1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Wednesday, October 2, 2024

পুজোর ছড়া

ছবি : ইন্টারনেট

 পুজোর ছড়া

বিদ্যুৎ মিশ্র

নীল আকাশের নিচে যেমন

দুলছে কাশের সারি

সাদা সাদা ঢেউ খেলে যায়

মেঘগুলো সব তারই।

 

উঠোন জুড়ে সুবাস বসে

পাশেই শিউলি বন

চারিদিকে এমন শোভা

খুশিতে আজ মন।

 

শরৎ এলো শহর গাঁয়ে

আগমনীর সুরে

ঢাক বাজে ওই পাচ্ছি শোনা

একটুখানি দূরে।

 

শিশির ভেজা ঘাসের উপর

মুক্ত যেমন ঝরে-

চারিদিকে পুজো পুজো

মনটা কেমন করে।

...(সমাপ্ত)...

Saturday, October 21, 2023

উমা

ছবি  : ইন্টারনেট 

 উমা

বীরেন্দ্র নাথ মহাপাত্র 


            পূজার ঢাক বাজছে যে ওই

                    মণ্ডপে , মণ্ডপে,

             ঘোড়ায় চেপে এলেন যাঁরাই

             তাঁরাই বসবেন বেদী সমীপে ।


                  নদী পাড়ে কাশ বন

                    ফুলে ফুলে সাদা,

              ঢাকের বাদ্যে দেবী বোধন

              ঝারিতে ফুল এনেছে গাদা ।


              হাতে লয়ে বেলপাতা,ফুল

               করজোড়ে দিয়ে অঞ্জলী,

               পসরা সাজায়ে ফল,মূল

            ধুপ,ধুনা, আতরে মন প্রান ঢালি ।


            সপ্তমী,অষ্টমী ও নবমী তিথি ধরে

                         পূজা নিলেন মা ,

            দশমীর কাঠি ঢাকে বাজলে পরে

                    কৈলাসে ফিরবে উমা ।

...(সমাপ্ত)...

শরৎ এসেছে

ছবি  : ইন্টারনেট 

 শরৎ এসেছে

রেজাউল করিম রোমেল

বছর ঘুরে আবার এলো

ঋতু রানী শরৎ,

বনে বনে ফোটে ফুল

এলো নতুন আমোদ।

ভাদ্র আশ্বিন এই দুই

বাংলা মাস,

শরৎ এনে দিলো

নতুন প্রাণের নিঃশ্বাস।

...(সমাপ্ত)...

একলা চলার মন্ত্র

ছবি  : ইন্টারনেট 
 

একলা চলার মন্ত্র 

ক্ষুদিরাম নস্কর


গাছের ডালে একটি পাখি 

গাইছিল তার গান,

সে গান বড় ব্যথায় ব্যাকুল

ছিন্ন যেন প্রাণ।


গান শুনে তার বলল গাছটি

কেড়েছ এ মন,

আমরা সবুজ নইতো অবুঝ

শিকড় গাড়া বন।


নই কেউ কালা সবাই বোবা

বোঝাই কার দুখ-সুখ,

হৃদয় দিয়ে বুঝতে পারি

যায় ফেটে তাই বুক।


দুঃখ যদি লাগে তোমার 

নদীর কাছে যাও,

একা চলার মন্ত্র তুমি 

সেথায় শিখে নাও।


...(সমাপ্ত)...

অন্ধকারের পথ ধরে

ছবি  : ইন্টারনেট 


 অন্ধকারের পথ ধরে

অশোক কুমার ঠাকুর


ঘুরছে মানুষ, ঘুরছে মানুষ

   অন্ধকারের পথ ধরে

কোথায় আলো কোথায় আলো

   পাচ্ছে না সে পথ ও রে!


পথগুলো সব কাঁটায় মোড়া

    শ্যাওলা জমে পিচ্ছিলও

   "এই পথেই চলতে হবে"

      বার্তা  কারা দিচ্ছিলো!


    বার্তা  শুনে যুব সমাজ

    ছুটতে গিয়ে পথের টানে

     ডুবলো তারা অন্ধকারে

  খুঁজতে গিয়ে আলোর মানে!


   আর হলোনা আলোয় ফেরা

       হারিয়ে গেল পরখ করে

      মরলো ওরা অন্ধকারেই

      অন্ধকারের সড়ক ধরে।

...(সমাপ্ত)...

