1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label অনুগল্প. Show all posts
Showing posts with label অনুগল্প. Show all posts

Monday, August 15, 2022

অকাল মৃত্যু এবং বসন্ত

ছবি : ইন্টারনেট
অকাল মৃত্যু এবং বসন্ত 
গোপা চক্রবর্তী

আজ বসন্তের কথা মনে পড়তে ইন্দু স্মৃতির পাড় ধরে পৌছে যায় বৃক্ষের ছায়া শোভিত পথে দুদন্ড পায়ে হেঁটে কয়েক কদম চলা হাতে হাত রেখে স্বপ্নের দিন গুলোতে । সেই চলাতে ইন্দু কখন ইন্দি হয়ে  সূর্যের সাত রং মেখে দিবাস্বপ্ন দেখতে শুরু করে। তারপর কখন বসন্তের আকাশে রামধনু হয়ে জেগে ওঠে.....চারিদিক অপূর্বতায় ভরে যায়।
সেই অনুভূতি নিয়েই ইন্দি আপন মনে বিচরন করতে থাকে মনের আনাচ কানাচ পেরিয়ে.......যেখানে শৈশবের এক্কা দোক্কা খেলা থেকে শুরু করে, স্কুল ছুটির পর আইসক্রিম খাওয়া , বর্ষার দিনে স্কুলের জল ভর্তি মাঠ এক সাথে লাফিয়ে লাফিয়ে জল ছিটিয়ে পেরিয়ে চলা, কলেজের দিনে ছুটির পর ট্রামে, বাসে পাশাপাসি কাটা সিটে বসা, হটাৎ করে বাসের জানলা দিয়ে ইশারায় কিছু দেখিয়ে আনমনা করে পিঠে চিমটি কাটা.....এই সব খুনসুটির মধ্যে দিয়ে কলেজের দিন পার হয়ে যায় !!
রামধনুর রঙে ভাসতে ভাসতে ঘুমিয়ে পড়া ইন্দির পাথর চাপা মনে বসন্তকে স্বপ্নে  দেখে । গলার মধ্যে পাকিয়ে ওঠে অস্ফুট স্বর। ভারী চোখের ধারাপাতে বেদনা জর্জরিত মন দেখে বসন্তের আকাশে রামধনু পুড়ে ঝরা পাতার মত ঝরে যাচ্ছে !
ইন্দির উত্তেজিত মন বসন্তকে আসতে বলে, চিঠির মাধ্যমে  না বলা মনের কথা জানিয়ে দিতে চায়।

তোমার মনে বসন্ত থাক ওই পলাশ রঙে রাঙিয়ে ,
ঝরা পাতায় রেখ না আমায়....
পাতা ঝরার নিগড় থাক প্রকৃতির হাতে।
সকাল- সন্ধ্যে ফোটা ফুলের সৌরভে
এসো ছিপ নৌকোয় ; বসন্তের কত রঙ ! মাখব দুজনে !
বসন্ত আজ এসেছিল পলাশ আভোরনে ! কিন্ত ইন্দির ভারাক্রান্ত মন  না ...না  বলে চিঠি লিখে  টেবিলে  রেখে দেয়....
এই চিঠি বসন্তর হাতে পৌঁছল কিনা আর দেখা  হয় না ! কিন্তু রামধনুর বুকের জল ভরা মেঘ যখন শুষ্ক হয়ে উড়ে যায় তখন যে যন্ত্রণা সৃষ্টি হয়..... তা অনুভব করার মত সময় কাউকে রাখে না।
বসন্ত,
আজ চারিদিকে রঙের ফুটন্ত সুভাস আর পাখির গুঞ্জনে মুখরিত এই উঠোন, ওই প্রাঙ্গণ। তবু কোথাও কি কিছুর অভাব চোখে পড়েছে !  ধুসর পাতা গুলো.... না না  পাতা গুলো ধুসর নয়.... কিছুক্ষণ আগেও সবুজ প্রাণবন্ত হয়ে প্রজাপতির মত ডানা মেলে ওড়ার স্বপ্ন ছিল। আর এখন  প্রাণহীন ধূসর জীর্ন... ! এখনও ওর শিরা উপশিরা বসন্ত ঘ্রানে উৎসুক। মর্মে রয়েছে ওর চির বসন্তের দোলা, কোন বেদনাই  কি জীর্ন করতে পারে ? বেদনারা গ্রীষ্মের দাবদাহে পুড়ে যায় না। বরং সরস ফলের মত রসাল । বর্ষায় বেদনারা প্রান হীন নয়, বরং পুষ্ঠ ।প্রাণের জোয়ার আসে বেদনার বর্ষায় সিক্ত হয়ে। শরতে শিউলির ঘ্রান,আর কাশের দোলায়  বেদনা পরষ্পর আনন্দ-বিষাদের আতিসহ্য বহন করে। হেমন্ত যতই আপন করে নিক না কেন মন প্রাণ দিয়ে ,বেদনা দূরে ঠেলতে না পারলেও কিছুটা দূরত্ব বজায় রেখেই চলে। শীতে, বেদনারা একাকিত্বের অনুভবে নিজেকে আড়াল করতে চাইলেও, একটা ভয় মিশ্রিত ভাব গম্ভীর সখ্যতা গড়ে তোলে। প্রেমের প্রাপ্তি আর আপ্রাপ্তির মধ্যে দিয়ে বেদনা মুখর হয়ে ওঠে বসন্তে। কিন্তু জীর্ণ করে না নিজেকে,বরং প্রতিটা ঋতুতে বেদনা ঋদ্ধ হয়। বেদনা ছাড়া প্রেমের মাহাত্য বোঝা যায় না।
সৃষ্টি সুখের উল্লাসে প্রেম ঝরা পাতার গায়ে বেদনা লিখে দেয় বসন্তের সুঘ্রান পেতে  বারে বারে ..,  
 কি জানি কীসেরও  লাগে প্রাণ করে হায় হায় ------

"বসন্ত....বসন্ত......আবার এসো , ঠিক এসো কিন্তু.....
যদি আবার দেখা হয় , তখন নতুন কিছু কথার জন্ম হবে ! নতুন উত্তেজনা  আর কিছু আবেগের অলি গলি ধরে পৌঁছে যাব সেই পথে। যে পথ চেনা অচেনার গন্ডী ছাড়িয়ে একদিন সমান্তরাল পথের শেষ বিন্দুতে পৌছবে যেখানে চাওয়া পাওয়ার উর্ধে উঠে এক পরম প্রাপ্তিতেই লীন হবে এই জীবন।
পরোজন্ম যদি মান, তবে আবার দেখা হবে নিশ্চয় -----!"
ইতি----
ইন্দি
...(সমাপ্ত)...

