1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label মৌসুমী চক্রবর্তী. Show all posts
Showing posts with label মৌসুমী চক্রবর্তী. Show all posts

Wednesday, October 6, 2021

বাবা গণুশ

 

ছবি  : চিরঞ্জিত ঘোষ

বাবা গণুশ

মৌসুমী চক্রবর্তী

           আজ প্রায় চারমাস হলো মেঘনা আর শচীন যুগলকর এসেছে কুয়েতে। কিছু বছরের জন্য, হয়তবা আজীবনের জন্য। দুজনেই একই কলেজ থেকে সিভিল এন্জিনিয়ারিং পাশ করে একটি কোম্পানীতে কাজ করছিল। কিন্তু  পে প্যাকেজ এতটাই কম যে নিজেদের দুজনের সংসার চালিয়ে , স্টাডি লোন শোধ করে, আই - বাবা কে কিছু পাঠাতে পারত না। অথচ দুজনের বাড়ি থেকেই অনেক আশা নিয়ে তাদের পড়াশোনা করিয়েছে। তাই কুয়েতের জব অফার আর স্যালারি প্যাকেজ দেখে আর কিছু চিন্তা না করেই চলে এসেছে ওরা। তারপর শুরু হলো কাজ আর বাড়ী এই জীবন। বাকি কলিগদের সাথে উইক এন্ড সেভাবে কাটাতে পারেনা। কারন মধ্যবিত্ত পরিবারে, মারাঠি মূল্যবোধে বড় হয়েছে তারা। সাততারা হোটেল “জুমেইরা” তে গিয়ে এতগুলো টাকা খরচ করতে বাধে , তাদের । যদিও স্বাচ্ছন্দ্যের কোনো অভাব আর নেই তাদের। আই -বাবাও কোল্হাপুর থেকে মাড আইল্যান্ডের দানা পানি বীচের কাছে কেনা তাদের নতুন অ্যাপার্টমেন্টে সিফ্ট করেছে। মেঘনার আই -বাবা মালাডে ফ্ল্যাট কিনেছেন। মেঘনার ছোটোবোন রমনা মডেল হতে চায় । তাই মুম্বাই ছিল তাদের ফার্স্ট চয়েস। সকাল বেলার চা ব্রেকফাস্ট বানাতে বানাতে মেঘনা ভাবছিল এ সব কথা। লান্চটাও বানিয়ে নিতে হবে। রমজান মাস চলছে বলে, তাদের সাইটে কিছু রান্না হচ্ছে না। বেশীরভাগ লেবার আর অফিসাররাই মুসলিম। তাই তাদের খাবার প্রশ্ন নেই। নন মুসলিমদের জন্য সাইটঅফিসের একটা ঘর এক ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয়। মেঘনা,শচীন, আশুতোষ, বিনীত আর নিহার - এরা খুব তাড়াতাড়ি লান্চ সেরে নেয়। অপরাধীর মতো , নি:শব্দে। কালো চশমার মধ্যে দিয়ে বাকিরা তাদের দেখতে থাকে, তারাও বাকিদের দেখে। মেঘনা মনে মনে ভাবে ভাগ্যিস এই কালো চশমা ছিল তাই কতজনের নজর সে দেখল না! সে গুলো ঠিক কেমন ছিল ও বুঝল না!

        দেখতে দেখতে সেপ্টেম্বর এসে গেল। শচীন মেঘনা কে বলে, মনটা তার আজ পুরণপুলি খেতে চাইছে! মেঘনা ছদ্মরাগ দেখিয়ে বলে , তার সাইটে আজ কিছু জরুরী কাজ আছে , সানডে তে করবে। আসলে গনেশ চতুর্থী এসে গেল , তাই মারাঠি মন নাচতে শুরু করেছে। কিন্তু কুয়েতে তো আর এই উৎসব কেউ পালন করবে না, যার যার নিজের ঘরে করতে পারো, কিন্তু প্রকাশ্যে নয়! শচীন কে না বললেও  সাইট ফেরত মেঘনা সুপার মার্কেট থেকে নারকেল, ময়দা , গুড়, খোয়া , ড্রাই ফ্রুট্স - সবই কিনে নিলো। পুরণ পুলির সঙ্গে মোদকও বানাবে কিছু । শচীন কে সারপ্রাইজ দেবে। শচীনের ফিরতে ঢের দেরী আছে, ততক্ষনে মেঘনা সব বানিয়ে ফেলবে। সুপার মার্কেটের বিলিং সেক্শনের কাছে কিছু প্যাকেট ক্লে রাখা আছে। মেঘনা সেগুলি দেখতে থাকল নেড়ে চেড়ে। পিছন থেকে একজন ভারতীয় বলে উঠলেন, ইস্সে আপ কোই ভি আইডল বানা সকতে হো ভাবিজী! লাস্টইয়ার হম্নে মাতাজী কো বনায়া থা , নবরাতা কে লিয়ে! মেঘনার মাথায় দারুন আইডিয়া এসে গেলো। ও পেছেনের ভদ্রলোক কে ধন্যবাদ জানিয়ে দু প্যাকেট ক্লে কিনে নিল।

