক্ষ‍্য করে দেখল, পুকুরটাতে অর্ধেক জল । সদ‍্য কচুড়িপানা পরিষ্কার করা হয়েছে । পুকুরপাড়ের পথ ধরে সনাতন দাসের বাড়ির উঠোনে এসে দাঁড়াল সৈকতরা । তাদের দেখে হাতের কাজ ফেলে ছুটে এল কয়েকজন প্রতিবেশী । হাতে হাতে এসে গেল দুটো ফাইবারের চেয়ার । এক গলা ঘোমটা টেনে সামনে এসে দাঁড়াল সনাতনের বিধবা বউ, যাকে দেখে মনে হল, জীবনের সব রঙ মুছে গেছে তার শরীর থেকে, পড়ে রয়েছে রক্তহীন ফ‍্যাকাসে শুকনো পাটকাঠির মতো একটা অবয়ব । উপস্থিত সবার মুখের উপর চোখ বুলিয়ে সৈকত কৈফিয়ত দেবার মতই বলল, ‘ব‍্যাঙ্ক থেকে তো ওনার নামে কোন নোটিশ পাঠান হয়নি !’
     মৃদু গুঞ্জন উঠল সৈকতের কথায় । একটু সময় নিয়ে সনাতনের বউ বলল, ‘উদের বাপ কেন মরল তা আমি   জানিনা । তবে, ইবারে খুব চিন্তায়    ছিল ।’
      ‘কীসের ?’
      ‘এত পাট জাগ দিবে কোথায় ! পঞ্চায়েত বলেছে, ই বচ্ছর থেকে পুকুরে আর পাট ফেলান যাবে না । পুকুরে কাজ হবে, পাড় বাঁধাবে ।’
      ‘সেতো গ্রামের উন্নয়নের কাজ ।’ এতক্ষণে কথা খুঁজে পেল নরেশ, ‘পুকুর বাঁধালে সবারি কাজে লাগবে !’
       নরেশের কথা সে যেন শুনতে পায়নি। মাটিতে তার দৃষ্টি স্থির । খুব নরম সুরে আবার বলল, ‘থেকে থেকে আকাশপানে তাকাত, জলের মেঘ খুঁজত । কিন্তু আকাশে তো মেঘ নাই, জলও   নাই । তাই গুম ধরে থাকত । বলত, ইবারে আর ঋণ শোধাতে পারবনা । এতগুলান টাকা !’
       হঠাৎ এক প্রতিবেশী বলে উঠল, ‘সনাতন এটা বড় বোকার মত কাম  করল । সারা গ্রাম জানে, ইবার ঋণ মুকুব হয়ে যাবে । কী ম‍্যানেজারবাবু ! হবে না ?’

       পুকুরপাড় ধরে হাঁটতে হাঁটতে ফিরে আসছে সৈকত । সূর্য প্রায় মাথার উপর । টলটলে পরিষ্কার জলে তার নির্মম তেজ বিকিরণ করছে । পেছন পেছন চলে আসা গ্রামের সহজ সরল লোকগুলো আবারও জানতে চাইল, ‘ম‍্যানেজারবাবু ! ঋণমুকুব হবে তো ?’
         নরেশ বাইক স্টাট দিলে সৈকত অসহায়ভাবে হাওয়ায় ভাসিয়ে দেয়, ‘জানি না----!’