Saturday, August 1, 2020

নাইট চ্যাটিং

                                                                                                  ...শুভজিৎ সরকার 



           কুয়াশা বাড়ছে, মফঃস্বলের কুয়াশা বাড়ার মতো করে কুয়াশা বাড়ছে। আর এই সময়টাই রিজান এর ঘুম আসে না, এই সময়ের ছেলেপুলের এটাই বড়ো দোষ। নাইট চ্যাটিং।  এর বিকল্প কোনো ব্যাবস্থা নেই এটা ও জানে, সারাদিন ব্যস্ত থাকতে হয় তাই এটুকু অত্যাচারে ওর অভ্যাস হয়ে গেছে। রিজান  আগে জানতো না একটা মানুষ তার ঘুমের সময় থেকে মুহূর্ত চুরি করে যে আড্ডা মারতে পারে, কিন্তু এই সব কলেজে ওঠার পর জলভাত। না হলে ওকেও হয়তো শুনতে হতো বন্ধুদের টিপ্পনী।

পৌলমী ওকে প্রথম জোর করেছিল কলেজ গ্রুপে অ্যাড হওয়ার কথায়, সেখানে নাকি রাত তিনটে অবধি বন্ধুরা আড্ডা মারে। ভারী মজার মজার গল্পই নাকি সেখানে হয়। রিজান ও সেই সব গ্রুপে আড্ডা মেরেছে প্রথম কয়েক মাস। তার পর ওর আর ভালো লাগেনি। আপাত ইন্ট্রোভার্ট এক জনের অত লোকের মাঝে ওই ভাবে নিজের অনুভূতি, নিজের কথা বলা যায়না। তাই সরে এসেছে, কিন্তু ওর নাইট চ্যাটিং অভ্যাস বৃদ্ধি তার ঠিক পরে পরেই।

স্কুলবেলা থেকেই রিজান এর বন্ধু ভাগ্য খারাপ, খুব বেশি কোনো দিনই ছিলো না। আর বান্ধবীর সংখ্যা হাতে গুনলে সে নিজেই লজ্জা পায়। তবু এই নতুন কলেজে বছর দুয়েক ওর সাথে যারা মেশে, যারা মিশেছে তার মধ্যে পৌলমী ওর একমাত্র বান্ধবী। তাই ওর সাথেই প্রায় রাতের আড্ডা জমে উঠতো রিজানের, ধীরে ধীরে ওটা দৈনিকে পরিণত হয়েছে।  ও প্রথম দিকে আলগা কথা কম বলতো, কিন্তু পরে পৌলমী ওকে চেপে ধরত খোলাখুলি আলোচনার। সেদিন থেকেই ও বুঝেছে প্রত্যেকটা পুরুষই নির্বাক আনুগত্য স্বীকার করে নেয় নারীর কাছে। একটার পর একটা দিন বাড়ার সাথেই রিজান সহজেই অনুমান করে ফেলছিল পৌলমীর ভার্চুয়াল আড্ডা-বাক্য কি হবে, কোনো কথা লেখার সাথে সাথেই ওর এই অনুমান মিলিয়ে দিয়েছে পৌলমী। এতে যেকোনো মানুষ ই বিপরীত মানুষের সাথে এমন ঘটালে মানষিক আকর্ষণ অনুভব করে, রিজানও তেমন টান অনুভব করত নাইট চ্যাটিং এ পৌলমীর প্রতি।  পরে সে নিজেকেও প্রশ্ন করে, সে কী কোথাও জড়িয়ে ফেলছে নিজেকে?

এরপরই ওর পরিচয় হয় মহিমার সাথে।
সোস্যাল নেটয়ার্কিং সাইট গুলোতে খুব সহজেই বন্ধু করা যায় এ এক অদ্ভুত সুবিধা। প্রথম দিকে পরিচিত মানুষ ছাড়া ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতো না , কিন্তু একদিন মহিমার প্রোফাইল চেক করেই রিকোয়েস্ট টা একসেপ্ট করে ফেলে রিজান। এরপর ওদের বন্ধুতা জমে ওঠে , মহিমাও হয়ে ওঠে নাইট চ্যাটিং এর সঙ্গী।

রিজাননের সাথে ওর খোলাখুলি গল্প হয় না কোনোদিন। রিজান ভাবত পরে হয়তো বিষয়টা চেঞ্জ হবে, কিন্তু না মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় ওদের চ্যাট বক্স ভোরে গেলেও মহিমা প্রতি মুহূর্তে আনপ্রেডিক্টেবল ঠেকে ওর কাছে। একই সঙ্গে রিজান যখন চ্যাট করে পৌলমীর সাথে, মনে হয় সে যেন ওর সব কিছুই জানে। তবু ওর সাথে রিজানের বন্ধুতা গাঢ় হয়না, সম্পর্কের আকর্ষণ অনুভব করে উঠতে পারে না হয়তো পৌলমী।

যাকে বাঁধা যায় না , সেই রকম বস্তুর প্রতি মানুষ বার বার তাড়িত হয়। এটা নিয়ম। রিজানও দুবছরের বন্ধুতা আকর্ষণ স্তিমিত করে প্রতিটা ন্যানো সেকেন্ডে হাতরাতে থাকে মহিমার চ্যাট বক্স , কিন্তু ও তো জানে ও আকর্ষিত নয় কোনো ভার্চুয়াল বন্ধুতার প্রতি । এসব তো শুধুই নেশা , রাতের দুএক ঘণ্টার নাইট চ্যাটিং মাত্র। এই সুযোগে ভার্চুয়াল বুদ্ধির পরীক্ষা চলে।