      বাড়ী ফিরে, শুরু হলো সব আয়োজন। গনেশ চতুর্থীর আর দুদিন বাকি। তাই মেঘনা সবকিছু ফ্রীজে রাখল । শুধু ক্লে নিয়ে ওদের ইউটিলিটি এরিয়ায় গনেশ বানাতে বসল। ক্লে মডেলিং বানানোতে মেঘনা এক্সপার্ট। আর এই ক্লে খুব দ্রুত শুকিয়ে যায় , এটাই এর স্পেসিফিকেশন! গনেশ চতুর্থীর সকাল বেলা মেঘনা তাদের সাউন্ড সিস্টেমসে গণপতি বন্দনা চালিয়ে দেয়। শচীন লাফ দিয়ে উঠে পড়ে, সমস্ত যোগাড়যন্ন্ত্র দেখে অবাক হয়ে যায়। মেঘনা পুরো মারাঠি সাজে সুসজ্জিতা, শচীনের জন্য নতুন পান্জাবীর সেট বার করে দিয়ে তাকে স্নানে পাঠায়। তারপর ঘর ভর্তী বন্ধু বান্ধবীর ভিড়! মজা , গান , খাওয়াদাওয়া। মেঘনার মন চলে যায় পাড়ার প্যান্ডেলে। সেখানে কতজনের ভিড় এখন! টেলিভিশন অন করে, “মাঝা আনন্দ” চ্যানেলে ঘোষনা হচ্ছে কেউ বাইরে প্যান্ডেলে ভিড় করতে পারবে না। মুখ্যমন্ত্রীচা সন্দেশ , মারাঠি মানুষ দের উদ্দেশ্যে । ‘ভক্তনান্চী ই- দর্শন’। তার মানে দেশেও সবাই বাড়িতেই সেলিব্রেট করছে, তাদের মতোই।সে নিজের গেস্টদের তদারকিতে নেমে পড়ে,এমন নির্মল আনন্দ জুমেইরা তে পয়সার বিনিময়ে পাওয়া যায় না! 

      পরের দিন , টবের মধ্যে গণেশ বিসর্জন দেয় মেঘনা শচীন এই বলে, ‘গণপতি বাপ্পা মরিয়া ,পুদাল্যা বর্ষী লভকরিয়া ‘-মন ভারী হয়। বাবা আর আই দানাপানি বীচে ছোট্টো গণেশ বিসর্জন দিয়েছেন , হোয়াট্সযাপ ভিডিও কলে , আই এর আনন্দে উজ্জ্বল মুখ দেখে শচীনের খুব ভালো লাগে। মনখারাপ সেরে যায়।

        রাতে আর রান্নার ইচ্ছে থাকে না মেঘনার। সামনের রেস্টুরেন্টে খেতে যায় তারা। ভেজ খাবার কি কি আছে জানতে চায়। ওয়েটার টি কিছুদিন বম্বের একটি হোটেলে কাজ করেছে, সেই সুবাদে সাজেস্ট করে , তন্দুরি রুটি আর রোস্টেড ব্রিন্জেল। পছন্দ হয় শচীনের। বিল দিতে গিয়ে দেখে তারা খেয়েছে রুটির সঙ্গে ‘বাবা গণুশ’!! জানতে পারে , বেগুন পোড়ার ডিশ কে বলে বাবা গণুশ!! 

        অ্যামাজনে অর্ডার করে নানারকম সব্জীর বীজ আনায় মেঘনা। যে টবে গণপতি বিসর্জন দিয়েছিলো , তাতে পুঁতে দেয় বেগুনের বীজ। বাকি বীজ অন্যান্য টবে লাগিয়েছে। এখন এই টবের বাগান শচীন মেঘনার  রোজকার ক্লান্তি কাটিয়ে অক্সিজেনের যোগান দেয়। 