tapanchk@yahoo.com

Wednesday, January 1, 2020

স্বপ্নের মতো


                                    
                                                                                                     ...  দেব চক্রবর্তী

          মাঝরাতে হঠাৎ বুকে ব‍্যথা । বুকের বাঁ দিকটায় যেন পিন ফুটিয়ে দিচ্ছে কেউ । ফিনকি দিয়ে রক্ত বেরবে এখনি । যন্ত্রণায় ছটফট করছেন যতীন । দেবীকার ঘুম  পাতলা । টের পেয়েই উঠে বসেছেন বিছানায় । আলো জ্বেলে হাত রাখলেন স্বামীর বুকে । দেবীকার হাতটা পেয়ে আরো গভীর ভাবে নিজের বুকের উপর চেপে ধরলেন যতীন । তারা বৃদ্ধ-বৃদ্ধা একাই থাকেন । এখন উপায় ! এই রাতে কাকে ডাকবে, কী করবে, ভেবে অস্থির দেবীকা । যন্ত্রণাক্লিষ্ট মুখে যতীনই তাকে বললেন, “একশো দুই ডায়াল করে দেখত !”  অথৈ জলে যেন খড়কুটো পেয়ে গেলেন  দেবীকা । কোনক্রমে নেমে আসেন খাট   থেকে । ফোন তুলে ডায়াল করেন এক---শূন‍্য------। মিনিট পনেরর মধ‍্যেই বাড়ির বাইরে গাড়ির হর্ণ । দেবীকা দরজা খুলে অবাক । দু’জন লোক ট্রেচার নিয়ে দাঁড়িয়ে আছে । সঙ্গে একজন নার্সও ।
 “পেশেন্ট কোথায় ?”
          দেবীকা নিঃশব্দে শোবার ঘরে নিয়ে গেলেন ওদের । যন্ত্রণায় ছটফট করতে করতে ততক্ষণে নিস্তেজ যতীন । নার্স প্রথমেই পালস্ দেখল । দেখেই বলল,“কুইক !” দু’জন সঙ্গে সঙ্গে অদ্ভুত ক্ষিপ্রতায় ট্রেচারে তুলে নিল যতীনকে । বাইরে আ্যম্বুলেন্স স্টার্ট দেওয়াই ছিল । যতীন ও দেবীকাকে তুলেই ছুটল । চেতলার গলি ছাড়িয়ে বড় রাস্তায় পড়তেই গতি বাড়ল আ্যম্বুলেন্সের । মাঝরাতে কলকাতার রাস্তা প্রায় ফাঁকা । তাই হাসপাতালে পৌঁছতে বেশি সময় লাগল না ।হাসপাতালের ইমারজেন্সিতে দু’জন ডাক্তার যেন তাদের জন‍্যই অপেক্ষা করছিল । আ্যম্বুলেন্স থেকে নামানর সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ল যতীনের উপর । বুক পরীক্ষা করে নার্সকে নির্দেশ দিল, এখনি ইনজেকশন দিতে হবে । নার্স পরপর দু’খানা ইনজেকশন দিল । তারপর দ্রুত বেডে দিয়ে অক্সিজেনের নল ঢুকিয়ে দিল নাকে ।
         সবই খুব তৎপরতার সঙ্গে ঘটল দেবীকার চোখের সামনে । একটু থিতু হতেই দেবীকা চলে এলেন ভিজিটর্স রুমে । সেখানে তার মতই উৎকন্ঠা নিয়ে বসে আছে আরো   অনেকে ।  হাসপাতালে এলে রোগীকে দেখে যত না কষ্ট হয়, তাদের নিকটাত্মীয়ের উৎকন্ঠা, উদ্বিগ্নভরা মুখগুলো দেখলে আরো বেশি মন খারাপ হয় ।
       এক ঠায় বেশিক্ষণ বসে থাকতে পারছেন না  দেবীকা । মানসিক উদ্বেগ ও আশংকা নিয়ে পায়চারি করছেন । এর মধ‍্যে দু’বার উঁকি মেরে দেখে এসেছেন । একজন নার্স ঠায় বসে আছে যতীনের বেডের পাশে । ঘড়ি ধরে প্রেশার মাপছে আর নোট লিখছে । সকালের দিকে যতীন বোধহয় একটু নড়েচড়ে উঠলেন । সঙ্গে সঙ্গে নার্স ছুটল ডক্টর্স রুমে । একজন ডাক্তার বেরিয়ে এলেন । যতীনের বুক, প্রেসার চেক্ করার পরই হাসি ফুটল তার  মুখে । নার্সও ডাক্তারের মুখের দিকে তাকিয়ে হাসল । সাফল‍্য ও তৃপ্তির   হাসি । একজন মরণাপন্ন মানুষের জীবন ফিরিয়ে দেবার চেয়ে বড় তৃপ্তি আর কিইবা হতে পারে ? ডাক্তার হাসি মুখে বেরিয়ে আসছে দেখে দেবীকা এগিয়ে গেলেন । ডাক্তার নিজে থেকেই বললেন, “এ যাত্রায় উনি বেঁচে গেলেন । আর কোন ভয় নেই । আপনি এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে বিশ্রাম নিন । বিকেলে ভিজিটিং আওয়ারে আসুন, তখন হয়তো কথাও বলতে পারবেন !”