মহিমা রিজানের সংকেত বুঝ তে পেরে যায় মাঝে মাঝে। একটা ছবি রাত আড়াইটার সময় এঁকে সেন্ড করে হোয়াটসঅ্যাপে। রিজান ছবির বোদ্ধা না হলেও দু মিনিট স্থির দেখার পর চমকে ওঠে, সেই ছবি একাধিক বার জুম করে তবুও একই।  সম্পূর্ণ পাতা হীন একটি গান দাঁড়িয়ে আছে মাথা তুলে , উপরের মগডালে একটা পাখি গড়ে তুলছে বাসা, উরন্ত পাখিটার মুখে দুয়েক টুকরো খড়কুটো।
রিজান চমকে ওঠে দেখে , কিন্তু হাসতে হাসতেই টেক্সট লিখতে থাকে মহিমা কে -

"ভালই তো আকিস, কিন্তু তোর ছবিটা গোলমেলে জানিস, অমন আকলি কেন বলত? তুই তো জানিস.."

মহিমা সাংকেতিক উত্তর দেয়-

"আমি ওই পাখিটার মতই, তুই অবশ্য বুঝবি না"

দুজনের ভার্চুয়াল বার্তা চলতে থাকে, রিজানও চমকে উঠেছিলো এর মানে বুঝে। তবে সব একবারে জানানো যায়না। ছবির পাখিটার মতই ওর মাথাতেও ঘুরছে এক বৃষ্টির রাতের কথা। রিজান এক ঘন্টা পর একটি ছবি সেন্ড করলো মহিমা কে,  রিজানেরও আর কিছু বলার নেই এরপর।
ছবিটি খুলে মহিমা দেখতে থাকলো, তারই ছবির পুনরাবৃত্তি। দুটি পাখি একটা ন্যাড়া, পাতা হীন গাছে মগডালে ফিরে আসছে, তাদের বাসায়, এক বৃষ্টির রাতে।

সব সংকেত শেষ হলে যেমন মনে হয়, মহিমার ও তাই হচ্ছে। এরপর তাদের ভার্চুয়াল চ্যাট বক্স ভরে যবে একাধিক বার। কিন্তু কোনো সংকেত এর ব্যবহার নয় । সরাসরি। খোলামেলা হয়ে উঠবে তারা।
রিজান ও জানে তার সব কুয়াশার মতো আনপ্রেডিকটেবল সূত্র গুলো। শুধু তার মফঃস্বল এর মন, আকর্ষণের ইউটার্ন নিতে পারছে না। বারবার নিজেকেই টেক্সট লিখছে, কুয়াশার নাইট চ্যাটিংয়ে-

"আমি কি ভার্চুয়ালের থেকে কোনো স্থির বন্ধুতায় আটকে যাচ্ছি? নাকি ভার্চুয়াল এর থেকে স্থির সম্পর্কে? নাকি অনিশ্চিত বেদনায়?"
rifonsircar269@gmail.com

ভগবান একি করলে


                                                                                                  ...শমিত কর্মকার

          ময়না‌গড়ের খোকন দা,যাকে সকলে খোকনা বলেই চেনে।বাজারে বাজারে ফেরি করে বিভিন্ন রকম ভাজা বিক্রি করে।সংসার বলতে মেয়ে বউ আর সে।থাকবার তেমন কোন ভালো ব্যাবস্তা ছিল না।ভাড়া করা একটা ছোট ঘর তারই মধ্যা ওরা তিনজন।আয় তার খুব কম তার মধ্যে থেকেই কিছু বাঁচিয়ে প্রত্যেক মাসে কিছু টাকা জমায়।বাকি পয়সায় সংসার চালানো আর মেয়ের পড়াশোনা।
         নিজের গুচ্ছিত টাকা দিয়ে‌  স্বপ্ন‌ নিয়ে খোকন বহু কষ্টে পাঁচ কাঠা জমি কিনেছিল ময়নাগড় শহর থেকে ‌কিছুটা দূরে।প্রত্যেক দিন এই ভাবে খাটনি‌‌ তার উপর বয়স ও হচ্ছে। নিজের ভাড়া বাড়ি ছেরে‌ ঐ জমির উপর ‌একটা টালির বাড়ি আর বাকি জমিটায় একটা পোল্ট্রি মুরগির ঘর করে।আর কিছুটা‌ জায়গায় শাকসব্জি আলু এসব লাগায়।অনেক আশা করে এই সব শুরু করে‌ এই ভেবে যাতে তাকে আর ঘুরতে না হয়। বাড়ির ফসলে খাওয়া দাওয়া আর পোল্ট্রি মুরগি বিক্রি করে সংসার চালানো। কিন্তু মানুষ জীবন সুখ বেশি দিন সহে না।সব কিছুই ঠিকঠাক চলছিলো কিন্তু ‌একদিনের ঝড় তার ‌জীবনের ছবিটা উল্টোপাল্টে দিলো।
   ‌‌  হঠাৎ ই এলো সেই ঝড় আম্ফান।এক রেত্রেই তাসের ঘরের মতো সব ভেঙ্গে গেল।উড়ে গেল ঘরের চাল,ভেঙ্গে গেল মুরগির ঘর মরে গেলো সব মুরগি ফসল সব জলের নিচে।খোকন বউ মেয়ে কে নিয়ে দিশে হারা।এখন সে‌কি করবে কোথায় যাবে‌ হাতে কোন পয়সা নেই অনেক প্রশ্নের মাঝে বহু চিন্তা।চাল চুলো হীন রাত্রে আকাশের নিচে। খোকন ভাবছে তাহলে কি তার ভাগ্যে সুখ নেই,আগেই সে ভালো ছিল! ভগবান একি করলে আমার।