খুকুর রাগ

ছবি  : ইন্টারনেট 

 খুকুর রাগ

স্বপনকুমার বিজলী 


ছোট্ট খুকু রাগ করেছে

যাবে মামার বাড়ি

পড়বে না বই লিখবে না সে

মায়ের সাথেই আড়ি ।


বাবার কাছে বায়না ধরে

সে যেতে চায় চাঁদে

ইচ্ছে পূরণ হবে কি তার

জানতে চেয়ে কাঁদে ।


কুমকুমি আর কাচের চুড়ি

মা নিয়ে যেই আসে

রাগ ভুলে যায় চাঁদ মুখে সে

চিরন দাঁতে হাসে ।


মা'কে ধরে বলে খুকু

এই আছি বেশ সুখে

সব ভুলে যাই মধুর হাসি

দেখলে তোমার মুখে ।

...(সমাপ্ত)...

স্বপ্ন চোখে ন্যাংটো ছেলে

ছবি  : ইন্টারনেট 


স্বপ্ন চোখে ন্যাংটো ছেলে

প্রদীপ্ত সামন্ত


ন্যাংটা ছেলে খেলনা হাতে

ঘুরছে খালি পায়,

মা বেঁধেছেন জড়ি বুটি

না লাগে নজর গায় ।


গলার হারে ঝুলছে তাবিজ

বাঁকা শাঁখের দাঁত,

ঘুনসিতে তার জালের কাঠি

বাদ যায় না হাত ।


এই ছেলেটাই দুপুর রোদে

দালান দুয়ার ঘোরে,

একটুখানি আচার পেলে

প্যান্ট পকেটে ভরে ।


বঁড়শি নিয়ে চার ফেলেছে

নিঝুম পুকুর ঘাট,

দাদার চ্যালা শুনছে সবই

এমনি আছে শাট।


গুলতি দিয়ে আম পেড়েছে

পাখির খোঁজও করে,

স্বপ্নে শুয়ে ঘুমিয়ে দ্যাখে

পাল্টে যাবে বরে । 


পরীর দেশে ডানা মেলে

উড়ছে পক্ষীরাজে ,

ছোট্ট নয়  সে বড় হয়ে

বসেছে রাজার সাজে।

...(সমাপ্ত)...



আমার মা

ছবি  : ইন্টারনেট 

 আমার মা

তীর্থঙ্কর সুমিত

সাতসকালে মা যে আমার

ডাক দিয়েছে বাবু

তরাক করে বিছান ছেড়ে

উঠতে গিয়ে কাবু।


মা যে আমার দশভুজা

একাই তিনি একশো

চোখের কোণে স্বপ্ন হাজার

নানান কাজে ব্যস্ত।


ভালোবাসার মায়ার চাদর

তাকিয়ে আছে চেয়ে 

জনম আমার ধন্য মাগো

তোমায় কাছে পেয়ে।

...(সমাপ্ত)...




পুজোর ছড়া

ছবি : ইন্টারনেট

পুজোর ছড়া

স্বপন শর্মা


ঘোড়ায় চড়ে আসছে এবার, এই পৃথিবী ধামে

শিউলি ঝড়ে ছিটিয়ে পড়ে পথের ডানে বামে।

উলুর-ধ্বনি ঢাকের ধ্বনি উঠলো বেজে ঢোল

সবার মুখে, সুখ বা দুখে; মায়ের নামের বোল।


আয় মা রমা অসুর দমা- শান্তি ফিরুক ঘরে

বিপদগামী অসুর-নামি মানুষ কে নে ধরে।

ফালতুবাজি হল্লা বাজি এসব তুমি থামা

ফুল ফসলে মূল আসলে উঠুক ভরে ধামা।


দুখ নাশিনী হিম বাসিনী অশ্বারোহে ফিরে

মেঘের জলে ফসল ফলে উঠুক সবার নীড়ে।

কাঁদিস নে মা, ভাবিস নে মা বাপের বাড়ি নিয়ে

উজার করে আশিশ ভরে, এবার যেয়ো দিয়ে।


সময় ধরে বছর পরে, আবার দেখবে এসে-

দেখতে পাবে আজ যেভাবে যাচ্ছ রেখে দেশে।

...(সমাপ্ত)...

ছাদ বাগান

ছবি : ইন্টারনেট

ছাদ বাগান

মুহাম্মদ আলম জাহাঙ্গীর

ছোট বড় শহরতলীত

আছে যতো বাড়ি,

তার ছাদেতে বাগান করি

মালিক কর্মচারী।

ছাদে বাগান করলে সবাই

ভবন শীতল হবে,

দূষণমুক্ত নির্মল বাতাস

ধরায় সতত রবে।

শাক-সব্জি ফল টাটকা খেতে

ছাদেতে গাছ লাগান,

আপণ মনে গড়ে তুলি

সবাই ছাদে বাগান।।

...(সমাপ্ত)...