        কিছুমাস পড়ে, বেগুনের গাছে দুলতে থাকে গাঢ় বেগুনী রংয়ের  বেগুন। মেঘনা সস্নেহে তার দিকে তাকিয়ে থাকে। বাবা গণেশের টবে দুলতে থাকে , বাবা গণুশ।সেই জীবন্ত ঈশ্বরের কাছে মেঘনা চায় তার আই -বাবার আনন্দের জীবন  আর পৃথিবীর রোগমুক্তি।

mousumichak74@gmail.com
কলকাতা 

Saturday, August 1, 2020

পরিযায়ি

                                                                                                   ...মৌসুমী চক্রবর্তী

             অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল অতনু। বিদেশ থেকে ফিরে এসে এ বারই প্রথম বিধান সভা আর লোকসভার ভোট দিল সে। কাকতালীয় ভাবে এক বছরই দুই ভোট পরেছে, কয়েক মাসের ব্যবধানে। মা তাকে ফিরে আসতে বলছে দেশে। তাই তিন বছরের কন্ট্র্যাক্ট নিয়ে সে এসেছে এদেশে। মনে আশা নিয়ে , যদি দেশের অবস্থার উন্নতি হয়, পাকাপাকি ভাবে চলে আসবে এ দেশে। 
             ভোটশেষ , রাজ্যে , কেন্দ্রে নতুন দল , নতুন নেতা , মন্ত্রী। সব কিছু নতুন উদ্যমে শুরু হলো । নতুন ভারত তৈরী হবে। মানুষের চোখে নতুন স্বপ্ন। স্বপ্ন অতনুর চোখেও। এগারো মাসে আবার চেনা খবরের চ্যানেলে , চেনা খবর দেখতে দেখতে অতনু তার সিংগাপুরের অফিসের বসকে ফোন করল। ফিরে যাবে সে। 
মা কে বোঝায় , মা কে সে ভালোবাসে, কিন্তু নিজেকেও ভালোবাসে । মা র যেমন এদেশ প্রিয় , অতনু র কাছে ততটা নয়।কে ভুল , কে ঠিক সময় বিচার করবে।

             ডিপারচার লাউঞ্জে বসে অতনু  মোবাইলে সময় এগিয়ে নেয়, ওদেশটার সময় তো ভারতের থেকে এগিয়ে!


mousumichak74@gmail.com
কলকাতা 



Friday, May 1, 2020

পিছুটান

                                                                                            ...মৌসুমী চক্রবর্তী

           মালিনী বাচ্চাদের স্কুলব্যাগ নামিয়ে রেখে দরজার ট্রাইবোল্ট খোলে। আজ সে খুব আনমোনা। বাচ্চারা হই হই করে বাড়ীতে ঢুকে পড়ল। তাদের দুদিন ছুটি। অন্যদিন মালিনী ওদের
 তাড়া দেয় ,খাবার বাড়ে । আজ সেটুকুও করার ইচ্ছে নেই তার। দরাজ গলায় বলে , কি পিৎজা চলবে তো ? রণি বণি যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারেনা। যে মা রোজ ভাত শুক্তো ডাল মাছ এইসব বোরিং লান্চ সাজিয়ে দেয় , সে তাদের জন্য পিৎজা অর্ডার করছে! সমস্বরে দুই ভাই বলে ওঠে “চলবে না দৌড়বে”।সুইগি তে অর্ডার করে ফোনটা টেবিলে নামিয়ে রাখে সে।কয়েকঘন্টা আগের ঘটনায় ফিরে যায় । প্রতিদিন ছেলেদের স্কুল থেকে আনার পথে বাপের বাড়ি যায় মালিনী। মা বাবার সাথে গল্প করে। কোনো কোনো দিন দুপুরের খাবারও খায় মা বাবার সাথে। আজ সেরকমই এক দিন। পাশের বাড়ির মেয়েটি নতুন চাকরী পেয়েছে । সে তার এক বছরের মেয়েকে নিজের মায়ের জিম্মায় রেখে অফিস যাচ্ছে কিছুদিন হলো। বাচ্চাটি কান্নাকাটি শুরু করেছে , তার দিদারও গলা পাওয়া গেল। মালিনীর মা হঠাৎ বলে উঠলেন , শুরু হলো আরেকজনের আয়ার ডিউটি! মালিনী অবাক হলো মায়ের কথায়।দাদু ঠাকুমারা আজকাল নিজেদের আয়া ভাবছেন!এরপর বাবা বল্লেন, বিনি পয়সার বিশ্বস্ত আয়া বুঝলেনা গিন্নি! মালিনীর আর খিদে নেই। কয়েক বছর আগে সেওতো রণি বণি কে মা বাবার কাছে রেখে স্কুলের চাকরীটা করতে যেতো। মা বাবা তো সে সময় কিছু বলেননি তাকে। তবে কি এটাই সেই না বলা কথা! নিশ্চয়ই তাই।
মালিনীর নিজের ছোটোবেলা মনে পড়ে। ঠাম্মির হাতে খাওয়া , গল্প শোনা, ঠাম্মির গলা জড়িয়ে ঘুমোনো, রাজ্যের আবদার সবই তো ঠাম্মির কাছে! মা বাবা তো নিজেদের অফিস, স্কুল , টিউশনি এসব নিয়েই ব্যস্ত থাকতেন। ঠাম্মির উপরই ছিল সংসার চালানোর দায়ভার। মিনুর মা  আর খুকুপিসির সাহায্যে ঠাম্মি সবকিছু সুন্দর ভাবে সামলাতেন।ঠাম্মি কে কি মা বিনা পয়সার আয়া ভাবতেন? আর ঠাম্মি নিজেকে?