shamit.karmakar@gmail.com

পরিযায়ি

                                                                                                   ...মৌসুমী চক্রবর্তী

             অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল অতনু। বিদেশ থেকে ফিরে এসে এ বারই প্রথম বিধান সভা আর লোকসভার ভোট দিল সে। কাকতালীয় ভাবে এক বছরই দুই ভোট পরেছে, কয়েক মাসের ব্যবধানে। মা তাকে ফিরে আসতে বলছে দেশে। তাই তিন বছরের কন্ট্র্যাক্ট নিয়ে সে এসেছে এদেশে। মনে আশা নিয়ে , যদি দেশের অবস্থার উন্নতি হয়, পাকাপাকি ভাবে চলে আসবে এ দেশে। 
             ভোটশেষ , রাজ্যে , কেন্দ্রে নতুন দল , নতুন নেতা , মন্ত্রী। সব কিছু নতুন উদ্যমে শুরু হলো । নতুন ভারত তৈরী হবে। মানুষের চোখে নতুন স্বপ্ন। স্বপ্ন অতনুর চোখেও। এগারো মাসে আবার চেনা খবরের চ্যানেলে , চেনা খবর দেখতে দেখতে অতনু তার সিংগাপুরের অফিসের বসকে ফোন করল। ফিরে যাবে সে। 
মা কে বোঝায় , মা কে সে ভালোবাসে, কিন্তু নিজেকেও ভালোবাসে । মা র যেমন এদেশ প্রিয় , অতনু র কাছে ততটা নয়।কে ভুল , কে ঠিক সময় বিচার করবে।

             ডিপারচার লাউঞ্জে বসে অতনু  মোবাইলে সময় এগিয়ে নেয়, ওদেশটার সময় তো ভারতের থেকে এগিয়ে!


mousumichak74@gmail.com
কলকাতা 



রেপ

                                                                    ...সঞ্জয় গায়েন

                মোবাইলটা হাতের মুঠো থেকে  ছিটকে পড়ল মেঝেতে। তারপরেই বাঁচাও বলে তীব্র চিৎকার। পাশের ঘর থেকে ওর মা ছুটে আসে। এসেই দেখে বিছানায় লুটিয়ে পড়ে আছে একমাত্র মেয়ে রিয়া। চুল উস্কো-খুসকো। পরনের নাইটির হাতের কাছে ছেঁড়া। গালেও নখের আঁচড়ের দাগ। রিয়ার এ হেন রূপ দেখে খুব ভয় পেয়ে যায় মা।
রিয়া, এই রিয়া... কি হয়েছে তোর... এমন দশা কি করে হল? কাঁদো কাঁদো স্বরে বিছানায় রিয়ার মাথার পাশে বসতে যায় মা। তখনই বিরক্তি ভরে চিৎকার করে ওঠে রিয়া, তুমি এ ঘরে এলে কেন? যাও এখুনি। চলে যাও।
অ্যাই, কি বলছিস কি? তুই-ই তো বাঁচাও ব’লে ডাকলি। এসে দেখি, নাইটি ছেঁড়া। দুগালে নখের আঁচড়। এসব হল কি করে? কে করেছে এসব? আমাকে বল্‌। রিয়ার মা আদর ভরে ওর মাথাটা কোলে তুলে নিতে যায়।
কিন্তু রিয়া ঠেলে সরিয়ে দেয়। বলে, আমার কিচ্ছু হয় নি। তুমি এখন যাও তো। আমার টাইম এখুনি শুরু হবে। বলেই রিয়া মেঝে থেকে ফোনটা তুলে নেয়।
ওর মা কিছু বুঝতে না পেরে উঠে দাঁড়ায়। মনে মনে ঠিক করে ওর বাবাকে ডাকবে। রিয়া ওর বাবাকে ছাড়া কাউকে ভয় পায় না। হঠাৎ কি ভেবে রিয়ার হাত থেকে ওর মোবাইলটা ছিনিয়ে নেয়। দেখে, গেম খেলছিল মেয়ে। গেমটির নাম রেপ গেম। 

sanjoygayen19@gmail.com

দক্ষিণ 24 পরগণা 

সম্পর্কের টান

                                                                                                 ...শ্রীজা দত্ত




          আকাশে দু'টো ঘুড়ি একটানা উড়েই চলেছে। একটা লাল রঙের অন্যটি নীল রঙের। দীপ্ত আকাশের দিকে তাকিয়ে দেখছে ঘুড়ি দু'টোর খেলা। মনে মনে দীপ্ত ভাবছে ইশ্ আমি যদি ঘুড়ি হোতাম, কেবলই উড়ে বেড়াতাম।

বেশ কিছুদিন হলো দীপ্তর প্রিয় বন্ধু সপ্তক একটা কার এক্সিডেন্ট এ মারা গেছে। তারপর থেকেই দীপ্ত মনমরা হয়ে থাকে। সপ্তকের মৃত্যুটা দীপ্তকে গভীর ভাবে আঘাত করেছে। তেরো বছরের দীপ্ত কিছুতেই সপ্তক কে ভুলতে পারেনা।

রোজ বিকেলে ছাদে যায় দীপ্ত, ছাদের এক কোনায় দাঁড়িয়ে কি জানি কি ভেবেই চলে। দু'মাস আগে ক্লাবের মাঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়েছিলো। সেখানে দীপ্ত আর সপ্তকের দলটা প্রথম হয়েছিলো। চারিদিকে ছড়িয়ে পড়েছিলো ওদের উত্তেজনা। পাড়ার সবাই ওদের বন্ধুত্বটা জানতো। একজন অপরজন কে ছাড়া থাকতে পারতো না।

দীপ্ত আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যেতে থাকে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, পড়াশোনায় মন বসাতে পারে না। কাছের মানুষের হারিয়ে যাওয়া টা কতোটা বেদনাদায়ক তা দীপ্ত বুঝতে পারে।

হঠাৎই দীপ্তর ঘুম ভাঙে। ঘড়িতে তখন ভোর ৫ টা। আজ দীপ্ত পুরোপুরি সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরবে। সপ্তকের মৃত্যুর ৫ বছর আজ। দীপ্তর মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে।