 ডাক্তারের আশ্বাস পেয়ে দুশ্চিন্তামুক্ত হলেন দেবীকা । হালকা মন নিয়ে হাসপাতালের বাইরে এসে দাঁড়ালেন । এখনো পরোপুরি চোখ মেলেনি কলকাতার সকাল । রাতজাগা ক্লান্ত মুখটা আঁচলে মোছার পরই হঠাৎ থমকে গেলেন । মাথায় হাত দিয়ে বসে পড়লেন ফুটপাতে । হঠাৎ মনে পড়ে গেল, মাঝরাতে ঘর থেকে বেরবার সময় তাড়াহুড়োয় সদর দরজা বন্ধ করা হয়নি । “হাঁ ভগবান ! কী সর্বনাশই না ঘটে গেল আমার !”
 তাকে এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে এক ট‍্যাক্সিচালক ব্রেক কষে দাঁড়াল সামনে । মুখ বাড়িয়ে বলল,”আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? কোথায় যাবেন ?”
 দেবীকা সংকোচে বলেন,“যাব চেতলায় । কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোন টাকা নেই যে ! হঠাৎ মাঝরাতে অসুস্থ স্বামীকে নিয়ে চলে আসতে হয়েছে ।”
 ট‍্যাক্সিওয়ালা পেছনের দরজা খুলে বলে,“তাতে কী ! বাড়ি পৌঁছে না হয় ভাড়া দেবেন ।”
  বিশ্বাস হল না দেবীকার । বললেন,“তোমাদের মিটার-ফিটার আমি বুঝি না বাপু ! শেষে কত চেয়ে বসবে !”“আপনার কোন ভয় নেই মাসিমা ! উঠে পড়ুন । মিটারে আর কখনো কারচুপি পাবেন না । ট‍্যাক্সির গায়ে লেখা নম্বরে ফোন করেও জেনে নিতে পারেন ।”
      দেবীকা আর কথা বাড়ালেন না । এত করে বলছে যখন ! তাড়াতাড়ি বাড়ি ফেরাটাও জরুরি । এতক্ষণে চোরেরা নিশ্চয় বাড়ি ফাঁকা করে দিয়েছে !
       সকালের ফাঁকা রাস্তা পেয়ে হু হু করে ছুটল ট‍্যাক্সি । জানালার বাইরে চোখ রাখলেও দেবীকার মন ২০ নম্বর বি সি দাস, চেতলায় । ফিরে গিয়ে কী যে দেখতে হবে---!
      পাড়ায় ঢুকেই দেবীকা দেখলেন তার বাড়ির সামনে ছোটখাট একটা জটলা ।  পুলিশ ভ‍্যান । কিন্তু পুলিশ কেন ? তবে কি তার আশংকাই ঠিক ! পাড়ার লোক নিশ্চয় চুরির খবর দিয়েছে পুলিশকে ! ট‍্যাক্সি থেকে নেমে পুলিশের উদ্দেশ‍্যে বললেন, “বাড়ি ফাঁকা পেয়ে চোর আমায় পথে বসিয়ে দিল ?”