        রণি বণির স্কুল কাল থেকে ক্রীসমাসের ছুটি পড়ছে।এবছর ওরা আন্দামান ঘুরতে যাচ্ছে।মা বাবাকেও নিয়েযেতে চেয়েছিল অরুণ। ওরা রাজি হলেন না। তাই ওরা চারজনই যাবে।
আন্দামান মানেই রকমারি ওয়াটার স্পোর্টস আর কোরাল প্রাচীর দেখার অমোঘ টান। রণি আর অরুণ সবকিছুই ট্রাই করতে চায়। বণি আর মালিনী নীল আইল্যান্ডের বীচে বসে ডাব খেতে ব্যস্ত।মালিনীর পাশে একজন বেশ স্মার্ট সাউথ ইন্ডিয়ান বয়স্ক মহিলা বসে আছেন। তার সঙ্গী সাথীরাও বোধহয় বোটেচেপে প্রবাল প্রাচীর দেখতে গেছেন।কিছুক্ষন পর মহিলা তার দিকে তাকিয়ে ইংরেজীতে জানতে চাইলেন তারা কোন স্টেট থেকে এসেছে। মালিনী ওয়েস্ট বেঙ্গল বলতেই, সহাস্যে মাছের রেসিপি জানতে চাইলেন। হিলসা উইথ মাস্টার্ড পেস্ট। মালিনী গড়গডিয়ে বলতে থাকে তার মোস্ট ফেভারিট ডিশের রেসিপি। এবার দুজনের পরিচয়ের দ্বিতীয় পর্যায়। মিসেস মিরাম্মা। একদা কেরলবাসী । বিবাহসুত্রে ইংল্যান্ডের নাগরিক।
চারবছর আগে স্বামীকে হারিয়েছেন। ভারতেই ফিরতে চেয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডে প্রতিষ্ঠিত মেয়ে জামাই প্রস্তাব দেয় ,তাদের বাচ্চাদের দেখাশোনা করার। তিনি বলেন বেবিসিটার রাখতে গেলে যা পারিশ্রমিক দিতে হয় , তা যদি তারা মিরাম্মাকে দেন তবেই তিনি থাকবেন। তাঁর মেয়ে জামাই রাজি হয়ে যায়। মিরাম্মা বলে চলেন , দ্য চিল্ড্রেন আর গেটিং এক্স্লুসিভ পার্সোনাল কেয়ার এলং উইথ ওরিজিনাল ওয়ার্মথ অফ আ গ্রান্ডমম্ ! এন্ড আই এম প্রোভাইডিং দ্যাট  উইথ রিজনেবল প্রাইস।
মালিনীর সব ভুল হয়ে যায় , স্থান কাল পাত্র। ঠাম্মির কোলে মাথা রাখতে চায় দুদন্ড সে। কোন দিকে চলছে সমাজ? নাড়কেল নাড়ু , পিঠের মতো অরিজিনাল গ্রান্ড পেরেন্টস টাচও দোকানে পাওয়া যাবে? না কি আমাজনে বিকোবে! তবে তো বৃদ্ধাশ্রম আরও বানাতে হবে , হবেই। তবে তো নচিকেতাকেও নতুন গান গাইতে হবে।
বণির হাতটা শক্ত করে ধরে ধীরে ধীরে অন্যদিকে চলতে থাকে মালিনী। মনেমনে সে এখন বৃদ্ধা, ন্যুব্জা ,কিন্তু ঠাম্মির মতো ঋজু মন আর অনাবিল আন্তরিকতা। মালিনী ঠাম্মি হতে চায়। তার ঠাম্মির মতো।