ইতিমধ্যে দীপ্ত বাড়ি ফিরলো। দেখলো আজ আবার সেই দিনের মতোই দু'টো ঘুড়ি আকাশে উড়ছে। একটা লাল রঙের অন্যটি নীল রঙের। ইচ্ছেমতো ওরা ওদের বন্ধুত্ব বজায় রাখতে চাইছে কিন্তু কেউ কাউকে ধরতে পারছে না।

কাছের বন্ধুরা আমাদের মনেই থাকে। শুধুমাত্র একবার বাঁধন খুলে দিতে হয়, যাতে ওরা ওদের মতো করে উড়তে পারে।

আজ সপ্তকের মৃত্যুর ৫ বছর হলো। এতোদিনে দীপ্ত বুঝতে পেরেছে কাছের মানুষ কাছেই আছে, দীপ্ত একা নয়। কিছু বন্ধুত্ব এতোটাই গভীর হয় যে অন্য কোন সম্পর্কের চাইতে তা ধরা ছোঁয়ার বাইরে থাকে।

sreejaduttasree747@gmail.com

ঘুণপোকা

                                                                                                ...দেব চক্রবর্তী


     নরেশ সম্পর্কে আমার মামা হয়।  প্রায় সমবয়সী বলে নাম ধরেই ডাকতাম। ক্লাস টেন পর্যন্ত একসাথেই পড়াশোনা। আমি পাশ করে স্কুল কলেজেই থেকে গেলাম। নরেশ ফেল, তাই গেল অন্য লাইনে। না, বখে যাওয়ার মতো কোন লাইন নয়। সেই সময় ছেলেরা লেখাপড়া করতে না চাইলে মা-বাবা তাদেরকে  যে কোন হাতের কাজ শিখতে বলতেন। ভবিষ্যতে কিছু একটা তো করতে হবে! সেই ভবিষ্যৎ গড়তে নরেশ যে কোথায় গেল, সেই খোঁজ আর রাখি নি। আমি কলেজে। পিঠে নতুন ডানা। উড়ছি… উড়ছি…! ‘শোলে’ দেখছি। লুকিয়ে দেখছি ‘ববি’, ‘রাম তেরি…’।
    
     কলেজ শেষে ভ্যাগাবন্ড । ততদিনে লিখে ফেলেছি বেশ কিছু প্রেমের কবিতা। চাকরি চাকরি করছি আর কবিতা লিখছি। হঠাৎ একদিন এক বন্ধু হাতে ধরিয়ে দিল শীর্ষেন্দুর ‘ঘুণপোকা’।

     বছর কয়েক বাদে নরেশের সাথে দেখা। ওই এসেছিল দেখা করতে। স্থানীয় বাজারে সব থেকে বড় হার্ডওয়ারের দোকান চালায়। একথা সে কথার ও আমার ভবিষ্যতের কথা তুলল। ওর কাছে আমি ছোট হব কেন? তাই প্রশ্ন ছুঁড়ে দিলাম,‘ তোর তো অনেক পয়সা হয়েছে! ‘কালবেলা’ পড়েছিস?  ‘কোয়েলের কাছে’ বা ‘ন হন্যতে’? ‘ শেষের কবিতা’ না হয় বাদই দিলাম, ‘মেমসাহেব’?


     নরেশ নিরুত্তর। হতাশ। আমার দিকে করুণার দৃষ্টিতে চেয়ে বলল,‘ তোর আর ভবিষ্যৎ কী! তোকে তো দেখছি ঘুণে ধরেছে!
tapanchk@yahoo.com

শূন্য

                                                                                        ... সত্যম ভট্টাচার্য


               সিগারেটটাতে অগ্নিসংযোগ করে বেঞ্চের ওপর বসলো প্রীতম।অবসরের পর কয়েকবছর হল এখানে চলে এসেছে ও।এখানে সামনে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করে,পাশের পাইন-দেবদারু বন থেকে ভেসে আসে অজানা পাখির ডাক।

অথচ আজ দুমাসের বেশী হয়ে গেলো এখানে কোনো লোকজন নেই।এক অভূতপূর্ব নিস্তব্ধতা বিরাজ করে চারিদিকে এখন।

ধুর-কথাটা বেরিয়ে এলো প্রীতমের মুখ থেকে।প্রিয় কফির দোকানটি আজও খোলেনি।শুধু সেটিই নয়,কোন দোকানই খোলে না আর আজকাল।

আগে পর্যটকদের হৈ-হল্লায় খুব বিরক্ত হতো প্রীতম।এরা জানেই না কিভাবে অবকাশকে উপভোগ করতে হয়।বুড়ি ছোঁয়াই এদের মোক্ষ।কিন্তু এখন আর ওরও ভালোলাগছে না এই জনবিরলতা।কবে আবার আসবে লোকজন, হৈ হৈ করবে বাচ্চারা-ভাবলো ও।
satyamastha@gmail.com

Friday, May 1, 2020

কারখানার গান

                                                                              ...সাগ্নিক সান্যাল

        একটা অন্ধগলি,তাতে কিছু মানুষের অবিচল হেঁটে চলা। কোন অন্তিমে এক ফালি সূর্য ল্যাম্পপোস্টের আলোর সাথে আড়ি করে পালিয়ে যায়; সেই সূর্য ডোবা ঘাটের জলে এই মানুষগুলো স্নান করবে, ধুয়ে নেবে তাদের গায়ে লেগে থাকা কয়লার ছাই, কাদামাটির ধুলো ফসফেটের গন্ধ।এই ধোয়া জলে জোৎস্না খেলা করে মাতাল স্বপ্নের বিশ্বাসে তাদের আরেকটা দিনের জন্য বাঁচিয়ে রাখবে। যখন ঘুম ভেঙ্গে যাওয়া হাজার হর্নের আওয়াজে সহস্র পা, চাকার গতিতে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবে আবার তারা ফিরে আসবে এই অন্ধগলিতে। যেখানে আধাঁরে আধাঁরে চোখ ধাঁধিয়ে যাবে, গল্প বদলে যাবে, ছন্দপতন ঘটবে আরেকটা নিঃশ্বাস-প্রশ্বাসের।।