কে বড়ো

 


কে বড়ো 

সজল চক্রবর্তী


পোনে ছয় আর সোয়া ছয়,

দুই জনে কথা কয় ।


সোয়া বলে পোনে'কে-

আমি আধ্-ঘন্টা'র বড়ো,

আমাকে এখন থেকে

সন্মান করো।


সোয়া'কে বলে পোনে-

তোর কথা কে শোনে ?

এসেছি তো আগে আমি,

নিয়মে আমি বড়ো তাই।

ছেড়ে তোর দুষ্টামি,

আমাকে প্রণাম কর ভাই।

...(সমাপ্ত)...




বই বলছে

ছবি  : ইন্টারনেট 


 বই বলছে

দিলীপ কুমার মধু


সকাল বেলা চা-টা খেয়ে যেই ধরেছি বই

বই বললো- খুলো না গো বইয়ের পাঠক কই ?

যেমন ছিলাম তেমন আছি লেখাও ঠিক তাই

বই হয়েও আমি যেন বই তো আর নাই।

বই পড়তে মনুষ্যদের গাত্র জ্বলে কেন ?

জানার জগত থেকেও তাই পিছিয়ে আছে যেন।

আচ্ছা বলো ,সকাল -রাতে একটু যদি পড়ে 

তাহলে কি মনুষ্যদের ক্ষতির মাত্রা বাড়ে !

বর্ণ যখন শব্দ হয়, শব্দ যখন বাক্য--

পূর্ণ পুস্তক গঠিত হয় বাক্য যখন ঐক্য।

আমরা যখন পূর্ণ হই মনে কতো আশা

নিশ্চিন্ত হই আমরা পাব পাঠকের ভালোবাসা।

কিন্তু সে সব চুলোয় গেল, আমরা লুপ্তপ্রায়

এখন দেখি পৃথ্বী  থেকে পাঠক প্রায় যায়।

লাইব্রেরী তো ধুঁকছে এখন, বই ভরা আলমারি

লাইব্রেরীটা এখন যেন আস্ত পোড়ো বাড়ি।

বইকে কেনো, বইকে পড়ো, বইকে ভালোবাসো

বইয়ের গায়ে গা মিশিয়ে বইয়ের সাথে মেশো।

বই পড়লে জ্ঞান বাড়বে --বুদ্ধিজীবী হবে-

তোমার কীর্তি স্বমহিমায় এই জগতে রবে।

...(সমাপ্ত)...

Monday, July 24, 2023

গরমকালে ঘেন্টুবাবু

ছবি : ইন্টারনেট

গরমকালে ঘেন্টুবাবু

দিলীপ কুমার মধু

এতো গরম, এতো গরম

ঘেন্টু বাবু ভাবে

আর বাঁচি না এই গরমে

আমার যে কি হবে !

এমন সময় পড়লো মনে

এ.সি. আছে ঘরে

“ইউরেকা” পেয়ে গেছি

কে  আর সবুর করে,

জানলা দুটির খিল এঁটে দেয়

দরজায় দেয় তালা

দরমা বেড়ায় বালাপোষ দেয়

ঘর যে খড়ের চালা,

এ.সি.র সুইচ  টিপে বাবু

ঘুমিয়ে পড়লো যেই

অমনি  তার পড়লো মনে—

কারেন্ট দুদিন নেই।

...(সমাপ্ত)...

Saturday, April 15, 2023

বাংলা আমার

ছবি : ইন্টারনেট

 

বাংলা আমার

সুব্রত দাস 


বাংলা আমার      মুখের ভাষা       সুখের, খাসা

বুকের আশা         ভালোবাসা,

মনের কোনের     সবুজ বনের     প্রতি'ক্ষনের

স্বপ্ন-সোনার        আলো-আশা !


বাংলা আমার          বর্ষা দুপুর        টাপুর টুপুর,

ভাষার পুকুর           বাজায় নূপুর !

লেখা পড়ায়,         জীবন গড়ায়      হৃদয় ভরাই

শ্রবন -সুধায়          শ্রুতি সুমধুর!


বাংলা আমার       স্বপ্ন বোনা,        শিউলি সোনা

শুভ্র কাশ আর      আকাশ-নীল,

সকাল সাঁঝে,        সকল কাজে,      সবার মাঝে

রৌদ্রকনক           কী ঝিলমিল !

...(সমাপ্ত)...