mousumichak74@gmail.com
কলকাতা 

Wednesday, January 1, 2020

দাগ



                                              ...মৌসুমী চক্রবর্তী 

          ক্লাসে জিওগ্রাফি খাতায় নিজের নম্বর দেখে খুশি হয় রিয়া। এবার ঠিক সেকেন্ড হবেই। বাংলায় কাঁচা না হলে ফার্স্ট হতো।লাস্ট পিরিয়ড, ছুটির ঘন্টা বাজল। ব্যাগ কাঁধে রিয়া ছুটলো মেন গেটের দিকে। ওদের আবাসনের সব মেয়েরা একসাথে বাড়ি ফেরে। আজ রিয়া মনাদির সঙ্গে গল্প করতে লাগল। মনাদি পরের বছর ফাইন আর্টস নিয়ে শান্তি নিকেতনে পড়তে যাবে। রিয়া সবে ক্লাস এইট। কিন্তু ফাইন আর্টস ওরও ভালো লাগে। স্কুল থেকে বাড়ি ফেরা, এটুকু রিয়ার স্বাধীন চিন্তার সময়। বাড়ি ফিরলেই সব কিছু অন্যরকম হয়ে যায়। মায়ের বিষাদ জড়ানো জীবনে রিয়াই একমাত্র মানুষ, যাকে ঘিরে মা মুক্তির খোঁজ করে। মা বাবার বিয়েটা না হলেই ভালো হতো। অন্তত রিয়াকে এই বিষাদপুরীর বাসিন্দা হতে হতো না। আজকাল মা আবার তাকে সন্দেহ করছে। বাড়ি থেকে বেরতেও দেয়না সে ভাবে। স্কুলের জন্য বেরুলেই তার বইয়ের তাক, খাতার ভিতর চেকিং চলে মায়ের। রিয়ার বিশ্রী লাগে। মা কে মানসিক রুগি বলে মনে হয় তার।কিন্তু কিছু করার নেই। এই অসুখী দম্পতিই তার জগৎ।
          অঙ্কের স্যারের কাছে দুদিন পরপর কামাই হয়ে গেল রিয়ার। টনসিল ফুলে জ্বর। প্রতি মাসেই কয়েকদিন এমন হয়। এবার দুটো ক্লাসেই খুব ইম্পরট্যান্ট কিছু অঙ্ক করিয়েছেন স্যার। আজ টিউশনে গিয়ে রিয়া মনিকার কাছে খাতাটা চাইল।কালকে ফেরৎ দিয়ে দেবে। মনিকা ঠোঁট উল্টে এমন ভাবে মানা করল যেন এই খাতাটা পড়েই ও নাসা য় চাকরি পাবে। বিদিশাও দিতে পারবে না। সুস্মিতা নাকি আজ আনতেই ভুলে গেছে খাতাটা । মানে কেউই দেবে না। রিয়া কি করবে ভাবতে লাগল। ছেলেদের সাথে ও কথা বলে না। মা বারণ করে দিয়েছে। কি আর করা! হঠাৎ দেবমাল্য বলে শান্তশিষ্ট ছেলেটি রিয়ার দিকে তাকিয়ে বললো, যদি কালকে ফেরত দিস তবে আমার খাতা দিতে পারি। রিয়া তো খুব খুশী , বললো , একদম কালকেই তোকে দিয়ে দেবো। টিউশন থেকে ফিরে , ক্লাসের রুটিনের বইখাতা গুছিয়ে ,টিউশনির খাতাগুলো বইয়ের আলমারিতে রেখে জলদি তৈরী হয়ে স্কুল চলে গেল রিয়া। 
মা কে দেবমাল্যর খাতার কথা বলতে মনে থাকল না রিয়ার। চুক্তি অনুযায়ী মা কে তার 
সব বলার কথা, স-ও-ব।
          তারপর, স্কুলের জিওগ্র্যাফি খাতা নিয়ে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল রিয়া। তাদের চারতলার ফ্ল্যাটের দরজা আধখোলা, রোজই তাই থাকে। মা রিয়া কে দূর থেকে দেখতে পায়। গরম গরম রুটি বা পরোটা করে দেয় । বিকেল বেলাতে রিয়া মোটেই ভাত খেতে পারেনা। দরজা ঠেলে ঘরে ঢোকে রিয়া। হঠাৎ দরজার পাশ থেকে কাঠের বাটাম দিয়ে এলোপাথারি মারতে থাকে মা! রিয়া আর্তনাদ করে ওঠে, বইয়ের ব্যাগটাকে ঢালের মতন ব্যবহার করতে চায় রিয়া , কিন্তু পারেনা। ঘাড় মাথায় অসহ্য যন্ত্রনায় মেঝেতে পড়ে যায় রিয়া, অবাক হয়ে নিজের মায়ের খুনি দৃষ্টি দেখে রিয়া। মা কি যেন বলছে , ছেলে বন্ধুর খাতা... মায়ের স্বপ্ন.. ঠান্ডায় ডুবে যাচ্ছে রিয়া, চোখে রাতের অন্ধকার নামে রিয়ার। মা কে জানানো হয়না আর কোনো কিছুই।
        পুলিশ ইন্সপেক্টরসহ চারজন অনুভা দেবীকে জেরা করে চলেছেন । অনুভা দেবী ভুলে যাচ্ছেন তার আগের বলা গল্প। মেয়ে স্কুল থেকে ফিরেই মেঝেতে পড়ে মারা গেছে, তিনি রুটি করছিলেন। নানা, তাকে রিয়া বলেছিল ঘাড়ে পিঠের ব্যথার কথা। পুলিশ মৃতদেহের ঘাড়ের নীল্চেসবুজ ঘন দাগটা দেখালে অনুভা দেবী বলতে থাকেন, আজকাল বাচ্চাদের এত ভারী ব্যাগ ক্যারী করতে হয়! সদ্যমৃত রিয়া ভাবে,’ মনরোগী বাবামায়েদেরও ভার বইতে হয় কিনা!!’