sagniksanyal99@gmail.com



তোমার প্রতিবাদে আমি

                                                                                                           ...নিশা দাস 


       এই যে তুমি,
       হাঁ হাঁ, তোমাকেই বলছি ।
তোমার চারপাশে যারা রয়েছে,
সবাই কি তোমার আপন ? 
বা তুমি ব্যক্তিগত ভাবে যাদের  আপন ভাবছো,  তারাকি আদতেও তোমার আপন ?
       রোজ যাদের মুখে হাঁসি ফুটানোর জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলছো ।  রোজ যাদের সুখের কথা তুমি অন্যের কাছে বলছো ।  তারা কি সারাদিনে একবারও তোমার কথা ভাবছে ?  আচ্ছা সেই মাঘের গাঢ় রাতের কথা মনে আছে তোমার ? সেই রাত, যে রাতে তুমি একবারের জন্যও দুচোখের পাতা এক করতে পারনি ?  আচ্ছা, সেদিন  তোমার প্রিয় মানুষগুলো কি তোমার সাথে রাত জেগেছিল ?
         আজ তোমার স্থান,একটা সরকারি হাসপাতালের চারতলার নয় নং বেডে ! শুনলাম তোমার প্রিয়জনেদের কর্ম ব্যস্ততার জন্য কারোর একবারের জন্যও সময় হয়নি আজ তোমায় 
দেখতে আসার । এদিকে তোমার আবার ছেলেবেলা থেকেই বাইরের খাবার খাওয়া পছন্দ না । তা আজ এই হাসপাতালের খাবার কি করে খাবে ?  আমি জানি, আমার কথা শুনে তোমার এখন মনে হচ্ছে, "আমি কে, এগুলো বলার ?"
       আমি কে ?  তুমি জান না ?  আমি কে ?  আমি সেই !  যাকে তুমি, অন্যদের সুখে রাখার জন্য বার বার মেরেছ ।  আমি সেই !  যাকে তুমি বার বার ধমক দিয়ে চুপ করিয়ে রেখেছ। আর বলেছ, ওদের খুশিতেই নাকি তোমার খুশি ।
      হাঁ !  আমি তোমার সেই মন !  যে আজ সহস্র যন্ত্রনার পর জেগে উঠে প্রতিবাদ করছে তোমার কাছে !  সারা পৃথিবীর কাছে লুকালেও, আমার কাছে তুমি কিছু লুকাবে কি করে ?  তোমার আন্তরিক, বাহ্যিক সব ক্রিয়া-প্রতিক্রিয়াই তো আমাকে   স্পর্শ করে ।  সত্যি কথা বলতে তোমার, আমার থেকে আপন আর কেউ নেই ।  আর এই আমিকেই তুমি বার বার অন্যের হাতে তুলে দিয়েছ । আর তোমার সেই প্রিয় মানুষগুলো আমাকে বারংবার আঘাত করেছে ।  আমায় কি তুমি আজও লুকাবে সেই আঘাতের দাগ ?
        আজ এই হাসপাতালের বেডে তুমি একা ।  কেউ নেই তোমার পাশে । তোমার প্রিয়জনেরা মুখ ফিরিয়ে নিয়েছে তোমার থেকে ।  শুধু রয়ে গেছি সেই আমি । যদি আবার ফি��
যদি আবার ফিরে যেতে পার তোমার সাধারণ জীবনে । যদি পৃথিবীর বুকে উঠে দাঁড়িয়ে তোমার স্থানে ফিরে যেতে পারো । তবে কি তুমি আবার আগের মতই আমায় দিনের পর দিন আঘাত করে, কষ্ট দিয়ে, তোমার প্রিয় মানুষদের জন্য সুখ গুছাবে ?  নাকি এবার তাদের ভুলে একটু নিজের কথাও ভাববে ? 
shibani1966das@gmail.com

সম্পর্ক

                                                                                                ...দেবানন্দ মুখোপাধ্যায়  
                            মনোমিতার সঙ্গে সম্পর্কটা একসময় খুব ঘন হয়েছিল প্রতীকের। দুজনেই ব্যাঙ্গালোরের একটা মাল্টিন্যাশানাল কম্পানির জুনিয়ার সফটওয়্যার ইন্জিনিয়ার,দুজনেই কলকাতাতে মানুষ, লেখাপড়া। অনেক বন্ধুবান্ধব ছেড়ে এসেছে দুজনেই।কাজেই কর্মস্থলে এসে দুজনের কাছাকাছি আসা শুধু সময়ের অপেক্ষা।
শেষ পর্যন্ত কয়েক মাসের মধ্যে  যখন ব্যাপারটা খুবই ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছালো , বাড়ীর লোকে খবর পেলো,দু'পক্ষই নিজেরা উদ্যোগ নিয়ে বিয়ের  প্রস্তুতি নিতে শুরু করলো।

ভবিতব্য একেই বলে,হঠাৎ করেই সামান্য একটা ব্যাপার নিয়ে ওদের মানে প্রতীক আর মনোমিতার মধ্যে মনোমালিন্য শুরু হল,সম্পর্কেও চিড় ধরলো।দুজনের ইগোর লড়াই আলাদা করে দিল দুজনকে।বিয়েটাও শেষ পর্যন্ত ভেঙে গেলো।এক জায়গায় কাজ করলেও দুজনের মধ্যে কথাও বন্ধ হয়ে গেলো।দুজনের বাড়ির লোকজন,সহক, চেনাজানা লোকজনদের ব্যাপারটা নিয়ে কৌতুহলের অন্ত ছিলনা,কিন্তু কেউ কোনে সদুত্তর পেলনা কারোর কাছ থেকে।

একটা ভালো সম্পর্ক গড়ে ওঠার আগেই ভেঙে পড়লো তাসের ঘরের মতো,সম্পর্কটা আর রইলোই না -----
না কি রয়ে গেলো আজীবন?                                         
iamdebananda@gmail.com