       একজন পুলিশ এগিয়ে এসে বলল,“আপনি ঘরে গিয়ে দেখুন, একটা মাছিও ঢুকতে পারেনি ।”
     পুলিশের কথা বিশ্বাস হল না দেবীকার । জানতে চাইলেন, “আপনারা খবর পেলেন কী করে ? কে খবর দিল আপনদের ?”
     পুলিশটি মৃদু হেসে বলল, “বুঝতে পারছি আপনি খুব টেনশনে আছেন । একে রাত জাগা, স্বামীর চিন্তা, তায় আবার ভুল করে সদর দরজা খোলা রেখেই চলে গেছেন ।”
          মাথা কাজ করছে না দেবীকার । সব কেমন যেন হেঁয়ালির মত মনে হচ্ছে । মাঝরাতে            আ্যম্বুলেন্সে ওঠার সময় কেউ তাদের দেখেনি, কাউকে বলেও যেতে পারেননি । তাহলে কি আর বাড়িটা সারারাত ওরকম ফাঁকা পড়ে থাকত ! দেবীকা এবার অনুরোধের সুরে বললেন,“বিশ্বাস করুন, আমি কিছুই বুঝতে পারছি না । যেভাবে মাঝরাতে  হাসপাতালে ছুটেছি , পাড়ার কাকপক্ষীও টের পায়নি । তাই ভাবছি আপনাদের খবর দিল কে?”
            পুলিশ ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, “আপনিই ।”
            “আমি !“
            “হ‍্যাঁ, মনে করে দেখুন, রাত তখন একটা বিয়াল্লিশ, আপনি একশ নম্বর ডায়াল করলেন– ।”
             “একশ নম্বর !” দেবীকা বিস্ময়ে বলেন, “কিন্তু আমি তো–--।”
             “হ‍্যাঁ, আ্যম্বুলেন্সের কথা বলেছেন । কিন্তু ভুল করে ডায়াল করেছেন একশতে । যাইহোক, আপনার গলা শুনে আমাদের মনে হয়েছিল, আপনি খুব বিপদে পড়েছেন ।  আমরা তৎক্ষণাৎ সিএলআইতে আপনাদের নম্বর দেখে নিলাম । টেলিফোন ডিরেকটরি থেকে ঠিকানা নিয়ে হাসপাতালে ফোন করে আ্যম্বুলেন্স পাঠাতে  বললাম । ”
      দেবীকা কোন কথা খুঁজে পেলেন না । কৃতজ্ঞতায় ভরা চোখ নিয়ে তাকালেন শুধু । পুলিশ হাত জোড় করে বলল,“এবার আমাদের যেতে   হবে । আপনি একবার দেখেনিন, ঘরের জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা ।”
       দেবীকা হাত জোড় করে বললেন, “কী বলে যে আপনাদের ধন‍্যবাদ জানাব !”