mousumichak74@gmail.com

Saturday, September 28, 2019

সত্যি হলেও গল্প

ছবি-আন্তর্জাল
জীবনবাবু দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। টিউশনির কোনো দরকার পরেনি।অবসর সময়ে তার প্রিয় অভ্যাস ছিল বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশিদের নিয়ে আড্ডা দেওয়া, নানান রকম উৎসব আয়োজন করা আর ছিল যেকোনো ছুটিতে নিজের স্ত্রী পুত্রদেরনিয়ে কাছে দূরে ঘুরতে যাওয়া। পাড়ায় সকলের খুব প্রিয় মানুষ তিনি। বাড়ি সংলগ্ন তালতলা মাঠে রোজ বিকেলে তার যাওয়া চাই। সেখানে তখন কচিকাঁচার দল খেলছে। ইদানীং মার্শাল আর্টেরও ক্লাস হচ্ছে। এর উদ্যোক্তাও জীবনবাবুই। সব কিছু চলছিলবেশ। তার দুই ছেলে আবির আর আকাশ বেশ কৃতী ছাত্র । যুগের নিয়মে তারা দেশ ছেড়ে বিদেশে গিয়ে থিতু হলো। তাদের মা-রও বোধ হয় ছুটির দরকার ছিল। বিনা নোটিশে সে ও একদিন জীবনবাবুকে ছেড়ে চলে গেল। জীবনবাবু তখন সত্তর ছুঁয়েছেন।কিছুদিন তার ঘোরের মতন কাটল। ছেলেরা জোর করে নিয়ে গেল সাথে।তিনি যেতে চান নি। তার এই বাড়ী, বন্ধুর দল, প্রতিবেশীদের ছেড়ে মন কোথাও টিকবে না, তা তিনি জানতেন। তবু ছেলেদের মন রাখতে যেতেই হলো কিছুদিনের জন্য।মন তারপড়ে থাকলো যোধপুর পার্কের এই বাগান ঘেরা একতলা বাড়ীতেই।



কানাডা বেশ সুন্দর দেশ। কিন্তু জীবনবাবু কলকাতাতেই বেশী ভালো থাকেন।আবির কে বলে শিখে নিয়েছেন অনলাইনে বাংলা সংবাদপত্র পড়া। কিন্তু প্রতিদিন যে সব খবর পড়ছেন , মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তার। সবাই কেমন একলা হয়ে যাচ্ছে।ঘরে মরে পড়ে থাকলেও পাশের বাড়ীর লোক টের পাচ্ছে না। আসলে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। কাল আবার তার নিজের পাড়ার ঘটনা পড়লেন। স্থির থাকতে পারলেন না। ফোন করলেন এক পড়শী কে।তিনি তো কথাই বলতে চান না এ বিষয়ে।আশ্চর্য! এই ক বছরে এতো বদল ঘটল কলকাতার! লোকজন এতো স্বার্থপর হয়ে গেল! বদলে গেল তার নিজের পাড়াও! তার পাড়াতে বেশীরভাগই বয়স্ক মানুষের বাস। ছেলে মেয়েরা দূর দূরান্তে থাকে। পয়সার অভাব কারোই নেই। কিন্তু নিসঙ্গতা তোঅর্থ দিয়ে মেটানো যায় না। জীবনবাবু কলকাতায় ফিরতে চান।ছেলেরা আপত্তি করে, কিন্তু তিনি কিছুদিনের জন্য হলেও ফিরতে চান। তার অন্চলের মানুষদের নিয়ে আবার আগের মতন হই হই  করে বাঁচবেন। পাশে দাঁড়াতে হবে অসহায়মানুষগুলোর। পাশাপাশি খোঁজ নিতে হবে তার আত্মীয় স্বজনদেরও। নিজের শোক তাপে তিনি ভুলেই ছিলেন তার নিজের সামাজিক কর্তব্য।