পাপান ও একটা জানলা

                                                                                  ......মহুয়া মিত্র
                    পরশু থেকে পাপানের বার্ষিক পরীক্ষা শুরু । অথচ আজ দোল । ওর পরীক্ষার জন্য এবছর পাপানের মা, বাবা, কাকা -- কেউই বাড়ীতে রং নিয়ে হুলস্থুল করছে না । অন্যান্য বার এদিন ওদের বাড়ীতে সকাল থেকে রং খেলা শুরু হয়ে যায় । সকাল বেলা পাপানের ঠাকুমা ঘরের ঠাকুরের পায়ে আবীর দিয়ে সবাইকে আবীরের টিপ দিয়ে ওনার হাতে তৈরি নাড়ু খাইয়ে মুখ মিষ্টি করান । সকলে ওনার পায়ে আবীর দিয়ে প্রণাম সেরে রং খেলায় মেতে ওঠে ।
বাবা মা কাকা , সবার বন্ধুরা দলে দলে আসতে থাকে । এছাড়া পাড়াপ্রতিবেশীরাও আসে । পাপানের মামা মাসীরা আসে । কত আবীর, কত রং , হৈহৈ, খাওয়া দাওয়া -- সে এক এলাহি কান্ড । পাপান কাউকে পেলে ভালো না হলে একাই পিচকিরিতে রং ভরে একে ওকে দিয়ে আনন্দ করে ।
কিন্তু এবারটা একদম চুপ । ঠাকুমার সকালে মিষ্টি খাওয়ানো অবধি সব হয়েছে, তারপর মা পাপানকে নিয়ে পড়ানো শুরু করেছেন । প্রথম দিন অঙ্ক পরীক্ষা । গত ইউনিট টেস্টে পাপান অঙ্কে তিরিশে আঠাশ পেয়েছে মাত্র । কিন্তু এবার তো পুরো পঞ্চাশে পঞ্চাশ পেতেই হবে । এবার পাপান বড়ো স্কুলে পড়ে, উঁচু ক্লাসে উঠবে । সব ঠিক থাকলে পাপান এবারে দ্বিতীয় শ্রেণিতে উঠবে । গতবার পর্যন্ত সে নার্সারি স্কুলে পড়ত , এক ব্যাপার । কিন্তু এবারে পুরো আলাদা ব্যাপার ।
দরজা জানলা আটকে ঘরে বসে পাপান মায়ের কাছে পড়ছে । ওর পরীক্ষার জন্য এবার বাড়ীতে রং খেলা বন্ধ । একটু বেলা হতে কাজের রমলা মাসী ঘর ঝাঁট দিতে ঢুকল । পাপানকে দেখে বলল , -- " ও বৌদি, পাপান সোনা এবার রং খেলবে না গো ? সব বার তো তোমরাও কত মজা করো ! "
মা গম্ভীর মুখে বললেন, -- " পরশু দিন পরীক্ষা তো । তাই আজ এসব ফালতু রং খেলে সময় নষ্ট করতে হবে না । "
-- " সে তো বৌদি আমার দুই ছেলেরই পরীক্ষা চলছে । সেই ভোরে উঠে পড়ে নিয়ে এখন দেখ গে ঐ মাঠে কী হৈচৈটাই না করছে ! যাক্, এখন চলো তো বাসন মাজা সাবানটা দেবে । "
-- " এই অঙ্ক গুলো কর্ , আমি আসছি । "
মা যেতে পাপান উঠে জানলাটা খুলে দেখল মাঠে  কতগুলো বাচ্চা রং মেখে খুব খেলছে । একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল ছোট্ট পাপানের বুক থেকে ।
ঐ বাচ্চাগুলোরও পরীক্ষা আছে, কিন্তু জীবনের রংটাও আছে । আর পাপানের হয়তো একটা রঙিন ভবিষ্যত আছে তবে বর্তমানের পরীক্ষাগুলো বড্ড কঠিন বেরঙের বাস্তবের মধ্য দিয়ে ওকে পার করতে হচ্ছে । 
                                                 mahuyamitra827@gmail.com