       “না না, ধন‍্যবাদ দেবার কিছু নেই । এটা আমাদের কর্তব‍্য । জনগণের  জীবন ও সম্পত্তি রক্ষাই তো আমাদের কাজ ।”
        পুলিশ চলে গেলে দেবীকা উৎসুক প্রতিবেশীদের দিকে তাকালেন । মাঝবয়সি দীনেশবাবু এগিয়ে এসে বললেন, “পুলিশ দেখছি সব খবরই রাখে ! আপনারা বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধা একা থাকেন, সেটাও জানে । থানার তথ‍্য ভান্ডারে নাকি এই ওয়ার্ডের প্রত‍্যেকটা বাড়ির নাড়ি-নক্ষত্র লোড করা আছে । সেখান থেকেই জেনেছে বলল । আপনাদের যদি সাহায‍্যের প্রয়োজন হয়, তা ভেবেই চেতলা থানা থেকে পুলিশ পাঠিয়েছে ।”
         ক্লান্ত শরীরে দেবীকা আর কথা বাড়াতে চাইলেন না । ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে    দিলেন । দু মিনিট বসতেই চোখ বুজে এল । দীর্ঘ হাই তুললেন । তার রেশ শেষ হবার আগেই কলিং বেলের আওয়াজ । নিশ্চয় প্রতিবেশী কেউ যতীনবাবুর খবর নিতে এসেছে ।  কিন্তু দরজা খুলে থমকে গেলেন দেবীকা । চিনতে পারলেন না আগন্তুককে । আগন্তুক সেটা বুঝতে পেরে বলল, “আমাকে চিনতে পারলেন না নিশ্চয় ? আমি লোকাল কমিটির সভাপতি, কমল হালদার । আমরা দেরি করে খবরটা পেয়েছি বলে রাতে এসে আপনার পাশে দাঁড়াতে পারলাম না । প্রথমেই সেজন‍্য ক্ষমা চেয়ে নিচ্ছি । এখন থেকে আপনার যে কোন প্রয়োজনে বলবেন, আমাদের ছেলেরা সবসময় তৈরি।”
         একনাগাড়ে বলে গেল লোকটা ।  এমনিতে পার্টির লোকজন একদম পছন্দ করেন না    দেবীকা । ওরা শুধু ভোটের হিসাব কষে সারাবছর । এই ভোটসর্বস্ব রাজনীতি করতে গিয়ে নিজেদের সমর্থকদেরও হারাচ্ছে, তাও বুঝছে না! গত দু’দুটো ইলেকশনে ঠা ঠা রোদের মধ‍্যে দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষে জানতে পারলেন, তাদের ভোট নাকি হয়ে গেছে । কমল হালদারকে দেখেই সে কথা মনে পড়ে গেল দেবীকার । তাই শ্লেষের সঙ্গে বললেন,“আমরা বাড়িতে মাত্র তো দু’টো প্রাণী । তার জন‍্য খামাকা কষ্ট করতে যাবেন কেন ?”
          কমল হালদার জিব কাটে, যেন বিনয়ের অবতার,“না না মাসিমা, আপনি যা ভাবছেন তা  নয় ! আমরা মোটেই ভোটের হিসেব করছি না । আপনি বিশ্বাস করুন, আমরা বদলে গেছি । পুরনো দিনের কথা ভুলে যান । মানুষের পাশে থাকাটাই এখন আমাদের নতুন স্লোগান । ”
         আগন্তুক চলে যাবার পর  দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন, ছটা পঞ্চাশ । কাজের মেয়েটার আসার সময় হয়নি এখনো । নিজেই গ‍্যাস ধরিয়ে এক কাপ চা বানিয়ে নিলেন । জিবের আগায় দুবার ছোঁয়াতেই  সাড়া পেলেন শরীরে । গরম চা শরীরের ক্লান্তি শুষে নিয়ে জাগিয়ে তুলল তার মনকে । কাল রাত থেকে এত ঘটনা ঘটে গেল, ছেলেমেয়েরা এখনো কেউ কিছু জানলই না !
             প্রথমে দিল্লিতে মেয়েকে ফোন করলেন । ওপ্রান্তে মণিকা ফোন তুলেই অবাক । উদ্বিগ্ন কন্ঠে জানতে চাইল,“হঠাৎ কী হল মা? এত সকালে তো কখনো ফোন করো না!”
            মণিকার গলায় উদ্বেগ শুনেই দেবীকা বুঝতে পারলেন, বড্ড ভুল হয়ে গেছে । এখনি না করে বেলার দিকে ফোনটা করলেই হোত । শুধু শুধু ওদের ব‍্যস্ত করে তোলা ।
           “কী হল মা, কিছু বলছ না যে !”মণিকার গলায় ভয়ের রেশ ।
           দেবীকাকে বলতেই হল,“আর বলিস না, কাল মাঝরাত থেকে যা গেছে না !”