এক সকালে ফিরে এলেন নিজের শহরে, নিজের পাড়ায়। যোধপুর পার্কের এই একতলা পুরোনো বাড়ীখানায় জমানো তার সব আনন্দ।      তাঁর স্ত্রীর স্মৃতী, ছেলেদের বড় হওয়া, সবই তো এই বাড়ীতেই।।এবার কানাডা থেকে ফিরে  তাই ঠিক করলেন এখনকবছর এখানেই থাকবেন। চারপাশে যা সব ঘটনা ঘটছে, মানুষ নাকি আর একে অন্যের খোঁজ খবর রাখছে না। এ ভারী অন্যায়। সামাজিক অন্যায়। তিনি সবার খোঁজ রাখবেন। পাড়াপড়শী থেকে শুরু করে,তুতো ভাই বোন এমন কি তাদেরনাতীপুতিদেরও খবরাখবর নেবেন। 
যা ভাবা তাই কাজ। সন্ধ্যেবেলায় বিনোদ বাবুর বাড়ীর দিকে রওনা দিলেন। বুড়োবুড়ি একলা থাকে। একমাত্র কন্যা বিদেশে এবং নিজের সংসারে হাবুডুবু খাচ্ছে। কলকাতা আসে কয়েক বছর পর পর।জীবন বাবু কে দেখে বিনোদবাবু একগাল হেসেআপ্যায়ন করলেন। বেডরুমে গিয়ে নিজের গিন্নি কে জীবন বাবুর আসার সংবাদ দিলেন। গিন্নি ঝামটা দিয়ে বলে উঠলেন, পিসি নম্বর ওয়ান টা সবে দেখতে বসেছি, এখনই বুড়ো কে আসতে হলো। এখন চা করো , টা দাও। ভাল্লাগেনা। বিনোদবাবু অসহায়ভাবে বলেন, নাহয় ব্রেকে দিওখন।জীবনবাবুর কানেও কিছুকথা ঢুকলো বই কি!
পরের দিন জীবনবাবু চললেন তার পরমাত্মীয় খুড়তুতো ভাই অভয়ের বাড়ীর দিকে। বেহালা। সকাল সকাল বেরোলেন। দুপুরের খাওয়াটা ভাইয়ের বাড়ীতেই সারবেন। বারোটা নাগাদ অভয়ের বাড়ীর দরজার বেল বাজালেন।বাড়ীর কাজের মেয়ে দরজাখুলে দিয়ে জিগ্গেস করে , কাকে চাই? জীবন বাবু বোঝেন তাকে চেনেনা মেয়ে টি। দোষ নেই তার , বহুদিন পর এলেন বইকি! অভয়ের স্ত্রী মিতা আর তার স্ত্রী শুক্লার মধ্যে মোটে ভাব ছিলোনা। ছেলেদের পড়াশোনা ,কেরিয়ার সবকিছু নিয়েই দুই জনেরমধ্যে প্রতিযোগিতা কম ছিলনা। জীবনবাবু পুরোনো কথা মনে রাখতে চান না।তিনি হাসিমুখে হাঁক পারলেন, কই রে অভয় , মিতা সব কোথায় গেলি? অভয়বাবু দাদার গলা চিনতে পেরে বেরিয়ে এলেন এবং যারপরনাই খুশী ও হলেন।মিতা কাষ্ঠহাসি টেনেবল্লেন, সেকি, এন আর আই ছেলেদের বাবা এদেশে কেনো! জীবন বাবু মিতার ক্ষোভ বোঝেন। তার ছেলেরা বিদেশে গেলেও মিতার ছেলে স্বদেশে থাকাই মনস্থ করে। সে যদিও কম কৃতী নয়। আর্য। খুব সহজ আর সুন্দর মনের ছেলে। ছেলের এই সিদ্ধান্তেমিতা মনে করে সে শুক্লার কাছে পরাজিত হয়েছে।জীবনবাবু হাল্কা কথায় পরিবেশ হাল্কা করতে বলেন, বুঝলে মিতা, আমার কাছে ভারত মাতা আর অন্য সব দেশ বিমাতা। সকলে হেসে উঠলো সে কথায়।জীবন বাবু ও হাঁফ ছাড়লেন।দুপুরের খাওয়াসেরে দুই ভাই বসলেন শৈশবের স্মৃতী চারনায়। বিকেলে অভয়বাবু মিতা কে চা করতে বলতে গেলেন ভেতর ঘরে। মিতা হিস্ হিস্ করে বলে উঠলো, বেশী আদিখ্যেতা করো না। রোজ এসে হাজির হবে। আমি কি ভাতের হোটেল খুলে বসেছি? জীবনবাবুবুঝলেন, আসাটা কমাতে হবে এবং বিকেলে আসাই মঙ্গল হবে