Wednesday, January 1, 2020

নরক দর্শন

                                                                                          ...মালবিকা বাহুবলীন্দ্র(কুন্ডু)
          মিঠাই ঘরের চাবি খুলতে না খুলতেই পাওয়ার কাট। মর, এবার হাতড়ে হাতড়ে। কোনোমতে ভেতরে ঢুকে জুতো খুলে হাতের ব্যাগটা টেবিলে রেখে এগোতে গিয়ে অনুভব করে যে টেবিলে ব্যাগটা সে রাখতেই পারেনি ,কেননা টেবিলটা জায়গা মতো নেই। নেই চেয়ারগুলো।ব্যাগ হাতড়ে হাতড়ে মোবাইলটাও খুঁজে পাওয়া গেলনা।অগত্যা হাতড়ে হাতড়ে এগোতে এগোতে মিঠাই ভাবে অন্য কারোর ফ্ল্যাটে ঢুকে পড়েছে কিনা।কিন্তু চাবিটা দিয়ে তাহলে খুললো কি করে !! এই রকম সাত পাঁচ ভাবতে ভাবতে এগোতে থাকে সে।ততক্ষনে অন্ধকারটা খানিক চোখ সওয়া হয়ে উঠেছে। শোয়ার ঘরের দিকে তাকিয়ে দেখলো,সেটাও তো ফাঁকা গড়ের মাঠ। সব সাফ সুতরো । এতক্ষনে নিশ্চিত মিঠাই তার ঘরের সব কিছু চুরি হয়ে গেছে।মাথাটা ঘুরছে,সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে।
সম্বিত ফিরলো তার আরে!! চোরটি ঢুকলো কি ভাবে ? এত ঢাউস ঢাউস ফার্নিচার নিয়ে গেলেই বা কি করে ? নাহ অন্য  কোনো গল্প আছে । চোখ বন্ধ করে ধাতস্থ করে নিজেকে ।তার পর প্যাসেজের দিকে তাকিয়ে দেখল একজন লম্বা চওড়া মানুষ দাঁড়িয়ে আছে।অবাক হতে হতে আর কিছুতে অবাক হওয়া বাকি নেই ওর।তাই সদর্পে এগিয়ে গিয়ে প্রশ্ন করে মিঠাই "কে আপনি ?আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকলেই বা কি করে? করছেনটাই বা কি ? মানুষটি বিদ্রুপের হাসি হেসে বললেন " কোথাও যেতে আমার কারোর কাছে কখনই কোনও অনুমতির প্রয়োজন হয় না" । বলে কি !!" তা আপনি কে ? ভগবান নাকি ?"তা একরকম তাই"।বলেন মানুষটি। ভেবলে যায় মিঠাই ।
          জলপ্রপাতের তুমুল জল স্রোতের মতো অনেক অনেক জিজ্ঞাসা ভীড় করে আসে তার মনে। কোনো মতে তুতলে তুতলে বলে সে " তা হঠাৎ আমার কাছে কেন,একরকম তাই ভগবানমশাই"? উত্তর না দিয়ে মানুষটি মিঠায়ের কানটি সোজোরে পেঁচিয়ে ধরে এগিয়ে চলে।
"এটা কি হলো "? মিঠাই য়ের কথার কোনো উত্তর না দিয়েই দিব্যি এগিয়ে চললেন। কিছুটা এগিয়ে গিয়ে দেখে একজন সুপুরুষ (যদিও আবছা আবছা আলোয়) মানুষ চেয়ারে হেলান দিয়ে বসে আছেন ।এতক্ষন ও অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কাঁটা ছাড়াতে।কিন্তু এখন আর কোন চেষ্টাই না করে তাকিয়ে থাকে।
        জলদ গম্ভীর স্বরে বলেন " এর দোষটা কি "?হাঁস ফাঁস করে বলে ওঠে ও" কোনো দোষ নেই বিশ্বাস করুন। ছা পোষা প্রাণী আমি। কোনো মতো একটা কলেজে পড়াই।মাসের শেষে কাজ চালানোর মতই টাকা পয়সা পাই।আর কিছুটি নেই এর বাইরে"। শেষ করতে না দিয়েই মানুষটি বলে ওঠেন" ওটাই তো বিরাট অন্যায় রে" অন্যায় ? আবার তুই তকারিরও ছড়া ছড়ি ?মান সম্মান বলতে আর কিছুটি রইলো না গো।
       ছেলেপুলেরা পড়াশনো করতেই চায় না।তারা মৌজ মস্তি করতে চায়.... আর তাদের কিনা জোরকরে পড়ানো " বলেন মানুষটি। আরো ও বলেন " ওহে চিত্র গুপ্ত ওকে তেলের কড়াইতে ফেলে বেশ মুচ মুচে করে ভাজা ভাজা কর"" ওরে বাবা !!বলে কি, কি করবো রে ভাই।
কয়েক সেকেন্ডের মধ্যেই পা দুটো খুব গরম হতে লাগল।মিঠাইকে  ভাজার পদ্ধতি শুরু হয়েছে। পা দুটো জোরসে ছুড়লো । ছোড়া মাত্র কয়েকটা কণ্ঠের তারস্বরে চিৎকার শুনে শুনে তাকিয়ে দেখে !!ও মা !! এরা তো কেউ যম কিংবা চিত্র গুপ্ত নয় মিঠায়ের  বন্ধু ( না না শত্রু) গোষ্ঠী। ওদের সাথে বেরিয়ে নরক গুলজার করার কথা ছিল। কিন্তু তা না হয়ে হলো "" নরক দর্শন " । অসময়ে ঘুমের ফল হাতেনাতে না না হাতে পায়ে।
কলকাতা 

মিলন


                                                                                                   ...ভাস্বতী মাল
            “ গুরু বীনে জগৎ জানি না”-বৈষ্ণবীর দুচোখে অঝোর বারিধারা…
শ্রোতাদের চোখেও উপছে পড়ছে আবেগের অশ্রু।এটুকুই তো পাওনা জীবনের।মন সুধারসে ভড়ে ওঠে, আমবাগানের পথ ধরে বৈষ্ণবী মাধুকরী শেষে।
সেই ছোট্ট বেলা থেকে গুরুর চরণে সে সঁপেছে নিজেকে।
“তাঁকে খোঁজ ময়না তাঁকে খোঁজ দশবছর বয়সে বলেছেন বাবা।গুরুর দেখানো পথে আজো সেই অজানা তাকেই খুঁজে চলেছে …
আশ্রমের আমগাছের তলায় দূর থেকেই মানুষটাকে চোখে পড়ে বৈষ্ণবীর। ঝলকে পড়ছে রক্ত।
পরম মমতায় নিজের ছোট্ট কুঠুরিতে এনে শুশ্রুষার ভাড় নেয় মানুষটার।
আশ্রমের আকাশে  যেন আগাম ঝড়ের পূর্বাভাস।
সন্ধ্যা আহ্নিক শেষেই গুরু ডাক দেন বৈষ্ণবী কে।
"লোকটার  জাতটা জানো?"
"হ্যাঁ গুরুদেব।"
নিমেষেই মুখের শান্ত প্রলেপ উড়ে গিয়ে বিদ্বেষের কালো ছায়া খেলা করে গুরুদেবের মুখে।
বজ্র কঠিন নির্দেশ-"পত্রপাঠ বিদেয় করো বিধার্মিক কে।"
খুঁজে পায় না উত্তর বৈষ্ণবী মানুষ না জাত কোন শর্তে সে খুঁজে পাবে তার সেই খুঁজে চলা ইশ্বরের অস্তিত্ব !!!
পথে নামে বৈষ্ণবীও তার সেই কাঙ্ক্ষিত জনকে আবার নতুন করে খোঁজার আশায়।
পথের মাঝেই আজ ঘর।কখনো রহিমের ভাঙা ঘরে জোটে একই  সানকিতে মোটা ফ্যান ভাত।কখনো নিজের খই-মুড়ি পথের  ল্যাঙ্কটা ছেলেটার সাথে ভাগ করে খেয়েও কি এক পরম তৃপ্তিতে পেট ভড়ে তার।না এ জীবনে বৈষ্ণবীর নেই নিয়মের হাজার বেড়াজাল তবু বৈষ্ণবীর
  একতারার সুরে আজ বেজে ওঠে  কি এক আনন্দময় মিলন সুরের ছড় ….

bhaswatighosh33@gmail.com