           “কেন, কী হয়েছে ? বাবার শরীর খারাপ করল নাকি ?”
           দেবীকা সমস্ত ঘটনা বললেন মেয়েকে । সব শুনে মণিকা  চুপ করে থাকল কিছুসময় । তারপর প্রায় কাঁদো কাঁদো সুরে বলল,“আমার এমনি কপাল, ক’দিন যে তোমার ওখানে গিয়ে থাকব তারও কোন উপায় নেই । শাশুড়ি বাতের ব‍্যথায় পঙ্গু প্রায়  । ওনাকে একা ফেলে কী করে যাই  বল ?”
           দেবীকা পারলে পাঁচ হাতে না করেন,“না না তোকে আসতে কে বলছে ? আমার কোন অসুবিধা হচ্ছে না । তুই বরং শাশুড়ির সেবা যত্ন কর। তুই না দেখলে আর কেই বা দেখবে ওনাকে ?”
           নাতি নাতনির খবর নিয়ে ছেড়ে দিলেন ফোন । হায়দরাবাদে  ছেলের নম্বর ডায়াল   করলেন । পরে জানালে পুলক যদি রেগে যায়  ! এইরকম একটা ঘটনা ঘটল আর আমাকে এত দেরি করে জানালে ? ভাবছ দূরে থাকি বলে তোমাদের কথা ভাবি না ! তোমাদের নিয়ে চিন্তা হয় না ?
          “হ‍্যালো!” রুমার গলা ।
          দেবীকা জানতে চাইলেন,“রুমা, পুলক ঘুম থেকে উঠেছে ? ”
           “কেন মা, কী হয়েছে ? আপনার গলাটা অমন শুকনো শুকনো লাগছে কেন ? ”
           তার ভেতরের উদ্বেগ তরঙ্গ বাহিত হয়ে বৌমার কানে পৌঁছে গেল ! তাহলে আর লুকনো কেন, বলেই দিলেন,“রাত জাগা, তার ওপর এই বয়সে এত টেনশন । মাঝরাতে তোমার শ্বশুরকে নিয়ে--––-।”
            সমস্ত ঘটনা শুনে রুমা বলল,“হ‍্যাঁ মা, এই বয়সে দু’জনে ওরকম একা থাকা , কখন কোন বিপদ ঘটে, শরীর খারাপ হল, কে দেখবে ? আপনি চিন্তা করবেন না, আর ক’টা দিন অপেক্ষা করুন, আপনার ছেলেকে অনেক বলে কয়ে এবার রাজি করিয়েছি । কলকাতায় পোস্টিং নিলে স‍্যালারি না হয় একটু কমই পাবে, কিন্তু সবাই মিলে একসঙ্গে তো থাকা যাবে, বলুন ? গুড্ডুটা বড় মিস্ করে আপনাদের । সবসময় ঠাম্মা যাবো, ঠাম্মা যাবো বলে ।”
           নাতির কথা শুনে দেবীকার চোখ ছলছল । বললেন,“হ‍্যাঁ, দাদুভাইয়ের জন‍্য আমারও মন কাঁদে সবসময় । ”
        “আপনি আর দুশ্চিন্তা করবেন না, মা !  আপনার ছেলেকে এখনি ডেকে  ফোন করতে বলছি ।” 
           পরম নিশ্চয়তায়  পাশ ফেরেন দেবীকা । অভ‍্যাস বশে হাত বাড়িয়ে খোঁজেন স্বামীকে । কিন্তু হাতের নাগালে না পেয়ে  চমকে ওঠেন । ঘোরের মধ‍্যেই উঠে বসেন বিছানায় । চোখ কচলে  দেখেন, দিব্বি শোফায় বসে পেপার পড়ছেন তিনি । তাহলে কাল রাত থেকে যা যা ঘটে গেল, তা সত‍্যি নয় !

                                   
tapanchk@yahoo.com
কলকাতা