এর পর কিছুদিন এ পাড়া , ও পাড়া সব ঘুরে সবার খবরাখবর নিতে লাগলেন। কারও কারও বাড়ী সপ্তায় দু তিনদিনও যাওয়া হয়ে গেলো। লোকজন বেশীর ভাগই খুব একটা খুশী হলো না । কেউ কেউ তাকে আসতে দেখলেই ঘরের লাইট অফ করে দিতেলাগলো। ব্যাপার স্যাপার দেখে, জীবনবাবু লোকের বাড়ী যাওয়া বন্ধ করে দিলেন। অনেকেই হাঁফ ছেড়ে বাঁচলো। জীবনবাবু র এই সব রকম সকম যে খেয়াল রাখতো , সে তার পাড়ার ইস্ত্রীওয়ালা , মহাদেও প্রসাদ।
জীবনবাবু সকালে বাজারে যান, তারপর বাড়ী ফিরে কাজের মেয়ে মালতী কে রান্নার কথা বলে নিজের ঘরে আরাম করে খবরের কাগজ পড়তে বসেন তার সখের বেতের চেয়ারে। কাগজ খুলতে যদিও এখন ভয় হয় , কি পড়তে হয় কে জানে! খবরেরজায়গা দখল করেছে দুঃসংবাদ । তাও অভ্যেস! মালতী এক কাপ চা রেখে যায় সামনে। এরপর রান্নাবান্না সেরে, টেবিলে খাবার সাজিয়ে তবে বাড়ী যায়। রাতের খাবার দুধ খই দাদু নিজেই জোগাড় করে নেয় । পরদিন আবার সকাল সাতটায় দাদুর বাড়ীচলে আসে মালতী। আজ বুধবার, কাল ছুটি নেবে মালতী। ওর ছেলের ইস্কুলে ডেকে পাঠিয়েছে । কি বদমাশি করেছে কে জানে! মালতী চা দিয়ে বলে, দাদু ফিরিজে বেশী করে রান্না করে রাখতিছি। কাল আসবো না নে। ছেলের ইস্কুলে যেতি হবে, ডাকপাঠাইছে। জীবনবাবু খবরের পাতায় চোখ বেলাতে বোলাতে বলেন, ঠিক আছে । সে একদিন আমি চালিয়ে নেবোখন।চলে যায় মালতী, এই কাজের বাড়ী তার খুবি ভালো। 
বৃহস্পতিবার  মহাদেওর ছুটি। মোটামুটি এই অন্চলের সব ছোটোখাটো দোকান বন্ধ থাকে।শুক্রবার সকাল সাতটায় মালতী আসে জীবনবাবুর বাড়ী। কলিংবেল বাজায়। একবার , দুবার , তিনবার। অবাক হয় । দাদু তো রোজ কাক ভোরে উঠে পরেরামদেবের মতো ব্যয়াম করে। আজ আবার কি হলো! মহাদেও দোকান সাজাচ্ছে আর মালতী কে দেখছে। মালতী মহাদেওর দিকে তাকিয়ে বলতে থাকে , কি করি বলো দিকিনি!  দরজা খুলছে না দাদু। একদিন আসিনি ,ডাস্টবিন টা ভরি গিছে বোধ হচ্ছে,গন্ধ ছাড়তিসে। মালতীর কথা শুনে মহাদেও ছুটে আসে। ভেঙ্গে ফেলে দরজা জীবনবাবুর বাড়ীর। তারপর? সেই যেমন ব্রেকিং নিউজে দেখায়, পুলিশ , সাংবাদিক ,পাড়ার লোক, মনবিদ, সমাজবিদ সবাই ব্যস্ত সমস্ত হয়ে পরেন।
সবার খবর নিতে চাওয়া জীবনবাবু , এখন নিজেই খবর!


লেখিকা - মৌসুমী চক্রবর্তী